জুলাই ১৮, ২০১৬ ১৩:৪৬ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ১৮ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

জঙ্গি হামলা প্রসঙ্গে তাজ্জব হওয়ার মতো তথ্য আসছে-প্রধানমন্ত্রী-যায় যায় দিন

রানাপ্লাজা ধস: সোহেল রানাসহ ৪১ জনের বিচার শুরু-ইত্তেফাক

প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ করেছে: বিএনপি-প্রথম আলো

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়ে গেছে: প্রধানমন্ত্রী-মানবজমিন

বাংলাদেশ-ভারত বন্দিবিনিময় চুক্তি সংশোধন অনুমোদন- যুগান্তর

ভাড়াটিয়া ভয়ঙ্কর-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

শুরু বাদল অধিবেশন, তৃণমূলের বিক্ষোভ-আজকাল

পূর্ব লাদাখে বিপুল সেনা, ট্যাঙ্ক বাহিনীও, ভারতের তৎপরতায় অস্বস্তি চিনে-আনন্দবাজার

আরটিআই: রাজনাথ, সোনিয়াসহ ছয় রাজনৈতিক নেতাকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় তথ্য কমিশন-বর্তমান

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

মর্মান্তিক রানা প্লাজা ধসে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর খবরটি ইত্তেফাক, প্রথম আলোসহ প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। ইত্তেফাকের শিরোনাম:

রানাপ্লাজা ধস: সোহেল রানাসহ ৪১ জনের বিচার শুরু

সাভারের রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আজ সোমবার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম খজরুজ্জামান এ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেছে।

আদালত সূত্র জানায়, রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় গত বছরের ১ জুন সোহেল রানাসহ মোট ৪২ জনকে আসামি করে পৃথক অভিযোগপত্র দেয় সিআইডি। এর মধ্যে হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জনকে আসামি করা হয়। এ হিসাবে দুই মামলার আসামি ৫৯ জন। কিন্তু তাঁদের মধ্যে ১৭ জনের নাম উভয় মামলার অভিযোগপত্রে থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে ১১ শতাধিক মানুষ প্রাণ হারান। তাঁদের অধিকাংশই ছিলেন পোশাকশ্রমিক। আহত হন প্রায় দুই হাজার মানুষ। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা হয়।

যায় যায় দিন জঙ্গি হামলার তদন্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রধান শিরোনাম করেছে, শিরোনামটি এরকম: তাজ্জব হওয়ার মতো তথ্য আসছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী জঙ্গি হামলার তদন্তে তাজ্জব হয়ে যাওয়ার মতো তথ্য আসছে। তবে, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা হচ্ছে না।

রোববার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে এরই মধ্যে জাতীয় ঐক্যের ইতিহাস সৃষ্টি হয়েছে যার যার অবস্থান থেকে। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হোন এবং উচ্চবিত্ত পরিবারের সন্তানরা কেন জঙ্গিবাদে ঝুঁকছে, তা খুঁজে বের করা হবে। শেখ হাসিনা বলেন, মানুষ খুন করলে বেহেস্তের দরজা খোলে না। প্রধানমন্ত্রী এসময় তদন্তাধীন বিষয় নিয়ে বেশি খোঁচাখুঁচি না করার জন্যও আহ্বান জানান।

এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কিত খবরের শিরোনামে প্রথম আলো লিখেছে, প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ করেছে: বিএনপি

জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য জাতিকে হতাশ করেছে বলে দাবি করেছে বিএনপি। দলটি আবারও দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে।

আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থনধন্য বিএনপিকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব? কী করে সম্ভব অন্যান্য দেশপ্রেমিক দলকে বাইরে রেখে জাতীয় ঐক্য গড়া? প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন, তা সরকারে আসীন দলগুলোর, এমনকি মহাজোটেরও ঐক্য নয়। আর বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু ক্ষমতাসীন ১৪-দলীয় ঐক্যপ্রক্রিয়াকে কীভাবে তিনি জাতীয় ঐক্যের কথা বলেন?’বিএনপির এই নেতা দাবি করেন, সরকারের সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা, নির্লিপ্ততা, দায়িত্বহীনতা ও ভ্রান্ত নীতির কারণে সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে।

যুগান্তরের একটি খবরের শিরোনাম: ৩ রাজাকারের ফাঁসি, ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

বিস্তারিত খবরে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের তিন রাজাকারকে ফাঁসি ও অ্যাডভোকেট শামসুল আলমসহ পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বেলা পৌনে ১২টার দিকে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান ও মো. আব্দুল বারী। তারা সবাই পলাতক। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচ অভিযোগের মধ্যে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

ট্যানারি না সরানো পর্যন্ত প্রতিদিন জরিমানা ১০ হাজার টাকা-মানজমিন/প্রথম আলো

পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারির কারখানা না সরানো পর্যন্ত মালিকদের প্রতিদিন ১০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ ট্যানারি মালিকদের করা এক আবেদনের নিষ্পত্তি করে এ আদেশ দেন।

বাংলাদেশ প্রতিদিনের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনের শিরোনাম: ভাড়াটিয়া ভয়ঙ্কর-পরিচয় গোপন করে ফ্ল্যাটে ফ্ল্যাটে জঙ্গি আস্তানা, অস্ত্র গোলার ভান্ডার

সঠিক নাম-পরিচয় জানা ছাড়া বাসা ভাড়া নেওয়া ভাড়াটিয়ারা ভয়ঙ্কর হয়ে উঠেছেন। দেশের বিভিন্ন স্থানে এভাবে বাসা ভাড়া নিয়ে জঙ্গি আস্তানা গড়ে তোলার তথ্য পাওয়া যাচ্ছে প্রায়শই। পরিচয়হীন বা ভিন্ন পরিচয়ে থাকা ভাড়াটিয়ারা গড়ে তুলছেন অস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডার। দেশে এখন পর্যন্ত চিহ্নিত হওয়া জঙ্গি আস্তানা ও গোলাবারুদের ভাণ্ডারগুলোর প্রায় সবই ছিল ভাড়া বাসা। প্রত্যেকটি ক্ষেত্রেই অপারেশন এলাকার আশপাশে সাময়িক সময়ের জন্য ভাড়া বাসায় আশ্রয় নেয় জঙ্গিরা। পরে অপারেশন শেষে আর ফেরে না সেই আস্তানায়। সর্বশেষ গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালানো জঙ্গিরাও ঢাকা ও ঢাকার বাইরে ছদ্মবেশে বাসা ভাড়া নিয়েছিলেন। তাদের নাম-ঠিকানা ছাড়া বাসা ভাড়া দেওয়া বা স্থানীয় পুলিশকে ভাড়াটিয়ার তথ্য না দেওয়ায় ঢাকা ও ঝিনাইদহের তিন বাড়িওয়ালাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গ্রেফতার হয়েছেন মিরপুরের শেওড়াপাড়ার বাড়িওয়ালা নুরুল ইসলাম। আগের দিন শনিবার গ্রেফতার হয়েছেন ভাটারার বাড়িওয়ালা অধ্যাপক গিয়াসউদ্দিন।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কাশ্মীর উপত্যকা সামলানোর নয়া অস্ত্র ‘পেলেট গান’!-আনন্দবাজার

হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিবাদে হাজার হাজার মানুষ কাশ্মীরের রাস্তায় নামেন। বিক্ষোভ দেখান। নিরাপত্তাবাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে গোটা উপত্যকা। দু’পক্ষের সংঘর্ষে নিহত হন পুলিশ ও সাধারণ মানুষ। উন্মত্ত জনতাকে বাগে আনতে পুলিশ এক ধরনের অস্ত্র প্রয়োগ করে। নাম পেলেট গান। এই বন্দুকের গুলির আঘাতে বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি। কেউ কেউ আবার দৃষ্টিশক্তিও হারিয়েছেন। এই ধরনের অস্ত্র প্রয়োগ কেন করা হল তা নিয়ে নতুন বিতর্কের মুখে জম্মু-কাশ্মীর সরকার।

ভুলের প্রায়শ্চিত্তে স্বর্ণমন্দিরে বাসন ধুলেন কেজরিওয়াল!-সংবাদ প্রতিদিন

মাথায় সাদা রুমাল বাঁধা৷ স্বর্ণমন্দিরের লঙ্গর হলে যে মানুষটি ভলিন্টিয়ারদের সঙ্গে বাসন ধুচ্ছেন তিনি আর কেউ নন, স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ স্বর্ণমন্দিরে আশীর্বাদ চাইতে অনেক নেতা-নেত্রীই উপস্থিত হন৷ কিন্তু কেন আচমকা এমন কাজ করতে গেলেন কেজরিওয়াল? আসলে একটা ভুলের প্রায়শ্চিত্ত করতেই তাঁর এই কাজ৷

কিছুদিন আগেই দলীয় ইস্তেহার প্রকাশের সময় আপের মুখপাত্র সেটিকে শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থসাহেবের সঙ্গে তুলনা করেন৷ সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেজরিওয়ালও৷ কিন্তু এ ধরনের তুলনায় বহু শিখ ধর্মাবলম্বী মানুষই মনঃক্ষুণ্ণ হন৷ তাঁদের ধর্মীয় আবেগে আঘাত লেগেছে বলেও খবর আসে আপ সুপ্রিমোর কাছে৷ এমনকী মুখপাত্র আশিস খেতনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়৷ আর এর পরই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন কেজরিওয়াল৷ স্বর্ণমন্দিরে প্রার্থনা সেরে, স্বেচ্ছাসেবকদের সঙ্গে লঙ্গর হলে নিজের হাতে বাসন ধুয়ে দেন তিনি৷

শুরু বাদল অধিবেশন, তৃণমূলের বিক্ষোভ-আজকাল

সোমবার, বাদল অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের পাশে পাওয়ার আশা প্রকাশ করলেন। জানালেন, গত কয়েক দিন বিরোধী দলনেতাদের সঙ্গে কথা বলেছেন। সকলেই ভাল কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। যদিও দিন গড়াতেই সংসদে অন্য ছবি দেখা গেল। সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮