জুলাই ২৯, ২০১৬ ১১:৪৫ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৯ জুলাই শুক্রবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১-ইত্তেফাক
জঙ্গি দমনে দৃঢ় থাকুন, ডিসিদের তথ্যমন্ত্রী-প্রথম আলো
ডিসি সম্মেলনের সমাপ্তি-জঙ্গিবাদ দমনে গুরুত্বারোপ-যুগান্তর
নিরস্ত্র মানুষ হত্যা করে কখনো ইসলাম কায়েম করা যায় না : মতিয়া চৌধুরী-কালের কণ্ঠ
জঙ্গি দমনে ব্লক রেইড সব বাহিনীপ্রধানকে নির্দেশ-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
বকেয়া স্কুল ফি আদায়ে বাড়িতে চড়াও শিক্ষকরা, অপমানে আত্মঘাতী ছাত্রী-এইসময়
সীমান্তে পাহারা বাড়াতে সহমত দু’দেশ-আনন্দবাজার
রাজ্যের রেল প্রকল্পগুলিকে কোনও অবস্থাতেই বন্ধ করা চলবে না, রেলমন্ত্রীকে মমতা-বর্তমান
স্বাধীনতা দিবসে মোদিকে হত্যার ছক আইএস জঙ্গিদের-সংবাদ প্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

জঙ্গিবাদের মামলা দেখভালে মন্ত্রণালয়ের সেল হবে: আইনমন্ত্রী–প্রথম আলো
জঙ্গিবাদের মামলাগুলো সঠিকভাবে দেখভালে আইন মন্ত্রণালয় আলাদা একটি সেল গঠন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জেলা প্রশাসকেরা যদি মনে করেন এ ধরনের মামলা বিচারের জন্য প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিকমতো সহায়তা করা হচ্ছে না, তাহলে তখনই সেলকে জানাতে পারবেন। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আজ শুক্রবার সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। সচিবালয়ের সম্মেলনকক্ষ থেকে বের হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ডিসি সম্মেলনের সমাপ্তি-জঙ্গিবাদ দমনে গুরুত্বারোপ-যুগান্তর
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 
চার দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিন শুক্রবার সচিবালয়ে সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'ডিসি সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।' 
জেলা প্রশাসকদের কী বার্তা দেয়া হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, 'ম্যাসেজ তো অনেকগুলো। একটা বড় মেসেজ হল- জঙ্গিবাদ এবং সন্ত্রাদের বিরুদ্ধে জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।' এদিকে জঙ্গি দমনে ডিসিদের আন্তরিক হবার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আহ্বান জানিয়েছেন।

‘শব্দ বোমা ফাঁটিয়ে উগ্রবাদীদের দুর্বল করা যাবেনা-কালের কণ্ঠ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে দেশে নীরবে নীরবে তলে তলে সাম্প্রদায়িক উগ্রবাদীরা ভয়ঙ্কর অবস্থান তৈরি করে ফেলেছে। অর্থবলে, অস্ত্রবলে গোপন প্রশিক্ষণে তারা শক্তিশালী। দেশের রাজনৈতিক দলগুলো বছরে কাজ করে একমাস, নির্বাচনের সময়। আর উগ্রবাদী মহিলা-পুরুষ ঘরে ঘরে গিয়ে সারাবছর কাজ করে। বিচ্ছিন্ন ও ছোট ছোট প্রতিবাদ করে, বক্তৃতা ভাষণে শব্দ বোমা ফাঁটিয়ে সাম্প্রদায়িক উগ্রবাদীদের দুর্বল করা যাবেনা। রাজনৈতিকভাবে অ্যাকশন প্লান নিতে হবে। মুুক্তিযোদ্ধের চেতনায় গণজাগরন সৃষ্টি করতে হবে, এবং সবাইকে বাঙ্গালি বিশ্বাসে সাম্প্রদায়িক চেতনার সেই ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে।

জঙ্গি দমনে ব্লক রেইড- বাংলাদেশ প্রতিদিন
সব বাহিনীপ্রধানকে নির্দেশ । সারা দেশে অভিযানের গতি আরও বাড়বে
জঙ্গি দমনে রাজধানীসহ সারা দেশে ব্লক রেইড চলছে। এরই মধ্যে ব্লক রেইডের কারণে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা খুঁজে পেয়েছে পুলিশ। ওই আস্তানায় অপারেশন-২৬ পরিচালনা করে বড় ধরনের সাফল্যের পর ব্লক রেইডের গতি আরও বাড়বে বলে মনে করছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্লক রেইড অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় রোমহর্ষক ঘটনার পর সারা দেশে এক সপ্তাহের সাঁড়াশি অভিযান চালায় সরকার। তবে ওই অভিযানে তেমন একটা সাফল্য না আসার কারণেই মূলত সিদ্ধান্ত আসে ব্লক রেইডের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব কটি বাহিনীর প্রধানকে জানিয়ে দেওয়া হয় এ নির্দেশনা। তবে ব্লক রেইডের কারণে যাতে কোনো নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। 

‘অন্য দেশের স্বার্থে আ’লীগকে ক্ষমতায় বসানো হয়েছে’-মানবকণ্ঠ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্য একটি দেশের স্বার্থে ‘মাস্টারপ্লান বাস্তবায়নে’ আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে জনগণের উপর হামলা তাই প্রমাণ করে। দেশের প্রাকৃতিক বৈচিত্র ধ্বংস করতে সরকার তোরজোড় শুরু করেছে বলেও অভিযোগ করেন রিজভী। 

মধ্যরাতে ঢাকার ১১টি ছাত্র মেসে পুলিশি অভিযান-ইত্তেফাক
ঢাকার রাজাবাজার এলাকায় মধ্যরাতে পুলিশ কমপক্ষে ১১টি ছাত্র মেসে তল্লাশি অভিযান চালিয়েছে। পুলিশ বলেছে, এসব মেসে মূলত বিভিন্ন কোচিং সেন্টারের এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা থাকে। জঙ্গি তৎপরতায় তাদের কেউ জড়িত কিনা, সেটা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয় বলে পুলিশ বলছে।
শেরেবাংলা নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল গণেশ বিশ্বাস জানিয়েছেন, রাজাবাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে রাত দুইটা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা সময় ধরে পুলিশ ১১টি ভবনে তল্লাশি চালিয়েছে। ভবনগুলো ছয় থেকে সাত তলা করে হবে। প্রতিটি ভবনকে একটি করে মেস হিসেবে পুলিশ চিহ্নিত করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য কোচিং সেন্টারে যাচ্ছে, এমন ছাত্রের সংখ্যাই এই মেসগুলোতে বেশি।এছাড়া বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে। তল্লাশিতে আপত্তিকর কিছু পুলিশ পায়নি এবং কাউকে আটক করা হয়নি।
ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর সম্পর্কিত খবর আজকের প্রায় সব দৈনিকে স্থান করে নিয়েছে।

ঢাকা থেকে কেরানীগঞ্জের কারাগারে বন্দী স্থানান্তর চলছে-ইত্তেফাক
খবরে বলা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগারে বন্দী স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে বন্দী স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত দুই হাজার কারাবন্দী স্থানান্তর করা হয়েছে বলে কারা সূত্র জানিয়েছে। ৮টি প্রিজন ভ্যানে করে পর্যায়ক্রমে বন্দীদের স্থানান্তর করা হচ্ছে। স্থানান্তরের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগার পর্যন্ত রাস্তার দুই পাশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে,  ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ মারুফ হাসান বলেছেন, 'বন্দীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ত‍াদের কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হচ্ছে।
প্রথম আলো লিখেছে, ঢাকা থেকে কেরানীগঞ্জে বন্দী স্থানান্তরের কাজ আজ শুক্রবারের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

কারাগারের বিদায়, হাতছানি পার্কের-প্রথম আলো
পুরান ঢাকার ২০০ বছরের পুরোনো কারাগারের ঠিকানা বদল হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের কেরানীগঞ্জের নতুন কারাগারে নেওয়া শুরু হয়েছে। 
কারাগার সূত্র জানিয়েছে, ৬ হাজার ৪০০ বন্দীকে ওই কারাগারে স্থানান্তর করা হচ্ছে। কেন্দ্রীয় কারাগারের জায়গায় কী হবে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা গুঞ্জন। এখানে বিনোদন পার্ক হবে বলে কারা সূত্র জানিয়েছে।
 

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

৯ আগস্ট একসঙ্গে বসে মেটানোর নির্দেশ রাহুলের: -বর্তমান 
কংগ্রেস কারও পৈতৃক সম্পত্তি নয়। বিধানসভার পিএসি ইস্যুতে বৃহস্পতিবার এই মর্মে অধীর-মান্নানকে তোপ দাগলেন মানস ভুঁইয়া। পিএসির চেয়ারম্যান পদ তাঁকে ছেড়ে দিতে বলা হলেও মানসবাবু তা আঁকড়ে রেখেছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করে মানসবাবু বলেন, পিএসির চেয়ারম্যান পদ নির্বাচিত পদ।

মমতার দিল্লি সফর নিয়ে চিন্তায় সিপিএম-সংবাদ প্রতিদিন
তৃতীয় বিকল্প গড়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে শঙ্কিত সিপিএম৷ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তা জানতে দলের সংসদীয় কমিটিকে রিপোর্টও দিতে বলেছে এ কে গোপালন ভবনের ম্যানেজাররা৷ তৃতীয় মোর্চা তৈরির প্রক্রিয়া কতটা এগোচ্ছে দলের সাংসদদেরও তা নজর রাখতে বলা হয়েছে৷ সিপিএমের একাংশ মনে করছে, দ্বিতীয় দফায় বিপুল আসনে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুধু বাংলাই নয়, জাতীয় রাজনীতিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব কয়েকগুণ বেড়ে গিয়েছে৷ এই পরিস্থিতিতে আগামিদিনে তৃতীয় বিকল্প গঠনের উদ্যোগ সফল হতে পারে৷ আর ওই তৃতীয় বিকল্পে শেষমেশ যদি কংগ্রেসও যোগ দেয় তাহলে বাংলায় তো বটেই, জাতীয় ক্ষেত্রেও সিপিএমের অস্তিত্ব আরও বিপন্ন হয়ে পড়বে৷

স্বাধীনতা দিবসে মোদিকে হত্যার ছক আইএস জঙ্গিদের-সংবাদ প্রতিদিন
এবছর স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন, তখনই ড্রোন হামলা চালিয়ে তাঁকে হত্যার ছক কষছে ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিরা৷ সম্ভাব্য জঙ্গি নাশকতার হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীকে এবছর বুলেটপ্রুফ এনক্লোজারের ভিতর থেকে ভাষণ দেওয়ার অনুরোধ জানালেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির এই অনুরোধ লিখিত আকারে পৌঁছে গিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের টেবিলে৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯