জঙ্গিবাদ রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৯ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব গণবিরোধী: বিএনপি-প্রথম আলো
অলিউল্লাহ হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ-ইত্তেফাক
বাংলাদেশকে ১২ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-যুগান্তর
কাল ১২ মামলায় হাজিরা দেবেন খালেদা জিয়া-মানবজমিন
হুমকিতে ২ লাখ কোটি টাকার বিনিয়োগ-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
বেলাগাম গো-রক্ষা বাহিনীর হুমকি মোদীকে-আনন্দবাজার
চিঠি লিখে মোদিকে ‘মন কি বাত’ জানাল স্কুলছাত্র-সংবাদ প্রতিদিন
গোরক্ষক নিয়ে মোদির কথায় অস্বস্তি সঙ্ঘের-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
শোকে স্তব্ধ পাকিস্তান, দায় স্বীকার আইএস ও তালেবানের-মানবজমিন
ভয়াবহ হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হওয়ার পর শোকে স্তব্ধ পাকিস্তান। গতকাল কোয়েটার সিভিল হাসপাতালে ওই হামলা চালায় জঙ্গিরা। একই সঙ্গে এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালিবান পাকিস্তানের একটি অংশ দ্য জামায়াতুল আহরার এবং ইসলামিক স্টেট (আইএস)। গতকাল প্রথমে বেলুচিস্তান বার এসোসিয়েশনের সভাপতি বিলাল আনোয়ার কাসিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তার লাশ নেয়া হয় সিভিল হাসপাতালে। এ সময় সেখানে শোকার্ত জনতার ভিড় জমলে জরুরি বিভাগেই শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাংবাদিক, আইনজীবী সহ কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এ হামলার পর পরই পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, সেনাপ্রধান রাহিল শরীফ নিন্দা জানিয়েছেন।
এ ঘটনায় এক সপ্তাহের শোক ও তিন দিন সব আদালতে ধর্মঘট ডেকেছে পাকিস্তান বার কাউন্সিল (পিবিসি) ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন
জঙ্গিবাদ রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি’-ইত্তেফাক
'জঙ্গিবাদ রোধে উত্তর-পশ্চিম রিজিয়নসহ সারাদেশের সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিজিবি’র মধ্যে জঙ্গিবাদ সম্পৃক্ততার অভিযোগে গত বছর ২ জন বিজিবি সদস্যকে সাজা দেয়া হয়েছে। এর মধ্যে একজনকে ৫ বছর এবং অন্যজনকে প্রচলিত আইনে সাজা দেয়া হয়েছে।'
আজ রংপুরে ৬১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রেসব্রিফিংকালে এ তথ্য জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছি। জঙ্গিরা যাতে বড় ধরনের নাশকতা ও সহিংস ঘটনা ঘটিয়ে সীমান্ত অতিক্রম কিংবা ওপার থেকে কোন জঙ্গি দেশে অনুপ্রবেশ করতে না পারে সেলক্ষ্যে সর্বোচ্চ সর্তকতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন (৩৫) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর এলাকার মোকছেদ আলীর ছেলে।
মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে ঘটনাটি ঘটে।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব গণবিরোধী: বিএনপি-প্রথম আলো
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবকে গণবিরোধী বলে আখ্যা দিয়েছে বিএনপি। এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন এক ব্রিফিংয়ে এই দাবি জানান।
ব্রিফিংয়ে বলা হয়, একটি গণবিচ্ছিন্ন সরকারের যে কোনো দায়বদ্ধতা থাকে না, তার সুস্পষ্ট প্রমাণ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যদি জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে বেসরকারি কোম্পানির মতো শুধু মুনাফার দিকে ঝুঁকে পড়ে, সেটা গণবিচ্ছিন্নতারই প্রমাণ বহন করে।
হুমকিতে ২ লাখ কোটি টাকার বিনিয়োগ-বাংলাদেশ প্রতিদিন
রাজউকের সিদ্ধান্তহীনতায় ২ লাখ কোটি টাকার বিনিয়োগের উদ্যোগ আলোর মুখ দেখছে না। রাজধানীর কুড়িল পূর্বাচল ৩০০ ফুট লিঙ্ক রোডের দুই পাশের দেশি-বিদেশি প্রকল্পগুলো হুমকির মুখে রাজউকের অনুমোদন না মেলায়। দেশি বিনিয়োগকারীরা আমলাতান্ত্রিক জটিলতায় হতাশ, অন্যদিকে বিদেশিরা নিজেদের গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন। জানা গেছে, পৃথিবীর উন্নত শহরগুলোর আদলে এখানেও চায়না টাউন করার কথা চীনা বিনিয়োগকারীদের। কিন্তু বছরের পর বছর তারা অপেক্ষায় রয়েছেন। এ ছাড়া হায়াত রিজেন্সি হোটেল, রিলায়েন্স হাসপাতাল প্রকল্প অনিশ্চয়তায় পড়েছে। বিদেশিদের মতো দেশি ৪০টি বড় গ্রুপ হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে বছরের পর বছর অপেক্ষা করছে। তাদের মধ্যে এখন হতাশা। নগর পরিকল্পনাবিদদের মতে, ম্যানহাটনের আদলে কুড়িল পূর্বাচল ৩০০ ফুট রোডের দুই পাশ সাজানো সম্ভব। এতে তৈরি হবে নতুন এক আধুনিক বাণিজ্যিক এলাকা। বাড়বে কর্মসংস্থান।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষার্থীদের বেতন ৩০ শতাংশের বেশি বাড়ানো যাবে না-প্রথম আলো
দেড় শতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাসিক বেতন সর্বোচ্চ ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। কোনোভাবেই এর বেশি বাড়ানো যাবে না। তবে এ ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনায় নিয়েই শিক্ষার্থীদের মাসিক বেতন বাড়াতে হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।
বাংলাদেশকে ১২ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-যুগান্তর
বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর লক্ষ্যে গৃহীত বিবিআইএন কানেক্টিভিটি প্রকল্পের জন্য বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক।মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। বৈঠক শেষে সাংবাদিকদের চিমিয়াও ফান বলেন, আঞ্চলিক যোগাযোগের উন্নয়নে বিশ্বব্যাংক ১২০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
গোরক্ষক নিয়ে মোদির কথায় অস্বস্তি সঙ্ঘের-আজকাল
গোরক্ষকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে খুব স্বস্তিতে নেই আর এস এস। ৮০ শতাংশ গোরক্ষকই ভুয়ো— মোদির এই কথাটি নিয়েই সমস্যা। শনিবার দিল্লিতে টাউনহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকারগুলোকে গো রক্ষকদের কড়া শাস্তি দিতে বলেন। তাঁর কথায়, ‘কিছু স্বার্থপর মানুষ গো রক্ষকের নাম করে সমাজে সামাজিক বিদ্বেষ ছড়াচ্ছে। অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ গো রক্ষকই ভুয়ো।’ রবিবার তেলেঙ্গানাতে তিনি সুর আরও চড়ান। বলেন, ‘আমাকে গুলি করুন কিন্তু দলিতদের গায়ে হাত দেবেন না।’ তবে সেদিন আর শতাংশের হিসেব না দিয়ে ‘অধিকাংশ’ শব্দটা ব্যবহার করেছিলেন। তাঁর মন্তব্যকে সমর্থন করে আর এস এসের সাধারণ সম্পাদক ভাইয়াজি যোশি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী ঠিক কথাই বলেছেন।’ কিন্তু গোরক্ষকদের পেছনে বড় শক্তি সঙ্ঘ। তাই ভেতরে ভেতরে থেকে গেছে অস্বস্তিও।
অরুণাচলের পদচ্যুত মুখ্যমন্ত্রী কালিখো পুলের ঝুলন্ত দেহ উদ্ধার-আনন্দবাজার
গত মাসেই সুপ্রিম কোর্টের রায়ে অরুণাচলে মুখ্যমন্ত্রীর গদি হারানো কালিখো পুলের ঝুলন্ত দেহ উদ্ধার হল মঙ্গলবার। রাজধানী ইটানগরে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেই থাকছিলেন তিনি। যদিও তা কিছু দিনের মধ্যে ছেড়ে দিতে হত বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে। সেখানেই আজ সকালে কালিখো পুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। পুল আত্মহত্যা করেছেন বলেই অনুমান পুলিশের। এ দিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯