জঙ্গি হানা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১০ আগস্ট বুধবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ছেলেমেয়েসহ রাগীব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা-প্রথম আলো
জেএমবি ওয়েব সাইটের অ্যাডমিন কর্মকর্তাসহ গ্রেফতার ৬-ইত্তেফাক
সাবেক এমপি সাখাওয়াতের ফাঁসির আদেশ, আমৃত্যু কারাদণ্ড সাতজনের-যুগান্তর
বন্যায় ২২০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ-মানবজমিন
তবুও থেমে নেই উন্নয়ন জঙ্গি হানা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
দেবী হয়ে বাঁচতে চান না, অনশন ভাঙলেন শর্মিলা-আনন্দবাজার
বাজপেয়ীর পথেই কাশ্মীর সমস্যার সমাধান খুঁজছেন মোদি-সংবাদ প্রতিদিন
দলিতদের ওপর হামলা চলছেই-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ৯ মামলায় খালেদার জামিন-যুগান্তর
রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ৯ মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসান মোল্লা নাশকতার আট মামলা এবং রাষ্ট্রদ্রোহের মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।
এসব মামলায় শুনানির জন্য ১০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এসব মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে সময় ও জামিনের আবেদন জানান।
আদালত নাশকতার আট মামলায় এবং রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন।
সাবেক এমপি সাখাওয়াতের ফাঁসির আদেশ, আমৃত্যু কারাদণ্ড সাতজনের-যুগান্তর
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় অপর সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৭৬৮ পৃষ্ঠার রায় পড়া শেষে এই রায় ঘোষণা করেন।
আসামিদের বিরুদ্ধে আনা হত্যা, অপহরণ ও ধর্ষণসহ পাঁচটি অভিযোগের সবক'টি প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
তবুও থেমে নেই উন্নয়ন-বাংলাদেশ প্রতিদিন
জঙ্গি হানা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । নেওয়া হচ্ছে নতুন নতুন উন্নয়ন পরিকল্পনা
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি কার্যক্রম দমনের ব্যস্ততার মাঝেও থেমে নেই বাংলাদেশের উন্নয়ন ও সামাজিক প্রকল্প। যদিও গুলশান হামলায় নিহত জাপানিরা ছিলেন মেট্রোরেল লাইন-১ ও ৫-এর সম্ভাব্যতা যাছাইকারী। এই দলের প্রধান আহত অবস্থায় জাপানে ফিরে গিয়েছিলেন। সর্বশেষ গত সপ্তাহে তিনি জাপান সরকারকে জানিয়েছেন সুস্থ হয়ে দ্রুতই বাংলাদেশে ফিরতে চান। পরে জাপানে জাইকা বাংলাদেশকে জানিয়েছে, শিগগির নিহতদের স্থানে নতুন লোক নিয়ে পুরনো দলই শুরু করবে কাজ। এমন উদাহরণের কারণেই সড়ক অবকাঠামোর খোলনলচে পাল্টে দিতে নেওয়া মেগা পরিকল্পনার প্রকল্পগুলোর কাজ চলছে স্বাভাবিক গতিতেই। দেশের ইতিহাসে সবচেয়ে বড় সেতু নির্মাণ, চোখ ধাঁধানো সব ফ্লাইওভারের পরিকল্পনা ও জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার মতো অনেক উন্নয়নকাজের কোনো কিছুই থেমে নেই। চূড়ান্ত প্রস্তুতি চলছে চ্যালেঞ্জিং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও স্যাটেলাইট উেক্ষপণের মতো সাহসী প্রকল্পগুলো বাস্তবায়নের। বিনিয়োগের জোয়ার আনতে একসঙ্গে ১০০ ইকোনমিক জোন স্থাপনের কাজও স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে।
মাওয়ায় নামছে পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার-যায় যায় দিন
দেশের সবচেয়ে বড় সেতু নির্মাণে কর্মযজ্ঞ এগিয়ে চলেছে। মানুষের স্বপ্নের এই পদ্মা সেতু নির্মাণকাজের আরো একটি অগ্রগতিতে নদী তীরের দুই পারের বাসিন্দাদের মধ্যে লেগেছে খুশির হাওয়া। মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়াঘাটে নামানো হচ্ছে সেতু নির্মাণের সুপার স্ট্রাকচার (স্পান)। মঙ্গলবার দুপুরে স্পান বহনকারী জাহাজ থেকে এগুলো নামানো হয়।
চীনের তৈরি এই সুপার স্ট্রাকচার নিয়ে গত ২ জুলাই চীন থেকে জাহাজ রওনা হয়। ৩ আগস্ট সেগুলো বাগেরহাটের মংলা বন্দরে এসে পৌঁছায়। এর পর নদীপথে সোমবার দুপুরে মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকায় এসে পৌঁছায়।
পদ্মা সেতু প্রকল্পের নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে সকাল থেকে জাহাজ থেকে তা নামিয়ে ডাস্ট হাউসে নেয়া হচ্ছে। এর মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের কাজ আরো একধাপ এগিয়ে গেল বলে বলছেন সেতু নির্মাণের সঙ্গে যুক্ত কর্মকর্তারা।
বন্যায় ২২০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ-মানবজমিন
বন্যায় সারা দেশের ২০টি জেলায় ২২০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় এই সংখ্যা আরো বাড়ছে। সর্বোচ্চ দেড় মাস থেকে শুরু করে গেল এক সপ্তাহে বন্ধ থাকা এসব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তিন প্রতিষ্ঠান কাজ করছে। এগুলো হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ডিপিই’র গতকালের সর্বশেষ তথ্যমতে, শুধু প্রাথমিক স্কুলগুলোর প্রায় ১২ কোটি টাকা ক্ষতি হয়েছে। এটা দিন দিন বাড়বে। তবে বন্যা পরিস্থিতি উন্নতি হলে এই ক্ষতির হার ধীরে ধীরে কমবে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি ও অন্যান্য বিষয়ে মনিটরিং করার জন্য আলাদা সেল গঠন করা হয়েছে।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
দেবী হয়ে বাঁচতে চান না, অনশন ভাঙলেন শর্মিলা-আনন্দবাজার
বিকেল ৪টে ২২ মিনিট। তাঁর ডান হাতে একটুখানি মধু ঢেলে দিলেন নার্স। কিন্তু মুখে তুলতে পারলেন না। পরের দু’মিনিট ধরে শুধুই কেঁদে চললেন। বিকেল ৪টে ২৪ মিনিট ১৪ সেকেন্ড। হাতে ঢেলে দেওয়া মধু আঙুলে নিয়ে জিভে ঠেকালেন। একটু যেন বিকৃতও করলেন মুখটা।
শেষ হল মণিপুর-কন্যা ইরম শর্মিলা চানুর ১৬ বছরের অনশন সত্যাগ্রহ। তত ক্ষণে চানুর সঙ্গিনীরা ভেঙে পড়েছেন কান্নায়। সে কান্না আনন্দের নয়, তীব্র আক্রোশের। কিংকর্তব্যবিমূঢ় চানুর আন্দোলনের সেনাপতি বাবলু লোইতংবাম-ও। আশপাশে দেখা গেল না পরিবারের কাউকেই। কিন্তু চানু তাঁর সিদ্ধান্তে অটল। বললেন, “আমি দেবী হয়ে বাঁচতে চাই না। এটা আমার জীবন। সিদ্ধান্ত আমি নেব। মানুষের ওপর আস্থা রয়েছে। তাঁরা আমার পাশে থাকলে নির্বাচনে জিতে আফস্পা হটাবই।”
দলিতদের ওপর হামলা চলছেই-আজকাল
হায়দরাবাদ ও আমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর বার্তাতেও কাজ হল না। দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের ওপর আক্রমণ অব্যাহত। সোমবার অন্ধ্রপ্রদেশের আমলাপুরমে গো হত্যার অপবাদ দিয়ে দুই দলিত ভাইকে পেটালো গো রক্ষকরা। আর গুজরাটে দলিতদের ঘড়ছাড়া করার ঘটনা সামনে এল। সোমবার আমলাপুরমে মোকাতি এলিসা এবং তাঁর ভাই লাজারকে একটি গরুর চামড়া ছাড়ানোর জন্য ডাকা হয়। তড়িতাহত হয়ে গরুটি আগেই মারা গিয়েছিল। তাঁরা যখন চামড়া ছাড়াচ্ছিলেন তখন প্রায় ১০০ জন গো রক্ষক সেখানে হাজির হয়। চুরি করে গরুটিকে মারার অভিযোগ করে তাঁদের নারকোল গাছে বেঁধে পেটাতে শুরু করে গো রক্ষকরা। আহত দুই ভাইকে হাতপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোকাতির অবস্থা আশঙ্কাজনক। আক্রমণকারী গঙ্গাধর এবং রামানাকে শনাক্ত করেছে পুলিস।
বাজপেয়ীর পথেই কাশ্মীর সমস্যার সমাধান খুঁজছেন মোদি-সংবাদ প্রতিদিন
সংবিধানের পরিকাঠামোর মধ্যে থেকেই ‘ইনসানিয়াত’ (মানবিকতা), ‘জমহুরিয়ত(গণতন্ত্র) এবং ‘কাশ্মীরিয়ত এই তিনটি বিষয়কে সামনে রেখে কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনা শুরু করার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কাশ্মীরে শান্তি ফেরানোই তাঁর সরকারের মূল লক্ষ্য এই বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন ভূস্বর্গে৷
হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর মাসাধিককাল ধরে উত্তপ্ত হয়ে রয়েছে কাশ্মীরের পরিস্থিতি৷ বিভিন্ন মহল থেকে কাশ্মীরের চলতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও এতদিন এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি মোদি৷ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মোদিকে কাশ্মীরের মানুষের পাশে থাকার আহ্বান জানান৷ মেহবুবার ওই আর্জির পর এদিন প্রধানমন্ত্রীর মুখ খোলা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০