আগস্ট ১৩, ২০১৬ ১৩:১২ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১১ আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
গুলশান হামলা মামলায় হাসনাতকে গ্রেপ্তার দেখানো হলো-প্রথম আলো
'দেশে জঙ্গি হামলার নেপথ্যে আছে বিএনপি'-কামরুল-ইত্তেফাক
১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা-মানবকণ্ঠ
বাসাবোয় ভাই-বোন খুন বাবার মামলায় মা গ্রেফতার, হত্যার দায় স্বীকার-যুগান্তর
সার্কাস পার্টির কমিটি করেছে বিএনপি'-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ইভটিজার পেটানো সাহসিনীকে রাজ্যের সম্মান,  আগামীকাল পুরস্কার তুলে দেবেন মমতা-বর্তমান
সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্তার মুখে খোদ রাষ্ট্রপতি কন্যা-সংবাদ প্রতিদিন

আজমের বিরুদ্ধে এফ আই আর চায় নিগৃহীতা-আজকাল
এবার জেলায় জেলায় পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত-বর্তমান

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-যুগান্তর/এনটিভি অনলাইন
দেশের ৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৪৬৫টি উপজেলাকে শিগগিরই শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।
আজ গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিদ্যুৎ এখন ৭৮ ভাগ মানুষ পাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের ৯৫-৯৬ ভাগ মানুষ বিদ্যুৎ পাবে। ৪৬৫টি উপজেলাকে খুব শিগগির শতভাগ, মানে অন্ধকারমুক্ত করতে পারব, অর্থাৎ বিদ্যুৎ দিতে পারব।’ 
এছাড়া পায়রা সমুদ্র বন্দর, যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম আটলেন বিশিষ্ট মহাসড়ক এবং ধীরগতির যান চলাচলের জন্য যাত্রাবাড়ি থেকে মাওয়া ও পাঁচচর থেকে ভাঙা পযর্ন্ত পৃথক সার্ভিস লেনসহ চারলেন প্রকল্পের আপগ্রেডেশন প্রকল্পের কাজও ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে উদ্বোধন করেন করেন প্রধানমন্ত্রী। 

গুলশান হামলা মামলায় হাসনাতকে গ্রেপ্তার দেখানো হলো-প্রথম আলো
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান।
এনটিভি অনলাইন লিখেছে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী বলেছেন, গুলশান হামলার মামলায় আজ হাসনাতের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ ছাড়া হামলার ঘটনায় কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
খুবই মর্মান্তিকভাবে দুই শিশু খুনের ঘটনা সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনের খবরের শিরোনাম-'দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন মা'
বিস্তারিত খবরে বলা হয়েছে, রাজধানীর উত্তর বাসাবোয় নিজের বাসায় দুই শিশুকে গলাকেটে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা। শনিবার ভোরে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিনা রহমান এই দায় স্বীকার করেন বলে নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস ফকির। শনিবার ভোরে দুই শিশুকে হত্যার ঘটনায় বাদী হয়ে সবুজবাগ থানায় মামলা দায়ের করেন শিশুদের বাবা মাহবুব রহমান। তানজিনাকে ওই মামলায় আসামি করা হয়েছে। হত্যার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, উত্তর বাসাবোর ১৫৭/২ নম্বর বাসা থেকে শুক্রবার রাতে দুই ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। রাত পৌনে ১০টার দিকে 'ষড়ঋতু' নামের একটি ছয়তলা ভবনের চিলেকোঠায় এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, দুই শিশুকে তাদের মা হত্যা করেছে। তিনি মানসিক ভারসাম্যহীন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক লোক জড়িত কিনা তা আমরা উড়িয়ে দিচ্ছি না। 
সাম্প্রতিককালে শিশু মৃত্যুর ঘটনা বেড়েছে , বিশেষ করে মায়ের হাতে শিশু খুনের বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এসব ঘটনা কেন ঘটছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে এ বিষয়টি যে সমাজের জন্য খুবই উদ্বেগের তাতে কোনো সন্দেহ নেই।

ইত্তেফাকের রাজনৈতিক খবরের শিরোনাম: 'দেশে জঙ্গি হামলার নেপথ্যে আছে বিএনপি'
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 'যারা একাত্তর, পঁচাত্তর দেখেছেন এবং পরবর্তীতে একুশে আগস্ট গ্রেনেড হামলা, গুলশান ও শোলাকিয়া হামলা দেখেছেন এসবের মধ্যে কোনো ভিন্নতা খুঁজে পাবেন না। এতেই বোঝা যায়, এটা একাত্তরের পরাজিত শক্তির কাজ। আর এ সবের নেপথ্যে আছে বিএনপি।'শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে জঙ্গি নির্মূলের যে পদ্ধতি রয়েছে, বাংলাদেশও সেই পদ্ধতিই অনুসরণ করছে। আর এটাই উত্তম পদ্ধতি। কিন্তু কিছু মহল এটাকে সমালোচনা করছে। আমাদের বুঝতে বাকি নেই ওরা কারা। ওরা কী চায়।

রান্নায় গ্যাস ব্যবহার অপচয়: অর্থমন্ত্রী-ইত্তেফাক
গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহারকে অপচয় মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীর কারওয়ানবাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবসের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 
আবুল মাল আবদুল মুহিত বলেন, গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না।  এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করে কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

শুধুই কি ভুল বোঝাবুঝি, নাকি আড়ালে অন্য কিছু?-আনন্দবাজার

নেহাতই ভুল বোঝাবুঝি? নাকি অন্য কিছু? এক বার, দু’বার, তিন বার। তিন বার আমেরিকার তিন বিমানবন্দরে অভিবাসন দফতরের হাতে হেনস্থা হতে হল শাহরুখ খানকে। শাহরুখের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বের সঙ্গে এক দেশে বার বার এই একই হেনস্থার ঘটনা ঘটতে পারে কী করে!
মার্কিনরা তো যে কোনও কাজ নিঁখুত, নির্ভুল ভাবে করার জন্য প্রশংসা পেয়ে থাকেন। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রশাসনের নজরদারি তো আরও চৌখস। কিন্তু, একটা মানুষের নাম সফরকারীদের তালিকায় দেখলে মার্কিনদের সব কিছু গোলমাল হয়ে যায় কেন? বলিউড সুপারস্টারকে বার বার কোনও এক দুষ্কৃতীর সঙ্গে গুলিয়ে ফেলা হয় কেন?

বুন্দেলশহর গণধর্ষণ-কাণ্ড: মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি-সংবাদপ্রতিদিন
বুন্দেলশহর-কাণ্ডে দুই নিগৃহীতা, মা ও মেয়ে শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন৷ শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদন, ওই গণধর্ষণ-কাণ্ডে উত্তরপ্রদেশের মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক৷

একই সঙ্গে নিগৃহীতা নাবালিকা আদালতে আবেদন জানিয়েছে, স্থানীয় পুলিশকর্মীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হোক৷ ঘটনার দিন তাঁরাও কর্তব্যে গাফিলতি দেখিয়েছেন বলে অভিযোগ৷ গত ২৯ জুলাই বুন্দেলশহর গণধর্ষণের মামলায় শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় এলাহাবাদ আদালত৷
সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্তার মুখে খোদ রাষ্ট্রপতি কন্যা-সংবাদ প্রতিদিন
সোশ্যাল মিডিয়ায় মহিলাদের প্রতি কটূ মন্তব্য করা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এবার তার শিকার হলেন খোদ রাষ্ট্রপতি কন্যা রাজনীতিবিদ শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ পার্থ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাঁকে সোশ্যাল মিডিয়ায় হেনস্তা করেছেন বলে জানিয়েছেন তিনি৷

ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁকে নোংরা যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতেন বলে জানা যাচ্ছে৷ ক্রমাগত এই ধরনের মেসেজ পাওয়ার পর ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর৷ প্রথমে অবশ্য ভেবেছিলেন পাত্তা দেবেন না৷ সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিকে ব্লক করে দিতেই চেয়েছিলেন৷ কিন্তু সকলের সামনে ওই ব্যক্তির মুখোশ খুলে দিতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেন তিনি৷ ফেসবুকের এক পোস্টে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন তিনি৷

ইভটিজার পেটানো সাহসিনীকে রাজ্যের সম্মান,  আগামীকাল পুরস্কার তুলে দেবেন মমতা-বর্তমান
আত্মরক্ষা তো বটেই। সেই সঙ্গে একা লড়ে অসম সাহসিকতারও পরিচয় দিয়েছিলেন সেদিন। তাই দুই ইভটিজারের খপ্পরে পড়েও ক্যারাটের ‘ফেস পাঞ্চ’ বসিয়ে দু’জনকেই ঘায়েল করেছিলেন ১৮ বছরের ওই তরুণী। সেই সাহসিকতার জন্যই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কন্যাশ্রী পুরস্কার পেতে চলেছেন মধ্যমগ্রামের সাহসিনী মুন্না দাস। আগামীকাল, ১৪ আগস্ট কন্যাশ্রী দিবস উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁর হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হবে। এ বিষয়ে মুন্নার প্রতিক্রিয়া, ভীষণ আনন্দ হচ্ছে, সঙ্গে ভয়ও।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩