মে ১০, ২০১৭ ০৮:২৪ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১০ মে বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • ক্ষমতাকেন্দ্রিক অশুভ প্রতিযোগিতা দেশকে অন্ধকারে নিয়ে যাবে’
  • ৪০৮ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি-ইত্তেফাক 
  • দেশজুড়ে ঝড়ের সঙ্গে বজ্রপাত, নিহত ১৬-ইত্তেফাক
  • হাওরের কান্না থামবে কবে? -যুগান্তর
  • সাবধান! অনলাইনে ব্ল্যাকমেইলিংয়ের ফাঁদ-মানবজমিন
  •  বনানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের মামলা: শাফাত সিলেটে, কাউকে পাচ্ছে না পুলিশ-প্রথম আলো-প্রথম আলো
  • এখনই ‘ভিশন ২০৩০’ ঘোষণা নিয়ে দলে প্রশ্ন-১৫-৪০ বছর বয়সীদের আকৃষ্ট করতে চায় বিএনপি -প্রথম আলো
  • সংস্কারের পরিকল্পনা নিয়ে ‘রূপকল্প ২০৩০’ আনছে বিএনপি-এনটিভি-বিডি অনলাইন
  • তৃণমূল বেসামাল এক মাসে ১০ জন নিহতশিথিল আওয়ামী লীগের চেইন অব কমান্ড-নয়া দিগন্ত
  • সরকারি কর্মচারীদের বেতন ফের বাড়ানোর উদ্যোগ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • অনশন শুরু কপিলের-আজকাল
  • কাশ্মীরে বিয়েবাড়ি থেকে সেনাকর্তাকে তুলে নিয়ে গিয়ে মারল জঙ্গিরা-আনন্দবাজার
  • আন্তর্জাতিক বিচারালয়ের নির্দেশে ফাঁসি স্থগিত হল কুলভূষণের -বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

 

প্রধানমন্ত্রীর ‘একক ক্ষমতায়’ভারসাম্য চান খালেদা জিয়া-বিডিনিউজ ২৪ ডট কম অনলাইন

ভিশন ২০৩০ ঘোষণা-খালেদা জিয়ার

প্রধানমন্ত্রীর ‘একক নির্বাহী ক্ষমতা’ দেশে ‘একনায়কতান্ত্রিক শাসনের’ জন্ম দিয়েছে মন্তব্য করে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, তার দল ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করে ক্ষমতায় ভারসাম্য আনবে।বুধবার বিকালে ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। 
রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কীভাবে দেশ পরিচালনা করবে- তার রূপকল্প ‘ভিশন ২০৩০’ দেশবাসীর সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন। 
বিকাল সাড়ে ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এই সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও তা শুরু হয় ২৫ মিনিট দেরিতে। বেশ কিছু কর্মীকে এ সময় হুড়োহুড়ি করে বলরুমে ঢুকতে দেখা যায়।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, “গণতন্ত্রের চেয়ে উন্নয়ন শ্রেয় এই ধারণা নিয়ে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।

খালেদা জিয়ার ভিশন ২০৩০ ভাঁওতাবাজি: নৌপরিবহন মন্ত্রী-ইত্তেফাক

খালেদা জিয়ার ভিশন ২০৩০ ভাঁওতাবাজি: নৌপরিবহন মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনার ভিশন ২০২১ দেখে বেগম খালেদা জিয়া ২০৩০ নামে ভুয়া ভিশনের ঘোষণা দিয়েছেন।
 তিনি বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার ফলে জনগণ বিএনপির এই ভাঁওতাভাজি বুঝে গেছে। বুধবার মাদারীপুর সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
 নৌপরিবহন মন্ত্রী বলেন, খালেদা জিয়ার পক্ষে ভুয়া ভিশন ২০৩০ কোনভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেন, শেখ হাসিনা সরকার অর্থনৈতিক উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছেন, তার ফলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের আগেই উন্নত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাবে।
দেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে নিতে হবে: তোফায়েল-ইত্তেফাক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গৌতম বুদ্ধের আদর্শকে ধারণ করে দেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। 
 
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি অন্তর্ভূক্ত করে জিয়াউর রহমান এদেশে জঙ্গিবাদের সূচনা করেন আর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে পুনর্বাসন করেন।

তৃণমূল বেসামাল এক মাসে ১০ জন নিহতশিথিল আওয়ামী লীগের চেইন অব কমান্ড-নয়া দিগন্ত

তৃণমূল বেসামাল এক মাসে ১০ জন নিহতশিথিল আওয়ামী লীগের চেইন অব কমান্ড

আওয়ামী লীগের তৃণমূল বেসামাল হয়ে পড়েছে। সঙ্ঘাত, মারামারি, সংঘর্ষ ও খুনোখুনি লেগেই আছে তৃণমূলে। এই পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না হাইকমান্ড, বরং এতে দলের চেইন অব কমান্ড ক্রমেই শিথিল হয়ে পড়ছে। ঢাকায় ডেকে এনে অনুনয়-বিনয় কিংবা ধমক দিয়েও তৃণমূল নেতাকর্মীদের বাগে আনতে পারছে না দলটি। সোমবারও নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হাতে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। একই এলাকায় গত ১৯ এপ্রিল ওই গ্রুপের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হন। এতে গত এক মাসে ক্ষমতাসীন এই দলের ১০ জন নেতাকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতে চট্টগ্রামের মিরসরাইয়ে এক নেতার রক্তাক্ত লাশ পাওয়া গেছে। দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের শ্রীপুরে। 

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রেরÑ আসকের এক প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগে অভ্যন্তরীণ সংঘর্ষ হয়েছে ৩৫টি। ওই সংঘর্ষে ছয়জন নেতাকর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৭৬ জন। আওয়ামী লীগ-যুবলীগের মধ্যে একটি সংঘর্ষে তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। এ সময়ে আওয়ামী লীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে তিনটি। এতে আহত হয়েছেন ৩১ জন। অভ্যন্তরীণ কোন্দলে গত তিন মাসে সারা দেশে চারটি সংঘর্ষে দু’জন নেতাকর্মীকে হারিয়েছে ছাত্রলীগ। গত ২০১৬ সালে রাজনৈতিক সঙ্ঘাতে দেশে ১৭৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগেরই ৮৩ জন। আর ২০১৫ সালে রাজনৈতিক সঙ্ঘাতে প্রাণহানি হয়েছে ১৫৩ জনের। এর মধ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যে সঙ্ঘাতে নিহত হয়েছেন ৩৩ জন। ২০১৪ সালে নিহতের সংখ্যা ছিল ১৪৭। এর মধ্যে আওয়ামী লীগের ৩৪ জন।

ক্ষমতাকেন্দ্রিক অশুভ প্রতিযোগিতা দেশকে অন্ধকারে নিয়ে যাবে’-৪০৮ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি-ইত্তেফাক

ক্ষমতায় থাকার জন্য অথবা যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা এবং মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে সঙ্গে রাখার যে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে, তা দেশকে এক ভয়াল অন্ধকারে নিয়ে যাবে। দেশের বিশিষ্ট ৪০৮ জন ব্যক্তির এক যৌথ বিবৃতিতে এ শঙ্কা তুলে ধরা হয়েছে। ‘পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ, পয়লা বৈশাখের ওপর আক্রমণ, অপপ্রচার, ভাস্কর্য অপসারণ, কওমি মাদ্রাসাকে অন্যায্য মর্যাদা দানসহ উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাছে সরকারের আত্মসমর্পণের প্রতিবাদ জানিয়ে’ এই বিবৃতি দিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। তারা বলেছেন, ‘আমরা সরকারের এই আত্মঘাতী খেলা থেকে বের হয়ে আসার দাবি জানাচ্ছি এবং এই অশুভ তত্পরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সব দেশপ্রেমিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ সোমবার সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

 ৪০৮ জন বিশিষ্ট ব্যক্তির এ যৌথ বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া দেশের বেশ কিছু ঘটনা তাদের উত্কণ্ঠিত করেছে।

হাওরের কান্না থামবে কবে? –যুগান্তর

বাংলাদেশের হাওর অঞ্চলে বোবা কান্না

হাওরের যে চিত্র আমরা এখন দেখছি- তাতে কষ্টে মনটা ভারি হয়ে ওঠে। যখন ভাত মুখে দেই, তখন কৃষকের অবদান মনে পড়ে। তাদের মলিন চেহারা চোখের সামনে ভেসে ওঠে। যে হাওরবাসী মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা পরিশ্রম করে আমাদের চাহিদার প্রায় ১০ ভাগ চাল ও ২৮ শতাংশ মাছের জোগান দিচ্ছে, তারা আজ বিপন্ন। 

 বর্তমানে অনাহার-অর্ধাহারে কাটছে তাদের দিন। তার ওপর মহাজনের ঋণের বোঝা। সব মিলিয়ে গোটা হাওরাঞ্চলে এখন শুধু বোবা কান্না। অবস্থাপন্ন পরিবারগুলোর দশা আরও করুণ। কারণ লোকলজ্জায় তারা ত্রাণের জন্য লাইনেও দাঁড়াতে পারে না, আবার কারও কাছে হাতও পাততে পারছে না। বাধ্য হয়ে শহরমুখী হচ্ছে দিশেহারা হাওরবাসী। আদরের শিশু সন্তানদের মুখে খাবার তুলে না দিতে পেরে অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য হচ্ছে অনেকে। হাওরজুড়ে এখন অসহায় মানুষের হাহাকার।

দেশজুড়ে ঝড়ের সঙ্গে বজ্রপাত, নিহত ১৬-ইত্তেফাক

মঙ্গলবার সারা দেশে ঝড়-বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত হয়েছে। বজ্রপাতের আঘাতে মোট ১৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ছাড়া আরো পাঁচজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিতৎসা দেয়া হচ্ছে। 

সাবধান! অনলাইনে ব্ল্যাকমেইলিংয়ের ফাঁদ-মানবজমিন

সাবধান! অনলাইনে ব্ল্যাকমেইলিংয়ের ফাঁদ-

ইন্টারনেটে পরিচয়ের মাধ্যমে যেমন বন্ধুতা থেকে শুরু করে প্রেম, বিয়ে হচ্ছে। মানবিক সাহায্য-সহযোগিতার ঘটনা ঘটছে। তেমনি ঘটছে নানা ধরনের ব্ল্যাকমেইল, হুমকি-ধমকির ঘটনা। দেশের  বিপুল মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে সক্রিয়। এই মাধ্যমটাকেই কাজে লাগাচ্ছে এক শ্রেণির প্রতারক। এরকম অনেক অভিযোগ কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম বিভাগে। গ্রেপ্তার করা হয়েছে অনেককে। তবুও থামছে না অপরাধ। একের পর এক ঘটেই চলেছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রতারণার শিকার হচ্ছেন মেয়েরা।

রাইসা হক (ছদ্মনাম)। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। মা-বাবার সঙ্গে থাকেন খিলক্ষেতের নিকুঞ্জে। লেখাপড়া ও পারিবারিক কাজ ছাড়া বাইরে যান না তেমন। অবসরে ইন্টারনেটে সময় কাটান। ফেসবুকে বন্ধুদের সঙ্গে চ্যাট করেন। এভাবেই একসময় ভালো বন্ধুতা গড়ে উঠে শরীফুল ইসলাম দীপু নামে এক যুবকের সঙ্গে। বন্ধুতা থেকে একসময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুযোগ পেলেই দীপুর ডাকে সাড়া দিয়ে বাইরে বের হতেন রাইসা। ঘুরে বেড়াতেন বিভিন্নস্থানে। সূত্রে জানা গেছে, গত বছর একের পর এক বিয়ের প্রস্তাব আসছিল রাইসার। পরিবার থেকেও বিয়ে করার চাপ। নানাভাবে এড়িয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনা করেন দীপুর সঙ্গে। দীপুকে বিয়ে করতে বলেন তিনি। কিন্তু নানা অজুহাতে এখন বিয়ে করা সম্ভব না বলে জানিয়ে দেন দীপু। এরমধ্যেই গত বছরের ১৯শে আগস্ট অন্যত্র বিয়ে হয় রাইসার। তারপরই ঘটে ঘটনা। সংসার জীবনের শুরুতেই ঘটে অনভিপ্রেত ঘটনা। রাইসার স্বামীর মোবাইলফোনে একটি ক্ষুদেবার্তা। এতে জানিয়ে দেয়া হয় রাইসার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কও ছিল তাদের। এরকম ছবি ও ভিডিও রয়েছে। এই ক্ষুদেবার্তার পর সদ্য বিবাহিতা স্ত্রীর প্রতি সন্দেহের দৃষ্টি পড়ে স্বামীর। দাম্পত্য জীবনের সুখ অনুভব করার আগেই ঝড় শুরু হয়। কিন্তু ওই ক্ষুদেবার্তার কোনো রিপ্লে দিচ্ছিলেন না রাইসার স্বামী। তারপর আরো ক্ষুদেবার্তা। একটি বার্তার লেখা হয়েছে ‘আপনার বউ’র ভিডিওটা যে কতো বিউটিফুল তা শুধু আপনি আমি দেখলে হবে? আপনার অফিসের লোকদেরও দেখাতে হবে। মিউচ্যুয়ালে আসতে পারেন।’

এবার রাইসার স্বামীর হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তায় সরাসরি চাঁদা দাবি করেন দীপু। ‘মিউচ্যুয়ালে আসেন। জাস্ট ১ লাখ।’ টাকা না দিলে ভিডিওটি অন্যত্র বিক্রি করে দেবে জানিয়ে দীপু লিখেছেন, ‘কেউ কিনে নিলে ১ লাখ। সো আই এগ্রি উইথ হিম।’ নতুন সংসার তখন ভাঙে প্রায়। ডিভোর্স হয়ে যাবে অবস্থা। বিষয়টি কাছের স্বজনরাও জেনে যান। রাইসার স্বামী সবসময় আতঙ্কে থাকেন। তার মান-সম্মান বুঝি গেল।  

রাইসা স্বামীকে সব খুলে বলেন। দীপু নামের এই ছেলের সঙ্গে ছিল তার প্রেমের সম্পর্ক। শারীরিক কোনো সম্পর্ক হয়নি তাদের। কিন্তু তা বিশ্বাস করেন না রাইসার স্বামী। রাইসা জানান, দীপুর সঙ্গে এমন কিছু ঘটেনি যা আপত্তিকর। এরকম ছবিও নেই। ভিডিও আসবে কিভাবে। এ বিষয়ে চ্যালেঞ্জ করেন রাইসা। তারপরই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেন এই দম্পতি। গত বছরের ৭ই সেপ্টেম্বর তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। মামলার পরপরই গ্রেপ্তার করা হয় শরীফুল ইসলাম দীপুকে। আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে চান তদন্তকারী কর্মকর্তা। তিন দিনের জিজ্ঞাসাবাদে রিমান্ডে দীপু জানান, তার কাছে কোনো ভিডিও নেই। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় ক্ষোভে তিনি হুমকি দিচ্ছিলেন। দীপু চাননি রাইসার অন্যত্র বিয়ে হোক। শরীফুল ইসলাম দীপুর বাড়ি গাইবান্ধা। তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এইভাবে মোবাইলফোন হারিয়ে প্রতারকের খপ্পরে পড়েছিলেন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুনা পারভিন।

সরকারি কর্মচারীদের বেতন ফের বাড়ানোর উদ্যোগ-কালের কণ্ঠ

সরকারি কর্মচারীদের বেতন ফের বাড়ানোর উদ্যোগ

নতুন বেতন স্কেল পুরোপুরি কার্যকর করার এক বছরও যায়নি; এরই মধ্যে আবারও সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা তাঁদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে একটি সুপারিশ প্রণয়নের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মঙ্গলবার জারি করা এ প্রজ্ঞাপনে কমিটিকে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়করণের উপায় নির্ধারণের জন্য সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ করে একটি সুপারিশমালা প্রণয়ন করার কথা বলা হয়েছে। কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

অনশন শুরু কপিলের-আজকাল

অনশন শুরু কপিলের

মুখে একটা খাবারের দানাও কাটা হবে না যতক্ষণ পর্যন্ত আপ নেতাদের যথেচ্ছ বিদেশ ভ্রমণের টাকার উৎসের উত্তর মিলবে। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে অনশনে বসলেন আপের বহিষ্কৃত মন্ত্রী কপিল মিশ্র। এই অনশনের নাম দিয়েছেন সত্যাগ্রহ। একইসঙ্গে টুইটারে পোস্ট করা দ্বিতীয় চিঠিতে কপিল উল্লেখ করেছেন কেজরিওয়াল সবসময়ই বলতেন নির্বাচনে লড়াই করার মত অর্থ দলের কাছে নেই। সেখানে একাধিক বিদেশ ভ্রমণের টাকা কোথা থেকে এল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গত দুবছরে সঞ্জয় সিং, আশিস খেতান, সত্যেন্দ্র জৈন, রাঘব চাড্ডা এবং দুর্গেশ পাঠকের বিদেশ ভ্রমণের টাকার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এমনকী এই বিদেশ ভ্রমণের সঙ্গে আর্থিক দুর্নীতির যোগ আছে বলেও মনে করেন তিনি। 

কাশ্মীরে বিয়েবাড়ি থেকে সেনাকর্তাকে তুলে নিয়ে গিয়ে মারল জঙ্গিরা-আনন্দবাজার

কাশ্মিরে সেনা কর্মকর্তা নিহত

অশান্ত কাশ্মীরে এ বার অস্বাভাবিক মৃত্যু হল এক সেনা কর্তার। বুধবার সকালে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার হার্মান চক এলাকা থেকে উদ্ধার হয় লেফটেন্যান্ট উমর ফায়াজ পারির গুলিবিদ্ধ দেহ। ২৪ বছরের উমর ছিলেন সেনার চিকিৎসক। কর্মসূত্রে কাশ্মীরের আখনউর এলাকায় থাকতেন উমর। তাঁর আসল বাড়ি কুলগাম জেলায়।

এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে সোপিয়ানে গিয়েছিলেন উমর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেখান থেকেই তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল সেনার পোশাক পরা চার ব্যক্তি। সেনা সূত্রে খবর, সেখান থেকেই হার্মান চক এলাকায় নিয়ে যাওয়া হয় তাঁকে। বুধবার হার্মান চক এলাকা থেকেই মেলে উমরের গুলিবিদ্ধ দেহ। অজ্ঞাত পরিচয় ওই চার ব্যক্তির খোঁজে অভিযানে নেমেছে পুলিশ ও সেনার যৌথ বাহিনী।

আন্তর্জাতিক বিচারালয়ের নির্দেশে ফাঁসি স্থগিত হল কুলভূষণের-বর্তমান

আন্তর্জাতিক বিচারালয়ের নির্দেশে ফাঁসি স্থগিত হল কুলভূষণের

বড় কূটনৈতিক জয় পেল ভারত। মঙ্গলবার, হেগের আন্তর্জাতিক বিচারালয় কুলভূষণ যাদবের ফাঁসির আদেশে স্থগিতাদেশ দিল। পাক সামরিক আদালত এই নির্দেশ দিয়েছিল।

ভারত আগেই জানিয়ে দিয়েছিল, কুলভূষণ যাদবের ফাঁসি আটকাতে যথাসাধ্য চেষ্টা করা হবে। সেই চেষ্টারই ফল পাওয়া গেল। আদেশের পরেই এই নিয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হয় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। ঘোষণা শোনার পরেই, ভারতের তরফে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানালেন, কুলভূষণের মায়ের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা হয়েছে। তাঁকে পরিস্থিতির কথা জানিয়েছেন। ভারতের হয়ে আন্তর্জাতিক বিচারালয়ে প্রতিনিধিত্ব করছেন হরিশ সালভে।

আন্তর্জাতিক বিচারালয়ের তরফে যে নথি ট্যুইটারে প্রকাশ করা হয়েছে, তাতে পরিষ্কার বলা হয়েছে, কুলভূষণকে ফাঁসির আদেশ দিয়ে ভিয়েনা কনভেনশনে গৃহীত আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের নিয়ম ভেঙেছে পাকিস্তান। কুলভূষণের আইনজীবীও জানিয়েছেন, এভাবে ভারতের একজন নাগরিককে শাস্তি দিতে পারে না পাকিস্তান। উল্লেখ্য, সোমবারই আন্তর্জাতিক আদালতে আবেদন করেছিল ভারত। সেখানে বলা হয়েছিল, বিস্তারিত শুনানির আগে ফাঁসি রদ করা জরুরি। প্রাথমিক ভাবে ফাঁসিতে স্থগিতাদেশ দিয়ে বাকি কাজ করা হোক। সেই আবেদনের ভিত্তিতেই আন্তর্জাতিক আদালত জানিয়ে দিল, গ্রেপ্তারির পর থেকে বন্দি হিসেবে কোনও অধিকারই পাননি কুলভূষণ। এমনকী ভারতীয় দূতাবাসকেও এ নিয়ে তথ্য দেওয়া হয়নি। এভাবে কাউকে ফাঁসির সাজা দেওয়া যায় না। 

ভারতের আ্যটর্নি জেনারেল মুকুল রোহাতগি এই আদেশকে ভারতের একটি বড় জয় হিসেবেই বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের মতো ফ্যাসিস্ট দেশের বিচার ব্যবস্থার প্রকৃত রূপ এই আদেশের মাধ্যামে সামনে এল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০