রাজনীতিতে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। প্রস্তুতি নিয়ে মাঠে সব দল
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৪ মে রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- রাজনীতিতে ভোটের হাওয়া প্রস্তুতি নিয়ে মাঠে সব দল –ইত্তেফাক
- সরকার শিক্ষার মৌলিক লক্ষ্য পদদলিত করছে : খালেদা জিয়া-ইত্তেফাক
- চলতি অর্থবছর মাথাপিছু আয় হবে ১৬০২ ডলার-প্রথম আলো
- ছাত্রী ধর্ষণ: রেইনট্রি হোটেলে শুল্ক গোয়েন্দাদের অভিযান,-প্রথম আলো
- ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণার রায় স্থগিত-যুগান্তর
- গণপরিবহনে চাঁদাবাজিতে যুক্ত আ’লীগ’ ব্যবস্থা নেয়া হয় না এ কারণেই-যুগান্তর
- প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক-মানবজমিন
- সাঈদীর মামলায় পরবর্তী রিভিউ শুনানি সোমবার-কালের কণ্ঠ
- পাচার হওয়া কিশোরী উদ্ধার, ‘মূল হোতা’ আটক-এনটিভিবিডি অনলাইন
- পাক-সমর্থকদের অনেকেই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে-এনটিভিবিডি অনলাইন
- শিক্ষক লাঞ্ছনায় সেলিম ওসমানের জামিন শুনানি ২৩ মে-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ডোমকলে যথেচ্ছ সন্ত্রাস, প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের, ভোট সন্ত্রাস রায়গঞ্জেও-আনন্দবাজার
- অস্থিরতা রুখতে পুলিশ হতে চান ৬৭ হাজার কাশ্মীরি যুবক-যুবতী-সংবাদ প্রতিদিন
- ফের বিস্ফোরক মন্তব্য বহিষ্কৃত আপ নেতা কপিল মিশ্র-আজকাল
- দার্জিলিঙে পুরভোট-এবার পরীক্ষা মোর্চার-আজকাল
- কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টিতে মৃত ১১-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
রাজনীতিতে ভোটের হাওয়া প্রস্তুতি নিয়ে মাঠে সব দল –ইত্তেফাক
দেশে ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২০১৮ সালের শেষভাগে অনুষ্ঠেয় এ নির্বাচন সব দলের অংশগ্রহণে ব্যাপক প্রতিযোগিতামূলক হবে এমনটা ধরে নিয়ে নির্বাচনী মাঠে নেমে গেছে রাজনৈতিক দলগুলো। নিজ নিজ কৌশলে ঘর গোছানোর পাশাপাশি জোর প্রস্তুতি চলছে ভোটযুদ্ধের। ভোটারদের কাছে টানতে নেওয়া হচ্ছে নানা কর্মসূচি। অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের কাজও এগিয়ে চলছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূলে তীক্ষ্ম নজর রাখছেন দলীয়প্রধান থেকে শুরু করে দলের নীতিনির্ধারণী মহল। সব মিলিয়ে সবাই এখন নির্বাচনমুখী।
ভোটের চিন্তা মাথায় রেখে মিত্র বাড়ানোর পথে হাঁটছে সব দলই। জোট ভাঙছে। আবার নতুন জোট হচ্ছে। নানা কারণে দীর্ঘদিন দূরে থাকা নেতাদের দলে টানা হচ্ছে। তবে নির্বাচনী মাঠে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি থেকে অনেক এগিয়ে রয়েছে। এখন চলছে প্রচার ও ইশতেহার তৈরির কাজ
ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণার রায় স্থগিত-যুগান্তর
নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৮ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।পাক-সমর্থকদের অনেকেই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে-এনটিভিবিডি অনলাইন
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যাঁরা পাকিস্তান সেনাবাহিনীর সমর্থক ছিলেন, তাঁদের অনেকেই এখন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির দায়িত্বে আছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা এ মন্তব্য করেছেন।
আজ দুপুরে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের শুনানির সময় প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
চলতি অর্থবছর মাথাপিছু আয় হবে ১৬০২ ডলার-প্রথম আলো
চলতি অর্থবছরে বার্ষিক মাথাপিছু আয় ১ হাজার ৬০২ ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। আজ রোববার জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় পরিকল্পনামন্ত্রী মাথাপিছু আয়ের এই হিসাব সম্পর্কে অবহিত করেন। গত অর্থবছরে (২০১৫-১৬) দেশের বার্ষিক মাথাপিছু আয়ের পরিমাণ ১ হাজার ৪৬৬ ডলার। পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় পরিকল্পনামন্ত্রী একথা বলেন।
মানবজমিনের খবর-চলতি অর্থ বছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রবৃদ্ধি ৭.২৪ শতাংশ আশা করলেও বিশ্বব্যাংক বলছে এটি ৬.৮ শতাংশ হতে পারে। বিবিএস’র তথ্য প্রকাশের দিনে আজ বিশ্বব্যাংকের ঢাকা অফিস বাংলাদেশ ‘ডেভলপমেন্ট আপডেট-২০১৭’ প্রকাশ করে।
পাচার হওয়া কিশোরী উদ্ধার, ‘মূল হোতা’ আটক-এনটিভিবিডি অনলাইন
ভারতে পাচারের সময় সীমান্ত এলাকা থেকে এক কিশোরীকে উদ্ধার করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
আজ ফরিদপুর র্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন জানান, গত ২৮ এপ্রিল ফরিদপুরের নগরকান্দা থেকে ওই কিশোরীকে পাচারের জন্য নিয়ে যাওয়া হয়। গতকাল শনিবার ভোর ৬টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরীর স্বামীকে ফরিদপুর থেকে আটক করা হয়।
ছাত্রী ধর্ষণ: রেইনট্রি হোটেল ও আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযান,-প্রথম আলো
রাজধানীর বনানীর আলোচিত ‘দ্য রেইনট্রি’ হোটেলে অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দারা। হোটেলের একটি কক্ষ থেকে ১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর ১২টা থেকে শুল্ক গোয়েন্দারা ওই হোটেলে অভিযান শুরু করেন। গত ২৮ মার্চ ‘দ্য রেইনট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়।
দৈনিকটির অন্য একটি খবর-ডার্টি মানি’ অনুসন্ধানের অংশ হিসেবে রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমে অভিযান পরিচালনা করেছে শুল্ক গোয়েন্দারা।
রাজধানীর বনানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ধামাচাপা দিতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তাঁর ছেলে শাফাত আহমেদের বিপুল অর্থ খরচের তথ্য গণমাধ্যমে আসার পর শুল্ক গোয়েন্দারা বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন।
মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর মামলায় পরবর্তী রিভিউ শুনানি সোমবার-কালের কণ্ঠ
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া সাজার রায় পুনর্বিবেচনার জন্য ও রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রথম দিন প্রায় এক ঘণ্টা শুনানির পর এ মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
গণপরিবহনে চাঁদাবাজিতে যুক্ত আ’লীগ’ ব্যবস্থা নেয়া হয় না এ কারণেই-যুগান্তর
রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে বিশ্লেষকরা অভিযোগ করেছেন, ঢাকাসহ সারা দেশের গণপরিবহনে বিভিন্ন নামে ও অজুহাতে চাঁদাবাজি হচ্ছে। এ চাঁদাবাজি হচ্ছে শাসক দলের সংশ্লিষ্টতা ও পৃষ্টপোষকতায়। এ কারণেই চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয় না।
শনিবার পাবলিক লাইব্রেরির সেমিনার হলে ‘জনবান্ধব গণপরিবহন এবং সড়ক নিরাপত্তা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সম্মেলনে বলা হয়, গণপরিবহনে চাঁদাবাজির কারণে গাড়ি ভাড়া ও পণ্যসামগ্রীর দাম বাড়ছে। যাত্রীসেবা ম্লান হচ্ছে। দেশের গণপরিবহন জনবান্ধব না হওয়ার পেছনেও এ চাঁদাবাজিই বড় কারণ।
শিক্ষক লাঞ্ছনায় সেলিম ওসমানের জামিন শুনানি ২৩ মে-নয়া দিগন্ত
নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের জামিন শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম এ দিন ধার্য করেন।
মামলার সরকারপক্ষের কৌঁসুলি জানান, আজ সেলিম ওসমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু তিনি গত ৮ মে হাইকোর্ট থেকে দুই সপ্তাহের জামিন নেন। সেই জামিনের মেয়াদ চলতি মে মাসের ২২ তারিখ শেষ হবে বিধায় বিচারক ২৩ মে পর্যন্ত জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
সরকার শিক্ষার মৌলিক লক্ষ্য পদদলিত করছে: খালেদা জিয়া-ইত্তেফাক
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, শিক্ষা মানুষকে গণতন্ত্রের প্রতি, ভিন্নমতের প্রতি, ভিন্নমত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। কিন্তু দুঃখজনক হলেও, বর্তমান ক্ষমতাসীন সরকার শিক্ষার এই মৌলিক লক্ষ্যকে পদদলিত করছে।
শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ‘বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনগণই ঠিক করবে কার ভিশন নেবে : নাসিম- এনটিভিবিডি অনলাইন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ নাকি বিএনপি—কার ভিশন গ্রহণ করবে, তা নির্ধারণ করবে জনগণ।
আজ রোববার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নার্সের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ভিশন ঘোষণা করেছে, নির্বাচনে আসবে ভালো কথা। কিন্তু নির্বাচন নিয়ে জল ঘোলা করার চেষ্টা করলে ফল শুভ হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। গতকাল মন্ত্রী বলেছিলেন ভিশন-২০৩০ ঘোষণার আগে বিএনপির ক্ষমা চাওয়া উচিত ছিল।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ফের বিস্ফোরক মন্তব্য বহিষ্কৃত আপ নেতা কপিল মিশ্র-আজকাল
নির্বাচন কমিশনকে ভুয়ো হিসেব নিকেশ দেখানো হয়ছে। কালো টাকা সাদা করে দেদার ফূর্তি করেছে নেতারা। আম আদমি পার্টির বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য বহিষ্কৃত নেতা কপিল মিশ্র। রবিবার সকালে টুইটারে আপ ও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তোলেন তিনি। বেশ কিছু নথিপত্র তুলে ধরে লেখেন, ‘দেশবাসীর সামনে কিছু নথিপত্র প্রকাশ করতে চলেছি। গোটা দেশের সঙ্গে জালিয়াতি করেছে আপ। নথিপত্র দেখলেই সত্যিটা বুঝতে পারবেন।
দার্জিলিঙে পুরভোট-এবার পরীক্ষা মোর্চার-আজকাল
পাহাড়ে এবার প্রথম পুরভোট হচ্ছে মিরিক নোটিফায়েড এরিয়ায়। এছাড়া বাকি তিন পুরসভা— দার্জিলিং শহর, কার্সিয়াং, কালিম্পং। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে পাহাড়ে মোটামুটি শান্তিপূর্ণই ভোট হয়েছে। পাহাড়ে এবার তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছে জিএনএলএফ। গত ১০ বছর ধরে পাহাড়ের রাশ নিজেদের হাতে ধরে রেখেছে গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল এবার তাদের হাত থেকে সেই ক্ষমতা ছিনিয়ে নিতে পারে কিনা সেটাই এবার পাহাড়ে মূল আকর্ষণ।
এ সম্পর্কে আনন্দবাজারের খবর-কোথাও প্রকাশ্য রাস্তায় বোমাবাজি, তো কোথাও সকলের সামনে দিয়েই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। তার উপর ভোটারদের হুমকি, বুথে ঢুকতে বাধা তো রয়েইছে। রবিবার সকালে রাজ্যের সাত পুরসভার ভোটের দৃশ্যটা ঠিক এরকমই। উত্তেজনার মধ্যেই রাজ্যের সাত পুরসভার ভোট হলো।
অস্থিরতা রুখতে পুলিশ হতে চান ৬৭ হাজার কাশ্মীরি যুবক-যুবতী-সংবাদ প্রতিদিন
জম্ম-কাশ্মীর পুলিশ, নিরাপত্তাবাহিনীতে বা সেনায় যাতে কাশ্মীরি যুবক-যুবতীরা যোগ না দেয়, তার জন্য কাশ্মীর উপত্যকায় সদা সচেষ্ট সন্ত্রাসবাদীরা। এমনকী কয়েকদিন আগে সেনা জওয়ান উমর ফৈয়াজকে খুন করে একইরকম বার্তা দিয়েছিল জঙ্গিরা। কিন্তু তাদের হুঁশিয়ারিতে যে সাধারণ যুবক-যুবতীরা ভয় পায়নি, ফের একবার প্রমাণ হয়ে গেল তা। জঙ্গি বা সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারিতে আমল না দিয়ে জম্মু-কাশ্মীর পুলিশের সাব ইন্সপেক্টরের ৬৯৮ টি খালি পদের জন্য আবেদন করল ৬৭ হাজার ২১৮ জন প্রার্থী। এর মধ্যে ৩৫ হাজার ৭২২ জনই কাশ্মীরের বাসিন্দা। বাকি ৩১ হাজার ৪৯৬ জন জম্মুতে থাকেন। শনিবার দৌড়ে অংশও নিয়েছেন যুবক-যুবতীরা।
শুধু ছেলেরাই নয়, সমস্ত বিধিনিষেধ ভেঙে মেয়েরাও আবেদন করেছেন। এমনকী প্রায় ৬ হাজারের বেশি মহিলারা অংশ নিয়েছেন দৌড়ে।
কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টিতে মৃত ১১-বর্তমান
অসহ্য গরমে হাঁসফাঁস রাজ্যবাসী শনিবার বিকালে কালবৈশাখীর দাপটে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি পেলেন। সঙ্গে দোসর তুমুল ঝড়। তাতে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গা-জ্বালা গরমের তীব্রতা কিছুটা কমলেও, ঘণ্টাখানেকের ঝড়বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপর্যস্ত হয়েছে জনজীবন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪