একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট-দৈনিক প্রথম আলো
- চার নভেম্বর তফসিল ঘোষণার প্রস্তুতি-দৈনিক ইত্তেফাক
- সাত দফার এক দফাও মানা হবে না: ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
- ৭ দফা না মেনে তফসিল ঘোষণা হলে ঝড় উঠবে: মওদুদ-দৈনিক যুগান্তর
- রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীনের প্রতি চাপ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান-দৈনিক মানবজমিন
- ড. কামাল হোসেন জনগণের সাথে ধাপ্পাবাজি করছেন: বাণিজ্যমন্ত্রী
ভারতের খবর:
- সিবিআই কাণ্ডের প্রতিবাদে দিল্লিতে রাহুলের নেতৃত্বে মিছিল, বিক্ষোভ দেশের অন্য শহরেও-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা-দৈনিক আজকাল
- যৌন হেনস্তার অভিযোগ, বরখাস্ত গুগলের ৪৮ জন আধিকারিক-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট-দৈনিক প্রথম আলো
চট্টগ্রামে জনসভা করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। কাল শনিবার (২৭ অক্টোবর) ঐক্যফ্রন্ট চট্টগ্রামের কাজীর দেউড়িতে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শর্তসাপেক্ষে জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপির কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন সড়কের এক পাশ পর্যন্ত ব্যবহার করে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে। আজ শুক্রবার মহানগর পুলিশ ঐক্যফ্রন্টকে লালদীঘি ময়দান ব্যবহারের অনুমতি না দিয়ে বিএনপির কার্যালয়ের সামনে অনুমতি দেয়। ঐক্যফ্রন্টকে সমাবেশ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। এর আগে সিলেটে গত বুধবার ঐক্যফ্রন্ট সমাবেশ করে। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদ-(জেএসডি) নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।
চার নভেম্বর তফসিল ঘোষণার প্রস্তুতি-দৈনিক ইত্তেফাক
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ৪ নভেম্বর তফসিল ঘোষণা করে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভোট নেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল বলেছেন, ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর নির্বাচনের তফসিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। তফসিল ও ভোটের তারিখ নির্ধারণে এখনো আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করেনি কমিশন।
সংবিধান অনুযায়ী আগামী ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। কেননা সংবিধান অনুযায়ী দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
সাত দফার এক দফাও মানা হবে না: ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার এক দফাও মানা হবে না। তাদের দাবি করা সব দফা ভিত্তিহীন ও অযৌক্তিক। আজ শুক্রবার রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের সব দাবি অযৌক্তিক। সাত দফার এক দফাও মানা হবে না। তাই নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে না। নির্বাচনের সময় সরকার তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। বিশ্বের অন্য দেশে যেভাবে থাকে আমাদের দেশেও একইভাবে সরকার থাকবে।
৭ দফা না মেনে তফসিল ঘোষণা হলে ঝড় উঠবে: মওদুদ-দৈনিক যুগান্তর-
জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি না মেনে তফসিল ঘোষণা হলে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠবে বলে হুশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো নির্বাচন করতে চাইলে সরকার ভুল করবে বলেও হুশিয়ার করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় মওদুদ বলেন, যদি আমাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করেন, তা হলে বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠবে। সেই ঝড়েই ইনশাল্লাহ আমরা আবার একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা করতে সক্ষম হব। তিনি বলেন, জাতীয় ঐক্য ছাড়া একটি স্বৈরাচারী সরকারকে অপসারণ করা সম্ভবপর নয়। এ ঐক্যের মাধ্যমেই বর্তমান সরকারের ষড়যন্ত্র নস্যাৎ হবে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীনের প্রতি চাপ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান-দৈনিক মানবজমিন- দৈনিক মানবজমিন
রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন ‘ইতিবাচক ও গঠনমূলক’ ভূমিকা পালন করবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে। চীনের স্ট্যাট কাউন্সিলর ও জননিরাপত্তা মন্ত্রী ঝাও কেজি বৃহষ্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আশ্বাস দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, চীনের মন্ত্রী সাইবার অপরাধ মোকাবেলায়ও বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
প্রেস সচিব চীনের মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা প্রদান করতে আমরা প্রস্তুত রয়েছি।’
ঝাও কেজি জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন।
ড. কামাল হোসেন জনগণের সাথে ধাপ্পাবাজি করছেন: বাণিজ্যমন্ত্রী
জাতীয় ঐক্যফ্রন্ট করে ড. কামাল হোসেন জনগণের সাথে ধাপ্পাবাজি করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ষষ্ঠ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, যে দলের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তারেক রহমান, সে দলের সাথে ঐক্য করে ড. কামাল বলছেন তারেকের সাথে কোনো সম্পর্ক নেই। যে জোটে জামায়াত রয়েছে, সে দলের সাথে ঐক্য করে বলছেন জামায়াতের সাথে কোনো সম্পর্ক নেই। এসব বলে তিনি আসলে জনগণের সাথে ধাপ্পাবাজি করছেন। গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ড. কামালকে উদ্দেশ করে তিনি বলেন, নিজেকে সংবিধান প্রণেতা বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়ার কথা বলেন, অথচ জোট করেছেন জামায়াতের সাথে। জামায়াতের সাথে জোট করে অসাম্প্রদায়িক দেশ কিভাবে গড়বেন? তিনি বলেন, অপো করেন সামনে অনেক কিছু দেখতে পাবেন। সমাবেশের নামে গোলযোগের চেষ্টা করলে চরম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কোথাও দাঁড়াতেই দেবে না পুলিশ।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
সিবিআই কাণ্ডের প্রতিবাদে দিল্লিতে রাহুলের নেতৃত্বে মিছিল, বিক্ষোভ দেশের অন্য শহরেও-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে রাতারাতি ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর নেতৃত্বে বিক্ষোভ শুরু হল দিল্লিতে। রাফাল দুর্নীতির তদন্ত শুরু হওয়াতেই সিবিআই অধিকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে, এই অভিযোগ জানিয়ে শুক্রবার সকাল থেকেই দেশ জুড়ে কংগ্রেস কর্মীরা বিক্ষোভে যোগ দেন।
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর নেতৃত্বে রাজধানীতে শুরু হয়েছে বিক্ষোভ। তবে শুধু দিল্লিই নয়, কংগ্রেস নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন চণ্ডীগড়, লখনউ-সহ উত্তরপ্রদেশের অন্যান্য শহরগুলিতেও। চণ্ডীগড়ে মিছিলের জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও কংগ্রেস নেতারা দক্ষিণ দিল্লির লোদি রোডে সিবিআই সদর দফতরের বিপরীতে বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করেন। এক সময় রাহুল গাঁধীকে দেখা যায় ব্যারিকেডের উপরে উঠে সমবেত কর্মী সমর্থকদের উৎসাহিত করতেও। কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। যদিও পুলিশ তাঁদের বাধা দেয়।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা-দৈনিক আজকাল
অলোক বর্মার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান তিনি। এদিকে বুধবারই কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা। পাশাপাশি দিল্লি হাইকোর্টে অলোক বর্মার বিরুদ্ধে মামলা ঠুকে রেখেছেন রাকেশ আস্থানা। একের পর এক সিবিআই কর্তাদের মামলায় এখন সরগরম জাতীয় রাজনীতি। এমনকী এই গৃহযুদ্ধের শেষ কোথায় তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
মাংস ব্যবসায়ী মইন কুরেশি মামলার তদন্ত নিয়ে বিতর্কের সূত্রপাত। সিবিআইয়ের দপ্তরে হানা দিয়ে দপ্তরের অফিসাররাই গ্রেপ্তার করেন আস্থানা ঘনিষ্ঠ অফিসার দেবেন্দ্র কুমারকে। আগেই আস্থানার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এরপরই দিল্লি হাইকোর্টে গেলে সাতদিনের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়ে দেয় আদালত।
অন্যদিকে তারই মধ্যে অলোক বর্মা এবং রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়। সিবিআইয়ের অন্তর্বর্তী ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় এম নাগেশ্বর রাওকে। আবার সিবিআইয়ের সেকেন্ড ইন কম্যান্ড আস্থানার বিরুদ্ধে যাঁরা তদন্ত করছিলেন তাঁদের মধ্যে কয়েকজনকে অন্যত্র বদলি করা হয়েছে। শুক্রবার গত ২৩ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর নাগেশ্বর রাও যে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন সেগুলিও বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ যে যে অফিসারকে বদলি করা হয়েছিল তাঁরাও আর বদলি হচ্ছেন না। অলোক বর্মার বিরুদ্ধে সিভিসি যে তদন্ত শুরু করেছে, তা আগামী দুসপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সবমিলিয়ে টানটান উত্তেজনায় সিবিআইয়ের গৃহযুদ্ধ বলে মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা।
যৌন হেনস্তার অভিযোগ, বরখাস্ত গুগলের ৪৮ জন আধিকারিক-দৈনিক সংবাদ প্রতিদিন
যৌন হেনস্তার অভিযোগে সরগরম গোটা দেশ৷ একের পর এক তাবড় তাবড় সেলিব্রিটি এই অভিযোগের তিরে বিদ্ধ হয়েছেন৷ বাদ যায়নি রাজনীতির আঙিনাও৷ একাধিক মহিলার তোলা যৌন হেনস্তার অভিযোগের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর৷ এবার সেই ঢেউ আছড়ে পড়ল সার্চ ইঞ্জিন গুগলের অফিসের অন্দরেও৷ কর্মস্থলে যৌন হেনস্তা করার অভিযোগ ৪৮ জন কর্মীকে বরখাস্ত করল এই সংস্থা৷
কয়েক লক্ষ মহিলা ও পুরুষ কর্মী গুগলে কর্মরত৷ ওই সংস্থার ৪৮ জন কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তা করার অভিযোগ তুলেছেন মহিলা কর্মীরা৷ তাঁদের অভিযোগ, ওই পুরুষ সহকর্মীরা কাজের অছিলায় নানাভাবে যৌন হেনস্তা করেছে৷ গত দু’বছর ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান তাঁরা৷ অভিযুক্তদের মধ্যে শীর্ষকর্তারাও ছিলেন বলেই অভিযোগ ওই মহিলা কর্মীদের৷ সার্চ ইঞ্জিন সংস্থাটি তাঁদের শীর্ষস্তরের আধিকারিকদের আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি প্রকাশ করেন গুগল সিইও সুন্দর পিচাই৷ তিনি জানান, ইতিমধ্যেই ৪৮জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে৷ তাদের মধ্যে ১৩ জন শীর্ষস্তরের আধিকারিক৷ প্রত্যেককেই ই-মেল করে বরখাস্তের কথা জানানো হয়েছে৷ সাধারণ নিয়মানুযায়ী, যেকোনও কর্মীকে ছাঁটাই করার আগেই বিশেষ প্যাকেজ দেওয়া হয়৷ কিন্তু এক্ষেত্রে ওই ৪৮ জনকে যৌন হেনস্তার দায়ে ছাঁটাই করা হয়েছে বলে তারা কোনও প্যাকেজই পাননি৷ ওই ৪৮ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদৌ সঠিক কিনা, তাও খতিয়ে দেখা হবে বলেই জানান সুন্দর পিচাই৷
মহিলা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন গুগল সিইও৷ প্রত্যেককে পাঠানো হয়েছে একটি করে ই-মেল৷ গুগল মহিলা কর্মীদের জন্য একেবারেই নিরাপদ বলেই ওই ই-মেলের মাধ্যমে মহিলা কর্মীদের জানিয়েছেন তিনি৷#
পার্সটুডে/বাবুল আখতার/২৬