নভেম্বর ০৮, ২০১৮ ১৩:৫৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • শেখ হাসিনাকেও আদালতে হাজির করতে বললেন খালেদা জিয়া-দৈনিক প্রথম আলো
  • চার শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর-দৈনিক কালেরকণ্ঠ
  • খালেদা জিয়াকে সরকার জোর করে কারাগারে নিয়েছে: রিজভী-দৈনিক ইত্তেফাক
  • নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে শুক্রবার: মুহিত-দৈনিক যুগান্তর
  • পুলিশি বাধায় বিএনপির আলোচনা সভা বাতিল-দৈনিক মানবজমিন
  • সন্ধ্যায় তফসিল: জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি-দৈনিক ইনকিলাব

ভারতের খবর:

  • সময়ের সঙ্গে প্রকট হচ্ছে নোটবন্দির ক্ষত, মোদীকে বিঁধলেন মনমোহন -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • নোট বাতিলে দেশবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে, টুইটে আক্রমণ মমতার-দৈনিক আজকাল
  • ‘লাল' সন্ত্রাসে ফের রক্তাক্ত ছত্তিশগড়, উগ্রপন্থীদের সমর্থন কংগ্রেসের-দৈনিক প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

শেখ হাসিনাকেও আদালতে হাজির করতে বললেন খালেদা জিয়া-দৈনিক প্রথম আলো

নাইকো দুর্নীতি মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানি ছিল। এতে হাজির হয়ে খালেদা জিয়া আদালতে এই দাবি করেন। শুনানি শেষে এই আদালতের বিচারক মাহমুদুল কবির আগামী বুধবার (১৪ নভেম্বর) এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। ঢাকা বিশেষ আদালত-৯–এ এই মামলার বিচারকাজ চলছে। শুনানিতে খালেদা জিয়া বলেন, বর্তমান প্রধানমন্ত্রীও নাইকো দুর্নীতি মামলায় আসামি ছিলেন। কাজেই তাঁকেও এখানে হাজির করা উচিত। এ সময় বিচারক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার আসামি নন। কাজেই তাঁকে এখানে হাজির করানোর কোনো প্রশ্ন ওঠে না। এরপর এই মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। প্রথমে মওদুদ আহমদ আজ শুনানি না করার জন্য আদালতে একটি দরখাস্ত করেছিলেন। কিন্তু আদালত সে দরখাস্ত নামঞ্জুর করে তাঁকে শুনানিতে অংশ নিতে নির্দেশ দেন।

চার শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর-দৈনিক কালেরকণ্ঠ

চিকিৎসা ও অসহায়ত্ব দূর করতে দেশের চার গুণী শিল্পীর পাশে দাঁড়িয়েছে সরকার। এরা হলেন অভিনেতা প্রবীর মিত্র, রেহানা জলি, নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি। আজ বৃহস্পতিবার এই চার গুণী শিল্পীকে  সকাল ১০ টার দিকে গণভবনে ডেকে ৯০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার শিল্পী উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে এই অনুদান গ্রহণ করেছেন বলে জানা গেছে। প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র ও অসুস্থ অভিনেত্রী রেহানা জলি পেয়েছেন ২৫ লাখ করে অন্যদিকে অভিনেত্রী নূতন ও শিল্পী কুদ্দুস বয়াতি ২০ লাখ টাকা করে পেয়েছেন। সকলকে উক্ত মূল্যের সমমান সঞ্চয়পত্র তুলে দেয়া হয়েছে।

খালেদা জিয়াকে সরকার জোর করে কারাগারে নিয়েছে: রিজভী-দৈনিক ইত্তেফাক-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এমন অভিযোগ করে দলের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না হলেও জোর করে তাকে হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা ও মেডিকেল বোর্ডের সুপারিশকে লঙ্ঘন করে সরকার আজ হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করেছে। তার চিকিৎসা শুরুই হয়নি, কেবল পরীক্ষা-নিরীক্ষা চলছে, আর সেই মূহূর্তে কারাগারে প্রেরণ করার উদ্যোগ শুধু মনুষ্যত্বহীন কাজই নয়, এটি সরকারের ভয়ঙ্কর চক্রান্ত। রিজভী অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার ডাক্তার ও তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সৈয়দ আতিকুল হকের অধীনে তিনি চিকিৎসাধীন, ডাক্তার আতিক বেগম জিয়াকে হাসপাতাল থেকে ছুটির ছাড়পত্র দেননি এবং মেডিকেল বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জলিলুর রহমান বর্তমানে দেশের বাইরে, এমতাবস্থায় সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী বেগম জিয়ার ছাড়পত্র দিতে বাধ্য করতে চাপ সৃষ্টি করেছে। চিকিৎসা না দিয়ে কারাগারে প্রেরণ বেগম জিয়ার জীবনকে বিপন্ন করার অথবা শারীরিকভাবে চিরতরে পঙ্গু করার চক্রান্ত সরকারের কুৎসা সঞ্চারিত মনের বিকার।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: বিএসএমএমইউ পরিচালক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এজন্যই তাকে(বেগম খালেদা জিয়া) ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয়, কারাগার কর্তৃপক্ষ চাইলে অবশ্যই বিএসএমএমইউতে তার চিকিৎসা হবে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২৩ মিনিটে তাকে হাসপাতালের ৬১২ নম্বর কক্ষ থেকে বের করা হয়। পরে একটি কালো এসইউভিতে করে কারাগারের পথে রওনা দেয়া হয়। এসময় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশসহ আইনশৃংখলা বাহিনী ছিল তৎপর। খালেদা জিয়াকে সুস্থ বলা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘দেখুন সরাসরি এভাবে বলা যাবে না। উনার বার্ধক্যজনিত রোগ আছে। তাই একেবারে সেটা বলা যাবে না। তবে তার শারীরিক অবস্থা ইতিবাচক অর্থে স্থিতিশীল। উনাকে যথেষ্ট চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন,‘বেগম খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠন করাই আছে। যে কোনো সময় প্রয়োজন হলে চিকিৎসা নিতে এখানে আসতে পারেন। আর কারাগারে তাকে নিয়মিত চিকিৎসা প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা ব্যবস্থা করবেন।’

নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে শুক্রবার: মুহিত-দৈনিক যুগান্তর

আগামীকাল শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী মুহিত বলেন, কালকে, কালকের পরে নির্বাচনকালীন সরকার। মন্ত্রিসভায় নতুন করে কোনো সদস্য অন্তর্ভুক্ত হচ্ছেন কি না- প্রশ্নে তিনি বলেন, বোধ হয় হচ্ছে না। টেকনোক্র্যাট চারজনের পদত্যাগপত্র বিষয়ে মুহিত বলেন, তারা এখনও আছেন। অ্যাকসেপ্ট করতে হবে তো। অ্যাকসেপ্ট সম্ভবত কালকে (শুক্রবার) হতে পারে কিংবা আজকে রাতেও (বৃহস্পতিবার) হতে পারে। প্রধানমন্ত্রী যেদিন বলবেন…। তাদের জায়গায় অন্য কাউকে দেয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, যারা আছেন তাদেরই চারজন কেউ কেউ চার্জে থাকবেন। যার মিনিস্ট্রি একটা আছে তার দুইটা হয়ে যাবে।

পুলিশি বাধায় বিএনপির আলোচনা সভা বাতিল-দৈনিক মানবজমিন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত আলোচনা সভা পুলিশের বাধার কারণে বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে এই আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের পূর্বঘোষিত আলোচনা সভা হওয়ার কথা থাকলে পুলিশ মাইক নিয়ে গেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকা ঘিরে রেখেছে, কাউকে সভাস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এসময় আমাদের কেন্দ্রীয় নেতা জি এস বাবুলসহ অন্তত ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। কোথাও সভা করতে পারছি না, যার কারণে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

সন্ধ্যায় তফসিল: জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি-দৈনিক ইনকিলাব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।প্রধান নির্বাচন কশিনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

সময়ের সঙ্গে প্রকট হচ্ছে নোটবন্দির ক্ষত, মোদীকে বিঁধলেন মনমোহন

নোটবন্দির দুই বছর পূর্ণ হওয়ার দিনে সরকারের এই অর্থনৈতিক সিদ্ধান্তকে তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন অর্থনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাঁর দাবি, নোটবন্দির প্রভাব থেকে এখনও মুক্ত হতে পারেনি দেশ। সরকারের এই বেহিসেবি সিদ্ধান্তের জন্য এখনও দুর্ভোগে দেশের অসংখ্য মানুষ। শুধু মনমোহন সিংহ নন, নোটবন্দির দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশ জুড়েই সমস্ত বিরোধী দলের সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার।

মনমোহন সিংহের বক্তব্য, ‘‘সময়ের সঙ্গে নোটবন্দির ক্ষত বেড়েই চলেছে। তা শুধু গড় জাতীয় উপাদন কমিয়ে দেওয়াতেই সীমাবদ্ধ নেই।  মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগীরা এখনও নোটবন্দির ধাক্কা সামলে উঠতে পারেননি। ভারতীয় অর্থনীতিতে নোটবন্দীর ধাক্কা প্রভাব ফেলছে কর্মসংস্থানের হারেও। ভারতীয় অর্থনীতিতে নোটবন্দির ধাক্কা কতটা, তা এখনও হিসেব করা যায়নি ’’

একই সঙ্গে সরকারের প্রতি মনমোহনের পরামর্শ,  ভারতের মতো বিশাল দেশে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট প্রস্তুতি ও ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। তা না হলে ফল ভুগতে হয় ভারতীয় অর্থনীতিকেই, আর ক্ষতিগ্রস্ত হন দেশের কোটি কোটি সাধারণ মানুষ।

নোট বাতিলে দেশবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে, টুইটে আক্রমণ মমতার-দৈনিক আজকাল

নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। দলনেত্রী মমতা ব্যানার্জি আগেই কালা দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার  টুইটে মমতা ব্যানার্জি লিখেছেন, ‘‌দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন মোদি সরকার। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ আর্থিক সংকটে পড়েছেন। যাঁরা এই কাজ করেছেন তাঁদের শাস্তি দেবেন মানু্ষ।মোদির নোট বাতিলের সিদ্ধান্তের পর মমতা ব্যানার্জিই প্রথম বিরোধিতায় সরব হয়েছিলেন। দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। অবিজেপি দলগুলির একজোট হওয়ার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন তিনি। তখন থেকেই মোদি বিরোধী শক্তি হিসেবে তৃতীয় ফ্রন্ট তৈরির সম্ভাবনা জাগতে শুরু করেছিল। এককথায় একজোট হয়ে মোদির বিরোধিতা করার পথটি দেখিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জিই।

দলনেত্রীর নির্দেশ মেনেই আট নভেম্বর দেশ জুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। তাতে সামিল হয়েছিল জাতীয় সংগ্রেসও। কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বুধবারই সাংবাদিক বৈঠক করে নোট বাতিলে সাধারণ মানুষের হয়রানির জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছিলেন।

শুধু কংগ্রেস নয় নোট বাতিল নিয়ে মোদির বিরোধিতায় সরব হয়েছে আম আদমি পার্টিও। অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, নোট বাতিলের ধাক্কা দু’‌বছর পরেও দেশ কাটিয়ে উঠতে পারেনি। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অভিযোগ করেছেন, ‘‌নোট বাতিলের সময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন তাঁর এই সিদ্ধান্তে দেশ থেকে কালো টাকা নির্মূল হবে, দুর্নীতি বন্ধ হবে। কিন্তু দু’‌বছর পরে দেখা যাচ্ছে নোট বাতিলের পর দেশের ডিজিটাল লেনদেনই বেড়েছে আর কিছুই হয়নি।’

লাল সন্ত্রাসে ফের রক্তাক্ত ছত্তিশগড়, উগ্রপন্থীদের সমর্থন কংগ্রেসের-দৈনিক প্রতিদিন

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এক মাসের মধ্যে তৃতীয়বার মাও হামলা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজন সিআইএফ জওয়ান-সহ চারজন নিহত হয়েছেন৷ মাও হামলার ঘটনাকে ধনতন্ত্রের বিরুদ্ধে লড়াই বলেই দাবি কংগ্রেসের৷ এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ একের পর এক মাও হামলার ঘটনার পরেও কংগ্রেসের এই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলেই দাবি অন্যান্যদের৷

সপ্তাহখানেক আগে দূরদর্শনের সাংবাদিকদের উপর হামলা চালায় মাওবাদীরা৷ তাতে প্রাণ হারান দূরদর্শনের এক চিত্রগ্রাহক এবং দু’জন পুলিশকর্মী৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড়ের দান্তেওয়াড়া। বৃহস্পতিবার দুপুরে দান্তেওয়াড়ার বাচেলি থানা এলাকায় এনএমডিসি আকাশনগর ছ নম্বর মোড়ে বিস্ফোরণটি হয়। পাহাড়ের উপর মিনারেল প্ল্যান্ট থেকে কাজ সেরে ফিরছিলেন কর্মীরা।বিস্ফোরণে উড়ে যায় বাসটি৷ বাসে ছিলেন সিআইএসএফ জওয়ান ও কয়েকজন সরকারি কর্মচারী। বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। মৃতদের মধ্যে একজন সিআইএসএফ জওয়ান ও তিনজন সাধারণ নাগরিক। জখম হয়েছেন আরও ছ’জন। স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন জখমরা৷#

পার্সটুডে/বাবুল আখতার/৮