ডিসেম্বর ০৫, ২০১৮ ১৩:২০ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
  • প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন: ফখরুল-দৈনিক প্রথম আলো
  • বাংলামোটরের সেই ঘাতক বাবা আটক-দৈনিক যুগান্তর
  • কালো নয়, স্বচ্ছ নির্বাচন করতে চাই- মাহবুব তালুকদার-দৈনিক মানবজমিন
  • মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করলে অভিযোগকারীর বিচার হবে : সিইসি-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • এনআরসি-র পর প্রথম নির্বাচন, অসমের পঞ্চায়েত ভোটে নজর গোটা দেশের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘ব্যাঙ্কের ঋণ ফেরত দিতে চান মালিয়া-দৈনিক আজকালফেরার বজরং নেতার দেওয়া তালিকা ধরেই ‘গোহত্যাকারী’দের খুঁজছে যোগীর পুলিশ-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশের রাজধানী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রি অধিকারী আত্মহত্যা করেছে এবং এ নিয়ে প্রতিবাদ চলছে। ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?

২. ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলা করার জন্য আমেরিকা নতুন করে পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। মার্কিন এ পদক্ষেপ সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কযেকটি খবর

দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে শিক্ষার্থীরা-দৈনিক প্রথম আলো

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে অধ্যক্ষের বরখাস্তসহ ছয়টি দাবি মেনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভরত শিক্ষার্থীরা। অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্তে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর বেলা পৌনে দুইটার দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা আসে। দৈনিকটি লিখেছে, অনির্দিষ্টকালের জন্য ভিকারুননিসার ক্লাস-পরীক্ষা বন্ধ।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ‘যারা এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনগঠনের কথা বলবে, বুঝতে হবে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কারণ বর্তমানে নির্বাচন কমিশন পুনগঠন করার মত অবস্থা নেই।’

প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন: ফখরুল-দৈনিক ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রতিমুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিপত্র জারি করছে, যেগুলো নির্বাচনের সহায়ক নয়।

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে যেন তারা তাদের দায়িত্ব পালন করে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড দূরে থাকুক, এখন চেষ্টা করা হচ্ছে কীভাবে আরও খারাপ করা যায়। খানাখন্দ খোড়ার চেষ্টা করা হচ্ছে।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, ‘সরকারি দল প্রতিদিন সভা-সমাবেশ করছে, কিন্তু ইসি কিছুই করছে না। ইসি যদি দায়িত্ব পালন না করতে পারে, তাহলে দেশবাসীকে বলুন যে স্বাধীনভাবে আমরা দায়িত্ব পালন করতে পারছি না। দায়িত্ব পালন না করতে পারলে পদত্যাগ করা উচিত।

কালো নয়, স্বচ্ছ নির্বাচন করতে চাই- মাহবুব তালুকদার-দৈনিক মানবজমিন

গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য নির্বাচন আইনানুগ না হলে সে নির্বাচন কালো নির্বাচন। আমরা কালো নির্বাচন নয়, স্বচ্ছ, সাদা নির্বাচন করতে চাই। আজ বুধবার নির্বাচনী তদন্ত কমিটির সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগাওগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এমনটাই বলেন। তিনি আরো বলেন, সবার প্রতি সমআচরণ করতে হবে। আইনের চোখে যেন সবাই সমান থাকে। সবাই সমান অধিকার ভোগ করছে কিনা সেটাই বিবেচনার বিষয়।

সকল আইন প্রয়োগ হচ্ছে কিনা আপনারা সেটা খেয়াল রাখবেন। নির্বাচনের অনিয়ম রোধে ও আইনসিদ্ধ করার ব্যাপারে বিচারকরা অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি আরও বলেন, কঠোর শাস্তির ব্যবস্থা নিতে গেলে সতর্কতা থাকতে হবে।

মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করলে অভিযোগকারীর বিচার হবে : সিইসি-দৈনিক নয়া দিগন্ত

নির্বাচন সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দিলে সংশ্লিষ্ট অভিযোগকারীর বিচার হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার নির্বাচন তদন্ত কমিটির (ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি) বিচারকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘যিনি আপনাদের কথা শুনবেন না পেনাল কোডের ১৯৩ ধারা মতে তাদের ৭ বছরের জেল হবে, যদি মিথ্যা তথ্য দেয় এবং আপনাদের আদেশ না মানে পেনাল কোডের ২২৮ ধারা অনুসারে তাদের বিচার হবে। তার মানে হলো কোড অব সিভিল প্রসিডিউর এর ১৯০৮-এর সম্পূর্ণ শক্তি নিয়ে আপনারা মাঠে অবস্থান করবেন।’

বাংলামোটরের সেই ঘাতক বাবা আটক-দৈনিক যুগান্তর

বাড়ির ভেতরে তিন বছরের ছেলেকে মেরে কাফনের কাপড় পরিয়ে টি টেবিলের ওপর রেখেছেন। আর বড় সন্তানকে বুকে জড়িয়ে হাতে রামদা নিয়ে বসা বাবা নুরুজ্জামান কাজল।

এ ঘটনায় বুধবার দুপুর ২টার দিকে পুলিশ তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এ সময় নিহত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

রাজধানীর বাংলামোটরের লিংক রোডের খোদেজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকের ১৬ নম্বর বাড়িতে ঘটে এ নৃশংস হত্যাকাণ্ড।

বুধবার সকালে ওই বাসায় এক বাবা তার দুই শিশুসন্তানকে ‘জিম্মি’ করে রেখেছেন—এমন সংবাদে বাসাটি ঘিরে ফেলে পুলিশ। কিছুক্ষণ পর র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন।

পুলিশ ও র্যাব ওই বাড়ির ভেতর থেকে এসে সাংবাদিকদের এ কথা জানান। নিহত শিশুটির নাম নূর সাফায়েত।

র্যাব ২–এর এসআই শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি বাড়ির ভেতরে ঢুকেছিলাম। সেখানে গিয়ে দেখি- শিশুটির বাবা বসে আছেন, তার পাশে একজন হুজুর বসে আছেন। শিশুটিকে কাফনের কাপড়ে মোড়ানো একটি টেবিলের ওপর রাখা হয়েছে। এ ছাড়া বড় সন্তানকে বুকে জড়িয়ে হাতে বড় রামদা নিয়ে বসে আছেন।

শিশুটির বাবাকে কোনো সাহায্য লাগবে কিনা—জানতে চাইলে তিনি বলেন, আপনাদের কারও সাহায্য লাগবে না। আপনারা কেন এসেছেন? আপনারা চলে যান। বেলা ১টার দিকে আমি নিজে আজিমপুর কবরস্থানে গিয়ে আমার ছেলেকে দাফন করব।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

এনআরসি-র পর প্রথম নির্বাচন, অসমের পঞ্চায়েত ভোটে নজর গোটা দেশের-দৈনিক সংবাদ প্রতিদিন

এই মুহূর্তে রাজনৈতিকভাবে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে ডামাডোল পরিস্থিতি অসমে। একদিকে, এনআরসি বিল নিয়ে বাঙালিদের তীব্র অসন্তোষ, অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অসমের ভূমিপুত্রদের রোষ। এসবের মধ্যেই আজ উত্তর-পূর্বের রাজ্যটিতে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন আগামী ৯ ডিসেম্বর। প্রথম দফায় মোট ১৬টি জেলায় ভোট হচ্ছে।

ব্যাঙ্কের ঋণ ফেরত দিতে চান মালিয়া-দৈনিক আজকাল

বিভিন্ন ব্যাঙ্ক থেকে যে ঋণ নিয়েছিলেন তা ফিরিয়ে দিতে চান বিজয় মালিয়া। তার প্রত্যার্পণ মামলার চূড়ান্ত শুনানিতে আর বাকি পাঁচ দিন। তার আগেই ঋণের সব টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন লিকার ব্যারন। বুধবার সকালে টুইট করে এই প্রস্তাব দেন প্রায় ৯ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত মালিয়া। 

প্রত্যার্পণ মামলায় এমনিতেই বেশ চাপে আছেন মালিয়া। সম্প্রতি তাঁর বেশ কিছু দাবি খারিজ করে দিয়েছে ইংল্যান্ডের আদালত।

ফেরার বজরং নেতার দেওয়া তালিকা ধরেই ‘গোহত্যাকারী’দের খুঁজছে যোগীর পুলিশ-দৈনিক আনন্দবাজার

বুলন্দশহরে তাণ্ডব চালানো, পুলিশকর্মী ও নিরীহ নাগরিককে খুনের ঘটনায় মূল অভিযুক্তের অভিযোগকেই গুরুত্ব দিল উত্তরপ্রদেশ পুলিশ। গোহত্যার অভিযোগে সাত গ্রামবাসীর বিরুদ্ধে তারা তদন্ত শুরু করল। অভিযুক্তরা প্রত্যেকেই মুসলমান। তাঁদের মধ্যে দু’জন নাবালকও রয়েছে। দুই নাবালক ছাড়া বাকিরা ঘটনার দিন নয়াবংশ গ্রামে ছিলেনই না বলে পুলিশের কাছে জানিয়েছেন স্থানীয়েরা।সব মিলিয়ে পুরো ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। তাণ্ডব এবং পুলিশকর্মীকে খুনের ঘটনা ছেড়ে তারা কেন গোহত্যার তদন্তকেই বেশি গুরুত্ব দিয়ে দেখছে, তা নিয়েই উঠছে প্রশ্ন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫