একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- নির্বাচনের অনুকূল আবহ সৃষ্টি হয়েছে: সিইসি-দৈনিক প্রথম আলো
- নির্বাচনে গুজব রোধে ইসির মনিটরিং সেল গঠন-দৈনিক ইত্তেফাক
- হুমকি বাড়ায় আত্মগোপনে যাচ্ছে বিরোধীরা-দৈনিক মানবজমিন
- ধানের শীষের আরও ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল-দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- পাঁচ রাজ্যের ফলে ধাক্কা খেয়েছে বিজেপি, স্বীকার করলেন দিলীপ-দৈনিক সংবাদ প্রতিদিন
- কর্নাটকে দাস প্রথা! ৫২ জন আদিবাসীকে আটকে রেখে চাবুকপেটা, যৌন নির্যাতন-দৈনিক আনন্দবাজার
- গোয়ায় ব্রিটিশ মহিলা পর্যটককে ধর্ষণ করে লুঠ-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
নির্বাচনের অনুকূল আবহ সৃষ্টি হয়েছে: সিইসি-দৈনিক প্রথম আলো
সারা দেশে নির্বাচনের সুবাতাস ও অনুকূল আবহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনসংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। মাঠ কর্মকর্তাদের উদ্দেশে কে এম নুরুল হুদা বলেন, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ করা গেছে। তিনি আরও বলেন, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। তাঁদের কর্মকাণ্ডের মধ্যে তা প্রতিফলিত হচ্ছে। তাঁরা অনবরত সভা-মিছিল করে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। সুতরাং দেশব্যাপী নির্বাচনী পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।সিইসি বলেন, ‘আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
এএফপি’র রিপোর্ট-হুমকি বাড়ায় আত্মগোপনে যাচ্ছে বিরোধীরা –দৈনিক মানবজমিন
বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় প্রার্থী এডভোকেট সুব্রত চৌধুরী এতটাই ভীতসঙ্কিত যে, নিজের অফিস ছাড়তে ভয় পাচ্ছেন তিনি। কারণ, নির্বাচনী প্রচারণায় হত্যা ও হুমকি চরম আকার ধারণ করেছে। ঢাকার এই আইনজীবীর এখন ভোটারদের সঙ্গে দেখাসাক্ষাত করে প্রচারণায় রাজপথে থাকা উচিত ছিল হাতে লিফলেট নিয়ে। কিন্তু তার জন্য এ কাজ ভীষণ বিপদজনক। তার দল বলছে, প্রার্থীদের সুরক্ষা দিতে কর্তৃপক্ষ কিছুই করছে না।
নির্বাচনে গুজব রোধে ইসির মনিটরিং সেল গঠন-দৈনিক ইত্তেফাক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে আট সদস্যের একটি পর্যবেক্ষণ টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ২৪ ঘণ্টা এই টিম ফেসবুকসহ যেকোনো মাধ্যমে নির্বাচন কেন্দ্রীক গুজব রোধে কাজ করবে। এছাড়া তারা অপপ্রচারও খতিয়ে দেখবে বলে বুধবার জানিয়েছেন ইসি সচিবালয়ের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান।তিনি বলেন, ‘এই সেল নির্বাচনী সংশ্লিষ্ট গুজব, প্রপাগান্ডা যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এমন কার্যক্রম বন্ধের লক্ষ্যে ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে, গঠিত টিমের সমন্বয়ে একটি হুয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মিডিয়ায় প্রচারিত বিভিন্ন কর্মকান্ডকে মনিটরিং করার জন্য পারস্পরিক যোগাযোগ করবে, মনিটরিংয়ে নির্বাচন বিরোধী কোনো গুজব কিংবা অপপ্রচার প্রমাণিত হলে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অবহিত করবে।’
ভোটপ্রচারের খবরে দৈনিক যুগান্তর লিখেছে. নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মু্র্তজার জন্য ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মাশরাফি বাংলাদেশের সম্পদ।
বৃহস্পতিবার ধানমণ্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলবাসীর কাছে মাশরাফির পক্ষে ভোট চান তিনি। এদিকে যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, হবিগঞ্জ ১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়া বলেছেন জনগণ পাশে আছে, কিছুতেই মাঠ ছাড়ব না। মাঝখানে নির্বাচনী প্রচার বন্ধ রেখে ফের সরব হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী।
ধানের শীষের ৩ জনের প্রার্থিতা স্থগিত, ১ জনের বাতিল-দৈনিক নয়া দিগন্ত
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের তিন জনের প্রার্থিতা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার হা্ইকোর্ট এ আদেশ দেন। যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে তারা হলেন- জামালপুর-৪ আসনের শামীম তালুকদার, জয়পুরহাট-১ আসনের ফজলুর রহমান, এবং ঝিনাইদহ-২ আসনের অ্যাডভোকেট আব্দুল মজিদ ।এছাড়া মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবীরের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। তার পরিবর্তে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এছাড়া কোর্টের নির্দেশে আরো বেশ কয়েকটি আসনে বিএনপি তথা ধানের শীষের প্রার্থীর প্রার্থিতা বাতিল বা স্থগিত করা হয়েছে।
এবার ভারতের দুটি খবর তুলে ধরছি
পাঁচ রাজ্যের ফলে ধাক্কা খেয়েছে বিজেপি, স্বীকার করলেন দিলীপ-দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভার ঠিক আগে পাঁচ রাজ্যের ফলাফলে ধরাশায়ী হওয়া বিজেপি কর্মীদের জন্য ধাক্কা। স্বীকার করে নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন, দলের সাংগঠনিক বৈঠকে স্বীকারোক্তি রাজ্য সভাপতির।
লোকসভার ঠিক আগে পাঁচ রাজ্যের ফলে রাজ্যের বিজেপি কর্মীরা বেশ হতাশ। তাছাড়া বহু প্রতীক্ষিত রথযাত্রা কর্মসূচিও এখন অথৈ জলে। এর ফলে রাজ্যে ক্রমাগত উজ্জীবিত হতে থাকা গেরুয়া শিবির কিছুটা ধাক্কা খেয়েছিল বলেই দাবি করছিল বিরোধীরা। এবার বিরোধীদের সেই দাবি কার্যত মেনে নিলেন দিলীপ ঘোষ।
কর্নাটকে দাস প্রথা! ৫২ জন আদিবাসীকে আটকে রেখে চাবুকপেটা, যৌন নির্যাতন-দৈনিক আনন্দবাজার
১৯ ঘণ্টা কঠোর পরিশ্রম। বিনিময়ে শুধু দু’বেলা কোনওক্রমে ক্ষিদে মেটানোর মতো খাবার। রাত কাটানো আরও ভয়ঙ্কর। ছোট্ট একটি চালাঘরে গাদাগাদি করে ৫০-৫২ জন। বাইরে থেকে তালাবন্ধ। ভিতরের এক কোণে একটি গর্ত। টয়লেটের ব্যবস্থা সেটাই। বাইরে প্রহরায় চার রক্ষী। কাজে ফাঁকি বা পালানোর চেষ্টা করলেই জুটত চাবুক দিয়ে নির্মম প্রহার। মহিলাদের যৌন অত্যাচার।
মধ্যযুগীয় দাসপ্রথাকেও কার্যত হার মানানো হাড় হিম করা নির্যাতনের এই ঘটনা কর্নাটকের হাসান এলাকার। ৫২ জন আদিবাসী ও দলিতকে উদ্ধারের পর পুলিশ প্রশাসনের কর্তাদেরও কার্যত চোখ কপালে উঠেছে। উদ্ধার ৫২ জনের মধ্যে ১৬ জন মহিলা এবং চার জন শিশুও রয়েছে।
গোয়ায় ব্রিটিশ মহিলা পর্যটকের শ্লীলতাহানি এবং অর্থকড়ি লুঠ-দৈনিক আজকাল
বৃহস্পতিবার সকালে গোয়ার পালোলেম সৈকতে যাওয়ার পথে ধর্ষিতা হলেন ব্রিটিশ মহিলা পর্যটক(৪৮)। দুষ্কৃতীরা পর্যটককে ধর্ষণের পর তার সর্বস্ব লুঠ করে চম্পট দেয় বলে অভিযোগ। ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে পানাজি থেকে ১০০ কিলোমিটার দূরে ক্যানাকোনা শহরে।
পুলিস ইন্সপেক্টর রাজেন্দ্র প্রভুদেশাই জানিয়েছেন, নির্যাতিতা তাঁর বয়ানে বলেছেন ক্যানাকোনা রেল স্টেশন থেকে পালোলেম সৈকত যাওয়ার পথেই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর পথ আটকায়। জোর করে রাস্তার ধারের একটি জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর সর্বস্ব লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন