নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- নির্বাচন করতে পারছেন না বিএনপির আরও ৩ প্রার্থী-দৈনিক ইত্তেফাক
- নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার-দৈনিক প্রথম আলো
- পরিবর্তনের অঙ্গীকার আমাদের, সিদ্ধান্ত আপনাদের: ভিডিওবার্তায় মান্না-দৈনিক যুগান্তর
- প্রবৃদ্ধির প্রতিশ্রুতিতে টক্কর দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো-দৈনিক মানবজমিন
- ভোটের ৩ দিন আগে জামিনের জন্য হাইকোর্টে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ভারতে সক্রিয় আইএস-এর শাখা সংগঠন! দেশজুড়ে তল্লাশি NIA-এর-দৈনিক সংবাদ প্রতিদিন
- ফড়েদের নিয়ে সতর্কবার্তা মমতার-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
- অন্তঃসত্ত্বা মহিলাকে দেওয়া হল এইচআইভি সংক্রমিত রক্ত, অনিশ্চিত গর্ভের শিশুর ভবিষ্যৎ -দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে ভোটের পরিবেশ এখনো সুষ্ঠু আছে। আপনার পর্যবেক্ষণ কী?
২. মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ তাদের নিরাপত্তাকে বিদেশিদের কাছে বিক্রি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। কতটা বাস্তব তার এ বক্তব্য?
নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার-দৈনিক প্রথম আলো
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।’ আজ বুধবার লিখিত বিবৃতিতে মাহবুব তালুকদার এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ডেকে তিনি এ বিবৃতি দেন।
বিবৃতিতে মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হতে হয়। এ ছাড়া, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না।’
আজ বিবৃতিতে মাহবুব তালুকদার বলেন, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন, দেশের মানুষ যেন পরাজিত না হয়।’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি ‘অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ না’ করার জন্য আহ্বান জানান মাহবুব তালুকদার। এসব বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সম আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা আপনাদের কর্তব্য। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন।’
নির্বাচন করতে পারছেন না বিএনপির আরও ৩ প্রার্থী-দৈনিক ইত্তেফাক
বিএনপি মনোনীত তিন প্রার্থী নির্বাচন করতে পারছেন না। এরা হলেন, নাটোর ৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবীর ও নরসিংদী ৩ আসনে মঞ্জুর ইলাহী। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
পরিবর্তনের অঙ্গীকার আমাদের, সিদ্ধান্ত আপনাদের: ভিডিওবার্তায় মান্না-দৈনিক যুগান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিকূল পরিস্থিতিতেও ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই ভোটে যদি গণতন্ত্র জয়ী হতে না পারে, তা হলে স্বৈরতন্ত্র জয়ী হবে এবং লুটপাতের রাজত্ব তৈরি হবে।
দেশ ও জাতির এক গভীর সংকটের সময় হাজির হয়েছেন জানিয়ে বুধবার এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার আমাদের, সিদ্ধান্ত আপনাদের।
আওয়ামী লীগ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচনে ভীতি ছড়িয়ে তারা মানুষকে ভোট দানে বিরত রেখে ভোট কারচুপি করে আবার ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে।’
ভোটারদের ভোটের সিদ্ধান্তে অনঢ় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটি একটি লড়াই। আপনার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাই ভোট দিতে হবে। যে কোনো ধরনের বাধাবিপত্তি আসুক না কেন ভোট আপনার অধিকার। সেটি প্রতিষ্ঠা করার জন্য আপনাকেই লড়াই করতে হবে।’
প্রবৃদ্ধির প্রতিশ্রুতিতে টক্কর দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো-দৈনিক মানবজমিন
রোববার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। সময় ঘনিয়ে আসায় প্রচারণায় প্রধান দুই রাজনৈতিক দল দুই অংকের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ, যারা নির্বাচনে জিতে যেতে পারে বলে ধারণা করা হয়, তারা পাঁচ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ১০ ভাগ অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি যে অর্থনীতিতে তদারকি করেছেন, তা গড়ে শতকরা ৬ ভাগে উন্নীত হয়েছে। ২০১৮ সালের জুনে যে অর্থবছর শেষ হলো তাতে অর্থনীতি শতকরা ৭.৮৬ ভাগ সম্প্রসারিত হয়েছে। একটি হোটেলে কাজ করেন এবং শেখ হাসিনাকে সমর্থন করেন এমন একজন কর্মী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি একই রকমভাবে অর্জিত হচ্ছে এবং কর্মক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক ধাপ এগিয়ে গেছে প্রতিশ্রুতিতে। তারা পাঁচ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ১১ ভাগ লক্ষ্য স্থির করেছে।
ভোটের ৩ দিন আগে জামিনের জন্য হাইকোর্টে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী-দৈনিক নয়া দিগন্ত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। এর মাঝে নাশকতার বিভিন্ন অভিযোগ দায়ের করা মামলায় আজ বুধবার হাইকোর্টে জামিনের জন্য হাজির হয়েছেন বিরোধী দল বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। এসব নেতাকর্মী জানিয়েছেন, তাদের নামে সরকারি দলের নির্বাচনী অফিসে হামলাসহ বিভিন্ন ‘গায়েবী’ মামলা দায়ের করা হয়েছে। আজ আদালতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আছেন নোয়াখালী, কুমিল্লা, মুন্সিগঞ্জ, বগুড়া, মেহেরপুর, কক্সবাজার, খুলনা, যশোর, বাগেরহাটসহ বিভিন্ন জেলার কয়েক হাজার নেতাকর্মী। নোয়াখালী থেকেই এসেছেন চরজব্বর থানার একটি মামলার দুই শতাধিক আসামি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভারতে সক্রিয় আইএস-এর শাখা সংগঠন! দেশজুড়ে তল্লাশি NIA-এর-দৈনিক সংবাদ প্রতিদিন
নতুন করে ভারতের মাটিতে জাল বুনছে আইএস! ইতিমধ্যেই খোদ রাজধানীর বুকে শাখা সংগঠন প্রতিষ্ঠা করে ফেলেছে এই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটি। এমনই আতঙ্কের কথা শোনাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
বুধবার সকাল থেকেই দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন এনআইএ-র আধিকারিকরা। রাজধানী এবং তৎসংলগ্ন এলাকায় মোট ১৬ টি জায়গায় তল্লাশি চালানো হয়। উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখাও এনআইএ-র সঙ্গেই তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। এনআইএ সূত্রের খবর, ভারতে আইএস-এর সঙ্গে সম্পর্ক যুক্ত একটি জঙ্গি সংগঠন গোপনে জাল বিস্তার করেছে। সংগঠনটির নাম হরকত-উল-হার্ব-এ-ইসলাম। সংগঠনটির সম্পর্কে বিস্তারিত জানতেই অভিযান চালানো হচ্ছে। এনআইএ-র এক মুখপাত্র জানিয়েছেন তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু, এই নতুন চক্রটির সম্পর্কে আর কোনও তথ্য এখনও দেয়নি জাতীয় তদন্তকারী সংস্থা। সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, বুধবার সাতসকালেই তল্লাশি শুরু হয়েছে। উত্তরপ্রদেশের আমরোহায় তল্লাশির ছবিও প্রকাশ করেছে সংবাদসংস্থাটি।
ফড়েদের নিয়ে সতর্কবার্তা মমতার-দৈনিক আজকাল
হাওড়ার মন্দিরবাজারের সরকারি সভা থেকে ফড়েদের নিয়ে কৃষকদের সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষকদের সচেতন করে তিনি বলেছেন, ফড়েদের কোনওভাবেই যেন ধান দেওয়া না হয়। ফড়েদের আটকাতে সরকার এবার থেকে হাতে হাতে চেক দেওয়ার নিয়ম জারি করছে। সরকারি প্রতিনিধিদের ধান দেওয়ার সঙ্গে সঙ্গেই কৃষকরা হাতে চেক পেয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। এদিন সভা শুরু আগেই মন্দির বাজারে খুন হওয়া তিন পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।
এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেছেন, কয়েকজন বিজেপি নেতা ভাগাভাগির রাজনীতি করছে বাংলায়। মানুয়ে মানুষে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। কখনও হনুমানকে দলিত বলছেন কখনও মুসলিম বলছেন, কখনও জাঠ বলছেন। উস্কানি দিয়ে ধর্মে ধর্মে বিভেদ তৈরির ষড়যন্ত্র করছে বিজেপি। বাংলায় এই রাজনীতি কিছুতেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্তঃসত্ত্বা মহিলাকে দেওয়া হল এইচআইভি সংক্রমিত রক্ত, অনিশ্চিত গর্ভের শিশুর ভবিষ্যৎ-দৈনিক আনন্দবাজার
সরকারি হাসপাতালে ২৪ বছরের এক অন্তঃসত্ত্বাকে দেওয়া হল এইচআইভি সংক্রমিত রক্ত। যদিও এর ফলে গর্ভস্থ শিশুটি সংক্রমিত হয়েছে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন চিকিৎসকেরা। শিশুটির জন্মের পরই তা জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগরের একটি সরকারি হাসপাতালে। ঘটনা জানাজানি হওয়ার পর বরখাস্ত করা হয়েছে স্বাস্থ্য দফতরের প্যাথলজি ল্যাবের তিন কর্মীকে।
ঘটনার শুরু ডিসেম্বরের ৩ তারিখে। এক তরুণের কাছ থেকে রক্ত নিয়ে তা দেওয়া হয়েছিল ওই তরুণীকে। ওই তরুণ এইচআইভি পজিটিভ হলেও তাঁর রক্তে কোনও গণ্ডগোল খুঁজে পাননি সরকারি হাসপাতালের প্যাথলজি ল্যাবের কর্মীরা। কয়েক দিন পর চাকরি করতে বাইরে যাওয়ার জন্য একটি বেসরকারি প্যাথলজি ল্যাবে রুটিন রক্তপরীক্ষার সময় ধরা পড়ে ওই তরুণের রক্ত এইচআইভি পজিটিভ। সেই রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সতর্ক করা হয় সরকারি হাসপাতালটিকে। কিন্তু ততক্ষণে ওই মহিলার দেহে ওই সংক্রমিত রক্ত দিয়ে ফেলেছে সরকারি হাসপাতাল। অন্তঃসত্ত্বা তরুণীকে পরীক্ষা করে জানা যায় তিনি ইতিমধ্যেই এইচআইভি আক্রান্ত হয়ে পড়েছেন।
অবশ্য এই ঘটনা এই প্রথম নয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই তরুণ দু’বছর আগে রক্ত দিয়েছিলেন আরেকটি সরকারি হাসপাতালে। তখনও তাঁর রক্তে ধরা পড়েছিল এইচআইভি সংক্রমণের পজিটিভ রিপোর্ট। কিন্তু তা বেমালুম চেপে গিয়েছিল সরকারি হাসপাতাল। তাঁর মেডিক্যাল রেকর্ড রাখা দূরের কথা, বিষয়টি জানানো হয়নি ওই তরুণকেও।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬