ডিসেম্বর ২৭, ২০১৮ ১২:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ইসির সিদ্ধান্ত নিয়ে রুল নির্বাচনে জামায়াতের ২৫ নেতার লড়তে বাধা নেই -দৈনিক প্রথম আলো
  • অসত্য তথ্য প্রচার ঠেকাতে নিউজ ভেরিফিকেশন সেন্টার চালু : র‌্যাব মহাপরিচালক-দৈনিক ইত্তেফাক
  • দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে মহাজোট: কাদের-দৈনিক যুগান্তর
  • নৌকা ১২৬ ধানের শীষ ১২৯-একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইনকিলাবের জনমত জরিপ-দৈনিক ইনকিলাব
  • আ’লীগের ভরসা এখন পিস্তল বন্দুকে -মির্জা ফখরুল-দৈনিক ইনকিলাব
  • লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নে এড়িয়ে যান নির্বাচন কমিশনার শাহাদাত চৌধুরী-দৈনিক মানবজমিন
  • 'ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা'-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • পুলিশ-র‌্যাব-বিজিবি ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোন, চান কপিল মুনির আশ্রমের মোহন্ত-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘বিজেপিতে গাঢ় হচ্ছে সঙ্ঘের ছায়া? উত্তরপ্রদেশে ভোটের দায়িত্বে কট্টর মোদী সমালোচক গোর্ধন-দৈনিক আনন্দবাজার
  • মুখ ফিরিয়েছেন কৃষকরা, রাত জেগে বৈঠকে মোদি সহ বিজেপির শীর্ষ নেতারা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ইসির সিদ্ধান্ত নিয়ে রুল নির্বাচনে জামায়াতের ২৫ নেতার লড়তে বাধা নেই -দৈনিক প্রথম আলো

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। ওই ২৫ নেতার প্রার্থিতা বাতিলে চার ব্যক্তির করা আবেদন নামঞ্জুর করে ২৪ ডিসেম্বর সিদ্ধান্ত দিয়েছিল নির্বাচন কমিশন। এর আগে ওই চার ব্যক্তির করা এক রিটের ধারাবাহিকতায় গতকাল ওই চার ব্যক্তি একটি সম্পূরক আবেদন করেন।

শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। আজ আদালত রুল দিয়েছেন, তবে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশনা দেননি। ফলে জামায়াতের ওই ২৫ নেতা যথারীতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে মহাজোট: কাদের-দৈনিক যুগান্তর

Image Caption

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩০ ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে দুই-তৃতীয়াংশ আসনে মহাজোট বিজয়ী হবে। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, সারা দুনিয়ায় আজ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, তেঁতুলিয়া থেকে কুতুবদিয়ায় নৌকার যে গণজোয়ার উঠেছে, তাতে ভোটকেন্দ্রে সাম্প্রদায়িক অপশক্তি আঘাত করতে পারে। ভোট শুরু থেকে ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থেকে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। ভোট হবে ২৯৯ আসনে। বর্তমান অবস্থায় ভোট হলে এ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নৌকা মার্কার প্রার্থীদের ১২৬ আসন পাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। আর বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের আগাম পূর্বাভাস ১২৯ আসন। জাতীয় পার্টির লাঙল ৯টি এবং জেপি সাইকেল প্রতীক ১টি আসন পেতে পারে এমন পূর্বাভাস পাওয়া গেছে।

আ’লীগের ভরসা এখন পিস্তল বন্দুকে -মির্জা ফখরুল-দৈনিক ইনকিলাব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধানের শীষের জোয়ারে জনগণের উপর সরকার আর ভরসা করতে পারছে না। তাদের ভরসা এখন রাষ্ট্রের যন্ত্র শক্তির উপর। জনগনে নয়, তারা পিস্তল বন্দুকে ভরসা পাচ্ছে। 

তিনি বুধবার ২৬ ডিসম্বের রাত দশটার দিকে রংপুর মগানগরীর মডার্ণ মোড়ে বিএনপি সমর্থিত প্রার্থী রিটা রহমানের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।

বাংলাদেশের নির্বাচনে ভীতিহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের-দৈনিক প্রথম আলো

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের কাছে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করারও আহ্বান জানান। আজ বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান হয়। জাতিসংঘের মহাসচিবের পক্ষে তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব আসন্ন ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনেরআগে, নির্বাচনকালীন ও পরে সহিংসতামুক্ত, ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়। 

পুলিশ-র‌্যাব-বিজিবি ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশ সেনাবাহিনী

সশস্ত্রবাহিনী এই নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, সিআরপিসির ১২৭ থেকে ১৩২ ধারা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যর্থ হলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।

কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।

তিনি বলেন, একদিনে ৩শ’ আসনে নির্বাচন করাই বড় চ্যালেঞ্জ। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে কন্ট্রোল রুমে এক ব্রিফিংএ তিনি এই মন্তব্য করেন। এ সময় এনআইডি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামও উপস্থিত ছিলেন।

অসত্য তথ্য প্রচার ঠেকাতে নিউজ ভেরিফিকেশন সেন্টার চালু : র‌্যাব মহাপরিচালক-দৈনিক ইত্তেফাক

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করার জন্য সারাদেশে ১০ হাজার র‍্যাব সদস্য মোতায়েন করা হবে। এছাড়া অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে একটি পেজের মাধ্যমে সাইবার নিউজ ভেরিফিকেশন (সংবাদ-যাচাই) সেন্টার চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে গুজব ও অসত্য তথ্য প্রচার হয়েছে। এর পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কাজ করছে। এ জন্য অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার চালু করা হয়েছে। নির্বাচনের সময়ে কেউ যদি গুজব ও অসত্য তথ্য প্রকাশ করে তাহলে ফিডব্যাক পাওয়া যাবে।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প-দৈনিক প্রথম আলো

পায়রা বন্দর

বিশ্বে এখন বন্দরকেন্দ্রিক যত প্রকল্প আছে, তার মধ্যে পায়রা গভীর সমুদ্রবন্দর সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। মূলত দীর্ঘ ৬৫ কিলোমিটার নৌপথে বড় আকারে খননকাজ করে এই সমুদ্রবন্দরে জাহাজ চলাচলের পথ তৈরি করতে হবে। আবার বন্দর থেকে পণ্য আনা-নেওয়ার নতুন সড়ক ও রেলপথও নির্মাণ করতে হবে। ফলে খরচ ছাড়িয়ে গেছে বিশ্বের সব বন্দর প্রকল্পকে। ব্যয়বহুল প্রকল্প হওয়ায় গভীর সমুদ্রবন্দর হিসেবে এটির বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন এ খাতের অভিজ্ঞ ব্যক্তিরা।

পায়রা বন্দরের প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবে মূল বন্দর নির্মাণে ৮০৭ কোটি এবং বন্দর সহযোগী অবকাঠামো নির্মাণে ৯০৫ কোটি ডলার খরচ নির্ধারণ করা হয়েছিল। সব মিলিয়ে ১ হাজার ৮৩৪ কোটি ডলার বা প্রায় ১ লাখ ৫৪ হাজার কোটি টাকা (ডলারপ্রতি ৮৪ টাকা) খরচ ধরা হয়েছিল। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়। যদিও এখন পায়রা কর্তৃপক্ষ বলছে, প্রথম পর্যায়ে ভূমি অধিগ্রহণ ও মধ্য মেয়াদে তিনটি টার্মিনাল নির্মাণ বাবদ প্রায় ২৬ হাজার কোটি টাকা খরচ চূড়ান্ত করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে পায়রা বন্দরে অন্যান্য প্রকল্প হাতে নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এত বিশাল বাজেটে বন্দর বাস্তবায়ন সম্ভব নয়। সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হিসেবে পায়রা বন্দর প্রকল্প বাস্তবায়ন সম্ভব কি না, জানতে চাইলে বন্দরটির চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, সমীক্ষা প্রতিবেদন ধরে শুরুতে পায়রা বন্দর নির্মাণে এই বিশাল খরচের হিসাব করা হয়েছিল। এটি মূলত বায়বীয় হিসাব। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু দেশেই নয়, বিশ্বেও পায়রা বন্দরের মতো এত ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নের নজির নেই। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী চার পর্যায়ে বাস্তবায়নের অপেক্ষায় থাকা এই প্রকল্পে খরচ হবে সাড়ে চার বিলিয়ন ডলার।

খেলাপি আদায় ২৮০০ কোটি টাকা-দৈনিক প্রথম আলো

সোনালী ব্যংক

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক চলতি বছর প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে। এর মধ্যে ২ হাজার ৭৭৭ কোটি টাকা খেলাপি ঋণ ও ২২ কোটি টাকা অবলোপন করা ঋণ। খেলাপি ঋণের মধ্যে আবার ৯২২ কোটি নগদ আদায় হয়েছে। ব্যাংকটির ঋণ আদায়সংক্রান্ত সব শেষ প্রতিবেদন থেকে এসব তথ্য মিলেছে।

ব্যাংকটির এমন অবস্থা দেখে বোঝা যাচ্ছে, হল-মার্ক কেলেঙ্কারিতে বিপর্যয়ে পড়া সোনালী ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ব্যাংকটির ঋণ আদায় বাড়ায় কমেছে খেলাপি ঋণ।

এবার ভারতের তিনটি খবর তুলে ধরছি

আমরাই আসছি, মানুষ আমাদের চাইছেন: বিশেষ সাক্ষাৎকারে হাসিনা-দৈনিক আনন্দবাজার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্বাচন একেবারে দোড়গোড়ায়। হাতে রয়েছে মাত্র তিনটে দিন। ভোটের সেই উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বড় নিশ্চিন্ত! নির্বাচনের প্রাক্‌ মুহূর্তে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন, তাঁর দল আওয়ামি লিগ ফের জিতছে।

আগামী রবিবার বাংলাদেশে ১১তম সংসদ নির্বাচন। তার আগে বুধবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির সুধাসদনে হাসিনাকে অন্য মেজাজে পাওয়া গেল। সেই হাসিনার মুখে দেখা গেল তৃপ্তির হাসি। বড় নিশ্চিন্ত ভাবে বললেন, ‘‘বাংলাদেশের জনগণের উপর আমার বিপুল আস্থা। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। জনগনের ভোটেই আমরা নির্বাচিত হব।’’

বিজেপিতে গাঢ় হচ্ছে সঙ্ঘের ছায়া? উত্তরপ্রদেশে ভোটের দায়িত্বে কট্টর মোদী সমালোচক গোর্ধন

গোর্ধন ও নরেন্দ্র মোদি

আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভোট পরিচালনার দায়িত্বে কট্টর মোদী সমালোচক গোর্ধন ঝড়াপিয়ার নাম ঘোষণা করল বিজেপি। প্রায় রাজনৈতিক অবসরে চলে যাওয়া গুজরাত বিজেপির এই নেতাকে উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের দায়িত্ব দেওয়ায় বিজেপি সহ অবাক দেশের রাজনৈতিক মহল। মোদী-শাহ জুটির কট্টর সমালোচক হলেও বরাবরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পরিবারের অত্যন্ত ঘণিষ্ঠ বৃত্তে ঘোরাফেরা করেন গোর্ধন। তাহলে কি বিজেপিতে মোদী-শাহ জুটিকে ছাপিয়ে দীর্ঘতর হচ্ছে সঙ্ঘের ছায়া? উঠছে সেই প্রশ্নও।

মুখ ফিরিয়েছেন কৃষকরা, রাত জেগে বৈঠকে মোদি সহ বিজেপির শীর্ষ নেতারা-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিন রাজ্যে হার যে মোদি সরকারকে চিন্তায় ফেলেছে, তা যে কেউ বলবেন। তাই লোকসভা নির্বাচনের আগে নড়েচড়ে বসেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কীভাবে দেশের কৃষক সমাজের ভোট বিজেপির দিকে ফেরানো যায়, এখন সেই চেষ্টায় রত মোদি অমিত শাহরা। তাই গতকাল, মানে বুধবার রাতে মোদির বাসভবনেই গোপন বৈঠকে বসেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেখানে মূলত আলোচিত হয়েছে কৃষক স্বার্থ। মানে কীভাবে কৃষকদের সন্তুষ্ট করা যায়, তা নিয়ে একটি ব্লু প্রিন্ট তৈরি করতে চেয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। 

কী থাকছে সেই কৃষক মোহিনী পরিকল্পনায়? সবটা স্পষ্ট না হলেও অনেকেই আন্দাজ করছেন, শুধু ঋণ মকুব নয়, অনেকগুলি ইস্যুতে কৃষকদের প্রতি কল্পতরু হতে পারে মোদি সরকার। হাতে আছে দুরকম মডেল, এক, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে তৈরি বিশেষ কৃষক সহায়ক প্রকল্প ‘ভবন্তর স্কিম’। মানে, কৃষক সহায়ক মূল্যর চেয়ে বাজারে ফসলের দামের যে পার্থক্য তাকে মিটিয়ে ফেলে বেশি পরিমাণ অর্থ কৃষকদের হাতে তুলে দেওয়া। এছাড়াও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের তৈরি বিশেষ প্রকল্পকেও উদাহরণ হিসাবে তুলে ধরতে চাইছে বিজেপি। 

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোন, চান কপিল মুনির আশ্রমের মোহন্ত-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমের প্রধান মোহন্ত। মোহন্ত জ্ঞানদাসজি মহারাজ অযোধ্যার হনুমানগড়িরও অন্যতম জনপ্রিয় মোহন্ত। আগেও তিনি মমতার উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন। তবে এবার আসন্ন লোকসভা ভোটের প্রেক্ষিতে তাঁর মন্তব্য তাৎপর্যপূর্ণ। মমতার সততা দেশের রাজনৈতিক নেতাদের কাছে শিক্ষণীয় বলে বক্তব্য তাঁর। পাশাপাশি বিজেপির রামমন্দির বা হনুমান নিয়ে রাজনীতির তীব্র সমালোচনা করেছেন। লোকসভা ভোটের মুখে যখন সাম্প্রদায়িকতা প্রশ্নে দিল্লির রাজনীতি তোলপাড়, সেই সময়ে অযোধ্যার মোহন্তের সমালোচনার তির ইঙ্গিতবাহীও বটে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭