জানুয়ারি ০৪, ২০১৯ ১২:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মন্ত্রিপরিষদে ‘বড় চমকের’ কথা বললেন কাদের-দৈনিক প্রথম আলো
  • বিএনপি-জামায়াত সম্পর্ক তলানিতে-দৈনিক যুগান্তর
  • প্রধান বিরোধী দল জাপা, থাকছে না মন্ত্রিসভায়-দৈনিক ইত্তেফাক
  • ভোটার শূন্য নির্বাচনে বিদেশী মদোদপুষ্ট : রিজভী-দৈনিক মানবজমিন
  • সেই গণধর্ষণের ঘটনায় আরেক ‘হোতা’ আটক-বাংলাদেশ প্রতিদিন
  • নতুন এমপিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • অতিরিক্ত ট্রিপেই বাড়ছে বিপত্তি, আতঙ্কের ছায়া মেট্রোযাত্রায়-দৈনিক সংবাদ প্রতিদিন
  • জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা পাক সেনার জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা পাক সেনার-দৈনিক আনন্দবাজার
  • রাফায়েল নিয়ে সমানে আক্রমণ চালিয়ে যাচ্ছেন রাহুল -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন খবর

মন্ত্রিপরিষদে ‘বড় চমকের’ কথা বললেন কাদের-দৈনিক প্রথম আলো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের নির্বাচনে যেহেতু আমরা বড় বিজয় পেয়েছি, সে হিসেবে মন্ত্রিপরিষদেও বড় চমক থাকবে। ধানমন্ডি ৩২ নম্বরে আজ শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের শপথ না নেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি বড় ভুল করেছে। শপথ না নিলে বিএনপি আরও বড় ভুল করবে।

প্রধান বিরোধী দল জাপা, থাকছে না মন্ত্রিসভায়-দৈনিক ইত্তেফাক

হুসেইন মুহম্মদ এরশাদ

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে এবং জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হবেন না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হবেন না।’

ভোটার শূন্য নির্বাচনে বিদেশী মদোদপুষ্ট : রিজভী-দৈনিক মানবজমিন

বিএনপি নেতা রুহুল কবির রিজভী

৩রা জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৩৬ বছর রাজনৈতিক জীবন পূর্ণ হলো উল্লেখ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশী বিদেশী চক্র এই মহান জাতীয়তাবাদী নেত্রীর উত্থান সহ্য করতে পারেনি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে যিনি আগলে রেখেছিলেন অতন্ত্র প্রহরীর মতো তাকে পর্যুদস্থ করার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত জাল বুনতে থাকে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যাবলয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ভোটার শূণ্য নির্বাচনে বিদেশী মদোদপুষ্ট অগতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তি গণতন্ত্রকে দাফন করতে বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে জুলুমের পর জুলুম চালিয়ে যাচ্ছে। 

রিজভী বলেন, বিনা চিকিৎসা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কারাবিধিনুযায়ী নিকটজনদের সাক্ষাৎ করতে নানা ফন্দি ফিকির করে বিলম্ব করা হচ্ছে।

দৈনিক নযা দিগন্তের রিজভীর বক্তব্য এভাবে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর জুলুম করা হচ্ছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার আর নির্বাচন কমিশনের (ইসি) মিথ্যা আশ্বাসে সব দল নির্বাচনে এলো। কিন্তু পুলিশ, ডিবি, বিজিবি, র‌্যাব, বিচার বিভাগ, সিভিল প্রশাসন, দুদক আর নির্বাচন কমিশনকে সম্পূর্ণ কাজে লাগিয়ে ইতিহাসের ঘৃণ্যতম এই নির্বাচন সংঘটিত করা হলো। আজ শুক্রবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত সম্পর্ক তলানিতে-দৈনিক যুগান্তর

বিএনপি- জামায়াত সম্পর্ক তলানিতে

প্রায় এক যুগেরও বেশি সময় কাঁধে কাঁধ মিলিয়ে পথ চললেও বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত দূরত্ব তৈরি হয়েছে জামায়াতের। এ দূরত্ব এতদিন খুব একটা প্রকাশ না পেলেও এখন অনেকটাই দৃশ্যমান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সেই দূরত্ব বেড়েছে কয়েক গুণ, বিএনপি-জামায়াতের সম্পর্ক এখনও তলানিতে। বিশেষ করে আসন বণ্টন ও জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপি ভ্যানগার্ড হিসেবে বেছে নেয়ার বিষয়টি মানতে পারছে জামায়াত। এর বহির্প্রকাশ ঘটেছে দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে।একাদশ নির্বাচনে ‘শোচনীয়’ ভরাডুবি হয় বিএনপি জোটের। দুই জোটের ২৭ দল মিলে পায় মাত্র সাতটি আসন। বিএনপি পাঁচটি আসন পেলেও জামায়াত একটি আসনও পায়নি।

এর পরই জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের অপরিহার্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিএনপিতে জামায়াতবিরোধী বলয় হিসেবে যারা পরিচিত, তারা এখনই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলটির সঙ্গ ছাড়তে চাপ সৃষ্টি করছে শীর্ষ নেতাদের। তবে এ নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কোনো নেতা এখনই মুখ খুলতে নারাজ।

সেই গণধর্ষণের ঘটনায় আরেক ‘হোতা’ আটক-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে মারধর ও গণধর্ষণের ঘটনায় হাসান আলী ভুলু নামে আরেক হোতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে আটক করা হলো। আটক বুলু এ ঘটনায় দায়ের মামলার এজাহারভুক্ত আসামি নন। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরঙ্কুশ জয়ে ১৯ জানুয়ারি আ.লীগের মহাসমাবেশ-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৯ জানুয়ারি শনিবার বেলা আড়াইটায় আওয়ামী লীগের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এবার ভারতের তিনটি খবর তুলে ধরছি

অতিরিক্ত ট্রিপেই বাড়ছে বিপত্তি, আতঙ্কের ছায়া মেট্রোযাত্রায়-দৈনিক সংবাদ প্রতিদিন

দেড় বছরে ধুলো জমেছে আড়াইশো কোটির রেকে। অথচ ত্রিশ বছর পার হওয়া বুড়ো রেককেও ছুটতে হচ্ছে মাইলের পর মাইল। ফলে যা হওয়ার তা-ই হচ্ছে। প্রায় দিনই নানা যান্ত্রিক সমস্যায় বিকল হচ্ছে মেট্রো। শুধু বুড়ো রেকই নয়। ট্রিপ ঠিক রাখতে অতিরিক্ত ছোটানোর কারণে বিগড়াচ্ছে এসি রেকও। কখনও আগুনের ফুলকি, কখনও দরজা বন্ধ না হওয়া, কখনও আবার বিদ্যুৎ টানতে না পারা। হাজারো সমস্যায় জেরবার হতে হচ্ছে মেট্রোকে। দুর্ভোগ পোয়াচ্ছেন নিত্যযাত্রীরা। সাধারণ মানুষের কাছে কার্যত আতঙ্কের হয়ে উঠছে পাতালযাত্রা। নির্দিষ্ট কোনও বেঁধে দেওয়া গণ্ডি নেই। তবু দিনে ৩৫০-৪০০ কিলোমিটার গড়ে ছোটার কথা। তার বদলে পরিষেবা ঠিক রাখতে একেকটি রেককে ছোটানো হচ্ছে ৫৫০-৬০০ কিলোমিটার। ফলে যা হওয়ার তা-ই হচ্ছে।

রাফায়েল নিয়ে সমানে আক্রমণ চালিয়ে যাচ্ছেন রাহুল-দৈনিক আজকাল

রাফায়েল চুক্তি রাহুলের আক্রমণ মোদি সরকারের বিরুদ্ধে

রাফায়েল নিয়ে কংগ্রেস সভাপতির আক্রমণে এখন ব্যতিব্যস্ত এনডিএ সরকার। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মুখোমুখি বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন রাহুল গান্ধী। শুক্রবার ফের নতুন করে রাফাল অস্ত্রে শান দিলেন তিনি। এবার তিনি সংসদের বাইরে সাংবাদিকদের বলেন, ‘যদি লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে রাফাল নিয়ে ফৌজদারি তদন্ত করা হবে। কারণ জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে দিয়ে প্রতিরক্ষা চুক্তি তুলে দেওয়া হয়েছে বন্ধু তথা আন্তর্জাতিক ঋণখেলাপি অনিল আম্বানিকে।’

এদিন তিনি কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করে বলেন, ‘সমস্ত বিরোধী দল অপেক্ষা করছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাফাল নিয়ে আমার প্রশ্নের কি উত্তর দেন শোনার জন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমাকে গালিগালাজ না করে রাফাল নিয়ে কি চুক্তি হয়েছে তার জবাব দিন।’

ম্যাগিতে সিসা রয়েছে, সুপ্রিম কোর্টে স্বীকারোক্তি নেসলের-দৈনিক আজকাল

ম্যাগি নুডুলস

ক্ষুধা পেলে চটজলদি যে খাবারের কথা মনে আসে তা হল ম্যাগি। মাত্র দু’মিনিটে আপনার সামনে হাজির হয়ে যাবে গরম গরম ম্যাগি। কিন্তু এই ম্যাগির গুণাগুণ নিয়ে বছর কয়েক আগে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নেসলে সংস্থাকে। এই নুডলসে সিসা আছে, এই অভিযোগ এনে বন্ধ করে দেওয়া হয়েছিল ম্যাগিকে। যদিও তা পুনরায় বাজারে ফিরে এসেছে। তবে আবার এই জনপ্রিয় নুডলসকে নিয়ে বিতর্ক তৈরি হল। 

একটি মামলার শুনানিতে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নেসলের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে ম্যাগিতে সিসা রয়েছে। এর ফলে আবারও নতুন করে প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল ম্যাগির খাদ্য সুরক্ষা।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪