জানুয়ারি ১১, ২০১৯ ১৩:০৩ Asia/Dhaka
  • নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের প্রশ্ন তোলা হাস্যকর: ওবায়দুল কাদের

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • কারও শাস্তি হয়নি, অর্থও ফেরেনি-দৈনিক প্রথম আলো
  • প্রশ্নফাঁস রোধে কঠোর হওয়ার ঘোষণা দিলেন নওফেল: -দৈনিক কালেরকণ্ঠ
  • নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের প্রশ্ন তোলা হাস্যকর: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
  • যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনে জিততে পারে না-মানব জমিন
  • অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী-এনটিভি বিডি
  • ওমরাহ হজের যাত্রী বাড়ছে, দ্বিগুণ করা হলো এজেন্সি কোটা-নয়াদিগন্ত
  •  ভারতের খবর:
  • বিপাকে রাকেশ আস্থানা! ঘুষ মামলার তদন্তে বাধা নেই, বলল দিল্লি হাইকোর্ট-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ২০২১ সালেই গগনযান অভিযান! ভারতীয় নভশ্চরের মহাকাশে পাড়ি-দৈনিক এই সময়
  • ‘আইনসিদ্ধ হলেও বাহিনীতে সমকামিতা বরদাস্ত নয়’, হুঁশিয়ারি সেনাপ্রধানের-সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

কারও শাস্তি হয়নি, অর্থও ফেরেনি-দৈনিক প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এখন পর্যন্ত এ দেশের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় সরকার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করলেও তা–ও প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে দফায় দফায় তদন্ত করেই যাচ্ছে। কিন্তু অর্থ আর উদ্ধার হয়নি।

বাংলাদেশে কিছু না হলেও ফিলিপাইন কর্তৃপক্ষ একের পর এক পদক্ষেপ নিয়েই যাচ্ছে। চাকরিচ্যুত করা, সিনেটে প্রকাশ্য শুনানি, মামলা এবং সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গতকাল বৃহস্পতিবার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করা হয়েছে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। আর ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনো উদ্ধার করা যায়নি ৬ কোটি ৬৪ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৫৫৭ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তিন বছর পূর্ণ হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

প্রশ্নফাঁস রোধে কঠোর হওয়ার ঘোষণা দিলেন নওফেল: -দৈনিক কালেরকণ্ঠ

প্রশ্নফাঁস রোধে কঠোর হবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণে উদ্যোগ নেওয়া হবে। যেসব সরকারি স্কুল-কলেজ আছে সেখানে আরও অবকাঠামোর উন্নয়ন করে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। স্কুল-কলেজে আসন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের প্রশ্ন তোলা হাস্যকর: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রশ্নে তোলাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, একাদশ সংসদ নির্বাচনকে সারাবিশ্ব স্বীকৃতি দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা ও সংলাপ আহ্বান করা হাস্যকর।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক দেশগুলো- এমনকি পাকিস্তান পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আজকে দুনিয়ার যে ডেমোক্রেটিক জাতিগুলো, সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে এবং সমাদৃত হয়েছে। এমতাবস্থায় এ ধরনের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই বলার কোনো বিষয় নেই। জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে তা সংসদে এসে বলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনে জিততে পারে না-দৈনিক মানবজমিন

আন্দোলনে ব্যর্থ হলে কখনো কেউ নির্বাচনে জিততে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। শেখ হাসিনা বলেন, বিএনপি আন্দোলনের ডাক দেয় সরকারকে উৎখাত করতে। তাদের আন্দোলনের উদ্দেশ্য মানুষকে পুড়িয়ে মারা। এটা মানুষ কখনো মেনে নিতে পারে না। তখন জনগণই তাদের প্রতিরোধ করে। আর তাদের সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তারা যতোই আন্দোলন করে জনগণ তা প্রত্যাখ্যান করে। তাই তাদের সব আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

ওমরাহ হজের যাত্রী বাড়ছে, দ্বিগুণ করা হলো এজেন্সি কোটা-নয়াদিগন্ত

বাংলাদেশে ওমরাহ যাত্রীর সংখ্যা বাড়ছে। গত কয়েক বছর ধরেই এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে এ বছর ব্যবস্থাপনাকারী এজেন্সিগুলোর জন্যও ওমরাহ যাত্রী পাঠানোর কোটা দ্বিগুণ করা হয়েছে।

বৈধ এজেন্সিগুলোর বছরে ৫০০ জন পাঠানোর অনুমতি ছিল। কিন্তু এখন প্রতি এজেন্সিকে ১০০০ জন পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় গত মঙ্গলবার এই সংক্রান্ত আদেশ জারি করে, যা এরই মধ্যে এজেন্সিগুলোর কাছে পৌঁছেছে।

ধর্ম মন্ত্রণালয় ও হাব সূত্র জানিয়েছে, গত কয়েক বছরে ওমরাহ যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। গড়ে লক্ষাধিক লোক প্রতি বছর ওমরাহ পালন করছেন। এই সংখ্যা চার-পাঁচ বছর আগে ৪০ থেকে ৫০ হাজারের বেশি ছিল না। প্রতি বছর হজযাত্রীদের উল্লেখযোগ্য একটি অংশ কোটার অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে ওমরাহ যাত্রীর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সিনিয়র সহসভাপতি ও প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, হজ গমনেচ্ছুদের একটি বড় অংশ প্রতি বছরই কোটার অতিরিক্ত হয়ে যাচ্ছেন। তাদের অনেকে ওমরাহ করতে যান। আবার এমনিতেই হজের মতোই ওমরাহ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক। তিনি জানান, গত বছরও এক লাখের বেশি ধর্মপ্রাণ মানুষ ওমরাহ পালন করেছেন।

বাংলাদেশস্থ সৌদি দূতাবাস থেকে ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো এক পরিসংখ্যান থেকে জানা যায়, গত বছর বাংলাদেশী ওমরাহ যাত্রীদের অনুকূলে এক লাখ ২৬ হাজার ৪৬৭টি ভিসা ইস্যু করা হয়। তবে প্রকৃত ওমরাহ পালনে গমনকারীর সংখ্যা এক লাখের কিছু বেশি হতে পারে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী-এনটিভি বিডি-এনটিভি বিডি

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ এবং অন্যায়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে ডা. দীপু মনি বলেন, যেসব বিদ্যালয়ে নিয়ম বেঁধে দেওয়া আছে, সে নিয়ম মেনে তাঁরা ভর্তি করবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আজ শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীপু মনি। শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে দীপু মনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, প্রতিটি শিশুকে স্কুলমুখী করা এবং ঝরেপড়া রোধসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ ছাড়া বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ যেসব সাফল্য রয়েছে, সেসব সাফল্য এগিয়ে নিতে আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করা হবে।

শিক্ষার মান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তার সবকিছু করা হবে। আর এ ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি।

বিপাকে রাকেশ আস্থানা! ঘুষ মামলার তদন্তে বাধা নেই, বলল দিল্লি হাইকোর্ট

ঘুষের মামলায় দিল্লি হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি জানান আস্থানা। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, তাঁর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে সিবিআই। এমনকী, তাঁর গ্রেফতারিতেও কোনও বাধা নেই বলে জানিয়ে দিয়েছে আদালত।

সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা

আস্থানার বিরুদ্ধে অভিযোগ, মাংস ব্যবসায়ী মইন কুরেশি মামলায় তাঁর ঘনিষ্ঠ সতীশ বাবু সানার কাছ থেকে দু’কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। সতীশই সিবিআই-এর কাছে এই অভিযোগ জানিয়েছিলেন বলে সূত্রে খবর। সেই অভিযোগে এফআইআর আস্থানার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ডিএসপি দেবেন্দ্র কুমার। সেই এফআইআর-ই খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আস্থানা।

সব পক্ষের বক্তব্য শোনার পর আজ শুক্রবার মামলার রায়েদানের দিন নির্ধারিত করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি নাজিমি ওয়াজিরি। এদিন তিনি আস্থানার আর্জি খারিজ করে দিয়ে জানিয়েছেন, ওই ঘুষ মামলায় সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। তদন্তের প্রয়োজনে তাঁকে গ্রেফতারও করা যাবে। 

বৃহস্পতিবারই অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মূলত রাকেশ আস্থানার সঙ্গে বিবাদের জেরেই গত ২৩ অক্টোবর মধ্যরাতে দু’জনকে ছুটতে পাঠিয়ে দেওয়া হয়। অলোক বর্মার পর এবার দিল্লি হাইকোর্টের রায়ে বিপাকে পড়লেন রাকেশ আস্থানাও।

২০২১ সালেই গগনযান অভিযান! ভারতীয় নভশ্চরের মহাকাশে পাড়ি-দৈনিক বর্তমান-

সম্প্রতি ১০ হাজার কোটি টাকার বাজেট পাশ হয়েছে হিউম্যান স্পেস মিশনের জন্যে। শুক্রবার ইসরো-র প্রধান কে শিবান জানিয়েছেন, কতজনকে অন্তরীক্ষে পাঠানো হবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ‘আমাদের পরিকল্পনা ৭ দিনের জন্যে তিন জনকে পাঠানোর। তবে এটি যেহেতু গগনযানের প্রথম অভিযান, তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

শিবান জানিয়েছেন, ইসরো-তে একটি নতুন হিউম্যান স্পেসফ্লাইট সেন্টার তৈরি করা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন সিনিয়র সায়েন্টিস্ট উন্নিকৃষ্ণণ নায়ের। অন্যদিকে গগনযানের প্রজেক্ট ডিরেক্টরের পদে রয়েছেন আর হাট্টন।

তবে এই মিশন বাস্তবায়িত করার আগে পেরোতে হবে বেশ কয়েকটি ধাপ। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রকেটের পাশাপাশি অন্যান্য যন্ত্রের হিউম্যান রেটিং। গগনযান মানুষকে নিরাপদে অন্তরীক্ষে নিয়ে যেতে সক্ষম কি না, এবং কোনও বিপদ ঘটলে যানের ভিতরে উপস্থিত মানুষদের রক্ষা করতে পারবেকি না, তার শংসাপত্রকেই হিউম্যান রেটিং বলা হয়ে থাকে।

শহরের লাইফ লাইনে চলন্ত মেট্রোয় আগুন লাগার ঘটনা ঘটল। ময়দান স্টেশনে বৃহস্পতিবার সন্ধ্যার ব্যস্ত সময়ে ঘটনার জেরে তুমুল আতঙ্ক ছড়াল ট্রেনটিতে থাকা যাত্রীদের মধ্যে। আগুনের জেরে এসি ট্রেনটিতে ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কে দ্রুত বাইরে বের হতে জানলার কাঁচ ভাঙেন যাত্রীরা। ট্রেনের মধ্যেই ছোটাছুটি শুরু করে দেন তাঁরা। বেশ কিছুক্ষণ ধরে এই ঘটনা চলায় ধোয়া এবং আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী। মেট্রোর কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় দমকল এবং কলকাতা পুলিসের বিপর্যয় মোকাবিলা বাহিনী। সুড়ঙ্গের মধ্যেই ট্রেনের প্রথম কোচের দরজা দিয়ে যাত্রীদের নামিয়ে লাইন দিয়ে হাঁটিয়ে তাঁদের প্ল্যাটফর্মে তোলা হয়। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল তার। ইনস্পেক্টর সুবোধ কুমার সিংকে সে-ই গুলি করে।

আইনসিদ্ধ হলেও বাহিনীতে সমকামিতা বরদাস্ত নয়, হুঁশিয়ারি সেনাপ্রধানের

ভারতীয় সেনাবাহিনীতে সমকামিতা বা সমপ্রেম কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷সাফ জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। বৃহস্পতিবার রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘‘শীর্ষ আদালত সমপ্রেম বা সমকামিতাকে মান্যতা দিলেও, সেনাবাহিনীর নিজস্ব কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেখানে কঠোর শৃঙ্খলা ও নিজস্ব কিছু নিয়ম কানুন আছে। সমপ্রেমে সায় দিলে সেনাবাহিনীর পরিবেশ ও কাজের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাধারণ নাগরিক জীবনে যেটা চলতে পারে সেটা সেনাবাহিনীতে চলতে পারে না। এজন্যই বাহিনীর শৃঙ্খলার স্বার্থে সমকামিতা বরদাস্ত করা হবে না’’

সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত

গত বছর সেপ্টেম্বরে সমপ্রেমকে বৈধতা দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ছবিটা এখনও ভিন্ন ভারতীয় সেনাবাহিনীর অন্দরে। সমপ্রেমকে আইনি বৈধতা দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল রাওয়াত বলেন, ‘‘আমরা দেশের আইনের ঊর্ধ্বে নই। কিন্তু যখনই কেউ সেনাবাহিনীতে যোগ দেয়, তখন কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন তাঁকে মেনে চলতেই হয়।এমনকী পরকীয়া নিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশের উলট সুর রাওয়াতের গলায়। তিনি জানান, বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলা আইনের চোখে আর অপরাধ না হলেও পরকীয়া নিয়ে সেনাবাহিনী এখনও গোঁড়া মনোভাবই বজায় রেখেছে। সেনাবাহিনীর কোনও কর্মী বা অফিসারের পরকীয়া প্রমাণিত হলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।#

পার্সটুডে/বাবুল আখতার/১১