জানুয়ারি ৩০, ২০১৯ ১২:১৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • টিআইএর প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ ও মনগড়া’ বললেন তথ্যমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • সংসদ অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন-দৈনিক ইত্তেফাক
  • সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহারে ভুলত্রুটির কথা স্বীকার করলেন সিইসি-দৈনিক নয়া দিগন্ত
  • এসএসসির প্রশ্নফাঁস রোধে তৎপর থাকবে র‍্যাব-দৈনিক যুগান্তর
  • হলে ভোট কেন্দ্র অগণতান্ত্রিক: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • অযোধ্যার জমি ফেরত দিতে তৎপর কেন্দ্র-দৈনিক গণশক্তি
  • উপত্যকায় সঠিক সময়ে নির্বাচন, মোদির কাছে বড় পরীক্ষা:‌ ওমর-দৈনিক আজকাল
  • মোদি জমানায় কমছে দুর্নীতি, চিনকে পিছনে ফেলল ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর

টিআইএর প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ ও মনগড়া’ বললেন তথ্যমন্ত্রী-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের দুর্নীতি বেড়েছে বলে যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ত্রুটিপূর্ণ ও মনগড়া’ বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জার্মানির বার্লিনভিত্তিক টিআই গতকাল মঙ্গলবার এই সূচক প্রকাশ করেছে। বিশ্বের ১৮০টি দেশের ২০১৮ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। সেখানে বলা হয় দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। আগের বছরের তুলনায় ২০১৮ সালে অবনতি হয়েছে ছয় ধাপ। টিআইএর প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংসদ অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন-দৈনিক ইত্তেফাক/প্রথম আলো

সংসদ অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানব বন্ধন

খবরটি ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর মানবজমিনসহ প্রায় সব দৈনিকে এসেছে। খবরটিতে লেখা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আবারও প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘নিরপেক্ষ একটি সরকারের’ অধীনে এই নির্বাচন চেয়েছেন বিএনপি মহাসচিব। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন থেকে ফখরুল এ দাবি জানান। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে বিএনপি।  এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। 

সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহারে ভুলত্রুটির কথা স্বীকার করলেন সিইসি-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটি ছিল, অসুবিধা ছিল বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, এজন্য ফলাফল দিতে দেরি হয়েছে। আজ সকালে ইটিআই ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

হলে ভোট কেন্দ্র অগণতান্ত্রিক: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট-দৈনিক মানবজমিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলগুলোতে স্থাপনের বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে বিশ^বিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। একইসঙ্গে এই সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।  আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই মন্তব্য করেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনে আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করে। এসব বৈঠকে অধিকাংশ ছাত্র সংগঠন হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানায়। কিন্তু অধিকাংশের সে দাবি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে সর্বোচ্চ নির্বাহী সভা সিন্ডিকেটে হলের ভেতরে ভোট কেন্দ্র রাখার সিদ্ধান্ত নেয়।

এসএসসির প্রশ্নফাঁস রোধে তৎপর থাকবে র‍্যাব-দৈনিক প্রথম আলো/ যুগান্তর

র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে তৎপর থাকবে র‍্যাব। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা নজরদারি করবে। একই সঙ্গে প্রশ্নফাঁস রোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার সহযোগিতা চেয়েছে র‍্যাব। আজ এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই ব্রিফিংয়ের আয়োজন হয়। আগামী শনিবার থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

১৮৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা সাবেক ব্যাংক কর্মকর্তা-দৈনিক প্রথম আলো

১৮৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা সাবেক ব্যংক কর্মকর্তা  মো: ফিরোজ কবির

সরকারের সাবেক সচিব, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, পুলিশের সাবেক ও বর্তমান ডিআইজি পদের কর্মকর্তা, সাবেক সাংসদ, চিকিৎসক, মুক্তিযোদ্ধার স্ত্রী, শিল্পী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সাধারণ মানুষ অতিরিক্ত লাভের ফাঁদে পা দিয়ে প্রায় ১৮৬ কোটি টাকা খুইয়েছেন। সমবায় অধিদপ্তরে নিবন্ধন করে দুটি সমিতির মাধ্যমে যিনি এই বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন, তাঁর নাম খান মো. ফিরোজ কবির। তিনি রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মোদি জমানায় কমছে দুর্নীতি, চিনকে পিছনে ফেলল ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভোটের মুখে মোদি সরকারের মুখে হাসি ফোটাল বিশ্ব দুর্নীতি সূচক। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে, গত বছরের তুলনায় ৩ ধাপ উপরে উঠে এল ভারত। আপাতত দুর্নীতি দমনে গোটা বিশ্বের মধ্যে ভারত রয়েছে ৭৮ তম স্থানে। ২০১৭ সালে ভারত ছিল ৮১ তম স্থানে। অন্যদিকে, চিন এক লাফে দশ ধাপ পিছিয়ে গিয়েছে দুর্নীতি দমন ইনডেক্সে। বেশ খানিকটা পিছিয়েছে আমেরিকাও। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। 

ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শক্ত হাতে দুর্নীতি দমন করবেন। তবে, বিরোধীদের অভিযোগ ছিল মোদি জমানাতেও বড় অঙ্কের দুর্নীতি হয়েছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসিদের মতো বড় বড় শিল্পপতিদের ফেরার হওয়া নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। সম্প্রতি রাফালে চুক্তি নিয়েও বড়সড় দুর্নীতির অভিযোগ এনেছে কংগ্রেস। এসব সত্ত্বেও, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামের আন্তর্জাতিক সংস্থাটি সম্প্রতি যে ‘কোরাপশন পারসেপশন ইনডেক্স’ প্রকাশ করেছে তাতে ৩ ধাপ উপরে উঠল ভারত।

উপত্যকায় সঠিক সময়ে নির্বাচন, মোদির কাছে বড় পরীক্ষা:‌ ওমর-দৈনিক আজকাল

ন্যাশানাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লাহ

নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিলেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লা। তাঁর দাবি, জম্মু–কাশ্মীরে সঠিক সময়ে নির্বাচন করাটা প্রধানমন্ত্রীর কাছে বড় পরীক্ষা। কারণ সরকারের দায়িত্ব সঠিক সময়ে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত করা। সেটা না করা কখনই সঠিক সিদ্ধান্ত নয়। তিনি বলেন, ‘আমরা বলছি, নির্বাচন কখনই মুলতুবি করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ৬ মাসের মধ্যে নির্বাচন করাতে হবে। এখন আমি মনে করছি এটা মোদি সাহেবের কাছে বড় পরীক্ষা। জম্মু–কাশ্মীরে সঠিক সময়ে নির্বাচন না করে পরিস্থিতি কি খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মোদি সাহেবকে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০