রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের অধিকতর সমর্থন চাইবে বাংলাদেশ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ ফেব্রয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- অনিয়ম হলে কোনো আপোষ নয়, প্রয়োজনে ভোট বন্ধ : সিইসি -দৈনিক ইত্তেফাক
- ১২ উপজেলায় শতভাগ বিদ্যুৎ–সংযোগ উদ্বোধন প্রধানমন্ত্রীর -দৈনিক প্রথম আলো
- ‘রাতের ভোট নিয়ে জাসদের বক্তব্যের কী জবাব দেবেন কাদের’ - দৈনিক যুগান্তরবিএনপি থেকে অনেকেই পদত্যাগ
- করবে: কাদের -দৈনিক মানবজমিন
- রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের অধিকতর সমর্থন চাইবে বাংলাদেশ - দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- শুক্রবার কথা বলতে রাজি রাজীব কুমার -দৈনিক আজকাল
- সিপি-র নামে অভিযোগে সুপ্রিম কোর্টে তৃণমূলের দিকেও আঙুল সিবিআইয়ের-দৈনিক আনন্দবাজার
- প্রকাশ্যে সুদীপ্ত সেনের চিঠি, ধরনা মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর -দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ঢাকার দুই সিটি করপোরেশনে ‘জাতীয় নির্বাচনের মতো সুষ্ঠু’ ভোট চান সিইসি-আপনার মন্তব্য কী?
২. ইরানের ওপর নজরদারি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিষয়টিতে সম্মতি নেই ইরাকের। বাগদাদ সরকারের এই অবস্থানকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
১২ উপজেলায় শতভাগ বিদ্যুৎ–সংযোগ উদ্বোধন প্রধানমন্ত্রীর-দৈনিক প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি বিদ্যুৎকেন্দ্র এবং নয়টি গ্রিড উপকেন্দ্র উদ্বোধন করেছেন। এতে ১ হাজার ৬২ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দেশে এই প্রথম সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ–সংযোগের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ছয়টি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে সিরাজগঞ্জ ২৮২ মেগাওয়াট সিম্পল সাইকেল বিদ্যুৎকেন্দ্র, ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, চাঁদপুর ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জ ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, খুলনার রূপসায় ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং চট্টগ্রামের জুলদা ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র (তৃতীয় ইউনিট)। নয়টি উপকেন্দ্র হচ্ছে রামগঞ্জ, বরিশাল (উত্তর), বারইয়ারহাট, শিকলবাহা, জলঢাকা, সুনামগঞ্জ, বিয়ানীবাজার, রাঙামাটি ও মাতারবাড়ী।
অনিয়ম হলে কোনো আপোষ নয়, প্রয়োজনে ভোট বন্ধ : সিইসি-দৈনিক ইত্তেফাক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, অনিয়ম হলে প্রয়োজনে উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। কিন্তু অনিয়মের সঙ্গে কোনো আপোষ করা হবে না।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ৫ম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
কে এম নূরুল হুদা বলেন, যদি কোনো রিটার্নিং অফিসার মনে করেন যে, তার সম্পূর্ণ উপজেলায় নির্বাচন করার পরিবেশ নেই। তবে সেটা বন্ধ করে দেওয়ার সুপারিশ করবেন। কমিশন সেটা বন্ধ করে দিতে পারবেন। যদি কখনো কোনো জায়গায় কোনো প্রার্থীর, দলের বা কারো অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনা সৃষ্টি করে বা নির্বাচন রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণের বহির্ভূত হয়ে যাবে এমন কিছু হলে পুরো উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে। কিন্তু নির্বাচনে কোনো রকম অনিয়মের সঙ্গে আপোষ করা যাবে না। ভোটারের পছন্দের প্রার্থী বিজয়ী হবে। প্রার্থী কোন দলের, কোন ধর্মের, কোন বর্ণের সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। ভোটার যাকে যোগ্য মনে করবেন তিনিই হবেন তাদের নির্বাচিত প্রার্থী।
বিএনপি থেকে অনেকেই পদত্যাগ করবে: কাদের-দৈনিক মানবজমিন
নেতাকর্মীরা বিএনপি ছাড়তে শুরু করেছে। সামনে আরো অনেকেই পদত্যাগ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি ও জমাদানের দ্বিতীয় দিনের শুরুতে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, তারা এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। এমপি হিসেবে শপথ নিতে গণফোরামের প্রার্থী সুলতান মো. মনসুর আহমেদ ও মুকাব্বির খান শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের বারণ মানবেন না বলে মনে করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট থেকে দুইজন সংসদ সদস্যকে তারা শপথ নিতে বারণ করেছে। শেষ পর্যন্ত তারা কি শুনবে নেতৃত্বের বারণ? আমার তো মনে হয় না। ভোটে জয়ী গণফোরামের দুই নেতার সঙ্গে ‘কথা হয়েছে’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমার সঙ্গে তাদের কথা হয়েছে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের অধিকতর সমর্থন চাইবে বাংলাদেশ-দৈনিক নয়া দিগন্ত
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ভারতের কাছে অধিকতর সমর্থন চাইবে। আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আবদুল মোমেন তার প্রথম বিদেশ সফরের প্রাক্কালে একথা বলেন। তিনি রাতে তার প্রথম সফরে ভারতের নয়াদিল্লীর উদ্দেশে যাত্রা করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তাদের সঙ্গে অন্যান্য বিষয়ের মধ্যে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের ব্যাপারে আলোচনা করতে চাই। কারণ, এই সমস্যা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেতে পারে। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের জোরদার সমর্থন আশা করেন। নির্মম সামরিক অভিযানে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরনার্থীকে বাংলাদেশ মানবিক কারণে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ঘনিষ্ট প্রতিবেশী বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রতি সম্মান দেখাতে আমি আমার প্রথম বিদেশ যাত্রায় ভারত সফর করছি।
‘রাতের ভোট নিয়ে জাসদের বক্তব্যের কী জবাব দেবেন কাদের’-দৈনিক যুগান্তর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট বাক্সভর্তিসহ নানা অনিয়ম সংঘটিত হওয়ার কথা স্বীকার করে জাসদ যে বক্তব্য দিয়েছে তার কী জবাব দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বলেছে, ২৯ তারিখ রাতেই ব্যালটবক্স ভরা হয়। এখন আওয়ামী লীগের ‘ভ্রাম্যমাণ প্রতিনিধি’ ওবায়দুল কাদের কী জবাব দেবেন। প্রসঙ্গত, জাসদের জাতীয় কমিটির সাধারণ সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। এতে বলা হয়, ভোটের আগের রাতেই ব্যালট বাক্সভর্তিসহ নানা অনিয়ম সংঘটিত হওয়ার কথা কবুল করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
শুক্রবার কথা বলতে রাজি রাজীব কুমার-দৈনিক আজকাল
অপূর্ণ থেকে গেল সিবিআইয়ের মনস্কামনা। রাজীব কুমার মামলায় বড় জয় হল রাজ্যের। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট জানানো হল, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করা চলবে না। কোনওরকম জবরদস্তিও চলবে না। তবে তদন্তে সাহায্য করতে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে পুলিশ কমিশনার রাজীব কুমারকে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, গান্ধীজির প্রতিকৃতিতে গুলি চালিয়ে গ্রেপ্তার হলেন হিন্দু মহাসভার নেত্রী পুজা শকুন পাণ্ডে। বিস্তারিত খবরে বলা হয়েছে, অবশেষে গ্রেপ্তার হলেন অখিল ভারত হিন্দু মহাসভার নেত্রী পুজা শকুন পাণ্ডে। গতসপ্তাহে মহাত্মা গান্ধীর ৭১ তম মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে গুলি চালিয়ে দিনটি উদযাপন করেছিলেন হিন্দু মহাসভার সদস্যরা। এই কাজে নেতৃত্ব দিয়েছিলেন সমিতির সম্পাদক পূজা শকুন পান্ডে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই পুজা শকুনের গ্রেপ্তারের দাবিতে সরব হন নেটিজেনরা। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার নেত্রী। মঙ্গলবার তাঁকে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেপ্তার করা হয়। পুজা শকুনের স্বামী অশোক পাণ্ডেকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রকাশ্যে সুদীপ্ত সেনের চিঠি, ধরনা মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর -দৈনিক সংবাদ প্রতিদিন
চিটফান্ড কাণ্ডে নয়া মোড়। সারদাকর্তা সুদীপ্ত সেনের গোপন চিঠি প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে সুদীপ্ত লিখেছেন, বেশ কয়েকটি ভাউচার সই করে তাঁর কাছ থেকে তিন কোটি টাকা নিয়েছিলেন অসমের মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। কিন্তু সেই টাকা আর ফেরত দেননি। এই চিঠিকে হাতিয়ার করে ধরনা মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের মুখে চিটফান্ড নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিশের সংঘাত চরমে। রবিবার বিকেলে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে তাঁর বাংলোয় যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তাঁদের বাধা দেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এমনকী, সিবিআই আধিকারিকদের আটক করে নিয়ে যাওয়া হয় শেক্সপিয়র সরণি থানায়।
সিপি-র নামে অভিযোগে সুপ্রিম কোর্টে তৃণমূলের দিকেও আঙুল সিবিআইয়ের-দৈনিক আনন্দবাজার
রবিবার, ৩ ফেব্রুয়ারি তাদের অফিসারেরা যখন কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন, সম্ভবত সেই সময়ে সারদা-মামলার কিছু নথিপত্র নষ্ট বা বিকৃত করার চেষ্টা করা হচ্ছিল বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে লিখিত অভিযোগ করল সিবিআই। এসপি পার্থ মুখোপাধ্যায়ের পেশ করা লিখিত বয়ানে এই দাবি জানিয়ে লেখা হয়েছে, তা না হলে ওই বাড়িতে ঢোকা থেকে সিবিআই অফিসারদের বিরত করার প্রয়োজন হত না।
ওই নথির মধ্যে কী রয়েছে? সিবিআইয়ের তরফে শীর্ষ আদালতে যে অতিরিক্ত হলফনামা জমা পড়েছে, তাতে দাবি করা হয়েছে, সারদা তদন্তের সময়ে যে সব গুরুত্বপূর্ণ নথি রাজ্য পুলিশের তদন্তকারী দল— ‘সিট’ (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) জোগাড় করেছিল, সেগুলির মধ্যে অনেকগুলিই রাজীব কুমার সিবিআইকে দেননি এবং তা এখনও তাঁর কাছে রয়েছে। সেগুলির মধ্যে কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্য নথিপত্র রয়েছে এবং সেগুলির কিছু নষ্ট করার চেষ্টা হচ্ছিল বলে সিবিআইয়ের লিখিত দাবি। এই অভিযোগের বিষয়ে রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইলে বার্তা পাঠালে, রাত পর্যন্ত উত্তর পাওয়া যায়নি।
দেশের শীর্ষ আদালতে এদিন জমা পড়া সিবিআইয়ের এই অভিযোগপত্রে সরাসরি তৃণমূলের দিকেও আঙুল তোলা হয়েছে। অভিযোগপত্রে দাবি, সারদা, রোজ ভ্যালি এবং টাওয়ার গ্রুপের মতো কয়েকটি সংস্থাকে আড়াল করতে ‘সিট’ তৈরি করা হয়েছিল এবং এই সব সংস্থা সেই সময়ে রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলকে টাকা জুগিয়েছে। তদন্তে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলকে কখনও নিষ্ক্রিয় থাকতে, কখনও ‘পছন্দমতো’ তদন্ত করতে দেখা গিয়েছে, এমনকি, অভিযুক্তদের সঙ্গে পুলিশের ‘যোগসাজশের প্রমাণ’ও পাওয়া গিয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬