ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ১২:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মাদকের আমদানি ও কেনাবেচায় রেকর্ড-দৈনিক প্রথম আলো
  • সমুদ্রপথে আবারো শুরু হয়েছে মানব পাচার-দৈনিক ইত্তেফাক
  •  ঋণ আদায়ে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষের চাপে ফেনীতে হতাশাগ্রস্ত বিআরডিবি কর্মীর আত্মহত্যা-দৈনিক নয়া দিগন্ত
  • বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে: কাদের-দৈনিক যুগান্তর
  • স র জ মি ন পা স পো র্ট অ ফি স-দালালরা সবই করতে পারে!-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • ‘দুর্নীতির গুরুঠাকুর, এই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, ভাবতে লজ্জা হয়’, কটাক্ষ মমতার-দৈনিক আনন্দবাজার
  • আড়াই জন মিলে দেশ শাসন করা যায় না, বিজেপিকে কটাক্ষ করে টুইট অখিলেশ যাদবের-দৈনিক আজকাল
  • প্রতিবেদন ভুল! রাফালে ইস্যুতে সরকারকে ক্লিনচিট বায়ুসেনা অধিকর্তার-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর

পাসপোর্ট অফিসের চিত্র

স র জ মি ন পা স পো র্ট অ ফি স-দালালরা সবই করতে পারে!-দৈনিক মানবজমিন

নিচতলা থেকে ছয় তলা। সিঁড়ি দিয়ে বারবার উঠছিলেন, নামছিলেন। কখনো দু’তলা, কখনো তিন তলা। চোখে-মুখে ক্লান্তি। মাথা থেকে ঘাম ঝরছে। কথা বলতে গেলে বিমর্ষ মুখে তাকালেন। নিজের নামটি সংশোধন করার জন্য দুই দিন ধরে ঘুরছেন পাসপোর্ট অফিসে। সমাধান হচ্ছে না।

ঢাকার মিরপুরের বাসিন্দা এই যুবকের নাম আরিফ। শুধু আরিফই না, প্রতিদিন শত শত ‘আরিফ’ পাসপোর্ট সংক্রান্ত নানা কাজে এখানে আসেন। সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়ান। ফরম জমা দেন। নিয়ম অনুযায়ী কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথম প্রথম গিয়ে অনেকে ঝামেলায় পড়েন। আর এই সুযোগটিই নেয় দালাল চক্র। শরীরের ঘাম ঝরিয়ে যে কাজটি করাতে পারেননি সেই কাজটি গ্যারান্টি দিয়ে করে দেয়ার প্রতিশ্রুতি দেয় দালালরা। রাজধানীর আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এরকম দৃশ্য প্রতিদিনের। কার্যালয়টিকে দালালমুক্ত করতে কর্তৃপক্ষ সময়ে সময়ে নানা উদ্যোগ নিয়েছে। এখনও উদ্যোগ আছে। পরিচালিত হচ্ছে অভিযানও। দৃশ্যপট আগের চাইতে কিছুটা পাল্টেছেও। কিন্তু হয়রানি পুরো বন্ধ হয়নি। সরজমিন ঘুরে দেখা গেছে ভেতরে বাইরে ঘুরে বেড়াচ্ছে দালাল চক্র। সরজমিন পাওয়া অভিযোগগুলোর বিষয়ে যোগাযোগ করা হলে অধিদপ্তরের পরিচালক (বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এখানে আমরা কোনো অনিয়ম দেখতে চাই না। সেজন্য আমরা কাজ করছি। প্রতিদিনই দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। ধরাও হচ্ছে।

মাদকের আমদানি ও কেনাবেচায় রেকর্ড

মাদকের আমদানি ও কেনাবেচায় রেকর্ড-দৈনিক প্রথম আলো

•    গত বছর শুধু ইয়াবা ও হেরোইন বিক্রি বা পাচার হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকার

•    এ ব্যবসা এখন অপ্রতিরোধ্য

•    যত মাদক বিক্রি হয়, ধরা পড়ে তার মাত্র ১০ শতাংশ

ধারাবাহিক ‘বন্দুকযুদ্ধ’ ও সাঁড়াশি অভিযানের মধ্যেই দেশে মাদকের আমদানি ও কেনাবেচা আগের বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবে, গত বছর বিভিন্ন সংস্থার অভিযানে ৫ কোটি ৩০ লাখ ইয়াবা বড়ি এবং সাড়ে ১১ মণ হেরোইন উদ্ধার করা হয়েছে। এই পরিমাণ আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।

জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ইউএনওডিসির মতে, যত মাদক বিক্রি হয়, ধরা পড়ে তার মাত্র ১০ শতাংশ। এই হিসাব ধরলে গত বছর দেশে শুধু ইয়াবা বড়ি বিক্রি হয়েছে ৫৩ কোটির মতো। যার বাজারমূল্য প্রায় ৮ হাজার কোটি টাকা (প্রতি বড়ি দেড় শ টাকা)। আর হেরোইন পাচার বা বিক্রি হয়েছে ১১০ মণ, যার বাজারমূল্য (প্রতি কেজি ২০ লাখ টাকা ধরে) প্রায় ৯০০ কোটি টাকা।

হিসাব করে দেখা গেছে, সব মিলে মাদকের পেছনে বছরে মাদকসেবীরা প্রায় ৯ হাজার কোটি টাকা খরচ করছে, যা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বার্ষিক বাজেটের তিন গুণ। আর পুলিশের বাজেটের ৪ ভাগের ৩ ভাগ। দেশে ৬৬-৭০ লাখ লোক মাদকাসক্ত বলে মনে করা হয়।

মাদক সমস্যা নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞদের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের নেতাদের সংশ্লিষ্টতা থাকে, মদদ থাকে। বড় মাদক কারবারিরা বিপদে পড়লে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পায়। আর সেই ব্যবসায়ীরা তখন নিজেদের লোকদের সহজে রক্ষা করে। এ কারণে মাদকের বিরুদ্ধে অভিযান সফল হয় না। তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে শুদ্ধি অভিযান চালাতে হবে ভেতর-বাইরে। কাউকে ছাড় দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার নিজের কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের বলেন, ‘যা যা দাবি করেছেন, সবই মেনে নিয়েছি। এখন মাদকের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিন।’

মাদকবিরোধী অভিযানে সম্পৃক্ত সূত্রগুলো বলছে, এত বিপুল পরিমাণ বিনিয়োগ যেখানে, সেই মাদকের বাজার ও চাহিদা নিয়ন্ত্রণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। মাদক প্রতিরোধে ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণা করা হলেও এই অভিযানে যেমন সমন্বয় নেই, তেমনি সব মহল আন্তরিকও নয়। 

বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে: কাদের-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন, রাষ্ট্রীয়ভাবে এ খবর আমরা পেয়েছি। তিনি বলেন, অপজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। ‘কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।’

সমুদ্রপথে আবারো শুরু হয়েছে মানব পাচার-দৈনিক ইত্তেফাক

আবারও শুরু হলো মানব পাচার

আবারো শুরু হয়েছে কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে সমুদ্রপথে মানবপাচার। এক্ষেত্রে সক্রিয় রয়েছে দেশি-বিদেশি পাচার চক্র। যারা মাছ ধরা নৌকায় ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। মালয়েশিয়ায় কাজের আশায় পাচার চক্রের ফাঁদে পা দিচ্ছে অনেক বাংলাদেশিও।

সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে সমুদ্রপথে পাচারকালে ৫০ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ নিয়ে চলতি বছরে প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। পাচার চক্রের সঙ্গে জড়িত কয়েকজন দালালকেও আটক করা হয়। এদিকে ইন্দোনেশিয়ায় উদ্ধার করা হয়েছে ২৫০ বাংলাদেশিকে। যারা সমুদ্রপথে পাচারের শিকার হয়েছেন। মালয়েশিয়ায় কাজ দেওয়ার কথা বলে পাচারকারীরা তাদের সেখানে আটকে রেখেছে বলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে।

ঋণ আদায়ে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষের চাপে ফেনীতে হতাশাগ্রস্ত বিআরডিবি কর্মীর আত্মহত্যা-দৈনিক নয়া দিগন্ত

ফেনী শহরের বারাহিপুর এলাকার সাহেব বাজারে আনোয়ারা বেগম ননি (৫৩) নামের বিআরডিবির এক মাঠকর্মী গতকাল শুক্রবার বিকালে আত্মহত্যা করেছেন। একদিকে ঋণের টাকা আদায়ে ব্যর্থ হওয়ায় অফিসের কর্মকর্তাদের দুর্ব্যবহার, অন্যদিকে বেতন বন্ধ করে দেয়ায় তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে সহকর্মী ও স্বজনরা ধারণা করছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘দুর্নীতির গুরুঠাকুর, এই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, ভাবতে লজ্জা হয়’, কটাক্ষ মমতার-দৈনিক আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী মোদির তীব্র সমালোচনা করলেন

‘‘চোরের মায়ের বড় গলা’’— তাঁর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর তোলা ‘দুর্নীতি’র অভিযোগ এ ভাবেই নস্যাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক’দিন আগে প্রধানমন্ত্রীকে ‘দুর্নীতির ঠাকুর্দা’ বলে অভিহিত করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার উত্তরবঙ্গের সভায় মোদীর বক্তব্য শোনার পরে তিনি বললেন, ‘‘যিনি ও সব বলছেন, তিনি নিজেই তো দুর্নীতির গুরুঠাকুর। কত বড় রাফাল-দুর্নীতি! সব বেরোচ্ছে। এত বড় দুর্নীতিগ্রস্ত ভারতে জন্মায়নি! এই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, ভাবতে লজ্জা হয়! ওঁর মুখে জ্ঞানের বাণী শুনব না। ওঁর সেই অধিকার নেই।’’ এ দিন সকালে রাফাল সংক্রান্ত নথি প্রকাশ হওয়ার পর থেকেই তৎপর ছিলেন মমতা।

প্রতিবেদন ভুল! রাফালে ইস্যুতে সরকারকে ক্লিনচিট বায়ুসেনা অধিকর্তার-দৈনিক সংবাদ প্রতিদিন

রাফায়েল ইস্যুতে বড় ধাক্কা কংগ্রেসের৷ ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে প্রকাশিত যে প্রতিবেদনকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী৷ সেই প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিলেন রাফালে যুদ্ধবিমান সংক্রান্ত নেগোসিয়েশন টিমের প্রধান এয়ার মার্শাল এসবিপি সিনহা৷ বায়ুসেনার এই শীর্ষ আধিকারিক স্পষ্ট অভিযোগ করলেন, রাফায়েল সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি৷ ভুল ব্যাখ্যা করা হয়েছে ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে৷ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে ওই চিঠির উত্তরে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের পালটা জবাবের অংশকে৷ কেবলমাত্র একপক্ষের বক্তব্য প্রকাশ্যে আনা হয়েছে৷ এয়ার মার্শাল এসবিপি সিনহা আরও বলেন, ‘‘ওই চিঠি পাঠিয়েছিলেন ডেপুটি সেক্রেটরি এসকে শর্মা৷ যার সঙ্গে নেগোসিয়েশন টিমের কোনও সম্পর্ক নেই৷

আড়াই জন মিলে দেশ শাসন করা যায় না, বিজেপিকে কটাক্ষ করে টুইট অখিলেশ যাদবের-দৈনিক আজকাল

বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে মহাজোটকে মহাভেজাল বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই পাল্টা জবাব দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি খুব স্পষ্ট করে মোদিকে জানিয়েছেন যে মহাজোটের অভিসন্ধিকে মোটেও হাল্কাভাবে নেবেন না। অখিলেশ বলেন, ‘মহাভেজালের পাল্লায় পড়ে কোন দল ধ্বংস হয়ে যাবে আপনি জানেন না’।‌

বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জবাবি ভাষণের সময় প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলি আক্রমণ করেন। তিনি সেই সময় বলেছিলেন, ‘একটি স্বাস্থ্যবান গণতন্ত্রে অস্বাস্থ্যকর জোট চলতে পারে না।’ এই মন্তব্যের জেরে বেজায় চটেছেন অখিলেশ যাদব।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯