একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
প্রিয় পাঠক/শ্রোতা! ১৮ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- আরও তিন ব্যাংকের অনুমোদন- দৈনিক প্রথম আলো
- আল্লাহর জমিনের যে কোনো জায়গায় গণশুনানি করবই: আ স ম রব- দৈনিক যুগান্তর
- ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ: হিসাবে গরমিল হলেই জব্দ হবে সম্পদ- দৈনিক সমকাল
- জামায়াতের নিবন্ধন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ- অ্যাটর্নি জেনারেল- দৈনিক মানবজমিন
- জামায়াতের সবারই রাজ্জাকের মতো ভুল ভাঙা উচিত: ফরীদ উদ্দীন মাসঊদ- দৈনিক ইত্তেফাক
- বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর- দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- পুলওয়ামায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত মেজর-সহ চার জওয়ান- দৈনিক আনন্দবাজার
- চার দশক পর চালু হচ্ছে সুতির স্বাস্থ্যকেন্দ্র- দৈনিক আজকাল
- মাধ্যমিকে প্রশ্নফাঁসের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সিআইডি-র জালে ৫- দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
আরও তিন ব্যাংকের অনুমোদন- দৈনিক প্রথম আলো
আরও তিনটি বেসরকারি ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ রোববার রাতে নতুন তিন ব্যাংকের অনুমোদন দেয়। এ নিয়ে বর্তমান সরকারের তিন মেয়াদে অনুমোদন পেল ১৪টি ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় বেঙ্গল কমার্শিয়াল, পিপলস ও সিটিজেন ব্যাংক নামে নতুন তিন ব্যাংকের অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে ব্যাংক তিনটিকে লেটার অব ইনটেন্ট বা আগ্রহপত্র দেওয়া হবে। এরপরই অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কার্যক্রম শুরুর অনুমোদন দেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাকি কাজগুলো শুধু আনুষ্ঠানিকতা মাত্র।
জানা গেছে, আজ রোববার বিকেল চারটায় শুরু হওয়া পরিচালনা পর্ষদের সভা শেষ হয় রাত নয়টায়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাছের সাংবাদিকদের বলেন, তিনটি নতুন ব্যাংক অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। এসব ব্যাংককে দুই বছরের মধ্যে পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করতে হবে। অনুমোদন পর্যায়ে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা করে। নতুন এ তিনটি ব্যাংক অনুমোদন দিতে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের উচ্চপর্যায় থেকেও বাংলাদেশ ব্যাংককে লিখিত ও মৌখিক নির্দেশনা দেওয়া হয়।
আল্লাহর জমিনের যে কোনো জায়গায় গণশুনানি করবই: আ স ম রব- দৈনিক যুগান্তর
জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি ঠেকানো যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেছেন, ‘সরকারের কাছ থেকে যত বাধাই আসুক ২৪ তারিখের গণশুনানি করবই।’
রোববার মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, ‘সরকার আমাদের গণশুনানির কথা শুনে শহরের সব হল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বুকড করে রেখেছে। কোথাও হল নিতে গেলে হল মালিকরা বলেন- পুলিশের অনুমতি নেই। তাই কোনো হলে জায়গা না পেলেও আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায় আমরা আল্লাহর জমিনের যে কোনো খোলা জায়গায় গণশুনানি করবই।’
এর আগে বিকাল পৌনে ৫টার দিকে মতিঝিলের গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।
ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ: হিসাবে গরমিল হলেই জব্দ হবে সম্পদ- দৈনিক সমকাল
আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব হচ্ছে। স্থানীয় পর্যায় থেকে তাদের সম্পদ বিবরণীর তথ্য সংগ্রহ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সিআইডির ইকোনমিক ক্রাইম বিভাগে পাঠাবে। এর পর আত্মসমর্পণকারীদের সম্পদের উৎস সম্পর্কে বিশদ অনুসন্ধান করবে সরকারের একাধিক সংস্থা। সেখানে কোনো গরমিল পাওয়া গেলেই ইয়াবা কারবারিদের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ করে দেওয়া হবে। এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্নিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গতকাল রোববার সমকালকে বলেন, আত্মসমর্পণের সুযোগ দিয়ে মাদক কারবারিদের স্বাভাবিক জীবনে ফেরত আসার সুযোগ দেওয়া হয়েছে। কেউ এ সুযোগ না নিলে তার জন্য কঠোর বার্তা রয়েছে। আর দেশের অন্য এলাকার কোনো মাদক কারবারি আত্মসমর্পণ করতে চাইলে তারা সেই সুযোগ পাবে। এর পাশাপাশি দেশব্যাপী মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, আত্মসমর্পণকারীদের সম্পদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যদি তারা সম্পদের প্রকৃত হিসাব দিতে না পারেন, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত হবে। তিনি আরও বলেন, তালিকাভুক্ত যারা এখনও আত্মসমর্পণ করেনি, তাদের বিরুদ্ধে অভিযান চলছে। দেখামাত্র গ্রেফতার করা হবে।
জামায়াতের নিবন্ধন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ: অ্যাটর্নি জেনারেল- দৈনিক মানবজমিন
মামলা বিচারাধীন থাকায় জামায়াতের বিরুদ্ধে কোনো নির্বাহী আদেশ দেয়া যাচ্ছে না বলে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য যথার্থ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জামায়াতের নিবন্ধন হাইকোর্টের আদেশে বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বিচারাধীন। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যেকোনো রাজনৈতিক দলের রাজনীতি করার প্রধান উদ্দেশ্য কি ক্ষমতায় যাওয়া? ক্ষমতায় যেতে হলে নির্বাচেন করতে হবে। যদি তার লাইসেন্স না থাকে তাহলে তারা কীভাবে নির্বাচন করবে? আর যারা নাকি নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া রাজনীতি করতে চায়, সেটা তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি।
সেসব রাজনীতি তো আমাদের দেশের সাধারণ জনগণ গ্রহণ করে না। আর তাদের রাজনীতি করতে দেয়ার জন্য সুযোগ-সুবিধা দিতে রাষ্ট্রেরও বাধ্যবাধকতা নেই।’ তিনি বলেন, ‘সেই লাইসেন্সটাই বাতিলের জন্য মামলাটি আপিল বিভাগে বিচারাধীন আছে।
আমরা আশা করি, অতি দ্রুত এর শুনানির ব্যবস্থা নিতে পারবো।’ নতুন নামে জামায়াত রাজনীতি করতে পারবে কিনা জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘হিটলার নেই। কিন্তু হিটলারের ভাবাদর্শ নিয়ে যদি কোনো রাজনীতি শুরু হয়, সেটা কি বুঝতে জার্মান জনগণের অসুবিধা হবে? জামায়াতের ক্ষেত্রেও একইভাবে বলবো, কেউ যদি জামায়াতি ভাবধারায় রাজনীতি শুরু করতে চায় সেটা কি সাধারণ জনগণ বুঝবে না?’
জামায়াতের সবারই রাজ্জাকের মতো ভুল ভাঙা উচিত: ফরীদ উদ্দীন মাসঊদ- দৈনিক ইত্তেফাক
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার খতিব ফরীদ উদ্দীন মাসঊদ একাত্তরে জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধ ও নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে নিজেদের ভুল ভাঙাকে একটি শুভ লক্ষণ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘জামায়াতের সব সদস্যদেরই আব্দুর রাজ্জাকের মতো ভুল ভাঙা উচিত।’ রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জামায়াত থেকে পদত্যাগ করায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও আইনজীবী আব্দুর রাজ্জাককে অভিনন্দন জানিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘পাকিস্তানি হায়েনাদের কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াত কর্মীরা এ দেশের মানুষের ওপরে নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল একাত্তরে। দেরিতে হলেও নিজের ও দলের ভুল বুঝতে পারায় আমরা তাকে অভিনন্দন জানাই। কেবল একাত্তরের নৃশংসতা নয়, ধর্মীয় বিষয়ে জামায়াতের যে অপপ্রচার আছে, নবী রাসুলদের নিয়ে অপব্যাখ্যা আছে, সবকিছুর বিরুদ্ধে তাদের মুখ খুলতে হবে।’
ফরীদ উদ্দীন মাসঊদ আরও বলেন, ‘সাহাবায়ে কেরাম ও নবী-রাসুলদের বিরুদ্ধে মওদুদী ও জামায়াতে ইসলামীর লেখকরা সবচেয়ে বেশি সমালোচনা করেছেন। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। নবী-রাসুলদের সমালোচনা করার তো প্রশ্নই ওঠে না। আল্লাহর কাছে তারা নির্বাচিত। জামায়াতকে ধর্মীয় বিষয়েও জাতির কাছে ক্ষমা চেয়ে সুপথে ফিরে আসতে হবে।’
বিবৃতিতে তিনি বলেন, ‘যুদ্ধকালীন জামায়াতের ভূমিকা সম্পর্কে দায়দায়িত্ব গ্রহণ করে ক্ষমা চাওয়ার যে পরামর্শ দিয়েছেন আইনজীবী আব্দুর রাজ্জাক, তা অত্যন্ত সময়োচিত প্রস্তাব। জামায়াত সবসময় ভুলপথে ছিল। মুক্তিযুদ্ধে দেশের বিরুদ্ধে তাদের অবস্থান থাকলেও সেই চিন্তাধারার আলোকেই তারা এ দেশে রাজনীতি করছে।’
বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর- দৈনিক নয়াদিগন্ত
বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণের অংশ হিসেবে দুই দেশের মধ্যে শনিবার বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং বিদ্যুৎ খাতে চারটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রী সুলতান আল মনসুরির নেতৃত্বাধীন সংযুক্ত আরব আমিরাতের ১৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় সময় বিকেলে আবু ধাবির সেন্ট রেগিজ হোটেলে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর তাঁর উপস্থিতিতে এই স্মারকগুলো সাক্ষরিত হয়।
বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রেস সচিব ইহসানুল করিম এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে যে, এটার ভেতর দিয়ে বাংলাদেশ ও ইউএইর মধ্যে ব্যবসার একটা নতুন দ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা আমরা আগে কখনো দেখিনি।’
সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- গভর্নমেন্ট অব দুবাইয়ের সাথে বাংলাদেশের সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) চুক্তি। এতে সই করেছেন নৌ পরিবহন সচিব এম আব্দুস সামাদ ও ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘এটার মূল ফোকাস হল পোর্ট ও শিল্প পার্ক। কারণ ডিপি ওয়ার্ল্ড বলছে, তারা যেখানে পোর্ট তৈরি করে তারা সেখানে পোর্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, শিল্প পার্কও তৈরি করে।’
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
পুলওয়ামায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত মেজর-সহ চার জওয়ান- দৈনিক আনন্দবাজার
ফের পুলওয়ামায় জঙ্গি হামলা। সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত হলেন এক মেজর-সহ চার জন জওয়ান। গুরুতর আহত আরও কয়েক জন। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার ৬ থেকে ৮ কিলোমিটার দূরে পিংলানে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের ফলে প্রাণ হারিয়েছেন মেজর-সহ চার জওয়ান। গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দাও। সকাল ৯টা পর্যন্ত সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলছে।
সেনা সূত্রে খবর, পিংলান গ্রামে একটি বাড়িতে বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে রবিবার গভীর রাতে বাড়ি ঘিরে ফেলে সেনা। বাড়ির মধ্যে দুই জঙ্গিকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবারের হামলার পর নিয়মিত সেনা তল্লাশি সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। প্রত্যাঘাত করে সেনাবাহিনীও।
পিঙ্গলান এলাকায় রবিবার গভীর রাত থেকেই সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ঘটনায় আহত জওয়ানদের শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার অবন্তীপোরায় হামলায় পর সিআরপিএফ সূত্রে জানানো হয়েছিল, ওই এলাকায় নিরাপত্তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। কনভয়ের গতিতেও পরিবর্তন আনার কথা জানিয়েছিলেন সিআরপিএফের ডিজি রাজীব ভাটনগর।
চার দশক পর চালু হচ্ছে সুতির স্বাস্থ্যকেন্দ্র- দৈনিক আজকাল
সুতি জুড়ে খুশির হাওয়া। প্রায় চার দশক পর ফের নতুন করে চালু হতে চলেছে সুতি–১ নম্বর ব্লকের বহুতালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। খুব তাড়াতাড়িই ফের চালু হতে চলছে এই স্বাস্থ্যকেন্দ্র। ইতিমধ্যে স্বাস্থ্যকেন্দ্রটি চালুর জন্য চিকিৎসক, নার্স, চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হয়েছে। ঝাড়খণ্ড ও বীরভূম লাগোয়া সুতি ১ নম্বর ব্লকের বহুতালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ার খবরে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রসঙ্গত, ষাট বছর আগে সীমান্ত এলাকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার জন্য চালু করা হয়েছিল বহুতালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি। চিকিৎসক, নার্স, চতুর্থ শ্রেণির কর্মী ছিল। চার দশক আগে আচমকা একটি গন্ডগোলে বন্ধ হয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রটি। বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসা পরিষেবার জন্য তঁাদের নির্ভর করতে হয় আহিরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা পার্শ্ববর্তী বীরভূম জেলার রাজনগর হাসপাতালের ওপর। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সব থেকে বেশি সমস্যায় পড়েন গর্ভবতী মায়েরা। যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় বাড়িতে প্রসবের হার বাড়তে থাকে। মুর্শিদাবাদ জেলা প্রশাসন হাসপাতালে প্রসবের ওপর বিশেষ নজর দেন। নতুন করে বহুতালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। দীর্ঘদিন স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় গবাদি পশুর আস্থানায় পরিণত হয়েছিল। অবশেষে গবাদিপশুর আস্তানা সরিয়ে নতুন করে গড়ে তোলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি।
সুতি–১ নম্বর ব্লকের বিএমওএইচ অমিত মালাকার জানান, দ্রুত বহুতালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে ফের চালু হতে চলেছে। তারপর থেকে ১০ শয্যা বিশিষ্ট অন্তর্বিভাগে রোগী ভর্তি নেওয়া হবে। ইতিমধ্যেই একজন চিকিৎসক, চারজন নার্স ও চারজন চতুর্থ শ্রেণিরকর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়া আহিরণ ও বেলডাঙা স্বাস্থ্যকেন্দ্র থেকে দু’জন চিকিৎসক ও একজন নার্সকে সাময়িকভাবে আনা হচ্ছে কাজ চালানোর জন্য।
মাধ্যমিকে প্রশ্নফাঁসের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সিআইডি-র জালে ৫- দৈনিক সংবাদ প্রতিদিন
মাধ্যমিকের একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে নামল সিআইডি। আর শুরুতেই অনেকটা এগিয়ে গেলেন তদন্তকারীরা। সিআইডি সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম থানার সাহায্যে ইতিমধ্যেই প্রশ্ন ফাঁসে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ২ জন সন্দেহভাজনকে আটক করেছেন গোয়েন্দারা। ধৃতরা শাহবুল আমিন, শাহবাজ মণ্ডল, সাজিদুর রহমান। আটক দুজনের নাম, পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই পাঁচ অভিযুক্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে প্রশ্ন ফাঁস করছিল। পরীক্ষা শুরু হওয়ার পর উত্তরও এই গ্রুপের মাধ্যমেই তারা ছড়িয়ে দিচ্ছিল সোশ্যাল মিডিয়ায়।
গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন বাংলা, দ্বিতীয় দিন ইংরাজি প্রশ্ন, পরীক্ষা শুরুর আধঘণ্টা পর থেকেই ঘুরতে থাকে হোয়াটসঅ্যাপ-সহ নানা সোশ্যাল মিডিয়ার পাতায়। পরের দুদিন ইতিহাস এবং ভূগোলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর আধঘণ্টা পরই প্রশ্ন বেরিয়ে যায় বাইরে। পরীক্ষার যৌক্তিকতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ক্ষোভ বাড়তে থাকে শিক্ষক মহলে। এভাবে পরপর প্রশ্নফাঁসের ঘটনা রীতিমতো কৌতুকের পর্যায়ে চলে যায় নানা স্তরে। মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকায় শুরু হয় তীব্র সমালোচনা।
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
https://www.facebook.com/ParsTodayBangla1