ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১৪:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘ঐক্যফ্রন্টের গণশুনানিতে যা বললেন কামাল-ফখরুল-দৈনিক যুগান্তর
  • ‘ভবনে ছিল লাইটার রিফিলের ক্যান, সবই কেমিক্যাল’-দৈনিক প্রথম আলো
  • চকবাজার ট্র্যাজেডির দায় সরকার এড়াতে পারে না: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
  • গণমৃত্যু তদন্তে দেশে সুনির্দিষ্ট ব্যবস্থা নেই-দৈনিক নয়া দিগন্ত
  • রায় লিখুন বাংলায়, যাতে মানুষ বোঝে: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • দেওবন্দ থেকে পুলিশের জালে ২ জইশ জঙ্গি, খতিয়ে দেখা হচ্ছে পুলওয়ামা যোগ-দৈনিক আনন্দবাজার
  • হামলা করতে পারে ভারত, আশঙ্কায় পাক অধিকৃত কাশ্মীরে জারি সতর্কতা-দৈনিক আজকাল
  • পুলওয়ামার খবর পেয়েও শুটিংয়ে মগ্ন, মোদিকে ‘প্রাইম টাইম মিনিস্টার’ বলে কটাক্ষ রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর 

আজকের বাংলাদেশের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালে চকবাজার ট্রাজেডির ফলোআপ খবর এবং জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির খবর সবচেয়ে গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে।

চকবাজার ট্র্যাজেডির দায় সরকার এড়াতে পারে না: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

Image Caption

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের পর সিটি মেয়র ব্যবস্থা নেয়া শুরু করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পুনর্বাসন ও আর্থিক সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে কারো রাজনীতি করা উচিত নয়।তিনি বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারেরও বিকল্প ভাবা হবে। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পুরান ঢাকার চকবাজার ট্র্যাজেডির দায় সরকার এড়িয়ে যেতে পারে না। সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে।

কেমিক্যালের কারণেই আগুন ছড়িয়েছে : ফায়ার সার্ভিস-দৈনিক ইত্তেফাক

চকবাজারে যেখানে আগুন লেগেছিল সেখানে কেমিক্যাল ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল এস এম জুলফিকার রহমান বলেছেন, ভবনের ভেতরে গ্যাস লাইটার রিফিলের পদার্থ ছিল। এটা একটা দাহ্য পদার্থ। এ ছাড়া অন্যান্য কেমিক্যাল ছিল। প্রত্যেকটা জিনিসই আগুন দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করেছে। শুক্রবার সকালে ১১ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।

এস এম জুলফিকার রহমান বলেন, চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে রাসায়নিকের মজুত ছিল। কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে এবং দীর্ঘস্থায়ী হয়েছে। ভবনগুলোর মধ্যে সুগন্ধির ক্যান ছাড়াও লাইটার রিফিল করার ক্যান ছিল। এগুলো ব্লাস্ট হয়ে বোমের মতো কাজ করেছে।

মাকে খুঁজে পেতে ডিএনএ নমুনা দিল শিশু সানিন

মাকে খুঁজে পেতে ডিএনএ নমুনা দিল শিশু সানিন-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মামার কোলে চড়ে মায়ের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে ছোট্ট সানিন। পাঁচ বছরের শিশুটি ঠিক বুঝে উঠতে পারছে না, কী হয়েছে! সবাই বলছে, তার মা আর নেই। কিন্তু সে জানে—মা তো একটু বাড়ির নিচে গিয়েছিল। তারপর কোথায় গেল? সানিনের পাঁচ মাস বয়সী ছোট্ট বোনটাও সারাক্ষণ কাঁদছে। অবুঝ শিশুটিও হয়তো তার মাকে খুঁজছে। রাজধানীর চকবাজারে গত বুধবার রাতে আগুনের ঘটনায় সানিনের মা বিবি হালিমা বেগম শিলা (২৫) নিখোঁজ রয়েছেন।

প্রথম আলোর আরেকটি প্রতিবেদনের শিরোনাম-চোখ এত পোড়ায় ক্যান! লেখা হয়েছে, কাল থেকে শুধু টুকরো টুকরো গল্প এসে জড়ো হচ্ছে। গল্পের সংখ্যা গুণিতক হারে বেড়ে চলেছে। ২০...৪০...৬০...। প্রতিটি সংখ্যা ঘিরে একটি নয়, হাজারো গল্প। গল্পের চরিত্রগুলো মনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।

গণমৃত্যু তদন্তে দেশে সুনির্দিষ্ট ব্যবস্থা নেই-দৈনিক নয়া দিগন্ত

চকবাজার অগ্নিকাণ্ডে সারি সারি পোড়া লাশ

বাংলাদেশে নানা ধরনের দুর্যোগে গণমৃত্যু ঘটছে। কিন্তু এ ব্যাপারটি তদন্তে দেশে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। এ পর্যন্ত কোনো বিশেষজ্ঞ দল তৈরি হয়নি। এমনকি কাউকে অথবা একটি দলকে প্রশিক্ষণ দিয়ে দক্ষও করা হয়নি।

প্রতি বছরই নানা ধরনের দুর্যোগে মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে শিল্পকারখানায় যে অগ্নিকাণ্ড ঘটছে সেগুলো কিভাবে ঘটছে, মানুষ কিভাবে মারা যাচ্ছে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরার কোনো ‘সেল’ দেশে নেই।

বিদেশে এ ধরনের সেল গড়ে তোলা হয়েছে। যাদের কাজ হলো গণমৃত্যু ঘটলে তারা সেখানে যান এবং ঘটনা নিরূপণ করে সরকারকে রিপোর্ট দেন। কিন্তু দেশে সিস্টেমেটিক ইনভেস্টিগেশন হচ্ছে না, দুর্ঘটনাস্থলে যে যেভাবে পারছে, আসছে-যাচ্ছে। সংগঠিত উপায়ে, বৈজ্ঞানিকভাবে কোনো তদন্ত হচ্ছে না। এতে আলামতগুলো নষ্ট হয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা, পাবলিক হেলথ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মোজাহেরুল হক এ প্রসঙ্গে জানিয়েছেন, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের অভাবে আমাদের তদন্ত রিপোর্টগুলো সঠিক হচ্ছে না। যেমন অগ্নিকাণ্ডে শুধু যে দগ্ধ হয়ে মারা যায় তা নয়, সেখানে ধোঁয়ার কারণেও মানুষ মারা যায়। চারদিকে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়লে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। আগুন ও ধোঁয়ার কারণে আক্সিজেন হ্রাস পেয়ে কার্বন মনোক্সাইড তৈরি হয়। এ বিষাক্ত কার্বন মনোক্সাইড শ্বাসের মাধ্যমে ভেতরে গিয়ে শ্বাস কষ্ট হয়ে মানুষের মৃত্যু ঘটিয়ে থাকে। এ বিষয়ে কোনো ট্রেনিং না থাকায় যাচ্ছে-তাই একটা রিপোর্ট দেয়া হচ্ছে। বেশির ভাগ রিপোর্টের ‘কজ অব ডেথ’ সুনির্দিষ্ট করে তুলে ধরা সম্ভব হচ্ছে না।

ঐক্যফ্রন্টের গণশুনানিতে যা বললেন কামাল-ফখরুল-দৈনিক যুগান্তর

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের অভিযোগ নিয়ে শুক্রবার সকালে গণশুনানি শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুনানির শুরুতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত ও আহতদের স্মরণে শোক প্রস্তাব করেন। গণশুনানির শুরুতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, আমরা বিচারক নই। কোনো বিচার করার ক্ষমতা বা কর্তব্যও নেই আমাদের। গণশুনানি হচ্ছে- প্রার্থীরা জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন।

তিনি বলেন, বিচার যেটি হচ্ছে- সেটি ট্রাইব্যুনালে হবে। আর গণআদালত যেটি বলা হয়- সেটির বিচার জনগণ করবে। আমরা এসেছি অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। যে বক্তব্য আসবে, সেগুলো পরে প্রকাশ করা হবে। বই আকারেও প্রকাশ করা হবে। সবার বক্তব্য রেকর্ড করা হবে।মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর দেশে একটি প্রহসনের নির্বাচন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায়, যা ইচ্ছা তাই করছে সরকার। তাকে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হয় না। গণশুনানিতে সাত সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। অন্যদের মধ্যে রয়েছেন ড. এমাজউদ্দীন আহমদ, ড. নুরুল আমিন বেপারী, ড. মহসিন রশীদ, ড. আনিসুর রহমান খান, প্রফেসর দিলারা চৌধুরী ও ড. আসিফ নজরুল।

রায় লিখুন বাংলায়, যাতে মানুষ বোঝে: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আদালতের রায় লেখার সময় ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,  আদালতের রায় লেখা হয় ইংরেজিতে। সেই রায়ে কি বলা হলো তা বুঝতে অনেক বিচারপ্রার্থীকে নির্ভর করতে হয় আইনজীবীর ওপর। তিনি (আইনজীবী) যা বোঝাবেন তাই সে বুঝবে, নিজে পড়ে জানার কোনো সুযোগ তার থাকে না। ফলে অনেক সময় তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয় অথবা তাকে একটু অন্যভাবে ব্যবহারও করা হয়। শেখ হাসিনা বলেন, আমি বলব, আদালতের রায়টা যদি কেউ ইংরেজিতে লিখতে চান লিখতে পারেন। কিন্তু একটা শর্ত থাকবে, এটা বাংলা ভাষায় প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে এবং যিনি রায় পাবেন তিনি যেন পড়ে জানতে পারেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দেওবন্দ থেকে পুলিশের জালে ২ জইশ জঙ্গি, খতিয়ে দেখা হচ্ছে পুলওয়ামা যোগ-দৈনিক আনন্দবাজার

পশ্চিম উত্তরপ্রদেশের দেওবন্দ থেকে দুই সন্দেহভাজন জইশ জঙ্গিকে গ্রেফতার করল পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ওমপ্রকাশ সিংহ শুক্রবার জানান, পরবর্তী তদন্তের জন্য ওই দু’জনের গ্রেফতারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ধৃতেরা দু’জনই কাশ্মীরের বাসিন্দা। পুলওয়ামার ঘটনার সঙ্গে ওই দুই সন্দেহভাজনের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।

পুলিশ জানিয়েছে ধৃত শাহনওয়াজ তেলি এবং আকিব আহমেদ মালিক কাশ্মীরের কুলগাম এবং পুলওয়ামার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দু’টি পিস্তল এবং ৩০ রাউন্ড বুলেট পাওয়া গিয়েছে। পুলিশের দাবি, দেওবন্দেরই কিছু ছাত্রের কাছ থেকে প্রথম খবর পাওয়া যায় যে কয়েক জন সন্দেহভাজন ওই এলাকায় থাকছে। সেই তদন্ত করতে গিয়ে ওই দু’জনকে শনাক্ত করা হয়।

হামলা করতে পারে ভারত, আশঙ্কায় পাক অধিকৃত কাশ্মীরে জারি সতর্কতা-দৈনিক আজকাল

পাকিস্তানের সেনারা প্রস্তুত

পুলওয়ামা হামলার পর ভারত যে ভীষণভাবে ক্ষেপে রয়েছে, তার আঁচ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পাকিস্তানের কাছে। এরইমধ্যে কাশ্মীরে সেনা–জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে তিন জঙ্গি। তবে যুদ্ধ আদৌও করবে কিনা ভারতীয় সেনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেশটির সরকার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে কোনো ধরণের আগ্রাসন বা ভুল আচরনের কঠিন ও সর্বাত্মক জবাব দেয়ার নির্দেশ রয়েছে সেনাবাহিনীর কাছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারতের হুশিয়ারির পর এ নির্দেশ দেয়া হল পাক সেনাদের। এ খবর দিয়েছে আল-জাজিরা।

হামলার খবর পেয়ে মোদী কিছু খাননি, কংগ্রেসের অভিযোগ মিথ্যা, পাল্টা দাবি বিজেপির-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

পুলওয়ামায় হামলার খবর শোনার পর কিছু মুখে তোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের তোলা অভিযোগের ভিত্তিতে পাল্টা এমনটাই দাবি করল বিজেপি।

কংগ্রেস অভিযোগ তোলে, পুলওয়ামায় সিআরপি জওয়ানদের উপর যখন জঙ্গি হামলা হয়, সে সময় নৈনিতালে জিম করবেট জাতীয় উদ্যানে তথ্যচিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদী। শুধু ব্যস্ত থাকাই নয়, রামনগরের সরকারি অতিথিশালায় বসে রীতিমতো চা-পকোড়া আড্ডায় মেতেছিলেন তিনি।

আর এবার দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, এবার টুইট করে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রীকে ‘প্রাইম টাইম মিনিস্টার’ বলে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি। তিনি আরও লেখেন, ‘দেশের শহিদ জওয়ানদের পরিবার যখন শোকের সাগরে ডুবে ছিলেন তখন প্রধানমন্ত্রী হাসতে হাসতে নদীতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন।’

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২