‘জীবন সঙ্কটে’ ওবায়দুল কাদের'
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সেনাবাহিনীকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- সুলতান-মোকাব্বিরের বিষয়ে ব্যবস্থা নেবে গণফোরাম: মোশাররফ-দৈনিক যুগান্তর
- ‘কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়’-দৈনিক প্রথম আলো
- ‘জীবন সঙ্কটে’ ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
- পুরনো ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানো যাচ্ছে না কেন?-দৈনিক নয়া দিগন্ত
- আমি প্রস্তুত ছিলাম, বলা হচ্ছে ঘুমিয়েছিলাম: খালেদা জিয়া-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ‘কঠোরভাবে অভ্যন্তরীণ' মুসলিম দেশগুলির কাশ্মীর প্রস্তাবের পরই জবাব ভারতের-দৈনিক আনন্দবাজার
- শারিরীক নয়, অনবরত মানসিক নির্যাতন হয়েছে অভিনন্দনের ওপর-দৈনিক আজকাল
- বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তি -দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতা সম্পর্কিত খবর আজকের প্রায় সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক মানবজমিন ও যুগান্তরের খবরে লেখা হয়েছে-সংকটাপন্ন ওবায়দুল কাদেরের অবস্থা। এই মুহূর্তে তাকে সিঙ্গাপুর পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসক। দৈনিকটির অন্য খবরে লেখা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ‘জীবন শঙ্কায়' থাকা ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রেসিডেন্ট আবদুল হামিদ ও স্পিকার ড. শিরীন শারমিন।
সেনাবাহিনীকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর/দৈনিক মানবজমিন
পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোন হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সম্পদ। দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক। তাই পেশাদারিত্বের কাঙ্খিত মান অর্জনের জন্য সকল সদস্যকে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। রাজশাহী সেনানিবাসে রোববার দুপুরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
পুরান ঢাকায় অভিযানে বাধার মুখে টাস্কফোর্স, গাড়ি ভাঙচুর-দৈনিক প্রথম আলো
পুরান ঢাকার শহীদনগরে রাজনারায়ণ রোডে অবৈধ রাসায়নিক ও প্লাস্টিকের কারখানার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছে সেবা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের একটি দল। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকেরা টাস্কফোর্স সদস্যদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে লালবাগ থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে। অভিযানে বাধা দেওয়ার সময় বিদ্যুতের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
গতকাল শনিবারও পুরান ঢাকার বকশীবাজারের জয়নাগ রোডে নিষিদ্ধ রাসায়নিক গুদাম, পলিথিন ও প্লাস্টিকের কারখানার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছিল টাস্কফোর্সের সদস্যরা। তাঁরা ব্যবসায়ীদের বাধায় পুরান ঢাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন। অবশ্য পরে দ্বিতীয় দফায় গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের হস্তক্ষেপে অভিযান চালানো হয়। অভিযানে রাসায়নিক গুদাম, পলিথিন, প্লাস্টিকসহ মোট ১৩টি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রধানমন্ত্রী কেমিক্যাল গুদাম উচ্ছেদের বিষয়ে সিরিয়াস: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমিক্যাল গুদাম উচ্ছেদের বিষয়ে সিরিয়াস। কোনো বাধাতেই চকবাজারের কেমিক্যাল গুদাম সরানোর কাজ থেমে থাকবে না। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিরিয়াস। ইতিমধ্যে তিনি একটি দিকনির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছে।
পুরনো ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানো যাচ্ছে না কেন?-দৈনিক মানবজমিন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি দল শনিবার সকালে রাসায়নিকের গুদাম উচ্ছেদ করতে বকশীবাজার এলাকায় গেলে সেখানে তারা বাধার মুখে পড়ে। বাড়ির মালিক এবং ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে তারা এক পর্যায়ে সিটি কর্পোরেশনের অফিসে ফিরে গিয়ে বিষয়টি মেয়রকে অবহিত করেন। ব্যবসায়ী এবং বাড়ির মালিকদের অভিযোগ হচ্ছে, পুরনো ঢাকা থেকে এই মুহূর্তে সরে যাবার মতো বিকল্প কোনো জায়গা নেই। অধ্যাপক সুলতানা রাজিয়া বলেন, রাসায়নিক উপকরণের গুদামের কারণে পুরনো ঢাকায় যে ঝুঁকি তৈরি হয়েছে এটি নিয়ে কোন দ্বিমত নেই। তিনি বলেন, "জীবন বাঁচানো জরুরী হয়ে গেছে। কিন্তু সুন্দরভাবে করতে হলে সেখানে যারা ব্যবসায়ী আছেন, তাদের সাথে কথাবার্তা বলেই করতে হবে। জোর করে সব জিনিস করা কঠিন হবে।" মেয়র সাঈদ খোকন বলেন, যেসব বাড়িতে রাসায়নিক গুদাম এবং মানুষের বসতি একসাথে রয়েছে সেখানে শুধু গুদামগুলোর বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। যদি আগুন লাগে তাহলে সেটি যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তবে এটি সে অর্থে উচ্ছেদ অভিযান নয় বলে উল্লেখ করেন মেয়র সাঈদ খোকন।
আমি প্রস্তুত ছিলাম, বলা হচ্ছে ঘুমিয়েছিলাম: খালেদা জিয়া-দৈনিক মানবজমিন
নাইকো মামলায় হাজিরা দিতে আদালতে প্রবেশ করেই খালেদা জিয়া বললেন, আমি প্রস্তুত ছিলাম, আমাকে আদালতে আনা হয়নি। অথচ বলা হয়েছে, ঘুমিয়ে ছিলাম। এটা ঠিক না। আজ নাইকো মামলায় হাজিরা দিতে ১২টা ৩৪ মিনিটে হুইল চেয়ারে করে আদালতে আনা হয় তাকে। এজলাসে ছিলেন বিচারক শেখ হাফিজুর রহমান। আদালতের কার্যক্রম শেষ হয় ১টা ৪৮ মিনিটে। এরপর আবারও খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আগামী ১৯শে মার্চ পরবর্তী শুনানি হবে। এদিন আদালতের ভেতরে খালেদা জিয়ার পাশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসেছিলেন। এ সময় তারা দু’জনে কথা বলছিলেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘কঠোর ভাবে অভ্যন্তরীণ’, মুসলিম দেশগুলির কাশ্মীর প্রস্তাবের পরই জবাব ভারতের-দৈনিক আনন্দবাজার
জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই সংক্রান্ত সব কিছুই ভারতের কাছে কঠোর ভাবে অভ্যন্তরীণ বিষয়। ৫৭টি মুসলিম দেশের গোষ্ঠী ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’- এর সম্মেলনে কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে একটি প্রস্তাব পাশ হওয়ার পরই এই প্রতিক্রিয়া নয়াদিল্লির।
শুক্রবারই আবু ধাবিতে মুসলিম দেশগুলির বিদেশমন্ত্রীদের এই সম্মেলনে প্রথম বারের জন্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর এই সফর আক্ষরিক অর্থেই ছিল ঐতিহাসিক, কারণ পাকিস্তানের প্রবল আপত্তি সত্ত্বেও এই বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল ওআইসি। ভারতের উপস্থিতি মানতে না পেরে এই সম্মেলনে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছিল পাকিস্তান। এতেই শেষ নয়, মুসলিম দেশগুলির মঞ্চে দাঁড়িয়ে সন্ত্রাসে মদত দেওয়ার জন্য নাম না করে পাকিস্তানকে তুলোধনাও করেন সুষমা।
ভারতের এই কূটনৈতিক সাফল্যের পরই কলকাঠি নাড়তে শুরু করে ইসলামাবাদ। সুষমা স্বরাজ বক্তব্য রাখার ঠিক পরের দিনই একটি প্রস্তাব পাশ করা হয় ওআইসি বিদেশমন্ত্রীদের এই সম্মেলনের শেষ দিনে। প্রস্তাবটিতে কাশ্মীরে ভারতের ভূমিকা নিয়ে সমালোচনাও করা হয়। নিরীহ কাশ্মীরিদের ওপর সেনার বলপ্রয়োগের নিন্দাও করেন মুসলিম দেশগুলির বিদেশমন্ত্রীরা।
বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তি-দৈনিক সংবাদ প্রতিদিন/আনন্দবাজার
বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজ্যের বিভিন্ন প্রান্তে। রবিবার সকালেই গোয়ালতোড়, কোচবিহার, হুগলির আরামবাগ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির বাইক মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিজেপি সংকল্প বিজয় বাইক মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে আসানসোল, হাওড়া, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও। আগে আইনি জটিলতায় বাতিল হয়েছিল বিজেপির রথযাত্রা কর্মসূচি। গণতন্ত্র বাঁচাও যাত্রার ক্ষেত্রেও ক্রমাগত বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপিকে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে বিজয় সংকল্প বাইক ব়্যালি বের করার পরিকল্পনা করে গেরুয়া শিবির। যদিও উচ্চমাধ্যমিকের কারণে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। পরে রবিবার সকালে বিজেপির বাইক মিছিলের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় জেলায় জেলায়।
শারিরীক নয়, অনবরত মানসিক নির্যাতন হয়েছে অভিনন্দনের ওপর-দৈনিক আজকাল
৬০ ঘণ্টা পাকিস্তানের মাটিতে কাটিয়ে দেশে ফিরেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। শনিবার এক রিপোর্ট মারফত জানা গিয়েছে, পাকিস্তানের হেফাজতে ৬০ ঘন্টা থাকাকালীন তাঁর ওপর শারীরিক অত্যাচার না হলেও অভিনন্দন বর্তমানের ওপর মানসিক নির্যাতন চালিয়েছিল পাকিস্তান। তবে কি ধরনের মানসিক নির্যাতন হয়েছে তাঁর ওপর, তা নিয়ে এখনও কিছু বলেননি অভিনন্দন। অভিনন্দন জানিয়েছেন, তাঁকে বন্দী করার পর পৃথক সেলে রেখে দেওয়া হয় এবং এরপরই তাঁর ওপর ক্রমাগত মানসিক অত্যাচার চলে। যদিও তিনি সেনার হাতে বন্দী হওয়ার আগেই গুরুত্বপূর্ণ নথি খেয়ে ফেলেছিলেন। তাই তাঁর কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। বৃহস্পতিবার ইমরান খান সংসদের যৌথ অধিবেশনেই জানিয়ে দেন যে মুক্তি দেওয়া হবে উইং কমান্ডারকে।
অন্যদিকে অভিনন্দনকে ছাড়ার কিছুক্ষণ আগে পাকিস্তান একটি ভিডিও প্রকাশ করে। যেখানে উইং কমান্ডারকে দিয়ে জোর করে পাকিস্তান সেনার প্রশংসা করানো হয়।#
পার্সটিুডে/আবদুর রশীদ/৩