মার্চ ১০, ২০১৯ ১৩:৫৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সেনাবাহিনীকে রাজনৈতিক প্রচারের বাইরে রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন-
  • ডাকসু হবে ৩০ ডিসেম্বর নির্বাচনের প্রতিচ্ছবি: মান্না-দৈনিক যুগান্তর
  • ‘যাঁরা আত্মসমর্পণ করবেন না, তাঁদের পরিণতি তাঁরাই জানেন’-দৈনিক প্রথম আলোখালেদা বিএসএমএমইউ
  • হাসপাতালে যাচ্ছেন না : কারা কর্তৃপক্ষ-দৈনিক ইত্তেফাক
  • পুনঃনির্বাচন দিন নইলে পদত্যাগ করুন : সিইসিকে মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত
  • কাদেরের অবস্থা ক্রম উন্নতির দিকে-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে নাগাড়ে গোলাবর্ষণ পাকিস্তানের-দৈনিক আনন্দবাজার
  • এয়ারস্ট্রাইকের প্রমাণ চেয়েছে দল, লজ্জায় ইস্তফা দিলেন কংগ্রেস নেতা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • সেনাবাহিনীকে রাজনৈতিক প্রচারের বাইরে রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএসএমএমইউ  এ চিকিৎসা নিতে অনাগ্রহ দেখিয়েছেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা সম্পর্কিত খবর আজকের প্রায় সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ  ও অনলাইন পোর্টালে পরিবেশিত হয়েছে। ইত্তেফাকের শিরোনাম- খালেদা বিএসএমএমইউ হাসপাতালে যাচ্ছেন না : কারা কর্তৃপক্ষ

প্রথম আলোর খবরে লেখা হয়েছে, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ সব প্রস্তুতি শেষ করেছে। তবে আজ রোববার সেখানে যাচ্ছেন না খালেদা জিয়া। কারা কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে যাওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন অনাগ্রহ দেখিয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। পরে দুপুরে আবদুল্লাহ হারুন সাংবাদিকদের বলেন, তাঁর (খালেদা জিয়া) কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য আসার কথা রয়েছে। তবে আজ তিনি আসছেন না। ভবিষ্যতে কোনো সময়ে আসবেন। কারা কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যাপারে খালেদা জিয়া অনীহা প্রকাশ করেছেন। ৩ মার্চ খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে বলেন, তিনি খুবই অসুস্থ বোধ করছেন। তাঁর শরীরটা ভালো যাচ্ছে না।

এরপর গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে বিএসএমএমইউতে নেওয়া হবে।

‘যাঁরা আত্মসমর্পণ করবেন না, তাঁদের পরিণতি তাঁরাই জানেন’-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সরকারের মাদকবিরোধী অভিযানে কথিত ‘ক্রসফায়ারে’ নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। কয়েকজনের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে, সমালোচনাও হয়েছে। এসব সমালোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল রাজধানীতে এক মাদকবিরোধী সমাবেশে- ফিলিপাইন, দক্ষিণ আমেরিকার উদাহরণ টেনে বলেছেন, অভিযানের সময় মাদক অপরাধীরা অস্ত্র নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালেই কেবল এ ধরনের ঘটনাগুলো ঘটে। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর চলমান অভিযান বন্ধ হবে না। যাঁরা আত্মসমর্পণ করবেন না, তাঁদের পরিণতি ‘তাঁরাই জানেন। দৈনিকটির নেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গায়েবি মামলা বলে এখানে কিছু নেই।

ডাকসু নির্বাচন সম্পর্কিত খবরও প্রায় সব দৈনিকের অনলাইন সংস্করণে পরিবেশিত হয়েছে। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফল না, ডাকসু নির্বাচনেই খুশি ফখরুল। খবরে লেখা হয়েছে, মির্জা ফখরুল বলেছেন, ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে ছাত্রসংগঠনগুলো অংশগ্রহণ করছে, আমি সেটাকে স্বাগত জানাই। তিনি বলেছেন, কোন দল জিতবে কোন দল জিতবে না, সেটা পরের বিবেচ্য বিষয়। আর দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপিপন্থী শিক্ষকরা আজ এক সংবাদ সম্মেলনে শঙ্কা প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাচন

বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ আজ অনুষ্ঠিত হলো। এ সম্পর্কিত নানা খবর জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণে এসেছে। দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে সিরাজগঞ্জ সদরে ভোটের আগের- রাতেই ব্যালট বাক্স ভর্তি, কেন্দ্র স্থগিত, প্রিজাইডিং অফিসারসহ আটক ৩। দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, হবিগঞ্জে হামলায় পুলিশসহ আহত ৬, দুই কেন্দ্রে ভোট বন্ধ। সুনামগঞ্জে সংঘর্ষে আহত  হয়েছে ১০ জন।

পুনঃনির্বাচন দিন নইলে পদত্যাগ করুন : সিইসিকে মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত

ড. খন্দকার মোশাররফ হোসেন

সিইসি স্বীকার করেছেন ২৯ ডিসেম্বর রাতে ভোটের বাক্স ভর্তি করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ইভিএম ব্যবস্থা হলে আর রাতে ভোট ডাকাতি হবে না সিইসির এমন কথার প্রতি-উত্তরে তিনি বলেন, একথার মাধ্যমে তিনি স্বীকার করলেন ২৯ ডিসেম্বর রাতে ভোটের বাক্স ভর্তি করে রাখা হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে ‘সংগ্রামী নারী ও জীবন’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্বীকার করেছেন যে, ২৯ ডিসেম্বর রাতে ভোটের বাক্স ভর্তি করা হয়েছে। আমরাও বলেছি যে, দেশে কোনো ভোট হয়নি। আর তাই জনগণের দাবি মেনে নিয়ে পুনঃনির্বাচনের ব্যবস্থা করুন। অথবা পদত্যাগ করে প্রমাণ করুন আপনার বিবেক আছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

এয়ারস্ট্রাইকের প্রমাণ চেয়েছে দল, লজ্জায় ইস্তফা দিলেন কংগ্রেস নেতা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাকিস্তানের আজাদ কাশ্মিরে ভারতের এয়ারস্ট্রাইক

প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের মতোই এবারের বায়ুসেনার এয়ারস্ট্রাইকেরও প্রমাণ চেয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা৷ দিগ্বিজয় সিংয়ের মতো কংগ্রেস নেতারা সরকারের কাছে প্রমাণ চেয়েছেন৷ দলের এই পদক্ষেপ মন থেকে মেনে নিতে পারেননি বিহারের কংগ্রেস নেতা বিনোদ শর্মা৷ অবশেষে দলত্যাগ করলেন তিনি৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে লেখা পদত্যাগপত্রে নিজের ক্ষোভ উগরে দিলেন বিহার কংগ্রেসের এই শীর্ষ নেতা৷ জানালেন, দলের এই অবস্থানে তিনি লজ্জিতবোধ করছেন৷

সেনাবাহিনীকে রাজনৈতিক প্রচারের বাইরে রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন-দৈনিক আজকাল

ভারতের নির্বাচন কমিশন

গণতন্ত্রে সেনাবাহিনী হল সম্পূর্ণ অরাজনৈতিক এবং নিরপেক্ষ অংশ, এই বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন শনিবার রাজনৈতিক দলগুলিকে সাফ জানিয়ে দিল, নির্বাচনের প্রচারে কোনওভাবেই সেনাবাহিনী বা অন্য কোনও প্রতিরক্ষা কর্মীর ছবি তাদের পোস্টার অথবা হোর্ডিংয়ে ব্যবহার করা যাবে না। 

দিল্লিতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের ছবির সঙ্গে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ছবি দেওয়া বেশ কিছু বিলবোর্ড নির্বাচনী প্রচারের জন্য বিজেপি ব্যবহার করছে, এমন অভিযোগ ওঠার পরই এই সিদ্ধান্ত জানিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। যে বিলবোর্ডগুলোতে লেখা রয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব থাকলে সবকিছু সম্ভব। ’ হিন্দিতে যা হল, ‘মোদি হ্যয় তো মুমকিন হ্যয়’। যা, এই লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগানও বটে।

পুলওয়ামা কাণ্ডের পরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। তারই মধ্যে গত ২৭ ফেব্রুয়ারি বিমান ভেঙে পাকিস্তানে ধরা পড়েন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। পাক সেনারা তাঁর উপর অত্যাচার করলেও দুদিনের মধ্যেই তাঁকে ভারতে ফিরিয়ে দেয় ইসলামাবাদ। বিজেপির দাবি, অভিনন্দনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী একটি টুইটও করেন। যদিও পাকিস্তান জেনিভা চুক্তি লঙ্ঘন করেছে বলে আন্তর্জাতিক চাপ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর ছিলই।

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে নাগাড়ে গোলাবর্ষণ পাকিস্তানের-দৈনিক আনন্দবাজার

ফের চার জায়গায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকসেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক গোলা প্রবেশ করল সীমান্তবর্তী গ্রামে।কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাক সেনাবাহিনীর মর্টার ও গোলা এসে পড়ে রবিবার সকালেও। ছোট অস্ত্র থেকে গুলি চালাচ্ছে পাক সেনা, জানান এক সেনা আধিকারিক।

কথায় আর কাজের মধ্যে যে বিস্তর ফারাক তা বার বারই প্রমাণ করছে পাকিস্তান। মুখে শান্তির বাণী আওড়াচ্ছেন প্রধানমন্ত্রী। তবে ভারত-পাক সীমান্তের ছবি কিন্তু বাস্তবে অন্য কথাই বলছে! একের পর এক সংঘর্ষবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন সেক্টরে গোলাগুলি ছুড়ে চলেছে পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দিচ্ছে ভারতও।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০