সন্ত্রাস চিরতরে বন্ধ করার ব্যবস্থা নিন: বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- গ্যাসের মূল্য বৃদ্ধি যেন সহনীয় পর্যায়ে থাকে: নাসিম-দৈনিক যুগান্তর
- দুই দশকে ১২৬১টি হল বন্ধ-দৈনিক প্রথম আলো
- সন্ত্রাস চিরতরে বন্ধ করার ব্যবস্থা নিন: বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- ডাকসু: আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা-দৈনিক মানবজমিন
- অস্ত্র আইন সংস্কারের অঙ্গীকার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে এক সুর বিরোধীদের, পার্থর দাবি, দুর্বলতা ঢাকতে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে-দৈনিক আনন্দবাজার
- প্রচারে নদীপথে পাড়ি দেবেন প্রিয়াঙ্কা, উৎসাহ তুঙ্গে সমর্থকদের-দৈনিক সংবাদ প্রতিদিন
- জৈশ–তালিবান যৌথভাবে হামলা চালাবে ভারতে, মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ডাকসুতে পুনঃনির্বচানের আশ্বাসে অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?
২. নিউজিল্যান্ডের দুটি মসজিদে এক উগ্র সন্ত্রাসীর গুলিতে ৪৯ জন মুসল্লি নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পেছনের কারণ কী বলে মনে করেন?
বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
ক্রাইস্টচার্চ যেন ভুতুড়ে নগরী-দৈনিক প্রথম আলো
শুক্রবার রাত মানেই আনন্দের রাত। সামনের দুদিন ছুটি, এই রাতে নিউজিল্যান্ডের কোনো শহর এমনিতেই ঘুমায় না। আর এই শুক্রবারটা তো ছিল বিশেষ কিছু। হাসি–আনন্দে–উৎসবে যেটির আরও রঙিন হয়ে ওঠার কথা ছিল। ১৭ মার্চ সেন্ট পিটার্স ডে। আইরিশদের সবচেয়ে বড় সন্তের জন্মদিন।সেই শুক্রবার রাতেই ক্রাইস্টচার্চ যেন ভুতুড়ে এক নগরী! বার–পাব খোলা থাকার তো প্রশ্নই ওঠে না। রাস্তাঘাটও প্রায় জনশূন্য। এর সঙ্গে টিপটিপ বৃষ্টি মিলে অদ্ভুত একটা বিষণ্নতা নামিয়ে এনেছে চারপাশে। এই শহর যেন আর আগের সেই শহর নেই। আসলেই নেই। আর কোনো দিন আগের মতো হবেও না। ভয়াল এক শুক্রবার চিরদিনের মতো বদলে দিয়েছে ক্রাইস্টচার্চকে। আসলে তো পুরো নিউজিল্যান্ডকেই।
গতকাল ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালান ব্রেনটন হ্যারিসন টারান্ট নামের এক অস্ট্রেলীয় যুবক। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। দুই মসজিদে হামলায় নিহত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে আল নুর মসজিদে ৪১ জন এবং লিনউড মসজিদে সাতজন নিহত হন। একজন হাসপাতালে মারা যান। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন।
মসজিদে হামলা নিয়ে প্রথম টুইট মুছে ফেলেন ট্রাম্প-প্রথম আলো
টুইটারে বরাবরই সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় তাঁর টুইট সেভাবে সরব নয়। গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর তা নিয়ে টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই টুইটে তাঁর নিজের একটি শব্দও ছিল না। হামলা নিয়ে কোনো নিন্দা বা হতাহত ব্যক্তিদের জন্য কোনো সমবেদনা ছিল না। শুধু ডানপন্থী একটি নিউজ সাইটের এ–সংক্রান্ত খবরের লিংক পোস্ট করেছিলেন তিনি। পরে তিনি ওই টুইট মুছে দিয়ে নতুন আরেকটি টুইট করেন।
সন্ত্রাস চিরতরে বন্ধ করার ব্যবস্থা নিন: বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস চিরতরে বন্ধ করতে কার্যকরী ব্যবস্থ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যারা জঙ্গি-সন্ত্রাসী, তাদের কোনো ধর্ম, জাতি ও দেশও নেই। তারা সন্ত্রাসী, তাদের সন্ত্রাসী হিসেবে দেখে ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যবস্থা গ্রহণ করা জরুরি। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনার পাশাপাশি এ ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাররা বেঁচে যাওয়ায় আল্লার কাছে শুকরিয়া জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমাদের ক্রিকেট খেলোয়াড়, তাদের এই মসজিদে নামাজ পড়তে যাবার কথা ছিল, তারা গিয়েছিলও। একজন আহত নারী তাদের ঢুকতে দেয়নি।
তিনি বলেন, আগামীতে তাদের যেখানে খেলতে পাঠাব, তাদের নিরাপত্তার বিষয়ে আমরা ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পাঠাব। এ বিষয়টিতে অগ্রাধিকার দিতে হবে। কারণ আমাদের দেশে যারা খেলতে আসে, তাদের আমরা যথাযথভাবে নিরাপত্তা দিই।
দুই দশকে ১২৬১টি হল বন্ধ-দৈনিক প্রথম আলো
একে একে নিভেছে দেশের সিনেমা হলগুলোর বাতি। গত ২০ বছরে সারা দেশে ১ হাজার ২৬১টি হল বন্ধ হয়ে গেছে। বেশির ভাগ এলাকায় হলের মালিকেরা ভবনগুলো ভেঙে ফেলে বহুতল বিপণিবিতান গড়ে তুলছেন। দেশের এখন অনেক জেলা এমনকি বিভাগীয় শহর আছে, যেখানে একটিও সিনেমা হল নেই। গত ১০ বছরে এ ব্যবসার সঙ্গে জড়িত ৯০ শতাংশ কর্মী পেশা ছেড়ে দিয়েছেন। এ অবস্থায় আগামী ১২ এপ্রিল থেকে সারা দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।সমিতির উপদেষ্টা মিঞা আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, নব্বইয়ের দশকের শুরুতে সারা দেশে সিনেমা হল ছিল ১ হাজার ৪৩৫ টি। কমতে কমতে গত বছর ঈদে ৩০০-র বেশি সিনেমা হলে ছবি চলেছে। তবে ছয় মাসের মাথায় তা ২৫০-এ নেমে আসে। চলতি সপ্তাহের হিসাবে সারা দেশে সিনেমা প্রদর্শিত হচ্ছে এমন হলের সংখ্যা ১৭৪। এই শিল্পে নিয়োজিত মানুষের সংখ্যাও ব্যাপকভাবে কমছে। প্রদর্শক সমিতির দেওয়া তথ্যানুযায়ী, মাত্র ১০ বছর আগেও সারা দেশে সিনেমা হলের সঙ্গে প্রায় ৫০ হাজার কর্মী জড়িত ছিলেন। এখন সেটা পাঁচ হাজারের নিচে নেমে গেছে। ঢাকা ও আশপাশের এলাকায় একের পর এক সিনেমা হল বন্ধ হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
জৈশ–তালিবান যৌথভাবে হামলা চালাবে ভারতে, মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা-দৈনিক আজকাল
মুখে জঙ্গি দমনের কথা বললেও তলে তলে নাশকতার ছক কষছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা। ভারতের গোয়েন্দারা গোপন সূত্রে জানতে পেরেছে, নাশকতার জন্য যাতে সরাসরি পাকিস্তানের উপর আঙুল না ওঠে সেকারণে তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে জৈশ। আর তাতে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। পাকিস্তানে গোপন বৈঠক করেছে জৈশ, তালিবান এবং হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতারা। সেই বৈঠকে নাকি এই তিন জঙ্গি সংগঠনের নেতারা ভারতে একযোগে নাশকতা চালানোর সিদ্ধান্তে একমত হয়েছেন।
জঙ্গি কার্যকলাপকে শক্তিশালী করতে ভারত, আফগানিস্থানে দফায় দফায় নাশকতা চালানোর ছক কষা হচ্ছে। এই খবর পাওয়ার পর থেকে ভারতীয় গোয়েন্দারা এই তিন জঙ্গি সংগঠনের গতিবিধির উপর তিক্ষ্ণ নজরদারি শুরু করেছে। গত বছর ডিসেম্বরের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে এই তিন জঙ্গি সংগঠনের প্রধান একত্রে বৈঠক করেছে।
প্রচারে নদীপথে পাড়ি দেবেন প্রিয়াঙ্কা, উৎসাহ তুঙ্গে সমর্থকদের-দৈনিক সংবাদ প্রতিদিন
রোড শোয়ে ঝড় তুলেছিলেন ফেব্রুয়ারি মাসে। সেবার গড় ছিল লখনউ। এক মাস পর সেই প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরাই সড়ক ছেড়ে নামতে চলেছেন জলপথে। আগামী সোমবার, ১৮ মার্চ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে প্রিয়াঙ্কা শুরু করছেন লোকসভা ভোটের প্রচার। প্রয়াগরাজ থেকে মোটরবোটে চেপে কংগ্রেস নেত্রী পাড়ি দেবেন বারাণসী। জলপথে প্রিয়াঙ্কা সফর করবেন ১১০ থেকে ১১২ কিলোমিটার পথ। ছুঁয়ে যাবেন ভাদোহি, মির্জাপুরের মতো এলাকা। দেখা করবেন সেখানকার স্থানীয়দের সঙ্গে। শুনবেন তাঁদের দাবি-দাওয়া, অভাব-অভিযোগের কথা। বোঝার চেষ্টা করবেন জনতার নাড়ি। আর একইসঙ্গে সারবেন ভোটের প্রচারও। স্বাভাবিকভাবেই তাই প্রিয়াঙ্কার এই অভিনব ‘রিভার শো’ ঘিরে কংগ্রেস কর্মী-সদস্যদের মধ্যে উৎসাহ তুঙ্গে। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে এক সুর বিরোধীদের, পার্থর দাবি, দুর্বলতা ঢাকতে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে-দৈনিক আনন্দবাজার
রাজ্যের ভোট পরিস্থিতি একের পর এক অভিযোগ জমা পড়ছে জাতীয় নির্বাচন কমিশনে। পশ্চিমবঙ্গের সব বুথকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবিতে সরব হয়েছে বিজেপি। পাশাপাশি কংগ্রেস-বামেরাও একই সুরে অভিযোগ করে আসছে, এ রাজ্যে আইনশৃঙ্খালার অবনতি ঘটেছে। তাদের আরও দাবি, সব বুথে যথেষ্ট সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই পরিস্থিতিতে শনিবার দিল্লি থেকে কলকাতায় এসে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে ‘বেঙ্গল চেম্বার অব কমার্স’-এ বৈঠকে বসেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
উত্তর প্রদেশের বিজেপিতে ভাঙন, সপা–য় যোগ প্রয়াগরাজের সাংসদ-দৈনিক আজকাল
লোকসভা ভোটের আগে দলবদলের হিড়িকে বাদ গেল না যোগীর রাজ্যও। শনিবার সমাজবাদী পার্টি বা সপা–য় যোগ দিলেন প্রয়াগরাজের বর্তমান বিজেপি সাংসদ শ্যাম চরণ গুপ্তা। নিজের দীর্ঘ দিনের পরিচিত কেন্দ্র বান্দা থেকেই লোকসভা ভোটে লড়বেন তিনি বলে জানিয়ে দিয়েছে সপা নেতৃত্ব। বাবার আমলের পুরনো সহকর্মীকে ফিরে পেয়ে খুশি সপা সভাপতি অখিলেশ যাদব। এটা তাঁর ‘ঘর ওয়াপ্সি’ বলে মনে করছে সপা নেতৃত্ব।
অসমে বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন সাংসদ রাম প্রসাদ শর্মা-দৈনিক আজকাল
প্রার্থী ঘোষণার আগেই অসমে বিজেপিতে ভাঙন। দল ছাড়লেন তেজপুরের বিজেপি সাংসদ রাম প্রসাদ শর্মা। শোনা যাচ্ছিল তেজপুর কেন্দ্রে হেভিওয়েট কোনও প্রার্থীকে টিকিট দেওয়ার পরিকল্পনা করছিল বিজেপি হাইকমান্ড। শোনা যাচ্ছিল অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম। তেজপুরে যে আর টিকিট পাবেন না সেকথা বুঝতে পেরেই আগেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন। শনিবার পাকাপাকি ভাবে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন তেজপুরের সাংসদ রাম প্রসাদ শর্মা।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬