মার্চ ১৮, ২০১৯ ১৪:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • অনশনকারীদের সঙ্গে কথা বললেন উপাচার্য-দৈনিক প্রথম আলো
  • শেখ হাসিনাকে ট্রুডোর ফোন, একসঙ্গে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার-এনটিভিবিডি
  • পুনঃতফসিলের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান-দৈনিক কালেরকণ্ঠ
  • খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানি ১৭এপ্রিল-দৈনিক যুগান্তর
  • ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • শাহজালালে ৩৬ সোনার বারসহ দুই বিমানবালা আটক-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:        

  • মমতা ও প্রিয়ঙ্কাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী- দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • গুজরাটে মোদিকে নিয়ে পিএইচডি করে ডক্টরেট হয়েছেন ‘মেহুল চোকসি’-দৈনিক আজকাল
  • আমার ছেলে কোথায়? 'চৌকিদার' মোদিকে প্রশ্ন নিখোঁজ নাজিবের মায়ের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন:

১. বাংলাদেশে আজ দ্বিতীয় ধাপে উপজলো নির্বাচন অনুষ্ঠিত হলো। এ ধাপেও ভোটার উপস্থিতি কম। এ পরিপ্রেক্ষিতে আপনি কী মনে করেন- নির্বাচনী ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে?

২. বাব আল-মান্দেব প্রণালিতে ৬১তম নৌবহর পাঠিয়েছে ইরান। এ পদক্ষেপের বিশেষ গুরুত্বের দিকটা আসলে কী?

অনশনকারীদের সঙ্গে কথা বললেন উপাচার্য-দৈনিক প্রথম আলো

ডাকসু নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবিতে আজ সোমবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন রাজু ভাস্কর্যে অনশন করা শিক্ষার্থীরা। অনশনকারীরা জানান, সেই বৈঠকে উপাচার্য বলেছেন, ডাকসুর আগের নির্বাচনগুলোতে বেশি অনিয়ম হয়েছে। সংঘর্ষ ও খুনের ঘটনাও ঘটেছে। সেই তুলনায় এই নির্বাচনের অনিয়মগুলো ‘নরমাল'। গত শুক্রবার রাতে উপাচার্যের সঙ্গে নির্বাচনে অনিয়ম নিয়ে কথা বলার আশ্বাসে অনশন ভাঙেন সাত শিক্ষার্থী।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান

আজ সোমবার বেলা ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনশনকারীদের মধ্যে তাওহীদ তানজিম, শোয়েব মাহমুদ, রাফিয়া তামান্না ও রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে শোয়েব মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি, ভোট প্রদানে বাধা ও প্রার্থীদের ওপর হামলার বিষয়গুলো উপাচার্যকে জানানো হয়েছে। প্রমাণ হিসেবে বিভিন্ন হলে ভোটের অনিয়ম, ভোটারদের লিখিত অভিযোগ ও হামলার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে। উপাচার্য স্যার বলেছেন, নির্বাচন নিয়ে নানা অভিযোগ খতিয়ে দেখতে ১৩ মার্চ যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাদের কাছে এই ডকুমেন্টগুলো সরবরাহ করা হবে।

শেখ হাসিনাকে ট্রুডোর ফোন, একসঙ্গে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার-এনটিভিবিডি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা বৈশ্বিক সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বলে জানানো হয়েছে। 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা অল্পের জন্য বেঁচে ফেরায় এবং নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কানাডার প্রধানমন্ত্রী তাঁর স্বস্তির কথা জানান বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ওই হামলায় বেশ কয়েকজন বাংলাদেশির হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী।

এ ছাড়া দুই নেতা টেলিফোন কথোপকথনে সন্ত্রাসবাদের বিপক্ষে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে সন্ত্রাসবাদ নির্মূলে বিশ্ব সম্প্রদায় একসঙ্গে কাজ করার বিষয়ে ফের ঐকমত্য পোষণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানিয়ে বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছেন।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ২০ মিনিটের কথোপকথন হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, নিউজিল্যান্ডের ওই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন জেনে কানাডার প্রধানমন্ত্রী স্বস্তি প্রকাশ করেছেন।

পুনঃতফসিলের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান-দৈনিক কালেরকণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

নির্বাচন বর্জনকারী প্যানেলগুলোর দাবিগুলো হলো- জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি নিশ্চিতকরণ।

জানা গেছে, আজ সোমবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান করেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ার দেয় নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো।

বিক্ষোভে উপস্থিত জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর বলেন, গত ১১মার্চ যে কারচুপির নির্বাচন হয়েছে আমরা সে নির্বাচন প্রত্যাখ্যান করছি। এ নিবাচন ছিল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তামাশা। আমরা অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনঃতফসিল দাবি করছি। এ সময় তিনি ভিসিসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করেন।

নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল হলো- কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন।

খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানি ১৭এপ্রিল-দৈনিক যুগান্তর

গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার‌্য করেছেন আদালত। ‘অসুস্থতার’ কারণে খালেদা জিয়া আজ সোমবার আদালতে হাজির না হওয়ায় চার্জ শুনানি হয়নি।

পরে ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালত আগামী ১৭ এপ্রিল অভিযোগ গঠন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সোমবার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার ৩ নম্বর অস্থায়ী বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে হাজির করার কথা ছিল। তাকে হাজির না করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ড. মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি কাস্টোডি পাঠায় কারা কর্তৃপক্ষ। এতে লেখা হয়েছে- শারীরিক অসুস্থতাজনিত কারণে আজ খালেদা জিয়াকে আদালতে হাজি করা হয়নি।

এ বিষয়ে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, আজ অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। তিনি জেলখানায় আছেন। জেল কর্তৃপক্ষ তাকে হাজির করেনি। তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি হতে পারে। অন্যদিকে খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। এ কারণে তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। তার অনুপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হতে পারে না। এ ছাড়া আমরা মামলার প্রয়োজনীয় কাগজ এখনও পাইনি। তাই আমাদের একটি লম্বা সময় দেয়া হোক।

বাংলা ভাষার বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার প্রচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ শিরোনামের গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফ-উর- রহমান ও জার্নি পাবলিকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার বজলুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জার্নি পাবলিকেশন থেকে প্রকাশিত গ্রন্থটিতে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার প্রচারণায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান সচিত্র তথ্যসহ তুলে ধরা হয়েছে।

শাহজালালে ৩৬ সোনার বারসহ দুই বিমানবালা আটক-দৈনিক মানবজমিন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ পিস সোনার বারসহ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ২ বিমানবালাকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। আটক দুই বিমানবালা হলো- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। তারা বাংলাদেশের নাগরিক।

সায়মা আক্তার ও ফারজানা আফরোজ

রোববার মধ্যরাতে ওই দুই বিমানবালাকে অটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬ পিস সোনার বার উদ্ধার  করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা। ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে ওই দুই এয়ার হোস্টেস ছিলেন। পরে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।

মমতা ও প্রিয়ঙ্কাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী- দৈনিক আনন্দবাজার পত্রিকা-

ফের বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারেও বাড়ছে ঝাঁঝ। আর এই প্রচারের সময়ই ‘হাওয়া গরম করতে গিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা। সম্প্রতি উত্তরপ্রদেশের সিকন্দরাবাদে একটি প্রচার সভায় গিয়ে বিজেপির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মহেশ ‘পাপ্পু’ বলে সম্বোধন করেন রাহুল গাঁধীকে।

এর পরই তিনি প্রিয়ঙ্কাকে ‘পাপ্পুর পাপ্পি’ বলে সম্বোধন করেন। শর্মার এ জাতীয় মন্তব্যের পরই তৈরি হয় বিতর্ক। মহেশ এ দিনের জনসভায় বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সিকন্দরাবাদে এসে যদি কত্থকও নাচেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এসে গানও করেন, তাহলেও কেউ দেখবে কি?’’

গুজরাটে মোদিকে নিয়ে পিএইচডি করে ডক্টরেট হয়েছেন ‌মেহুল চোকসি’‌-দৈনিক আজকাল

মোদিকে নিয়ে গবেষণা পত্র লিখেছেন মেহুল চোকসি। চমকে যাওয়ার মতোই খবর। তবে এই মেহুল সেই মেহুল নন। ইনি সুরাটের একজন গবেষক ছাত্র। শুধু নামটাই এক এর বাইরে আর সেই কয়েক হাজার কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত পলাতক শিল্পপতি মেহুল চোকসির কোনও মিল নেই।  ইনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে। আর গবেষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরভাই মোদিকে নিয়ে। যাতে মুখ্যমন্ত্রী মোদি থেকে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের শাসনকালের বিশদ ব্যাখ্যা রয়েছে।

মেহুল জানিয়েছেন নিজের গবেষণা পত্র তৈরি করার জন্য প্রায় সাড়ে চারশো জনের সঙ্গে কথা বলেছেন তিনি। তারমধ্যে সরকারি আমলা থেকে শুরু করে কৃষক, ছাত্র, রাজনৈতিক নেতারাও রয়েছেন। একটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি সকলকে করেছেন, প্রধানমন্ত্রী মোদি নেতৃত্বে কেমন?‌ মোট ৩২টি প্রশ্নের মধ্যে যে উত্তর তিনি সাড়ে চারশো জনের মধ্যে পেয়েছেন তাতে ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন মোদির ভাষণ ভীষণ প্রভাব বিস্তারকারী।

আমার ছেলে কোথায়? 'চৌকিদার' মোদিকে প্রশ্ন নিখোঁজ নাজিবের মায়ের-দৈনিক সংবাদ প্রতিদিন

রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের পালটা হিসেবে বিজেপি শুরু করেছে ‘ম্যায় ভি চৌকিদার’ নামের প্রচারাভিযান। ঘটা করে নিজেদের টুইটার অ্যাকাউন্টে নামের আগে চৌকিদার শব্দটি জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে যখন তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন। তখন কার্যত অনেকের অলক্ষেই চোখের জল ফেললেন নিখোঁজ জেএনইউ ছাত্র নাজিব আহমেদের মা। ২০১৬ থেকে এখনও নিখোঁজ তিনি।

নাজিবের মা ফাতিমা নাফিস

নাজিবের মা ফাতিমা নাফিসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে চৌকিদার বলে দাবি করলেও, সবার চৌকিদার তিনি নন। সব শ্রেণির মানুষের খবর তিনি রাখেন না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নিখোঁজ জেএনইউ ছাত্রের মায়ের প্রশ্ন, “আপনি যদি চৌকিদার হন, তাহলে বলুন কোথায় আমার ছেলে নাজিব। আজও কেন এবিভিপির গুন্ডাদের গ্রেপ্তার করা হয়নি। আমার ছেলেকে খুঁজতে এখনও কেনও ব্যর্থ সেরা এজেন্সিগুলি?”#

পার্সটুডে/বাবুল আখতার/১৮