মার্চ ২১, ২০১৯ ১৩:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • প্রগতি সরণিতে কিছু শিক্ষার্থীর মানববন্ধন-দৈনিক প্রথম আলো
  • উন্নয়ন করতে গিয়ে জীবন ও জীবিকার যেন ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • আজীবন ক্ষমতায় থাকার খোয়াব দেখছেন শেখ হাসিনা: রিজভী-দৈনিক ইত্তেফাক
  • ‘রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করলে আটক: -দৈনিক যুগান্তর
  • পুলিশ হেড কোয়ার্টারে বসে কারচুপির ষড়যন্ত্র করছে’ ফখরুলের অভিযোগ দৈনিক মানবজমিন
  • আমি এখনো মুক্ত নই : এরশাদ-দৈনিক নয়াদিগন্ত

ভারতের  শিরোনাম:

  • ভারতে ফের জঙ্গি হামলা হলে খুব বিপদে পড়বে পাকিস্তান, হুঁশিয়ারি আমেরিকার-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • সহকর্মীর গুলিতে প্রাণ গেল ৩ সিআরপিএফ জওয়ানের-দৈনিক আজকাল –দৈনিক আজকাল
  • দোলের দিন ভিডিও বার্তা বিমল গুরুংয়ের, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক-দৈনিক সংবাদ প্রতিদিন।

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

প্রগতি সরণিতে কিছু শিক্ষার্থীর মানববন্ধন-দৈনিক প্রথম আলো

বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই মানববন্ধন শুরু হয়।

রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন করছেন কিছু শিক্ষার্থী

এর আগে বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা প্রগতি সরণি থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার মুখে সড়কে এসে জড়ো হন। সেখানে উপস্থিত একজন শিক্ষার্থী রায়হানুল বলেন, পুলিশ তাঁদের সড়কে অবস্থান না নেওয়ার অনুরোধ করেছেন। সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রাখার কথা বলেছেন। ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। এরপর আমরা মানববন্ধন করার সিদ্ধান্ত নিই।’

উন্নয়ন করতে গিয়ে জীবন ও জীবিকার যেন ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

দেশের উন্নয়ন করতে গিয়ে গরিব মানুষের জীবন ও জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়নটা যেন মানুষের জন্য হয়, মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন না হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ বৃহস্পতিবার মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে বক্তব্যে এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায়, প্রকল্প করতে গিয়ে মানুষের জমি অধিগ্রহণ করতে হয়। তারা যেন সময়মতো জমির যথাযথ মূল্য পায়, তাতে দৃষ্টি দিতে হবে। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী নিয়ে বড় অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। জাপানের সহায়তায় মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণ এই পরিকল্পনার অংশ। বিশেষ অর্থনৈতিক অঞ্চলও হচ্ছে সেখানে।

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের বিরাট সম্ভবানা তৈরি হয়েছে। এই অঞ্চলকে পর্যটন শিল্পের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। সেখানে ঢাকা থেকে সরাসরি ট্রেন চালু হবে। বিমানবন্দরের উন্নয়নও করা হচ্ছে।

আজীবন ক্ষমতায় থাকার খোয়াব দেখছেন শেখ হাসিনা: রিজভী-দৈনিক ইত্তেফাক

বাকশাল থাকলে নির্বাচন নিয়ে কোনো বির্তক থাকত না, প্রশ্ন উঠত না। বাকশাল ছিল সর্বোত্তম পন্থা।’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কথায় প্রমাণ পাওয়া যাচ্ছে, একদলীয় স্বৈরতান্ত্রিক বাকশাল পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানের মতো বিনাভোটে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আজীবন ক্ষমতায় থাকার খোয়াব দেখছেন শেখ হাসিনা। তিনি আগে-ভাগে জানিয়ে দেন তিনি কি করতে চাচ্ছেন।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

রিজভী বলেন, ‘বাকশালের ভোট কোথায়? বাকশাল মানে তো একদলীয় ব্যবস্থা। তার মানে আওয়ামী সরকার ও তার যে প্রধান জনগণকে একেবারে বেকুব, একেবারে বোকা মনে করে। উনি মনে করেন, তার অবৈধ ক্ষমতার জোরে যা ইচ্ছা বলবেন, সেটাই মানুষ বিশ্বাস করবে।’

এর আগে সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর শততম জন্মদিনের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত শাসন ব্যবস্থা (বাকশাল) কার্যকর থাকলে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক থাকত না, প্রশ্ন উঠত না।’

‘রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করলে আটক’ -দৈনিক যুগান্তর

ট্রাফিক পুলিশদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুঘর্টনা এড়াতে ট্রাফিক ব্যবস্থায় আরও কঠোরভাবে আইন প্রয়োগ করতে।

ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

এসময় যেসব পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ও জেব্রা ক্রসিং ব্যতীত রাস্তা পার হন তাদের আটক করতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার বলেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য পথচারী দায়ি হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মতবিনিময় সভায় আছাদুজ্জামান বলেন, ‘কোনো দুর্ঘটনা ঘটলে আমাদেরকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়। জবাবদিহি করতে হয়। অথচ পথচারীর অসচেতনার জন্যেও এসব দুর্ঘটনা ঘটতে পারে যেখানে ট্রাফিক পুলিশের তেমন কিছু করার থাকে না।’

পাসপোর্ট ভেরিফিকেশনে বিচারপতির বাসায় ঘুষ দাবি, এএসআইয়ের কারাদণ্ড-দৈনিক মানবজমিন

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য বিচারপতির বাসায় ঘুষ চাওয়ার অভিযোগে পুলিশের  স্পেশাল ব্রাঞ্চের এএসআই সাদেকুল ইসলামকে (সাময়িক বরখাস্ত) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার ফুরকান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সাদেকুল ইসলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানার চড়োল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বিচারক আসামিকে দণ্ডবিধির ৪১৯ ধারায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দুদক আইনের ৫ (২) ধারায় এক বছর বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দেন। উভয় দণ্ড পৃথকভাবে চলবে বলে আদেশে বলেন।

নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের মিছিল-দৈনিক নয়াদিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে সন্ত্রাসী হামলা ও নামাজরত মুসল্লীদের নির্মমভাবে হত্যা বিশ্ব ইতিহাসের সকল নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এই নারকীয় হত্যাকান্ডে বিশ্ববিবেক হতবাক ও স্তম্ভিত। কিন্তু শহীদের রক্ত কখনো বৃথা যায়নি যাবেও না বরং শহীদদের রক্ত পিচ্ছিল পথ ধরেই বিশ্বশান্তি, ইসলাম-মানবতার মুক্তি ও বিজয় নিশ্চিত-ইনশা আল্লাহ।

আজ রাজধানীতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদের সন্ত্রাসবাদী হামলায় অর্ধশতাধিক মুসল্লীকে হত্যার প্রতিবাদে এক শান্তি মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

মিছিলটি রাজধানীর মিরপুর ১নং থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনসার একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। মিছিলের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম ও মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নাজিম উদ্দীন মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ডা. ফখরুদ্দীন মানিক ও মোস্তাফিজুর রহমান, মহানগরী শুরা সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি সজীব, পশ্চিমের সভাপতি জোবায়ের ও প্রাইভেট বিশ্ববিদ্যায় সভাপতি নাহিদ প্রমূখ।

ড. এম আর করিম বলেন, সন্ত্রাসবাদ বিশ্বশান্তির জন্য প্রধান অন্তরায়। গোটা বিশ্বেই সন্ত্রাসবাদীরা এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অপশক্তি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে পুরো বিশ্ব পরিস্থিতিকেই অশান্ত ও অস্থির করে তুলেছে। তারা এক্ষেত্রে মুসলমানদেরকেই বিশেষভাবে টার্গেট করেছে। নিউজিল্যান্ডের মসজিদের নামাজরত মুসল্লীদের ওপর হামলা তার প্রমাণ।

অথচ যেকোন অপ্রীতিকর ঘটনার জন্য মুসলমানদের দায়ি করা হয়। যা আন্তঃধর্মীয় সহ অবস্থান, উন্নয়ন, অগ্রগতি ও বিশ্বশান্তির জন্য প্রধান অন্তরায়। তিনি সভ্যতার উৎকর্ষতা ও ধারাবাহিকতা রক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অন্যথায় মানব সভ্যতা অস্তিত্ব সঙ্কটে পড়বে।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

ভারতে ফের জঙ্গি হামলা হলে খুব বিপদে পড়বে পাকিস্তান, হুঁশিয়ারি আমেরিকার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্রুত, দীর্ঘমেয়াদি ও প্রমাণসাপেক্ষ ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ আরও বাড়াল আমেরিকা। বিষয়টিকে লঘু করে দেখলে পাকিস্তানকে যে তার গুনাগার দিতে হবে, সে ব্যাপারেও সতর্ক করে দিল ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের এক পদস্থ কর্তা বুধবার বলেছেন, ‘‘আবারও যদি ভারতের উপর আঘাত হানে সন্ত্রাসবাদীরা আর জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে কোনও দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ পদক্ষেপ করতে না পারে ইসলামাবাদ, তা হলে পাকিস্তানের পক্ষে পরিস্থিতিটা অত্যন্ত জটিল হয়ে উঠবে। কারণ, আমেরিকা চায় না, কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাক।’’

ওয়াশিংটন কী চাইছে, তা স্পষ্ট করে দিয়ে হোয়াইট হাউসের ওই পদস্থ কর্তা বলেছেন, যেটা সকলেরই কাম্য তা হল, নিজেদের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে থাকা জইশ ও লস্কর জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ ব্যবস্থা নিক ইসলামাবাদ। আর সেটা হোক প্রমাণসাপেক্ষে।

সহকর্মীর গুলিতে প্রাণ গেল ৩ সিআরপিএফ জওয়ানের-দৈনিক আজকাল

আবারও রক্তাক্ত সেনা ক্যাম্প। তবে এবার আর জঙ্গি হামলা নয়, সহকর্মীর গুলিতেই প্রাণ গেল ৩ সিআরপিএফ জওয়ানের। ৩ সহকর্মীকে গুলি করার পর নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন ওই জওয়ান। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের উধমপুরে। জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ সিআরপিএফের ১৮৭ নম্বর ব্যাটেলিয়নের সদর দপ্তর বাত্তাল বালিয়া ক্যাম্পে সামান্য কোনও ঘটনা নিয়ে পরস্পরের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কয়েকজন জওয়ান। বচসা গড়ায় হাতাহাতিতে। বেশ কিছুক্ষণ ধরে চলে মারামারি। অন্য সেনারা থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা। বচসার মধ্যেই হঠাত্‍ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জওয়ানের। সহকর্মীদের মৃত্যুর পর নিজেই নিজেকে গুলি করেন অজিত কুমার।

মৃত ৩ জওয়ান পোকারমাল আর, যোগেন্দ্র শর্মা এবং উমেদ সিং। তিনজনই হেড কনস্টেবল পদাধিকারী ছিলেন। অন্যদিকে, হামলাকারী জওয়ান অজিত কুমার কানপুরের বাসিন্দা। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। সেনা হাসপাতালে তাঁর চিকিত্‍সা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআরপিএফ-এর উচ্চস্তরের আধিকারিকরা। ঠিক কী নিয়ে বচসা তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্তও৷

দোলের দিন ভিডিও বার্তা বিমল গুরুংয়ের, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক-দৈনিক সংবাদ প্রতিদিন।

দোলের দিন ফের ভিডিও বার্তা দিয়ে পাহাড়ের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানালেন পলাতক মোর্চা নেতা বিমল গুরুং।

বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন বিমল গুরুং। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি মোর্চা বিরোধী রাজনৈতিক দলগুলিকেও একত্রিত হওয়ার আবেদন জানান গুরুং। শুধু তাই নয়, তৃণমূলের পাহাড় শাখার চার নেতাকেও তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়ে সহযোগিতার জন্য আবেদন করেন তিনি। তাঁর এই ভিডিও বার্তায় ফের একবার পাহাড়ের রাজনৈতিক মহলে শোরগোল পরে গিয়েছে।

বিমল গুরুং

ভিডিওতে গোর্খাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিমলপন্থী মোর্চা ও জিএনএলএফের জোট হওয়ার পাশাপাশি হরকা বাহাদুরের জন আন্দোলন পার্টি, প্রতাপ খাতির গোর্খা লিগ, ন্যাশনাল গোর্খাল্যান্ড কমিটির পাশাপাশি সিপিএম, কংগ্রেসকেও তাদের সমর্থন জানানোর আবেদন করেছেন তিনি। তবে এদিনের ভিডিও বার্তায় তৃণমূলের পাহাড় শাখার চার নেতার নাম বিমল গুরুং বলায় দলেরই অন্দরে সমালোচনা সৃষ্টি হয়েছে। এদিনের ভিডিও বার্তায় তৃণমূলের পাহাড় শাখার মুখপাত্র বিন্নি শর্মা, প্রাক্তন সভাপতি রাজেন মুখিয়া, মহিলা তৃণমূল পাহাড় শাখার নেত্রী সারদা সুব্বা, এমডি খাওয়াসকের নাম করে আবেদন করেছেন বিমল গুরুং। পাশাপাশি নির্বাচনের আগে পাহাড়ে ফেরত আসারও আশ্বাস দিয়েছেন বিমল গুরুং।#

পার্সটুডে/বাবুল আখতার/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন