মার্চ ২৩, ২০১৯ ১২:০৯ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আবর্জনার ঝুড়িতে ১৫ কেজি সোনা-দৈনিক প্রথম আলো
  • ডাকসুর প্রথম সভায় ভিপি নুরের অভিষেক: দৈনিক কালের কণ্ঠ
  • আ’লীগ গণতন্ত্রের ছদ্মবেশে জনগণকে ধোঁকা দিচ্ছে: ফখরুল: দৈনিক যুগান্তর
  • সুবর্ণচরের সেই রুহুল আমিনের জামিন হাইকোর্টে বাতিল-দৈনিক ইত্তেফাক
  • প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করতে নুর-আখতারের আপত্তি-দৈনিক মানবজমিন
  • আবরারের বাবা ও মাকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা: এনটিভিবিডি

ভারতের শিরোনাম:        

  • বয়কটের মধ্যেই পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা মোদীর! টুইট ইমরানের- দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • কেরলের ওয়েল্যান্ড থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী-দৈনিক আজকাল
  • পরিচয় গোপনে প্লাস্টিক সার্জারি করাতে চেয়েছিল নীরব মোদি, ফাঁস চাঞ্চল্যকর তথ্য-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন (২৩ মার্চ)

১. ২৮ বছর পর ডাকসু নির্বাহী কমিটির সভা, দায়িত্ব নিলেন নুর-রাব্বানী। আপনার পর্যবেক্ষণ কী?

২. ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, সৌদি আরব যে ক্ষেপণাস্ত্র তৈরি ও পরমাণু কর্মসূচি হাতে নিয়েছে তাতে ইরান অখুশী নয়। কারণ এক সময় ইসলামি মুজাহিদরাই এসব ক্ষেপণাস্ত্র ও পরমাণু স্থাপনার নিয়ন্ত্রণ নেবে।

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

আবর্জনার ঝুড়িতে ১৫ কেজি সোনা-দৈনিক প্রথম আলো-দৈনিক প্রথম আলো

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা টেপে মোড়ানো সোনার বার ভর্তি ৯টি প্যাকেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ৯টি প্যাকেটে ৪৮টি সোনার বার ছিল। শুল্ক অধিদপ্তর বলছে, এগুলোর ওজন সাড়ে ১৫ কেজির বেশি। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়। শুল্ক বিভাগ বলছে, সোনার দাম আনুমানিক ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুল ইসলামের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষদের শৌচাগারের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে ওই সোনা আছে। এরপর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সোনা উদ্ধার করেন। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডাকসুর প্রথম সভায় ভিপি নুরের অভিষেক: দৈনিক কালের কণ্ঠ

প্রায় তিন দশক ধরে অচলাবস্থার পর আজ ভিপি নুরুল হক নুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেতাদের অংশগ্রহণে প্রথম সভা শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ডাকসু ভবনে এই বৈঠক শুরু হয়। এতে ভিপি নুরুল হক নুরসহ ডাকসুর নবনির্বাচিত নেতারা অংশ নিয়েছেন। নুর ভিপির দায়িত্ব নিলেও পুনর্নির্বাচনের দাবিকেও সমর্থন করেন বলে জানিয়েছেন। নির্বাচনের পর ডাকসুর প্রথম সভা এটি। সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। উপাচার্য পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাকিরা নির্বাচিত হন ছাত্রদের মধ্য থেকে।

নতুন ডাকসুর প্রথম কার্যকরি সংসদের বৈঠকে অংশ নিতে সকাল সাড়ে ১১টার আগেই ডাকসু ভবনে উপস্থিত হন নুর। তার সঙ্গে সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও ছিলেন। নতুন ডাকসুর এই দুই নেতা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা। বাকি সবাই ছাত্রলীগের। বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী নির্বাচিত ছাত্র প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা পরে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবেন।

লীগ গণতন্ত্রের ছদ্মবেশে জনগণকে ধোঁকা দিচ্ছে: ফখরুল-দৈনিক যুগান্তর

ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে জনগণকে ধোঁকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ এখন একুশ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। তাদের সরাসরি নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলব সেটাই আইন। সেটা বললেই তো হয়ে যায়।

বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে বিএনপি কঠিন সময় পার করছে। তবে বিশ্বাস রেখে কাজ করে গেলে কঠিন সময়ও সহজ হয়ে যাবে মনে করছি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাহিত্য সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে আন্দোলনের বোধ জাগ্রত করতে জাসাসের প্রতি আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, যে রাজনীতি মানুষের কথা বলে সে রাজনীতি কখনও পরাজিত হবে না।

সুবর্ণচরের সেই রুহুল আমিনের জামিন হাইকোর্টে বাতিল-দৈনিক ইত্তেফাক

একাদশ সংসদ নির্বাচনের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নে এক নারীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো . রুহুল আমিনকে দেয়া জামিন বাতিল করেছে হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ শনিবার এ আদেশ দেন।

গত ১৮ মার্চ এই বেঞ্চ আসামি রুহুলকে এক বছরের অন্তবর্তিকালীন জামিন দিয়েছিল। দু'দিন পর জামিন প্রাপ্তি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরে রাষ্ট্রপক্ষ আসামির জামিন বাতিল চেয়ে সংশ্লিষ্ট আদালতে দরখাস্ত (রিকল পিটিশন) দেয়। ওই পিটিশনটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আজ শনিবার সকালে হাইকোর্টের ওই বেঞ্চ বসে। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চর জুবলি ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ছিলেন। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। ধর্ষণের মামলা গত ৪ জানুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। পরে ম্যাজিস্ট্রেট আদালত এবং নোয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত তার জামিন আবেদন নাকচ করে দেয়। গত ৪ মার্চ জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ জামিন আবেদন খারিজ করে দিয়ে আদেশে বলেন, রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে এক গৃহবধু গণধর্ষনের শিকার হন। জামিনপ্রার্থী এই আসামি রুহুল আমিনের হুকুমে ও নির্দেশে অপরাপর আসামিরা অভিযোগকৃত গণধর্ষনের ঘটনা ঘটায় মর্মে ভিকটিম নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারার জবানবন্দিতে উল্লেখ করেন। মামলাটি তদন্তাধীন থাকায় জামিন না মঞ্জুর করা হলো।

প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করতে নুর-আখতারের আপত্তি-দৈনিক মানবজমিন

নতুন নির্বাহী কমিটির প্রথম সভাতেই মতবিরোধ দেখা দিয়েছে ডাকসু নেতাদের মধ্যে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবের প্রেক্ষিতে এই মতবিরোধ দেখা দেয়। আজ সভায় ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিম অর্ণি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংগঠনটির আজীবন সদস্য করার প্রস্তাব করেন। কিন্তু এই প্রস্তাবে আপত্তি জানান ভিপি নুরুল হক নুর ও  সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। তবে এই দু’জন ছাড়া বাকি সদস্যরা প্রস্তাবে সমর্থন দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভা আজ বেলা ১১টায় ডাকসু ভবনে শুরু হয়। সভায় ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ নির্বাচিত ২৫ জন ছাত্র প্রতিনিধি তাদের দায়িত্ব গ্রহণ করেন। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

সভা শেষে সাংবাদিকদের ভিপি নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না।

তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও। এ বিষয়ে জিএস গোলাম রাব্বানী বলেন, যেখানে অধিকাংশ সদস্য মত দিয়েছেন সেখানে একজনের আপত্তি গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, যে প্রস্তাব উঠেছে তা আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবনের সদস্য করার বিষয়টি আগামী সভায় চূড়ান্ত করা হবে। সভা শেষে ভিসি, ভিপি ও জিএস সাংবাদিকদের এসব কথা বলেন।

বর্তমানে ডাকসুর একমাত্র আজীবন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই প্রস্তাব পাস হলে শেখ হাসিনা হবেন আজীবন সদস্য হওয়া দ্বিতীয় ব্যক্তি।

আবরারের বাবা ও মাকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা: এনটিভিবিডি

সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর বাবা ও মা কে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবরারের বাবা-মা আজ শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার গত মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সাখাওয়াত মুন বাসসকে বলেন, ‘আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী আজ রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান এবং সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। মুন বলেন, ‘প্রধানমন্ত্রী আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন এবং তাদের সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফেরাতও কামনা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও আবরারের ভাই এ সময় উপস্থিত ছিলেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।

বয়কটের মধ্যেই পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা মোদীর! টুইট ইমরানের- দৈনিক আনন্দবাজার পত্রিকা

পুলওয়ামা কাণ্ড ও বালাকোটে বোমাবর্ষণের পর লোকসভা ভোটের মুখে প্রকাশ্যে পা বাড়ালেন না। গোপনে হাত বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসলামাবাদের দিকে! শুক্রবার দিল্লি ও ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় দিবস পালনের যাবতীয় অনুষ্ঠান বয়কট করল ভারত। রটনা, সংবাদমাধ্যমকেও টেলিফোন করে পাক অনুষ্ঠান বয়কট করতে বলা হয়। আর তারই মধ্যে নাকি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তাঁর দেশের জাতীয় দিবস পালনের জন্য শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। যা জানাই যেত না যদি না পাক প্রধানমন্ত্রী তাঁর টুইটে প্রধানমন্ত্রী মোদীর পাঠানো শুভেচ্ছা-বার্তার কথা জানাতেন! কারণ, টুইট-প্রেমী মোদী সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় দেননি। পরে তা নিয়ে সমালোচনায় সরব হন কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের নেতৃত্ব।

গোপনে হলেও, আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় শুভেচ্ছা-বার্তার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর বাড়ানো হাত ধরতে যে তাঁর কোনও দ্বিধা নেই, বিন্দুমাত্র দেরি না করে তাঁর টুইটে সে কথা বুঝিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। লিখলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদীর পাঠানো বার্তা পেয়েছি। জাতীয় দিবসে আমি পাক নাগরিকদের শুভেচ্ছা জানাচ্ছি। গণতন্ত্র, শান্তি, সুস্থিতি ও উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এই উপমহাদেশের মানুষকে একজোট হয়ে কাজ করতে হবে। এই অঞ্চলকে হিংসা ও সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্ত করতে।’’

কেরলের ওয়েল্যান্ড থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী-দৈনিক আজকাল

কেরলের ওয়েল্যান্ড কেন্দ্র থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার একথা জানিয়েছেন কেরল কংগ্রেসের প্রধান মুল্লাপ্পল্লি রামচন্দ্র। গত কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে রাহুল গান্ধীকে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছিলেন কেরল, কর্নাটক এবং তামিননাড়ুর কংগ্রেস নেতারা। তাঁরা দাবি জানিয়েছিলেন দক্ষিণভারতের কোনও একটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন সভাপতি। এতে নাকি দক্ষিণ ভারতে কংগ্রেসের দাপট বাড়বে। প্রথমে রাহুল একেবারেই রাজি হননি। প্রায় টানা একমাস ধরে চলেছে টানাপোড়েন। শেষে দলের নেতাকর্মীদের দাবি মেনে কেরলের ওযেল্যান্ড কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি মেনে নিয়েছেন রাহুল।

উত্তর প্রদেশের আমেঠি ছাড়াও এবার কেরলের ওয়েল্যান্ড লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তিনি। প্রথমে তাঁকে দক্ষিণ ভারতের একাধিক জায়গার নাম প্রস্তাব করা হয়েছিল। কর্নাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল, বিদর, মাইসোর। তামিলনাড়ুর শিবগঙ্গা এবং কন্যাকুমারী। আর কেরলের ওয়েল্যান্ড। দক্ষিণভারতের এতোগুলি লোকসভা কেন্দ্রের মধ্যে রাহুল ওয়েল্যান্ডকেই বেছে নেন বলে জানিয়েছেন কর্নাটক কংগ্রেসের প্রধান রামচন্দ্র। গত দুটি লোকসভা ভোটে কংগ্রেসের এমএন শাহনওয়াজ এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। ছমাস আগেই তিনি মারা যান। সেকারণেই এই কেন্দ্র নতুন প্রার্থীকেই বাছা হত।

তবে কংগ্রেসের এই ট্রেন্ড নতুন নয়, এর আগে সোনিয়া গান্ধী এবং ইন্দিরা গান্ধীও দক্ষিণ ভারত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দু’‌জনেই কর্নাটকের কোনও একটি কেন্দ্র থেকেই দাঁড়িয়েছিলেন।

পরিচয় গোপনে প্লাস্টিক সার্জারি করাতে চেয়েছিল নীরব মোদি, ফাঁস চাঞ্চল্যকর তথ্য-দৈনিক সংবাদ প্রতিদিন

দীর্ঘদিন ধরে চোখে ধুলো দিয়ে, পালিয়ে পালিয়ে বেড়িয়েছেন। তবে গত বুধবার সেই অভিযানে পূর্ণচ্ছেদ পড়েছে। লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ড গ্রেপ্তার করেছে পিএনবি ব্যাংক প্রতারণা কাণ্ডে মূল অভিযুক্ত নীরব মোদিকে। এবার প্রহর গোনা শুরু হয়েছে কবে এবং কখন, তাঁকে দেশে ফেরানো সম্ভব হবে, তা নিয়ে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার বৃহস্পতিবার জানিয়েছেন, নীরবকে দেশে ফেরাতে ব্রিটেনের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ভারত। কিন্তু টানা প্রায় দেড় বছর ঠিক কোন উপায়ে, মোদি পালিয়ে থাকতে পেরেছিলেন, বেপাত্তা থাকতে সক্ষম হয়েছিলেন, সেই কাহিনিও নাকি কম চাঞ্চল্যকর নয়। সূত্রের খবর, হাতকড়া এড়াতে প্রত্যন্ত এক দ্বীপের নাগরিকত্ব চেয়ে আবেদন করা ছাড়াও, সিঙ্গাপুরে স্থায়ী বসতি চেয়ে আবেদন করেছিল নীরব মোদি৷ ভারত, ব্রিটেন বাদে বিশ্বের তৃতীয় কোনও দেশে নিরাপদ আশ্রয় সুনিশ্চিত করতে ব্রিটেনের নামজাদা ল’ফার্মগুলির সঙ্গে পরামর্শ করতে শুরু করেছিল এই ভারতীয় হিরে ব্যবসায়ী৷ এমনকী, ভোল পালটে ফেলতে প্লাস্টিক সার্জারি করারও পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৭