মার্চ ২৫, ২০১৯ ১১:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • ক্ষমতালোভীরা ধর্মের অপব্যবহার করে মানুষকে বঞ্চিত করছে: ড. কামাল-দৈনিক যুগান্তর
  • কী চাইছে শোকাতুর পুরান ঢাকা?-দৈনিক প্রথম আলো
  • ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • প্রবৃদ্ধি ৮ ভাগ অর্জন করতে যাচ্ছি: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • দেশে কোনো মানবতা নেই : মান্না-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • সনিয়াকে বিধায়কের কটূক্তি ঘিরে অস্বস্তি বাড়ছে বিজেপির, মুখ খুললেন স্বপ্না-দৈনিক আনন্দবাজার
  • ক্ষমতায় এলে গরিবদের বছরে ৭২ হাজার টাকা করে সাহায্য, বড় ঘোষণা রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • নাশকতা চালাতে পারে আইএস–আল কায়দা, উচ্চ সতর্কতা জারি দিল্লি, মুম্বই, গোয়ায়-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হসিনা বলেছেন,  দেশ ৮ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে। কীভাবে দেখছেন এই উন্নয়নকে?

২. গাজা থেকে দীর্ঘপাল্লার রকেট দিয়ে তেল আবিবে হামলা হয়েছে। কীভাবে দেখছেন ঘটনাটিকে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

প্রবৃদ্ধি ৮ ভাগ অর্জন করতে যাচ্ছি: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ আমাদের এক দশকের প্রচেষ্টার বাংলাদেশ। আমরা আমাদের প্রবৃদ্ধি এ অর্থবছরে আট ভাগ অর্জন করতে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার অর্জন করতে যাচ্ছি। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্বাধীনতা পদক-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আজকে ২৫শে মার্চ, গণহত্যা দিবস। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি। কাজেই এ দিনটি গণহত্যা দিবস হিসেবে যেন আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এ দিবস আমরা আগামীকাল উদযাপন করব।

ক্ষমতালোভীরা ধর্মের অপব্যবহার করে মানুষকে বঞ্চিত করছে: ড. কামাল-দৈনিক যুগান্তর

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

স্বাধীনতা ধরে রাখতে সম্প্রীতির মূল্যবোধ ছড়িয়ে দেয়ার তাগিদ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।বলেছেন, ক্ষমতালোভীরা ধর্মের অপব্যবহার করে মানুষকে বঞ্চিত করছে।এটি বন্ধ করতে হবে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সোমবার দুপুরে এক সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় নিহতদের প্রতি শোক ও সংহতি জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবিধান প্রণেতা ড. কামাল বলেন, ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট করা সংবিধানসম্মত না, অনেক ক্ষেত্রে মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করতে ধর্মকে ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে।এটি চিরতরে বন্ধ করতে হবে।

কী চাইছে শোকাতুর পুরান ঢাকা?-দৈনিক প্রথম আলো

সর্বনাশা সেই অগ্নিকাণ্ডের ঠিক এক মাস পর ২০ মার্চ বিকেলে চুড়িহাট্টা গিয়েছিলাম। সেখান থেকে উর্দু রোড, চকবাজার, মৌলভীবাজার, মিটফোর্ড, বেচারাম দেউড়ির পথে পথে প্রায় দুই ঘণ্টা হাঁটাহাঁটি। স্মরণকালের এই নির্মম দুর্ঘটনার পর গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জনপদ কীভাবে নিজেকে পুনর্গঠিত করছে, সেটা বুঝতেই নানান পরিসরের স্থানীয় মানুষের সঙ্গে কথা হলো। হতবিহ্বল করা অবিশ্বাস্য শোকের স্মৃতি সবার মাঝেই জীবন্ত। অনিবার্যভাবেই আবারও ব্যস্ত পুরান ঢাকার হৃৎপিণ্ডতুল্য এই এলাকা। আলাপ-আলোচনায় বোঝা যায়—রাজনীতি ও প্রচারমাধ্যমের ওপর ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীসমাজ। দুর্ঘটনা–পরবর্তী প্রশাসনিক ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হওয়ার বোধ তাঁদের মধ্যে। আবার মতামত প্রকাশেরও পরিসর পাচ্ছেন না তাঁরা।

ছবিটি ভাইরাল হওয়ার পর...-দৈনিক প্রথম আলো

বান্দরবানে আলীকদম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালামের সংবর্ধনার একটি ছবি গতকাল রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া একাধিক ছবিতে দেখা গেছে, সংবর্ধনায় ফুলের মালা দেওয়ার সময় তিনি এক ম্রো তরুণীকে এমনভাবে জড়িয়ে ধরেছেন, যা অনেকের কাছে শোভন বলে মনে হয়নি। ছবিতে ওই তরুণীর এমন অভিব্যক্তি ফুটেছে যে তাঁকে বিব্রত ও অসহায় মনে হয়েছে। যেন নিজেকে তিনি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও পারছেন না। তাৎক্ষণিকভাবে ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ম্রো তরুণীকে জড়িয়ে ধরা ‘দোষের কিছু হয়নি’ বলে মন্তব্য করেছেন আবুল কালাম। চেয়ারম্যানের পক্ষে ম্রো তরুণীর ভাই বলেছেন, এটাকে (জড়িয়ে ধরা) অন্যভাবে ভাবার সুযোগ নেই। তাঁর বোনের ছবি ছড়িয়ে দেওয়ার জন্যও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তবে চেয়ারম্যানের আচরণে ক্ষোভ প্রকাশ করলেও অনেকে চেয়ারম্যানের সঙ্গে ম্রো তরুণীর ছবি ছড়িয়ে দেওয়াকে তরুণীটির জন্য ‘মর্যাদাহানিকর’ বলে মন্তব্য করেছেন। তাঁরা বলছেন, ফেসবুকে ছবি ছড়ানোর আগে ছবিতে তরুণীর মুখটি অন্তত ঢেকে দেওয়া বা ঝাপসা করে দেওয়া যেত। 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

সনিয়াকে বিধায়কের কটূক্তি ঘিরে অস্বস্তি বাড়ছে বিজেপির, মুখ খুললেন স্বপ্না-দৈনিক আনন্দবাজার

সোনিয়া গান্ধী ও স্বপ্না

সনিয়া গাঁধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বিধায়কের। তার জেরে অস্বস্তি বাড়ছে বিজেপির। বার বার এই ধরনের ঘটনায় শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় সরব হয়েছেন সাধারণ মানুষও। কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।প্রাক্তন বিগ বস প্রতিযোগী ও হরিয়ানার নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরি কংগ্রেসে যোগ দিয়েছেন বলে সম্প্রতি খবর চাউর হয়। তা নিয়ে রাহুল গাঁধীকে কটাক্ষ করেন উত্তরপ্রদেশের রোহানিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। স্বপ্নার সঙ্গে সনিয়া গাঁধীর তুলনা টেনে বলেন, ‘‘ইতালি থেকে নর্তকী সনিয়াকে বিয়ে করে এনেছিলেন রাজীব। রাহুলেরও উচিত স্বপ্নাকে বিয়ে করা। একই পেশার সুবাদে মিলেমিশে থাকবেন শাশুড়ি-বউমা।’’কংগ্রেসে যোগ দেওয়ার কথা যদিও ইতিমধ্যেই অস্বীকার করেছেন স্বপ্না। যার পর বিজেপি সাংসদ তথা ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারির সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে। তবে সুরেন্দ্র সিংহের মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি বলেন, ‘‘রাহুল গাঁধী আমার দাদার মতো। জাতীয় দলের নেতার ওই মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং অসম্মানজনক।  উনি কি মহিলাদের অসম্মান করতেই শিখেছেন?’’

ক্ষমতায় এলে গরিবদের বছরে ৭২ হাজার টাকা করে সাহায্য, বড় ঘোষণা রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন

ভোটের আগে বড়সড় প্রতিশ্রুতি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর রাহুল গান্ধী ঘোষণা করলেন, ক্ষমতায় এলে দেশের সবচেয়ে গরিব ২০ শতাংশ মানুষকে সরাসরি আর্থিকভাবে সাহায্য করবে কংগ্রেস সরকার। কংগ্রেস সভাপতির দাবি, এই প্রকল্প ভারতকে পুরোপুরি দারিদ্র থেকে মুক্ত করবে।

কংগ্রেসের প্রতিশ্রুতি, দেশের ২০ শতাংশ সবচেয়ে গরিব পরিবারকে প্রতিবছর ৭২ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, মাসে ৬ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। কংগ্রেস সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবথেকে ধনী ব্যক্তিদের লক্ষ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে পারলে, আমরা গরিবদেরও দিতে পারব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, পূরণ করে দেখাব।৫ কোটি পরিবারের ২৫ কোটি মানুষকে সরাসরি এই সুবিধা দেওয়া হবে।” তিনি বললেন,”এবার দেশের সাধারণ মানুষ সুবিচার পাবেন। মোদিজি ধনীদের টাকা দেন, গরিবদের দেন না। এই অন্যায় কংগ্রেস পার্টি সহ্য করবে না। আমরা সাধারণ মানুষকে সুবিচার দেব।”

নাশকতা চালাতে পারে আইএস–আল কায়দা, উচ্চ সতর্কতা জারি দিল্লি, মুম্বই, গোয়ায়-দৈনিক আজকাল

নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকবাজের হামলার পর ভারতেও নাশকতা চালাতে পারে জঙ্গিরা। এমনই খবর পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, দেশের ইহুদি বসতি এলাকায় নাশকতা চালানোর ছক কষছে আল কায়দা এবং আইএস জঙ্গি সংগঠন। গোয়েন্দারা জানতে পেরেছেন, নাশকতা চালানোর জন্য জঙ্গিরা গাড়ি অথবা ছুরির ব্যবহার করতে পারে।  সেকারণে গোয়েন্দারা ইজরায়েলি দূতাবাসের বাইরে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। মুম্বইয়ে ইজরায়েলি কনস্যুলেট জেনারেলের বাসভবনের সামনে এবং চাবাদ হাইসের সামনেও নজরদারি বাড়ানো হয়েছে। মুম্বই, দিল্লি, গোয়ার বিভিন্ন জায়গায় ইহুদিদের প্রার্থনাস্থলে বাড়তি নজরদারি চালানোর জন্য রাজ্য পুলিসকে সতর্ক করেছে গোয়েন্দারা। #         ‌‌

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫