তারেককে দেশে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- বিজিবি-র্যাব-পুলিশের অভিযানে পাঁচ ঘণ্টায় নিহত ৬-দৈনিক প্রথম আলো
- তারেককে দেশে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- খালেদা জিয়া মাথা সোজা করতে পারছেন না: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
- বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনালী অধ্যায় চলছে: বাংলাদেশ হাই কমিশনার:-দৈনিক ইত্তেফাক
- বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত-মানবজমিন
- ঘুষ দিলে জাহান্নামে যেতে হবে : অর্থমন্ত্রী-এনটিভিবিডি
ভারতের শিরোনাম:
- মহাকাশে ভারত এখন মহাশক্তি, বললেন মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- গুরুংয়ের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিল দার্জিলিং আদালত-দৈনিক আজকাল
- স্ত্রী’র কাছে সোনা পাওয়া যায়নি, জেলা পুলিশের রিপোর্টে স্বস্তি অভিষেকের-দৈনিক সংবাদ প্রতিদিন।
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
বিজিবি-র্যাব-পুলিশের অভিযানে পাঁচ ঘণ্টায় নিহত ৬-দৈনিক প্রথম আলো
রাজধানীর ভাষানটেক, গাজীপুরের টঙ্গী এবং কক্সবাজারের টেকনাফ ও পেকুয়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ছয়জন নিহত হয়েছেন।

এর মধ্যে ভাষানটেক ও পেকুয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন, টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে দুজন ও টঙ্গীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হন। নিহত ছয়জন হত্যা, ছিনতাই, অবৈধ অস্ত্র রাখা ও মাদক পাচারের মতো অপরাধে জড়িত ছিলেন বলে দাবি করেছে বিজিবি, র্যাব ও পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টা থেকে আজ বুধবার ভোর ৫টার মধ্যে ওই ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটে।
তারেককে দেশে ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুটি কারণে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তারেক দণ্ডিত আসামি এবং বিদেশে অবস্থান করছেন বিধায় তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
আজ বুধবার রাজধানীর গুলশানে তার নিজ বাসায় ব্রিটেনের অ্যাম্বাসেডর সৌজন্য সাক্ষাৎ করতে এলে আইনমন্ত্রী এসব কথা বলেন। দুটি কারণে তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তাই তারেকের স্থান হবে কারাগারে। দ্বিতীয় কারণ হিসেবে আইমমন্ত্রী আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।
খালেদা জিয়া মাথা সোজা করতে পারছেন না: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি এতটাই অসুস্থ যে মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না।
এমতাবস্থায় চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনালী অধ্যায় চলছে: বাংলাদেশ হাই কমিশনার:-দৈনিক ইত্তেফাক
ভারত-বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক তা বর্তমানে সোনালী অধ্যায় অতিবাহিত করছে। মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপনকালে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এ কথা বলেন। এদিন সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সৈয়দ মোয়াজ্জেম আলী দিবসটি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া ঢাকা থেকে গাওয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন (পশ্চিম) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব গিতেশ শর্মা। দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত-মানবজমিন
ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আগে যে মন্তব্য করেছে সেই অবস্থানেই অটল রয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন মুখপাত্র রবার্ট প্যালাদিনো। তিনি জানিয়ে দিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র বার্ষিক মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে।

এতে আমরা বলেছি, ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত (জাতীয় সংসদ) নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। এতে ব্যাপক অনিয়ম হয়েছে। তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার যে দীর্ঘ ইতিহাস আছে তার প্রতি সম্মান দেখিয়ে অব্যাহতভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেষ হাসিনার অধীনে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন।
ঘুষ দিলে জাহান্নামে যেতে হবে : অর্থমন্ত্রী-এনটিভিবিডি
ঘুষ ও দুর্নীতি থেকে দেশকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলে জাহান্নামে যেতে হবে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দুদিন দেরি হলেও আমরা ঘুষ দেব না।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শিরোনামে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এসব জানানো হয়েছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশকে সুন্দর করে সাজাতে হবে, সবার আগে দুর্নীতি রুখতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি আমাদের সবার বিশ্বাসে রাখতে হবে। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ঘুষ-দুর্নীতি এ দুটি অপরাধ থেকে দেশকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
মহাকাশে ভারত এখন মহাশক্তি, বললেন মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হল অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল। আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই গৌরব অর্জন করল ভারত। এর ফলে মহাকাশের মহাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করল ভারত। লোকসভা নির্বাচনের আগে বুধবার জাতির উদ্দেশে এক বার্তায় এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন মোদী জানান, কিছু ক্ষণ আগেই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল (এ-স্যাট) দিয়ে ভারত লো-আর্থ অরবিট (এলইও)-এ থাকা একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে। মাত্র তিন মিনিটের মধ্যেই এই অপারেশন সম্পন্ন হয়েছে। মিশন শক্তি নামের এই অপারেশনের সাফল্যের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি।
গুরুংয়ের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিল দার্জিলিং আদালত-দৈনিক আজকাল
বিমল গুরুংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল দার্জিলিং আদালত। এই নির্দেশে বলা হয়েছে, রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন বিমল গুরুংকে বেশ কয়েকবার ডেকেছিল একটি বিষয় জানার জন্য। কিন্তু তিনি কোনওবারই শিশু সুরক্ষা অধিকার কমিশনের সামনে হাজির হননি। প্রসঙ্গত, ২০১৭–তে গোর্খা জনমুক্তি মোর্চার একটি মিছিলে স্কুলের শিশুদের সামিল করা হয়েছিল।

কেন স্কুল চলাকালীন শিশুদের সেখান থেকে একটি রাজনৈতিক দলের মিছিলে আনা হয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল কমিশন। এ ব্যাপারে বারবার ডাকা হয়েছিল চিঠি দিয়ে। কিন্তু বিমল আসেননি। উত্তরও দেননি। কমিশন বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে এবং কাজটি অপরাধমূলক বলে জানায়। এর পরেই বিষয়টি আদালত অবধি গড়ায়। বিমল গুরুং এবং তঁার আত্মীয়–স্বজনদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত।
স্ত্রী’র কাছে সোনা পাওয়া যায়নি, জেলা পুলিশের রিপোর্টে স্বস্তি অভিষেকের-দৈনিক সংবাদ প্রতিদিন।
ব্যাংকক থেকে ফেরার পথে বিমানবন্দরে সোনা-সহ আটকের মুখে পড়েছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী৷ সেই ঘটনা প্রকাশ্যে আসায় ভোটের বাজারে বেশ তোলপাড় শুরু হয়েছিল৷ এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক সম্মেলন করে স্ত্রী’র পাশে দাঁড়াতে দেখা গিয়েছে৷ ঘটনার ব্যাখ্যা শোনা গিয়েছে তাঁর মুখে৷ আপাতভাবে বিষয়টি নিয়ে চর্চা থামলেও, চোরাস্রোত আছে এখনও৷
এই পরিস্থিতিতেই অভিষেক-জায়াকে কিছুটা স্বস্তি দিল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ৷ নির্বাচন কমিশনারের কাছে পেশ করা রিপোর্টে উল্লেখ, কোনও সোনা বাজেয়াপ্ত হয়নি৷ বাজেয়াপ্তর তালিকায় কোনও সোনা ছিল না৷ এর সঙ্গে যুক্ত সব বিভাগ থেকে তথ্য,প্রমাণ নিয়ে পুলিশ রিপোর্ট পেশ করেছে বলে খবর৷ জেলা পুলিশের দেওয়া এই রিপোর্ট পাঠানো হবে দিল্লি নির্বাচন কমিশনে৷ ঘটনা নিয়ে যাঁরা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন, জেলা পুলিশের রিপোর্ট তাঁদের বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দিল বলেই মনে করছে তৃণমূলের ঘনিষ্ঠ মহল৷#
পার্সটুডে/বাবুল আখতার/২৭