মার্চ ২৮, ২০১৯ ১২:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • এফআর টাওয়ারে ভয়াবহ আগুন- প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ছেন অনেকেই-দৈনিক যুগান্তর
  • জনপ্রশাসনে দলীয় ছায়া তৈরি হচ্ছে -দৈনিক প্রথম  আলো
  • রাজধানীতে বন্দুকযুদ্ধে ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত-দৈনিক ইত্তেফাক
  • খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার চেষ্টা হচ্ছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
  • যশোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • ‘সেট’ আর ‘স্যাট’-এর পার্থক্য বোঝার বুদ্ধিও নেই, রাহুলের থিয়েটার কটাক্ষের জবাব মোদীর -দৈনিক আনন্দবাজার
  • মাসুদ ইস্যুতে ফের চাপে পাকিস্তান, রাষ্ট্রসংঘে ভারতের পাশে ‘ত্রিশক্তি’ -দৈনিক সংবাদ প্রতিদিন
  • উত্তর প্রদেশের মহাজোটকে ‘সরাব' বলে কটাক্ষ মোদির-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

এফআর টাওয়ারে ভয়াবহ আগুন

এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগার খবর আজকের সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ ও অনলাইন পোর্টালগুলোর প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে।দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ছেন অনেকেই। আরও বেশ কয়েকিট শিরোনাম এরকম- পানি সংকটে ব্যহত হচ্ছে আগুন নিয়ন্ত্রণ। ক্রিকেটার সাব্বিরের প্রশ্ন- আবারও আগুন এর দায়বদ্ধতা কার? আর ক্রিকেটার রুবেলের পোস্ট-আল্লাহ তুমি সবাইকে রক্ষা কর। ভবনে আটকা পড়া লোকজনের আর্তনাদ সিঁড়ি না পাঠালে  মারা যাবো। হাসপাতালে ১ জনের লাশ।

পোস্ট অফিসের ডিজিটাল সেবা ‘নগদ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু-দৈনিক ইত্তেফাক

ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গতকাল গণভবনে বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলের ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে ডাক বিভাগ এই সার্ভিস চালু করেছে। এই সার্ভিসের মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবে।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রয়ারি মাসে রাজধানীর একটি হোটেলে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার হিসাব খোলার গ্রাহক তথ্যের এ কার্যক্রম উদ্বোধন করেছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় তিনি বলেছিলেন, দেশের মানুষের সুবিধার্থে সরকার বিভিন্ন সেবা আনছে। এর ধারাবাহিকতা এবং প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্পের ভিত্তিতেই এসেছে ডাক বিভাগের সেবা নগদ।

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার চেষ্টা হচ্ছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা এখন বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেগম খালেদা জিয়া একটি অস্বাস্থ্যকর ও পরিত্যক্ত কারাগারের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন। ৭৪ বছর বয়সের দেশনেত্রীকে আজ এভাবে দীর্ঘ এক বছর যাবৎ নির্মম-নিষ্ঠুর নিপীড়ণের মাঝে বিনা চিকিৎসায় পুরাতন জরাজীর্ণ আবদ্ধ কারাগারে বন্দী করে রাখার উদ্দেশ্যই হচ্ছে এক অনন্ত প্রতিহিংসার জ্বালা মেটানো। দেশনেত্রীকে সরকার সরাসরি গলাটিপে হত্যা না করে এভাবে বিনা চিকিৎসায় অন্ধকার কারাগারে আটকিয়ে রেখে তিলে তিলে হত্যা করার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজধানীতে বন্দুকযুদ্ধে ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত-দৈনিক ইত্তেফাক

পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ২ জন

রাজধানীতে আফতারনগরে গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— মনির ওরফে টারজান মনির (২৮) ও শাহ আলী (২৮)। নিহতদের মধ্যে মনিরের বিরুদ্ধে প্রায় এক ডজন ও শাহ আলীর নামে অর্ধডজন মামলা রয়েছে বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মাসুদুর রহমান জানান, ডিবি পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এফআর টাওয়ারে ভয়াবহ আগুন-প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ছেন অনেকেই-দৈনিক যুগান্তর

বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। যোগ দিয়েছেন বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এদিকে ২২তলা ভবনটিকে আটকা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এ রকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাফিয়ে পড়ে আহত শ্রীলংকার এক নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

জেরায় অপ্রস্তুত পুলিশ কর্মকর্তা-দৈনিক প্রথম আলো

গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার মামলা: জেরায় অপ্রস্তুত পরিদর্শক সালাউদ্দীন মিয়া

গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার মামলা রেকর্ড করেছিলেন গুলশান থানার তৎকালীন পরিদর্শক মো. সালাউদ্দীন মিয়া। গতকাল বুধবার জেরায় তাঁকে কিছুটা অপ্রস্তুত হতে হয়। বেশ কিছু প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি। তবে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ জেরা শেষে উপসংহারে দাবি করেছেন, হোলি আর্টিজান বেকারির বাইরে থেকে পুলিশ ও অন্যান্য বাহিনীর ছোড়া গুলিতে ভেতরে থাকা দেশি-বিদেশি অতিথিরা নিহত হন। সরকারপক্ষের সাক্ষীরা মিথ্যা বলছেন। মো. সালাউদ্দীন মিয়া জোরের সঙ্গে বলেন, তিনি যা বলেছেন সত্য বলেছেন, মিথ্যা বলেননি।

জনপ্রশাসনে দলীয় ছায়া তৈরি হচ্ছে—দৈনিক প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান তাঁর এ নিবন্ধে লিখেছেন, গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনপ্রশাসনের ওপর রাজনীতির প্রভাব থাকবেই, কিন্তু সেটা কোনোভাবেই দলীয়করণের দিকে যাওয়া যাবে না। কিন্তু এখন অনেকেই মনে করেন জনপ্রশাসনেও দলীয় ছায়া তৈরি হচ্ছে। এর ফলে জন আস্থা, পেশাদারি এবং সার্বিকভাবে প্রশাসনের গুণগত মানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। আর দুর্নীতি অল্পবিস্তর সব সময়ই ছিল। কিন্তু জনপ্রশাসনে কার্যকর জবাবদিহির অভাবে এটা আরও বাড়ছে। জনপ্রশাসনে যখন রাজনৈতিক নিয়ন্ত্রণ চলে, তখন আমলাতন্ত্রও সমঝোতা করে। এখন মাঠ প্রশাসনে এমন অভিযোগের কথা শোনা যায়। যদিও এটা ঠিক যে দুর্নীতি রোধ ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশলসহ বেশ কিছু নীতিমালা করেছে। কিন্তু সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে, তেমনটা মনে হচ্ছে না। ফলে এসব নীতিমালার কার্যকর সুফল পাওয়া যাচ্ছে তা–ও বলা যাবে না। এ জন্য এসব নীতিমালা যাতে বাস্তবায়ন হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। তা না হলে তাঁদের কর্মস্পৃহা কমে যাবে। কিন্তু সেই পদোন্নতি হওয়া প্রয়োজন পদের সংখ্যার ভিত্তিতে, যোগ্যতা ও মেধার মাপকাঠিতে।

উপজেলা পরিষদ নির্বাচন-দৈনিক ইত্তেফাক

চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে সৃষ্টি হয়েছে ক্ষোভ-অসন্তোষ। স্থানীয় প্রভাবশালী প্রার্থীদের হস্তক্ষেপের কারণে অনেক স্থানে এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রচার, জনসংযোগ, মিছিল-মিটিং ও উঠান বৈঠকে বাধাদান, ভোটকেন্দ্র দখলসহ নানা রকম হয়রানি করছেন প্রভাবশালী প্রার্থীরা। তাদের স্বেচ্ছাচারিতায় অন্য প্রার্থীদের পাশাপাশি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেকটা অসহায়। আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও ইতিমধ্যে হামলার শিকার হয়ে আহত হয়েছেন। সুষ্ঠু-নিরাপদ নির্বাচন করাও এখন আইন-শৃংখলা বাহিনীর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নেপথ্যে থেকে অনেকে সুষ্ঠু নির্বাচনের কথা নির্বাচন কমিশনকে বলছেন, তবে তাদের প্রার্থীকে বিজয়ী করতে স্থানীয় প্রশাসনকে চাপ দিচ্ছেন। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচনের তাগিদের কথা বললেও বেশিরভাগ ক্ষেত্রে মাঠে তার প্রতিফলন নেই। ফলে সর্বত্রই যাচ্ছে ভুল বার্তা।

যশোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪-দৈনিক মানবজমিন

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৪ টি শিশু ও দুই মহিলা রয়েছেন। এদের  ৪ জনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় একটি ট্রাকের সাথে যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

পীরের বাড়ি থেকে ফেরার পথে বাস খাদে : নিহত ১০, আহত ৪০-দৈনিক নয়া দিগন্ত

ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের বাড়ি থেকে ফেরার পথে মাদারীপুরের কলাবাড়িতে ট্রাকের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে এর ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৪০ জন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘সেট’ আর ‘স্যাট’-এর পার্থক্য বোঝার বুদ্ধিও নেই, রাহুলের থিয়েটার কটাক্ষের জবাব মোদীর-দৈনিক আনন্দবাজার

রাহুল গান্ধীর নাটক কটাক্ষের জবাব দিলেন নরেন্দ্র মোদী

রাহুল গাঁধীর নাটক কটাক্ষের জবাব দিলেন নরেন্দ্র মোদী। শব্দের সামান্য কারিকুরি করে কংগ্রেস সভাপতির নাম না করেও প্রধানমন্ত্রীর খোঁচা, ‘‘সেট আর স্যাট-এর পার্থক্য বোঝার বুদ্ধিমত্তাও নেই।’’ জবাবে কংগ্রেসের পাল্টা খোঁচা, উত্তরপ্রদেশে গিয়ে আর এক প্রস্থ নাটক করে এলেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি গরিবদের আর্থিক সাহায্যে কংগ্রেসের ন্যায় প্রকল্প থেকে উত্তরপ্রদেশে এসপি-বিএসপির জোটকেও নিশানা করেছেন মোদী। সমাজবাদী পার্টির ‘স’, রাষ্ট্রীয় লোকদলের ‘রা’ এবং বহুজন সমাজ পার্টির ‘ব’ জুড়ে তিন দলের জোটকে ‘সরাব’ (মদ) বলতেও ছাড়েননি মোদী।

মাসুদ ইস্যুতে ফের চাপে পাকিস্তান, রাষ্ট্রসংঘে ভারতের পাশে ‘ত্রিশক্তি’-দৈনিক সংবাদ প্রতিদিন

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করতে ফের চাপ বাড়াল আমেরিকা

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করতে ফের চাপ বাড়াল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। পুলওয়ামা কাণ্ডে ৪০ সেনার হত্যার দায় স্বীকার করার পর থেকেই ভারতের পাশাপাশি মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার পক্ষে রাষ্ট্রসংঘে সওয়াল করেছিল এই তিন দেশ। কিন্তু সেই প্রক্রিয়ায় বাদ সাধে চিন। দু’সপ্তাহ আগে চিন ভেটো দেওয়ায় মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘের কালো তালিকাভুক্ত করার কাজ থমকে যায়। এরপর বুধবার ফের সেই প্রক্রিয়া শুরু করল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স।ব্রিটেন ও ফ্রান্সের অনুমোদন নিয়ে রাষ্ট্রসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস করিয়ে নেয় আমেরিকা। সেই প্রস্তাব অনুযায়ী যত্রতত্র ঘুরে বেড়াতে সমস্যায় পড়বে মাসুদ আজহার। সেই সঙ্গে মাসুদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।

উত্তর প্রদেশের মহাজোটকে ‘সরাব' বলে কটাক্ষ মোদির-দৈনিক আজকাল

'সপার স, আরএলডির রা এবং বিএসপির ব আসলে সরাব, যা আপনাদের শেষ করে দেবে।’ বৃহস্পতিবার মেরঠ থেকে এবারের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে এই ভাষাতেই উত্তর প্রদেশে সপা–বিএসপি–আরএলডি জোটকে শরাব বা মদ বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি।মোদির ওই মন্তব্যে দেশের রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। মোদির জনসভার কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলন করে তাঁর ওই মন্তব্যের তীব্র সমালোচনা এবং লজ্জাজনক অ্যাখ্যা দিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার প্রশ্ন, ‘এধরনের মন্তব্য কি প্রধানমন্ত্রীর পক্ষে মানানসই। আপনি রাজনৈতিক দলগুলিকে শরাব বলছেন। এভাবেই কি একজন প্রধানমন্ত্রী কথা বলেন’। মোদিকে ‘নাটুকে’ এবং ‘ফ্লপ অভিনেতা’অ্যাখ্যা দিয়ে সুরজেওয়ালা বলেন, তাঁদের দলের সঙ্গে বিএসপির আদর্শগত বিরোধ থাকলেও তাঁরা মায়াবতীকে সম্মান দিয়েই সম্বোধন করেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮