জবাবদিহিবিহীন সরকারের কারণেই থামছে না মৃত্যুর মিছিল: রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- জবাবদিহিবিহীন সরকারের কারণেই থামছে না মৃত্যুর মিছিল: রিজভী-দৈনিক যুগান্তর
- বিপিসির উদ্যোগ-বছরে ৫০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা-দৈনিক প্রথম আলো
- এফ আর টাওয়ারে আগুন: পুলিশের মামলা-দৈনিক ইত্তেফাক
- আগুনে পুড়ে গেছে ডিএনসিসি মাকের্টের ২১২ দোকান-দৈনিক মানবজমিন
- হাওরে দুর্নীতি হচ্ছে রাজনৈতিক যোগসাজশে : আবুল বারকাত-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- প্রধানমন্ত্রী হিসেবদাও: ভিডিয়ো ধারাবাহিক শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার চেষ্টায় তৃণমূল-দৈনিক আনন্দবাজার
- ১০০ দিনের কাজে ভারতসেরা মমতার বাংলা, অনেক পিছিয়ে মোদির গুজরাট-দৈনিক সংবাদ প্রতিদিন
- বারাণসীতে এবার মোদিকে টক্কর দেবেন তেজ বাহাদুর-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. অ্যাকশনে যাওয়ার ঘোষণা মন্ত্রীর, ১৫ দিনের মধ্যে চিহ্নিত হবে অবৈধ ভবন। গুলশানের এনডিসিসি কাঁচা বাজের আগুন লাগার পর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম একথা বলেছেন। কী বলবেন আপনি?
২. ভেনিজুয়েলা ইস্যুতে রাশিয়া ও চীনকে হুমকি দিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ভেনিজুয়েলায় আমেরিকা তার স্বার্থ রক্ষা করবে। বোল্টনের এই হুমকি নিয়ে আপনার মন্তব্য কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
আগুন সম্পর্কিত খবর আজকের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ ও অনলাইন পোর্টালে পরিবেশিত হয়েছে। ডিএনসিসি মার্কেটে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস-এটি দৈনিক প্রথম আলোর শিরোনাম।
বিস্তারিত খবরে লেখা হয়েছে, গুলশানের ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড। গুলশানের ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড। ডিএনসিসি কাঁচাবাজারে আগুন নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে আগুন লাগার ঘটনা তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে রাস্তা ফাঁকা থাকায় এবং লোকজনের ভিড় না থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-সাড়ে এগারো হাজার ভবন ঝুঁকিতে। হায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোন কোন ভবন পরিকল্পনা বা নিয়মের বাইরে তৈরি হয়েছে, তা ১৫ দিনের মধ্যে চিহ্নিত করা হবে।
বিপিসির উদ্যোগ-বছরে ৫০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা-দৈনিক প্রথম আলো
জ্বালানি তেল বিপণন কোম্পানির কাছ থেকে দ্রুত টাকা আদায় করতে অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোগটি ভালো, কিন্তু দরপত্র ছাড়া যে পদ্ধতিতে বিপিসি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলে বিপিসি বছরে গড়ে ৫০ থেকে ৬০ কোটি টাকা হারাবে।
জবাবদিহিবিহীন সরকারের কারণেই থামছে না মৃত্যুর মিছিল: রিজভী-দৈনিক যুগান্তর
জবাবদিহিবিহীন সরকার থাকার কারণেই মৃত্যুর মিছিল থামছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, একটি বেদনাঘন শোক কাটতে না কাটতেই আরেকটি গভীর শোক আমাদেরকে আচ্ছন্ন করছে। দেশবাসী যেন একটা বিশাল বিস্তৃত গোরস্থানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি বলেন, চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুর শোক কাটতে না কাটতেই বনানীর এফআর টাওয়ারের আগুনে পুড়ে মৃত্যুর ট্র্যাজেডি দেশবাসীকে শোকে বেদনায় নির্বাক করে দিয়েছে।
হাওরে দুর্নীতি হচ্ছে রাজনৈতিক যোগসাজশে : আবুল বারকাত-দৈনিক নয়া দিগন্ত
অর্থনীতিবিদ ও গবেষক ড. আবুল বারকাত বলেছেন, হাওরে বাঁধ নির্মাণ ও সংস্কাররের ক্ষেত্রে ঠিকাদারি আর পিআইসি (প্রকল্পের জন্য একটি করে বাস্তবায়ন কমিটি) দুই এপ্রোচে দুর্নীতি হয়। ঠিকাদারি পদ্ধতিতে ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মিলে দুনীতি করে। ২০১৭ সালে ঠিকাদার ও পাউবো’র কর্মকর্তারা পরস্পর যোগসাজশে সরকারি ৮ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন। তাদের অর্থ আত্মসাৎ ও অবহেলার কারণেই হাওর অঞ্চলে ভয়াবহ বন্যার কৃষকের ও জণসাধারণের আর্থিক ক্ষতি হয়। আর পিআইসি পদ্ধতিতে দুর্নীতি করে স্থানীয় জনপ্রতিনিধি আর পিআইসির রাজনৈতিক যোগাযোগ থাকা সদস্যরা।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
প্রধানমন্ত্রী হিসেবদাও: ভিডিয়ো ধারাবাহিক শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার চেষ্টায় তৃণমূল-দৈনিক আনন্দবাজার
সাদা-কালো ফ্রেম, ধূসর বাস্তবতা। চোখে-মুখে একরাশ বিষাদ নিয়ে হরিয়ানার প্রত্যন্ত প্রান্তের তরুণী প্রিয়া শোনাচ্ছেন নিজের স্কুলছুট হয়ে যাওয়ার আখ্যান। কত মেয়েকে অকালে পড়া ছাড়তে হল, হিসেব আছে? জিজ্ঞাসা প্রিয়ার। ধানমন্ত্রীহিসেবদাও— এই শিরোনামে শনিবার দুপুর ঠিক ১২টায় ভিডিয়োটা প্রকাশ করল তৃণমূল। দলের সমস্ত ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডল, ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ-সহ যাবতীয় সোশ্যাল মিডিয়া শাখায় একযোগে ছাড়া হল এই ভিডিয়ো। মাত্র এক মিনিট ৭ সেকেন্ডের ভিডিয়ো, তার মাধ্যমে তৃণমূল তুলে ধরার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকারের ‘বেটি পঢ়াও, বেটি বচাও’ কর্মসূচির ‘ব্যর্থতা’। তার বিপরীতে তুলে ধরা হয়েছে বাংলার সেই ছাত্রীদের আখ্যান, যাদের স্কুলে পৌঁছনোর পথকে সুগম করে তুলেছে সবুজসাথী প্রকল্পের সাইকেল। এই বৈপরীত্যের ছবি তুলে ধরেই প্রধানমন্ত্রীর কাছে হিসেব চাওয়া হচ্ছে, জনসাধারণকে হিসেব চাইতে বলা হচ্ছে।
১০০ দিনের কাজে ভারতসেরা মমতার বাংলা, অনেক পিছিয়ে মোদির গুজরাট-দৈনিক সংবাদ প্রতিদিন
একশো দিনের কাজে ফের দেশের মধ্যে সেরা হল পশ্চিমবঙ্গ। পরিসংখ্যান বলছেন, বাংলায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি আইনের অধীনে ৭৭ শতাংশ কাজ হয়েছে। বাংলাই এই নিরিখে শীর্ষস্থানে। অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। চন্দ্রবাবু নায়ডুর রাজ্যে কাজ হয়েছে ৫৫.৯২ শতাংশ। এই পরিসংখ্যান রাজ্যসভায় পেশ করেছেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী রাম কৃপাল। ভোটের আগে নিজেদের উন্নয়নের ফিরিস্ত নিয়ে মানুষের দ্বারস্থ হচ্ছে রাজনৈতিক দলগুলি। মোদি-মমতা-রাহুল প্রত্যেকেরই দাবি তাঁদের আমলে, বা তাঁদের শাসনে সাধারণ মানুষের উন্নয়ন সব থেকে বেশি হয়েছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। কিন্তু পরিসংখ্যান কী বলছে? তা অনেকেই জানেন না। গ্রামীন কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যান মমতাকেই এগিয়ে রাখছে। দেখা যাচ্ছে, একশো দিনের কাজে বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় কয়েক যোজন এগিয়ে বাংলা।
উপত্যকায় ফের গাড়িবোমা বিস্ফোরণ, বড়সড় নাশকতা এড়াল সিআরপিএফ কনভয়-দৈনিক সংবাদ প্রতিদিন
পুলওয়ামায় জঙ্গি হামলার পর মাত্র দেড় মাস কেটেছে৷ তার মধ্যেই আবারও উপত্যকায় বড়সড় বিস্ফোরণ৷ জওহর টানেলের কাছে বানিহালে গাড়িবোমা বিস্ফোরণ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে সিআরপিএফ জওয়ানদের একটি গাড়ি৷ রহস্যজনক এই গাড়িবোমা বিস্ফোরণে কতজন জখম হয়েছেন তা এখনও জানা যায়নি৷
বারাণসীতে এবার মোদিকে টক্কর দেবেন তেজ বাহাদুর-দৈনিক আজকাল
সোশ্যাল মিডিয়ায় বিএসএফ জওয়ানদের করুণ অবস্থার কথা প্রকাশ্যে এনেছিলেন তিনিই। সোশ্যাল মিডিয়ায় বিএসএফ জওয়ানদের দেওয়া নিম্নমানের খাবারের ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই প্রাক্তন বিএসএফ কনস্টেবল তেজ বাহাদুরই এবার বারাণসীতে মোদিকে টক্কর দেবেন। সত্যি কথা ফাঁস করে দিয়েছিলেন বলে সময়ের আগেই চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল তেজ বাহাদুরকে। মনে মনে সেই রাগ এবং ক্ষোভ এখনও পুষে রেখেছেন প্রাক্তন এই বিএসএফ কনস্টেবল। সেকারণেই একাধিক রাজনৈতিক দল তাঁকে প্রস্তাব দিলেও তা নেননি তিনি। উল্টে খারিজ করে দিয়ে বলেছেন নির্দল প্রার্থী হিসেবেই বারাণসীতে দাঁড়াবেন তিনি।
মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তেজ বাহাদুর বলেছেন, যিনি জওয়ানদের দেখিয়ে ভোট চান তিনি, অথচ জওয়ানদের জন্য কিছুই করেননি প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০