একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- পেঁয়াজভর্তি ট্রাকে মিলল দেড় হাজার ফেনসিডিল!-দৈনিক যুগান্তর
- ইলিশের দাম ব্যাপক চড়া-দৈনিক প্রথম আলো
- রাজনীতি একটা দলের কাছে চলে গেছে : ফখরুল-দৈনিক ইত্তেফাক
- ভীষণ বিপদে ২ কোটি বাংলাদেশী শিশু-দৈনিক নয়া দিগন্ত
- ভারতীয় মিডিয়ার খবর-পায়রা বন্দর হতে পারে চীনা ঋণের ফাঁদ-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- অসম জয়ের ডাক দিয়ে এনআরসি ইস্যুতে বিজেপিকে তোপ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘‘বিরোধী মানেই নন দেশদ্রোহী’, পাঁচ বছর পরে নিজের ব্লগে বিস্ফোরক আডবাণী -দৈনিক আনন্দবাজার
- পাকিস্তান নিজেরাই টুইট করে ভারতের এয়ারস্ট্রাইকের প্রমাণ দিয়েছে-দৈনিক আজকাল ‘-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
রাজনীতি একটা দলের কাছে চলে গেছে : ফখরুল-দৈনিক ইত্তেফাক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন কোনো রাজনীতি নেই, রাজনীতি তো একটা দলের কাছেই চলে গেছে। আজ ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা একবার এসেছিল ১৯৭৫ সালে। সেটা চলে যাওয়ার পরে এখন আবার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হলো ছদ্মবেশী গণতন্ত্র। সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে আটক করে রাখা হয়েছে । আর দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, ‘খালেদা জিয়াকে মুক্ত করে ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনা হবে বলে আজ মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ইলিশের দাম ব্যাপক চড়া-দৈনিক প্রথম আলো
রাজধানীর বাজারে ব্যাপকভাবে বেড়ে গেছে ইলিশ মাছের দাম। বাজারে এক কেজির কিছু বেশি ওজনের একটি তাজা ইলিশের দাম বিক্রেতারা আড়াই থেকে তিন হাজার টাকা হাঁকছেন, যা সপ্তাহখানেক আগেও দেড় হাজার টাকার কাছাকাছি ছিল। পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বাড়ে। বাজার ধরতে ব্যবসায়ীরা হিমাগারে ইলিশ রেখে দেন। এ সময় জাটকা ধরা ঠেকাতে নদীতে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। ফলে দাম বেড়ে যায়। অবশ্য ইলিশ সম্পদ রক্ষার জন্য কয়েক বছর ধরে পয়লা বৈশাখে মাছটি না কেনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটা প্রচার চলছে।
পেঁয়াজভর্তি ট্রাকে মিলল দেড় হাজার ফেনসিডিল!-দৈনিক যুগান্তর
সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল পেঁয়াজভর্তি ট্রাক। পথে আইনশৃঙ্খলা বাহিনী ট্রাকটি তল্লাশি করে দেখেন পেঁয়াজের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ৪৫০ বোতল ফেনসিডিল। শুক্রবার (৫ এপ্রিল) সকালে সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া নামকস্থান থেকে ফেনসিডিলবাহী এ ট্রাকটি আটক করা হয়।এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
একমাস পর পায়ে হেঁটে হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
দীর্ঘ এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর আজ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই দেশে আসছেন না সেতুমন্ত্রী। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছু দিন তিনি সিঙ্গাপুরে থাকবেন।গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
ভারতীয় মিডিয়ার খবর-পায়রা বন্দর হতে পারে চীনা ঋণের ফাঁদ-দৈনিক মানবজমিন
পায়রা বন্দরের দখল নিতে পারে চীন। এমন শঙ্কাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সংবাদ সংস্থা এএনআই-এর বিশেষ প্রতিবেদনে এই দাবি করা হয় । এতে বলা হয়েছে, নিজের ভূ-রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলতে চাইছে চীন। পাকিস্তানের গোয়াদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের পর এবার বাংলাদেশের পায়রা বন্দরের নিয়ন্ত্রণ নিতে চায় বেইজিং। এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও বাংলাদেশ নিজেদের মধ্যে থাকা সম্পর্ককে আরো বিস্তৃত করতে বেশ কিছু চুক্তিতে উপনীত হয়েছে
ভীষণ বিপদে ২ কোটি বাংলাদেশী শিশু-দৈনিক নয়া দিগন্ত
বাংলাদেশে এক কোটি নব্বই লক্ষেরও বেশী শিশুর জীবন জলবায়ু পরিবর্তনের কারণে সরাসরি ঝুঁকিতে রয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। জলবায়ু পরিবর্তন শিশুদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে সেই বিষয়ে এই প্রথম কোন প্রতিবেদন প্রকাশ করলো জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলছেন, "জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সবচাইতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য আরও বেশি ঝুঁকি তৈরি করছে। তারা তাদের শিশুদের পর্যাপ্ত খেতে দিতে পারছে না, তাদের সুস্থ রাখতে পারছে না। তাদের শিক্ষা ব্যাহত হচ্ছে।"
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
অসম জয়ের ডাক দিয়ে এনআরসি ইস্যুতে বিজেপিকে তোপ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
‘আগামী দিনে অসম জয় করব’৷ দিল্লির কুরসি থেকে এনডিএ সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিয়ে এভাবেই অসম জয়ের ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এনআরসি-কে হাতিয়ার করে ধুবুড়ির জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত বিষোদগার করলেন তিনি৷ সারদা কাণ্ডের প্রসঙ্গ টেনে পালটা আক্রমণ শানালেন বিজেপি শাসিত অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে৷লোকসভা ভোটের আবহে শুক্রবারই অসমে প্রথমবার প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বক্তৃতার শুরু থেকেই মূল প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত ছিলেন তিনি৷
‘পাকিস্তান নিজেরাই টুইট করে ভারতের এয়ারস্ট্রাইকের প্রমাণ দিয়েছে-দৈনিক আজকাল’
পুলওয়ামা হামলার বদলা নিতে বালাকোটে এয়ারস্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা। ফলাও করে বায়ুসেনার সেই কৃতিত্ব নিজেদের বলে দাবি করতে শুরু করেছিল বিজেপি নেতা–মন্ত্রীরা। কিন্তু তাতে কতজন জঙ্গি মরেছে, সেই সংখ্যাটা সঠিকভাবে কেউই বলতে পারেননি।এরপরই বিরোধী থেকে শুরু করে শহিদ জওয়ানদের পরিবারও সরকারের কাছে বালাকোটে এয়ারস্ট্রাইকের প্রমাণ দাবি করেছিলেন। কিন্তু সেই প্রমাণ সামনে আনা তো দূর উল্টে যাঁরা প্রমাণ চেয়েছেন, তাঁদেরই দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, পাকিস্তান নিজেই ভারতের এয়ারস্ট্রাইকের প্রমাণ দিয়েছে।
বিরোধী মানেই নন দেশদ্রোহী’, পাঁচ বছর পরে নিজের ব্লগে বিস্ফোরক আডবাণী-দৈনিক আনন্দবাজার
মোদী-অমিত শাহেরা গত পাঁচ বছর ধরে তাঁকে যে-ভাবে উপেক্ষা করেছেন, যে-ভাবে দীর্ঘদিনের জেতা গাঁধীনগর আসন থেকে তাঁকে প্রার্থী না-করে কার্যত অবসরে যেতে বাধ্য করেছেন, তাতে চূড়ান্ত ক্ষুব্ধ আডবাণী। কেউ রাজনৈতিক মতের বিরোধী হলেই তাঁকে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দেওয়াটা বিজেপির জাতীয়তাবাদ নয় বলে মনে করিয়ে দিলেন লালকৃষ্ণ আডবাণী। পাঁচ বছর পরে নিজের ব্লগে কলম ধরে আডবাণীর এই মন্তব্যের লক্ষ্য নরেন্দ্র মোদী-অমিত শাহ এমন মত বিরোধী নেতা এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫