একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশে ব্যবসা করতে হলে আইন মানতেই হবে: তথ্যমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- গবেষণায় গুরুত্ব দেওয়ায় আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী: দৈনিক কালের কণ্ঠ
- শাসকরা বেশি মিথ্যা কথা বললে দেশে দুর্যোগ নেমে আসে-দৈনিক যুগান্তর
- সোনাগাজী থানার ওসি প্রত্যাহার, নুসরাতকে হত্যাচেষ্টার মামলা পিবিআইতে-দৈনিক ইত্তেফাক
- নুসরাতকে হত্যাচেষ্টা; অধ্যক্ষের ৭ দিন, আরেক শিক্ষক ও সহপাঠির ৫ দিনের রিমান্ড-দৈনিক মানবজমিন
- সড়ক পরিবহন আইন কার্যকর করতে আইনি নোটিশ: দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- ভোট শেষ না হওয়া পর্যন্ত মোদীর বায়োপিকের মুক্তি নয়, নিষিদ্ধ ঘোষণা করল কমিশন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে পাক–ভারতের মধ্যে শান্তি বৈঠক সম্ভব, দাবি ইমরান খানের-দৈনিক আজকাল
- রাফালে ইস্যুতে বড় ধাক্কা সরকারের, কেন্দ্রের আপত্তি খারিজ সুপ্রিম কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন (১০ এপ্রিল ২০১৯)
১. বাংলাদেশের ফেনির সোনাগাজী উপজেলায় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ৭ দিন রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া, মামলার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সামগ্রিকভাবে ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?
২. ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তুর্ভুক্ত করছে আমেরিকা। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতি কোথায় যাচ্ছে বলে মনে হয়?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
বাংলাদেশে ব্যবসা করতে হলে আইন মানতেই হবে: তথ্যমন্ত্রী-দৈনিক প্রথম আলো
ডাউন লিংক করে দেখানো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের বিষয়ে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে আইন মানতেই হবে। আজ বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতাদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
তিনি ফের বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে আইন প্রয়োগের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান। বৈঠকে অ্যাটকোর নেতারা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের বিষয়ে আইন প্রয়োগে সরকারি সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়নের অনুরোধ জানান। একই সঙ্গে তাঁরা কেবল অপারেটর ব্যবস্থা ডিজিটাল করার জন্য পদক্ষেপ নিতে আবেদন জানান।
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের বিষয়ে আইনের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আইন অনুযায়ী ডাউন লিংক করে দেখানো বিদেশি চ্যানেলে কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এ ধরনের আইন অন্যান্য দেশেও আছে। আমরা শুধু আইন বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি। আমরা কোনো টিভি চ্যানেল বন্ধ করিনি। তেমনটা করার উদ্দেশ্যও নেই।’
গবেষণায় গুরুত্ব দেওয়ায় আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী: দৈনিক কালের কণ্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণায় গুরুত্ব দেয়ার ফলে আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা খাদ্য বিদেশেও রপ্তানি করতে পারি। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা চেকপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব সময় গবেষণাকে গুরুত্ব দিই। আমরা ২১ বছর পর ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে দেখি গবেষণার জন্য কোনো বরাদ্দ নেই। তখন ১২ কোটি টাকা প্রথমে বরাদ্দ দিই। পরের বছর তা ১০০ কোটি টাকা করি।’
শেখ হাসিনা বলেন, ‘গবেষণায় গুরুত্ব দেয়ার ফলে আমরা আজ খাদ্যে স্বয়সম্পূর্ণ। এখন আমরা খাদ্য বিদেশেও রপ্তানি করতে পারি।’প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো থেকে পিছিয়ে থাকবে না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সব ক্ষেত্রে এগিয়ে যাবে। তিনি বলেন, দেশ এগিয়ে যাওয়ার জন্য গবেষণার কোনো বিকল্প নেই, এজন্য বিজ্ঞানী ও গবেষকদের আরও বেশি আন্তরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শাসকরা বেশি মিথ্যা কথা বললে দেশে দুর্যোগ নেমে আসে-দৈনিক যুগান্তর
শাসকরা বেশি মিথ্যা কথা বললে দেশে দুর্যোগ নেমে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রবাদ আছে- শাসকরা বেশি মিথ্যা কথা বললে দেশে দুর্যোগ নেমে আসে। দেশে এখন দুর্যোগ থামছেই না। ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষ পুড়ে যাচ্ছে, দোকানপাট-বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, লঞ্চ ও নৌকা ডুবে শত শত মানুষ ডুবে যাচ্ছে, নারী-শিশু নির্যাতনের বিভীষিকায় সারা জাতি স্তম্ভিত, চারদিকে শুধু মড়ক ও বধ্যভূমি।
বিএনপির এ নেতা বলেন, গত কয়েক দিন আগে এই আওয়ামী মিডিয়াগুলোতে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগমকে নাকি বেতন দেয়া হচ্ছে না বলে মিথ্যা রিপোর্ট করেছে।
সোনাগাজী থানার ওসি প্রত্যাহার, নুসরাতকে হত্যাচেষ্টার মামলা পিবিআইতে-দৈনিক ইত্তেফাক
হত্যাচেষ্টার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের পক্ষ থেকে পুলিশের প্রতি অনাস্থা প্রকাশের পর ফেনীর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সেই সাথে আলোচিত হত্যাচেষ্টার মামলা তদন্তের জন্য পিবিআইতে স্থানান্তরও করা হয়।
আজ বুধবার পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখা সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। এর আগে নুসরাত জাহান রাফির শরীরের অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত শম্পার গ্রেফতার হওয়া না হওয়া নিয়ে পুলিশের পৃথক মন্তব্যের পর ওই ছাত্রীর পরিবার পুলিশের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত শনিবার সকাল নয়টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে যায় রাফি। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪/৫ জন বোরকা পরিহিত দৃর্বৃত্ত ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুর ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। দগ্ধ ছাত্রীর চিত্কারে সহপাঠী ও শিক্ষকরা ছুটে এসে তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিত্করা জানিয়েছেন, তার শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নুসরাতকে হত্যাচেষ্টা; অধ্যক্ষের ৭ দিন, আরেক শিক্ষক ও সহপাঠির ৫ দিনের রিমান্ড-দৈনিক মানবজমিন
আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে (১৮) যৌন হয়রানী ও গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় ওই মাদরাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলাসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাফ উদ্দিন আহম্মেদ এ আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর গোলাম জিলানী জানান, অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলার ৭ দিন, একই মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক আবছার উদ্দিন ও সহপাঠী আরিফুল ইসলামের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন করেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) কামাল হোসেন তাদের প্রত্যেকের ৭দিন করে রিমান্ড আবেদন করলে আদালত পৃথকভাবে এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার একই আদালতে নুর হোসেন, কেফায়াত উল্লাহ, মোহাম্মদ আলা উদ্দিন ও শাহিদুল ইসলামের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মঙ্গলবার রাতে আটক অধ্যক্ষের শ্যালিকার মেয়ে উম্মে সুলতানা পপি ও মামলার এজহার নামীয় আসামি যোবায়ের হোসেনকে আদালতে তোলা হয়েছে। তাদেরও ৭দিন করে রিমান্ড আবেদন করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
সড়ক পরিবহন আইন কার্যকর করতে আইনি নোটিশ: দৈনিক নয়াদিগন্ত
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে করা সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে আগামী সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার রেজিস্ট্রি ডাকযোগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।রাষ্ট্রপতির কার্যালয় সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, সংসদ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ মোট আট সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, শিক্ষার্থী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস করে একই বছরের ৮ অক্টোবর আইনটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ করা হয়। কিন্তু এ আইনটির ১(২) ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতির গেজেটের পর আইনটি কার্যকর করতে সরকারের পক্ষ থেকেও গেজেট প্রকাশ করতে হবে। অথচ ছয় মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও আইনটি কার্যকরে কোনো গেজেট প্রকাশ করেনি সরকার। তাই এ আইনটি কার্যকর করতে আগামী সাত দিনের মধ্যে সরকারকে গেজেট প্রকাশ করতে বলা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
ভোট শেষ না হওয়া পর্যন্ত মোদীর বায়োপিকের মুক্তি নয়, নিষিদ্ধ ঘোষণা করল কমিশন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
নির্বাচন কমিশন জানিয়ে দিল, এই ছবি মুক্তি পেলে রাজনৈতিক ‘ভারসাম্যে নষ্ট করতে পারে। সুপ্রিম কোর্টে ছাড়পত্র মিলেছিল। কিন্তু কোপে পড়ল নির্বাচন কমিশনের। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’র মুক্তি নয়, সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবারই ছবির মুক্তি নির্ধারিত ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল, এই ছবি মুক্তি পেলে রাজনৈতিক ‘ভারসাম্যে নষ্ট করতে পারে’।
‘পিএম নরেন্দ্র মোদী’র মুক্তি পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলাকারী কংগ্রেস কর্মী আমন পানওয়ারের যুক্তি ছিল, এই ছবি মুক্তি পেলে ভোটাররা প্রভাবিত হতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চে সেই আর্জি খারিজ করে ছবি মুক্তিতে ছাড়পত্র দেয়। এমনকি, গুরুত্বহীন বিষয়ে শীর্ষ আদালতের ‘অনেক সময় নষ্ট হয়েছে’ বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
তার পর আজ বুধবার ছবির মুক্তি আটকে দিল নির্বাচন কমিশন। কমিশনের কর্তারা জানিয়ে দিয়েছেন, পুরো ভোটগ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই ছবি চালানো যাবে না। তাঁদের যুক্তি, এই ছবি মুক্তি পেলে রাজনৈতিক ভাবে তার প্রভাব পড়তে পারে।
নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে পাক–ভারতের মধ্যে শান্তি বৈঠক সম্ভব, দাবি ইমরান খানের-দৈনিক আজকাল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি যদি ফের ক্ষমতায় আসে তবে ভারতের সঙ্গে পাকিস্তানের শান্তি বৈঠক করতে সুবিধা হবে। একথা খোদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অর্থাৎ তিনি তাঁর কথার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনে বিজেপিকেই ক্ষমতায় দেখতে চায় ইসলামাবাদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান খান জানান, যদি বিজেপির বদলে বিরোধী দল কংগ্রেসের দখলে চলে যায় দেশের মসনদ, তবে কাশ্মীর নিয়ে সমঝোতা করা একটু অসুবিধা হবে। বিজেপি যদি জেতে, তাহলে কাশ্মীর নিয়ে একটা সমঝোতায় পৌঁছনো সম্ভব হতে পারে। ইমরান খান বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘দক্ষিণপন্থী দল বিজেপি জিতলে কাশ্মীর সমস্যা নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে।যদিও সাক্ষাৎকারে ভারতের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতে মুসলিমদের বিরুদ্ধে যে ধরনের আক্রমণ ও অত্যাচার চলছে তা কখনও ভাবতেই পারিনি।’
রাফালে ইস্যুতে বড় ধাক্কা সরকারের, কেন্দ্রের আপত্তি খারিজ সুপ্রিম কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
ভোটের ২৪ ঘণ্টা আগে সুপ্রিম ধাক্কা মোদি সরকারের। রাফালে মামলার নথি নিয়ে এবার কেন্দ্রের আপত্তি খারিজ করে দিল শীর্ষ আদালত। এই মামলায় রায় পুনর্বিবেচনার আরজি আগেই মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দিয়েছে, রাফালে নিয়ে ইতিমধ্যেই আদালতে যে নথি জমা পড়েছে, তা প্রামাণ্য। ওই নথির ভিত্তিতেই মামলা চলবে।
যুদ্ধ বিমান রাফালে কেনা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলেছে বিরোধীরা। তবে সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিল কেন্দ্রীয় সরকার। গত ১৪ ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, চুক্তিতে কোনও অনিয়ম বা স্বজনপোষণ হয়নি। কিন্তু, কেন্দ্রের বিরুদ্ধে অসত্য তথ্য পেশ করে আদালতকে ভুল পথে চালনার অভিযোগ তোলেন মামলাকারীরা। রাফালে মামলায় রায় পুনর্বিবেচনার আরজি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। ২১ ফ্রেরুয়ারি মামলাটি গ্রহণও করে আদালত।#
পার্সটুডে/বাবুল আখতার/১০