এপ্রিল ১৮, ২০১৯ ১১:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়ে জানা নেই: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • খালেদাকে নিয়ে ‘মাইনাস ফর্মুলা’ বন্ধ করুন: রিজভী-দৈনিক প্রথম  আলো
  • চাঁপাইনবাবগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড-দৈনিক ইত্তেফাক বিএনপি নেতা নিপুণ রায়কে ভারত যেতে বাধা-দৈনিক নয়া দিগন্ত
  • দুর্যোগ-দুর্ঘটনায় করণীয় ভালোভাবে প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • পশ্চিমবঙ্গসহ বারো রাজ্যের ৯৫ আসনের ভোট, শুরুতেই চিন্তা বাড়াচ্ছে ইভিএম-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভোটের মধ্যেও ছত্তীসগঢ়ে মাওবাদী হানা, রাজনন্দগাঁওয়ে বিস্ফোরণে আহত জওয়ান-দৈনিক আনন্দবাজার
  • মোদির হেলিকপ্টারে তল্লাশি, নির্বাচন কমিশন বরখাস্ত করল আইএএস অফিসারকে -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়ে জানা নেই: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্যারোলে মুক্তি নিয়ে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্যারোলে খালেদা জিয়ার মুক্তির বিষয়েও আমাদের কাছে কোনো তথ্য নেই।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্যারোল মুক্তি নিয়ে বিদেশ যাওয়ার খবর নিছক প্রোপাগান্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্যারোলের নামে মাইনাস তত্ত্বের অশুভ চক্রান্ত করে লাভ হবে না বলে হুশিয়ারি দেন তিনি।

দুর্যোগ-দুর্ঘটনায় করণীয় ভালোভাবে প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন

প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও সবাইকে নিরাপত্তা সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। ব্যক্তিগত পর্যায়ে নিরাপত্তা সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কোথায় কাজ করেন, কি করেন, সেখানে নিরাপত্তা কতটুকু নিজের ভেতরে সেই সচেতনতাটা আছে কিনা। এ ব্যাপারে নিজেদেরও সেই প্রস্তুতি থাকতে হবে। তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহার, গ্যাস সিলিন্ডার ব্যবহার, দাহ্য পদার্থ ব্যবহারে মানুষের মধ্যে সচেতনা বাড়াতে হবে।

তিস্তা চুক্তিটি অমীমাংসিতই রয়ে গেল-দৈনিক প্রথম আলো

প্রতিবেদনটিতে লেখা হয়েছে, অতীতের যেকোনো মাত্রাকে ছাড়িয়ে প্রতিরক্ষা, মহাকাশসহ নানা ক্ষেত্রে বিস্তৃত হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা। দুই কাছের প্রতিবেশীর সহযোগিতা গভীরতর হওয়ার এই সময়কালে তিস্তার পানি বণ্টন চুক্তিটি অমীমাংসিতই রয়ে গেল। দুই বছর আগে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই সরকারের মেয়াদকালে তিস্তা চুক্তি স্বাক্ষরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিজের মেয়াদকালে সে প্রতিশ্রুতি পূরণ করতে পারলেন না তিনি। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা গত মাসের শেষ সপ্তাহে প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের এপ্রিলে দিল্লি শীর্ষ বৈঠকে তিস্তা সই না হওয়াটা তাঁদের হতাশ করেছে।

নতুন শ্রমবাজার-ধীরে এগোচ্ছে জাপানে জনশক্তি রপ্তানি-দৈনিক প্রথম আলোর প্রতিবেদন

এ প্রতিবেদনে লেখা হয়েছে, পাঁচ বছরে শিল্পকারখানা, নির্মাণকাজ, সেবাদানকারীসহ ১৪টি খাতে প্রায় সাড়ে তিন লাখ দক্ষ জনশক্তি নেবে জাপান। কিন্তু বিরাট সম্ভাবনাময় এ বাজার ধরতে পারছে না বাংলাদেশ। দক্ষ শ্রমিক তৈরিতে অতি ধীরগতিই এর কারণ। সরকারি হিসাব বলছে, গত বছর মাত্র ১৬৩ জন জাপানে পাঠাতে পেরেছে বাংলাদেশ। চলতি বছর এ সংখ্যা ৪০০ জনে পৌঁছাতে পারে। তবে এখন দক্ষ জনশক্তি তৈরিতে গতি বাড়াতে বেসরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করতে যাচ্ছে সরকার। জানা গেছে, জাপানের জনশক্তি নেওয়ার তালিকায় আছে চীন, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, ফিলিপাইন, মঙ্গোলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের নাম। এ তালিকায় না থাকলেও জাপানে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

চাঁপাইনবাবগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড-দৈনিক ইত্তেফাক

চাঁপাইনবাবগঞ্জে আয়েশা খাতুন নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাদের এক লাখ টাকা করে জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় দেন।

এদিকে নুসরাত সম্পর্কিত খবরের ফলোআপে দৈনিক প্রথম আলোর শিরোনাম এরকম-নুসরাত হত্যায় ৫ দিনের রিমান্ডে শামীম

খবরে লেখা হয়েছে, ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি মো. শামীমকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারিক আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম আজ বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

পশ্চিমবঙ্গেসহ বারো রাজ্যের ৯৫ আসনের ভোট, শুরুতেই চিন্তা বাড়াচ্ছে ইভিএম-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের তিন আসনের পাশাপাশি গোটা দেশের মোট ৯৫টি আসনে নির্বিঘ্নেই ভোট গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় দফায় মোট ১১টি অঙ্গরাজ্য এবং একটি কেন্দ্রশাসিত রাজ্যে ভোট হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি তামিলনাড়ুর ৩৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সেই সঙ্গে দাক্ষিণাত্যের এই রাজ্যটিতে ১৮টি বিধানসভা কেন্দ্রেও ভোট হয়েছে। তামিলনাড়ুর পাশাপাশি কর্ণাটকের অর্ধেক আসন অর্থাৎ ১৪টি আসনে ভোট হয়েছে নির্বিঘ্নে। তবে ভোটের একদিন আগে প্রচুর টাকা উদ্ধার হওয়ায় ভেলোর কেন্দ্রে বাতিল হয়েছে ভোটদান। বিচ্ছিন্ন কয়েকটি বুথে ইভিএম বিভ্রাটের খবর মিলেছে। অসমের একটি কেন্দ্রে বিভ্রাট দেখা দিয়েছে ভিভিপ্যাটেও।

ভোটের মধ্যেও ছত্তীসগঢ়ে মাওবাদী হানা, রাজনন্দগাঁওয়ে বিস্ফোরণে আহত জওয়ান-দৈনিক আনন্দবাজার

ভোটের মধ্যেও ছত্তীসগঢ়ে হামলা চালাল মাওবাদীরা। রাজনন্দগাঁও কেন্দ্রের কোরাচা-মনপুর রাস্তায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ঘটনায় এক আইটিবিপি জওয়ান সামান্য আহত হয়েছেন। আজ বেলা এগারোটা নাগাগ রোড ওপেনিং পার্টির গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তাতে আহত হন আইটিবিপির কনস্টেবল মন সিংহ। তবে তিনি বিপন্মুক্ত। আজ দ্বিতীয় দফায় ছত্তীসগঢ়ের কাঁকের, মহাসমুন্দ এবং রাজনন্দগাঁও— এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মাওবাদী উপদ্রুত এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কমিশন। তার মধ্যেও এই বিস্ফোরণ ঘটায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মোদির হেলিকপ্টারে তল্লাশি, নির্বাচন কমিশন বরখাস্ত করল আইএএস অফিসারকে -দৈনিক আজকাল

বুধবার বিজু জনতা দল নেতা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সমালোচনাও করেছিলেন বিরোধীরা। মঙ্গলবার অবশ্য প্রধানমন্ত্রীর হেলিকপ্টারেই তল্লাশি চালান ওড়িশার জেনারেল পর্যবেক্ষক মহম্মদ মহসিন। নিয়ম ভাঙার জন্য পরের দিনই সেই পর্যবেক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন।

প্রকাশ্য সভায় বিজেপি নেতাকে খুনের হুমকি, কাঠগড়ায় তৃণমূল-দৈনিক সংবাদ প্রতিদিন

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শাসকদলের রোষের মুখে পড়লেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল৷ অভিযোগ, প্রশাসন ও নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য পথসভায় বিজেপি নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই তৃণমৃল কর্মীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ শহরের প্রাণকেন্দ্র বাটার মোড় এলাকায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮