অক্টোবর ০৪, ২০২০ ১৩:৪২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৪ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • রিফাতকে রক্ষায় নয়ন বন্ডকে ঠেকাতে অভিনয় করেছে মিন্নি-পর্যবেক্ষণ জেলা দায়রা জজের-দৈনিক ইত্তেফাক
  • মিন্নির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে-দৈনিক কালের কণ্ঠ
  • টিকিটের টোকেনের জন্য সৌদি প্রবাসীদের বিক্ষোভ, ভিড়-প্রথম আলো
  • বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে-দৈনিক সমকাল
  • বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত শি জিনপিং-মানবজমিন
  • শেয়ারবাজারে ওয়ালটনের কারসাজি-কৃত্রিম সংকট তৈরি সাতদিনেই ৪ গুণ দাম বৃদ্ধি-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • রামবিলাসকে দূরে রেখেই নীতীশের সঙ্গে সমঝোতা বিজেপির -দৈনিক আজকাল
  • হাথরসে সিবিআই, নির্যাতিতার বাড়িতে গিয়ে কথা রাহুল-প্রিয়াঙ্কার-আনন্দবাজার পত্রিকা
  • ভারতকে কোণঠাসা করার ছক! BRI প্রকল্পে বাংলাদেশে রাস্তা গড়তে চায় চীন -সংবাদ প্রতিদিন

 শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

দেশের শান্তি ও স্বস্তি নষ্টের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

বিস্তারিত খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের নামে কোন অপশক্তি দেশের বিদ্যমান শান্তি ও স্বস্তি নষ্ট করার অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। আগামী দুই মাসের মধ্যে বিএনপি তাদের নেতাকর্মীদের মাঠে নামার প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মাঠে থাকুক তা আমরাও চাই, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনই জনগণ চায়। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করলে আমাদের সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে কোন ধরনের সন্ত্রাস সৃষ্টি, জনভোগান্তি এবং জানমালের ক্ষতি সরকার মেনে নিবে না।

করোনা ভাইরাসে এখন নিরাপদ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন,`গত মার্চ মাসে কোভিড যখন দেশে প্রথম চলে আসে তখন নানা মানুষ নানা রকম জল্পনা কল্পনা শুরু করতে থাকে।তখন বলা হতো বাংলাদেশে মানুষের লাশ রাস্তায় পড়ে থাকবে।করোনায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে।অথচ বাংলাদেশে কোভিডে আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার বিশ্বের সবচেয়ে কম দেশের কাতারেই রয়েছে।আক্রান্ত ও মৃত্যুতে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারত বা ইউরোপ,আমেরিকার থেকে অনেক ভালো অবস্থায় আছে।কোভিডে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ। এসব কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনা ও দেশের স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার ফলেই।

টিকিটের টোকেনের জন্য সৌদি প্রবাসীদের বিক্ষোভ, ভিড়-প্রথম আলো

Image Caption

ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দেওয়ার দাবিতে আজ আবার সড়ক অবরোধ করেছে সৌদিপ্রবাসী টিকিট প্রত্যাশীরা। এ দাবিতে আজ রোববার সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁ সংলগ্ন সড়কে নেমে আসে তারা। পরে অবশ্য সেখান থেকে উঠে যায়।

Image Caption

তবে শত শত টিকিট প্রত্যাশী সোনারগাঁ হোটেলের ফটক ভেঙে ঢুকে পড়েছে এখানে থাকা সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল মানুষের  ভিড় ছিল এখানে।

কয়েক দিন বন্ধ থাকার পর আজ আবার সৌদি আরবে যাওয়ার উড়োজাহাজের টিকিট বিক্রি জন্য টোকেন দেওয়া শুরু করেছেন সৌদি এয়ারলাইনস। এ জন্য ভোর থেকেই সোনারগাঁর সামনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ভিড় ছিল।

মিন্নিসহ ৬ জনের ডেথ রেফারেন্স হাইকোর্টে-দৈনিক মানবজমিন

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আয়েশা সিদ্দিকা মিন্নিসহ মৃত্যুদণ্ড প্রাপ্ত ৬ আসামির ডেথরেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে পৌঁছেছে। আজ রোববার পৌনে ১১টায় হাইকোর্টের আদান-প্রদান শাখায় এসে পৌঁছায়।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিয়ম অনুযায়ী সাধাণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের পূর্বে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়। সে হিসেবে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। এরই আলোকে এ মামলার রায়ের কপি, সাক্ষীদের বক্তব্যসহ মামলার যাবতীয় নথি হাইকোর্টে এলো।

ডেথ রেফারেন্সের পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল দায়ের করে থাকেন। এরপর নিয়ম অনুযায়ী এ মামলার পেপারবুক তৈরি হবে। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মামলাটি শুনানির জন্য যে বেঞ্চ নির্ধারণ করে দেবেন সেই বেঞ্চে মামলাটি শুনানি হবে। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ৩০শে সেপ্টেম্বর তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

প্রণোদনা ঘোষণায় রেমিটেন্সের ঢেউ-দৈনিক যুগান্তর

চলমান করোনা সঙ্কটের মধ্যেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে ২১৫ কোটি ১০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। একক মাস হিসেবে যা দেশের ইতিহাসে এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স।

এর আগে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল চলতি বছরের জুলাইয়ে। মাসটিতে ২৫৯ কোটি ৯৫ লাখ ডলারের রেমিটেন্স আসে। তার আগের মাস জুনে রেমিটেন্স এসেছিল ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

কৃত্রিম সংকট তৈরি করে সাতদিনেই ৪ গুণ দাম বৃদ্ধি-দৈনিক যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে শেয়ারবাজারে সাত কার্যদিবসেই ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের দাম প্রায় ৪ গুণ বাড়ানো হল। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সর্বশেষ বাজারমূল্য ৮১৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ৩০ কোটি ২৯ লাখ শেয়ারের মধ্যে মাত্র ৪৩ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন হয়েছে। আর এর বাজারমূল্য ছিল ২ কোটি ৯৩ লাখ টাকা।

অর্থাৎ এই প্রক্রিয়ায় ৩ কোটিরও কম টাকা লেনদেন করে কৃত্রিম সংকটের কারণে কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি টাকা। আর এখন উদ্যোক্তারা চাইলেই বাজার থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে। এটি আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে এখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) বিব্রত। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ওয়ালটনের এই দাম অসম্ভব, অবাস্তব এবং অকল্পনীয়। তাদের মতে, এই কোম্পানির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া উচিত। না হলে বিনিয়োগকারীদের মরণ-ফাঁদ এবং শেয়ারবাজারের গলার কাঁটা হয়ে দাঁড়াবে ওয়ালটন।

ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

হাথরস কাণ্ডে ধর্ষণের অভিযোগ মুছতে পিআর সংস্থার দ্বারস্থ যোগী-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, উঁচু জাত বলে তাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। নইলে দলিত মেয়েটির গায়ে হাত লাগাতেই বা যাবে কেন ছেলেগুলো? শুক্রবার বুলা গড়হীতে পঞ্চায়েতের সভায় সবর্ণ-রাজপুত সমাজের মোড়লরা যখন নিজেদের মধ্যে এমন বলাবলি করছেন, তার ঢের আগেই উর্দিধারী পুলিশ জানিয়ে দিয়েছে, ১৯ বছরের তরুণীকে ধর্ষণ করা হয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি।

তবে শুধু পুলিশকে দিয়ে বলানোই নয়, হাথরস-কাণ্ডে ধর্ষণের অভিযোগ একেবারে ধুয়েমুছে সাফ করার চেষ্টায় যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার চেষ্টার কোনও কসুর রাখছে না। তার জন্য গাঁটের কড়ি খরচ করে জনসংযোগ (পিআর) সংস্থাকেও নিয়োগ করা হয়েছে।

অবশ্য এত করেও শেষরক্ষা হবে কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, শনিবারই হাসরথ-কাণ্ডে সিবিআই তদন্তের সিদ্ধান্ত নিতে হয়েছে যোগীকে। সেই হাই প্রোফাইল তদন্তে জনসংযোগের মলম প্রলেপ দিতে পারবে কি না তা নিয়ে সন্দিহান যোগী প্রশাসনেরই একাংশ।

দৈনিকটির অন্য একটি অন্য একটি খবরে লেখা হয়েছে,সুশিক্ষা দিতে হবে মেয়েদের, তবেই রোখা যাবে ধর্ষণ, মন্তব্য বিজেপি বিধায়কের।

আর দৈনিক আজকালের একটি খবরে লেখা হয়েছে, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে’, হাথরস–অভিযুক্তদের সমর্থনে প্রতিবাদ সভা।

রামবিলাসকে দূরে রেখেই নীতীশের সঙ্গে সমঝোতা বিজেপির-দৈনিক আনন্দবাজার/আজকাল

বিহারের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি(ইউ)-র সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। সূত্রের খবর, শনিবার রাতে পটনায় দু’দলের বৈঠকে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। আলোচনায় ঠিক হয়েছে বিহার বিধানসভার ২৪৩ আসনের মধ্যে জেডি(ইউ) পাবে ১২৪টি। বিজেপি লড়বে ১১৯টি আসনে। বিহারে এনডিএ জোটের নয়া শরিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝির ‘হিন্দুস্থান আওয়াম মোর্চা’ (হাম)-কে নীতীশের দলের কোটা থেকেই কয়েকটি আসন দেওয়া হবে। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দল ‘লোক জনশক্তি পার্টি’ (এলজেপি)-র সঙ্গে আসন বাঁটোয়ারা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন বিজেপি নেতারা। অসুস্থ রামবিলাস দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ছেলে চিরাগ এবং ভাইপো প্রিন্স রাজের সঙ্গে বিজেপি সভাপতি জে পি নড্ডাও কথা বলেন। বিজেপি সূত্রের খবর, এলজেপিকে ২৯টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও প্রিন্স রাজি হননি। এই পরিস্থিতিতে নীতীশের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত করেছে বিজেপি।

ভারতকে কোণঠাসা করার ছক! BRI প্রকল্পে বাংলাদেশে রাস্তা গড়তে চায় চীন-সংবাদ প্রতিদিন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায় চীন। ঢাকার সাহায্য নিয়ে বেল্ট অ্যান্ড রোড (BRI) প্রকল্পকে যৌথভাবে সফল করতে চায় বেজিং। বাংলাদেশ-চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ৪৫তম পূর্তিতে এই বার্তাই দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং । তিনি দু’দেশের সম্পর্ককে নয়া উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বলেও বাংলাদেশের (Bangladesh) রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদকে জানান। সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে চিনের টানাপোড়েন তুঙ্গে, এমন পরিস্থিতিতে প্রতিবেশিকে বাংলাদেশকে এমন বার্তাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।