মে ১৫, ২০১৬ ১৭:৩১ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৫ মে রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

প্রথম আলো অনলাইন: রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায়ী: ড. ফরাসউদ্দিন

ইত্তেফাক অনলাইন: বৌদ্ধ ভিক্ষু হত্যা: ছেলের মামলা, গ্রেফতার ৩

নয়া দিগন্ত অনলাইন: বিএনপি নেতা আসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারত:

দৈনিক আনন্দবাজার অনলাইন: যাদবপুর-কাণ্ড ছাত্রীরা ‘বেহায়া’, ফের বেফাঁস বিজেপির দিলীপ

দৈনিক বর্তমান অনলাইন: ভোটের মুখে ৩ ট্রাক বোঝাই ৫৭০ কোটি টাকা আটক

তো শ্রোতাবন্ধুরা! ! শিরোনাম শুনছিলেন, এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি।

আজকের আলোচনার শুরুতেই- একটি মর্মান্তিক খবর তুলে ধরব। ফেল করে আত্মহত্যা করা হৃদয় জিপিএ-৫ পেয়েছে এমন শিরোনাম করা হয়েছে আজকের বেশ কয়েকটি অনলাইন দৈনিকে।

খবরে বলা হয়েছে, পরীক্ষকের ভুলের কারণে জীবন গেল এক মেধাবী ছাত্রের। এসএসসি পরীক্ষায় ফেলের খবর শুনে আত্মহত্যা করে বরিশালের সর্বোজিত ঘোষ হৃদয়। শনিবার সংশোধিত ফল প্রকাশের পর জানা যায় আত্মহত্যাকারী হৃদয় জিপিএ-৫ পেয়েছে। এদিকে এই খবর পাওয়ার পর আরও শোকাহত হয়ে পড়ে হৃদয়ের বাবা মা। এখন তাদের শুধু একটাই বিলাপ ‘এই রেজাল্ট দিয়ে কি হবে।’

জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বরিশাল শিক্ষা বোর্ডের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী বুধবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে ফেল করে।

এ কারণে ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ের সকল পরীক্ষার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়।

ঘটনাটি খুবই মর্মান্তিক। শিক্ষাবোর্ডের এমন অবহেলায় ছাত্রের মৃত্যুর দায় কে নেবে।তবে এরসাথে আরো একটি শিক্ষার বিষয় রয়েছে- সেটি হচ্ছে সামান্যতে অসহিষ্ণু পড়াটাও ছাত্রদের নৈতিক শিক্ষার মধ্যে পড়ে না।

.........

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার এই তথ্য জানিয়েছেন। প্রথম আলোসহ প্রায় সব দৈনিকে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, আজ রোববার দুপুরে মহানগর পুলিশের সম্মেলনকক্ষে বিট পুলিশিং নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান সিএমপির কমিশনার মো. ইকবাল বাহার।

আসলাম চৌধুরী চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক। সম্প্রতি তিনি ভারতে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দা এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সর্বশেষ খবরে জানা গেছে বিএনপির ওই নেতা গ্রেফতার হযেছে।

.........

ইত্তেফাক,প্রথম আলো,মানবজমিনসহ বেশিরভাগ দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় স্থগিত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। এর ফলে মামলার কার্যক্রম চালিয়ে নিতে কোন আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তবে খবরটিতে বলা হয়েছে আপিল করবেন খালেদা জিয়া।

এদিকে নয়া দিগন্ত ও যুগান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একাউন্ড নিয়ে মন্তব্যের অভিযোগে এ মামলার আবেদন করা হয়।

.......

বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় আটক ৩-বাংলাদেশ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে,

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মং শৈ উ চাক (৬০) নামে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ ভোর ৫ টার দিকে বাইশারি ইউনিয়নের ইটারপাড়া থেকে তাদের আটক করা হয়। উল্লেখ্য, শুক্রবার রাতে উপজেলার বাইশারি ইউনিয়নের উপচাক পাড়া এলাকায় ভিক্ষুর নিজ উপসনালয়ে এ ঘটনা ঘটে।

যুগান্তরের এক খবরে বলা হয়েছে, টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে এরশাদনগরের সাত্তার মেম্বারের বাড়ির পাশের বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

......

মানবজমিনের অর্থনীতি বিষয়ক খবরের শিরোনাম-আরো ৩১৯টি বন্ধের পথে

তিন বছরে ৬১৮ পোশাক কারখানা বন্ধ। এ খবরে বলা হয়েছে, গত তিন বছরে ৬১৮ তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে। নতুন করে আরো ৩১৯ কারখানা বন্ধ হওয়ার পথে রয়েছে। প্রতিযোগিতা সক্ষমতায় টিকতে না পেরে কারখানাগুলোর এই পরিণতি হচ্ছে। তবে কারখানা বন্ধ হলেও নতুন করে প্রায় ২৫০ কারখানা উৎপাদনে এসেছে।

গতকাল রাজধানীর বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। অন্যদিকে ইত্তেফাকের খবরে বলা হয়েছে, নেপালে শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশি ৫০ পণ্য।

......

ইত্তেফাফের রাজনীতি বিষয়ক খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হলেই পাকিস্তান যে ভাষায় প্রতিবাদ করে, খালেদা জিয়াও সেই একই ভাষায় কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে কাজ করছেন।

আর মানবজমিনের খবরে বলা হয়েছে, দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশে এখন গণতন্ত্রের লেশ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলছে।

দৈনিকটির অন্য একটি খবর-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে ধ্বংস করা ক্ষমতাসীন দলের একমাত্র এজেন্ডা। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতাকর্মীকে কারাগারে নিয়ে একাই রাজত্ব করতে চায়। কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না।

........

তনু হত্যার তদন্ত নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। প্রথম আলোর এ খবরে বলা হয়েছে, মিজানুর রহমান বলেন, তনু হত্যার তদন্তপ্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত হবে কি না, সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। শুধু তনু নয়, যেকোনো হত্যাকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিমুহূর্তে বলে যাচ্ছে, ‘আমরা অতি কাছে চলে এসেছি। প্রমাণ হাতে পেয়েছি।’ এ ধরনের আশ্বাসবাণী বারবার দেয়া হয়। কিন্তু এসব কথার বাস্তবায়ন হচ্ছে খুব কম। কথা ও কাজের সঙ্গে মিল হচ্ছে না অনেক ক্ষেত্রেই।

........

শ্রোতাবন্ধুরা! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

বর্তমানের খবর- ভোটের আর মাত্র দু’দিন বাকি। আর ভোট প্রচারের শেষ অঙ্কেই শনিবার তামিলনাড়ুতে তিনটি ট্রাক থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের নগদ টাকা। আটক হওয়া টাকার পরিমাণ প্রায় ৫৭০ কোটি, যা শুনে সব মহলেরই প্রায় চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। উদ্ধার হওয়ার ওই টাকার অঙ্ক এত বিপুল হওয়ায় তা নিয়ে তামিলনাড়ুর সীমানা পেরিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতেও। ঘটনার রহস্যভেদে শুরু হয়েছে তদন্তও।

......

তো পাঠক ! আজকের কথাবার্তার আসরে এইছিল সর্বশেষ খবরের গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫