বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড
https://parstoday.ir/bn/news/bangladesh-i100378-বিএনপির_সাবেক_এমপি_মোমিন_তালুকদারের_মৃত্যুদণ্ড
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বগুড়া-৩ আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পলাতক আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৪, ২০২১ ০৮:২৫ Asia/Dhaka
  • আব্দুল মোমিন তালুকদার
    আব্দুল মোমিন তালুকদার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বগুড়া-৩ আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পলাতক আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ (বুধবার) সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

গত সোমবার (২২ নভেম্বর) আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হোসেন।

গত ৩১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে শুনানি শেষ হয়।

২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা ও ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে।

তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক পদে আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।