'খালেদা জিয়া কখনও আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেননি'
আইন নয়, মানসিকতার পরিবর্তনই নারী-নির্যাতন প্রতিরোধ করতে পারে : শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছেন, আইন নয়, মানসিকতার পরিবর্তনই নারীর ওপর সহিংসতা প্রতিরোধ করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদের জন্য পীড়াদায়ক, তা হচ্ছে নারীর প্রতি সহিংসতা। নারী নির্যাতন, ধর্ষণ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইন করেছি। কিন্তু, শুধু আইন করলেই এ সব বন্ধ করা যাবে না, এ জন্য মানসিকতাও বদলাতে হবে। চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।’
শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া দিবস উদযাপন’ এবং ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিশ্বাসটা করতে হবে যে, নারীরা কেবল ভোগের বস্তু নয়, নারীরা সহযোদ্ধা। তাঁরা সহযোগী, সহযাত্রায় চলতে হবে, সমান অধিকার দিতে হবে—এটা হচ্ছে বাস্তবতা। সেভাবেই কাজ করতে হবে।
শেখ হাসিনা বলেন, আজ শিক্ষায়-দীক্ষায় কর্মসংস্থানে নারী-পুরুষ সমানভাবে কাজ করতে পারছে বলেই তাঁর সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফহিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোঃ. সায়েদুল ইসলাম স্বাগত বক্তৃতা দেন।
প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নারী শিক্ষায় কুমিল্লার অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোরের অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় কুমিল্লার শামসুন্নাহার রহমান পরাণ (মরণোত্তর), সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নে কুষ্টিয়ার গবেষক ড. সারিয়া সুলতানা এ বছরের বেগম রোকেয়া পদক লাভ করেন।
পদক প্রাপ্তদের প্রত্যেকে রেপ্লিকাসহ স্বর্ণপদক, সম্মাননা-পত্র এবং নগদ অর্থের চেক পেয়েছেন। পরে বিজয়ীদের পক্ষে নিজস্ব অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা অনুষ্ঠানে বক্তৃতা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজকের দিনটি তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন উল্লেখ করে সবার কাছে তাঁর জন্য দোয়া চান ।
এদিকে, জাতীয়তাবাদী মহিলা দল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানব-বন্ধন শেষে রাস্তায় বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কিছুটা ধস্তাধস্তি হয়।
মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আজ ওয়ার্কিং ডে হাওয়ায় রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে। তা ছাড়া যেহেতু নারীদের প্রোগ্রাম, এখানে নিরাপত্তার বিষয় থাকে, যে কারণে আমরা তাঁদের রাস্তায় মিছিল না করতে বলেছি।
খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ মানব-বন্ধনের আয়োজন করে।
মানব বন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের বিরোধিতা করে বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারপ্রধান থাকাকালে আওয়ামী লীগের ওপর নির্যাতন চালানো হয়েছে— প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্য অসত্য। খালেদা জিয়া কখনও আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেননি।“
বিএনপির চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে রিজভী বলেন, ‘‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁর কিছু হলে জনগণ মেনে নেবে না। এর সম্পূর্ণ দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকবেন, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ, নির্যাতন , দুর্নীতি আর অপরাধের কারণে প্রধানমন্ত্রী এমনিতেই নিরাপদ নন।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার, জেবা রহমান, নিলোফার চৌধুরী মনি, মিনা বেগম মিনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এআরকে/৯