দেশে গমের পর্যাপ্ত মজুত রয়েছে, আশঙ্কার কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i108096-দেশে_গমের_পর্যাপ্ত_মজুত_রয়েছে_আশঙ্কার_কোনো_কারণ_নেই_বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশে গমের পর্যাপ্ত মজুত রয়েছে। এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। তা ছাড়া ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। সরকারের সঙ্গে সরকারের চুক্তির আওতায় তা আনা যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০২২ ১১:৫৫ Asia/Dhaka
  • দেশে গমের পর্যাপ্ত মজুত রয়েছে, আশঙ্কার কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশে গমের পর্যাপ্ত মজুত রয়েছে। এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। তা ছাড়া ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। সরকারের সঙ্গে সরকারের চুক্তির আওতায় তা আনা যাবে।

আজ বুধবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভায় মন্ত্রী এমন আসার কথা শোনান।  

ভারতে গম রপ্তানি বন্ধের খবরের বিষয়ে তিনি বলেন, কয়েকদিন ধরে একটা কথা বাজারে উড়ছে যে, ভারত গম রপ্তানি বন্ধ করেছে। এজন্য বাজারে গমের দামে প্রভাব পড়তে শুরু করেছে। কিন্তু কথাটি একেবারেই ঠিক নয়। ভারত রপ্তানি বন্ধ করেছে অন্যান্য দেশের। এখানে আসার আগে আমি ভারতের হাই কমিশনারের সঙ্গে কথা বলেছি, উনিও একটা প্রেস কনফারেন্স দিয়েছেন যে, জিটুজি বন্ধ হয়নি। যত খুশি আনা যাবে। এমনকি প্রতিবেশী দেশ হিসেবে যারা বড় বড় আমদানিকারক আছে, চাইলে চিঠি দিয়ে অনুমতি নিতে পারবেন। পুরোপুরি ১০০ ভাগ আমদানিতে কোনো বাধা নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মেঘ দেখলেই বলে ঝড় এসে গেছে। সেটা কিন্তু না। এছাড়া আমাদের দেশে এই মুহূর্তে গমের যে মজুদ  আছে, তাতে ভয়ের আশঙ্কা করি না। ভোজ্যতেলের মূল্য ও সরবরাহ পরিস্থিতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এ ক্রাইসিসকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। আমরা একটাই মেসেজ দিতে চাই, ভোজ্যতেলের এখন যে অবস্থা আছে, তাতে আশা করছি ক্রাইসিস হবে না।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।