রাষ্ট্রদ্রোহ মামলায় সাত দিনের রিমান্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরী
https://parstoday.ir/bn/news/bangladesh-i10837-রাষ্ট্রদ্রোহ_মামলায়_সাত_দিনের_রিমান্ডে_বিএনপি_নেতা_আসলাম_চৌধুরী
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩১, ২০১৬ ১৩:৩২ Asia/Dhaka
  • রাষ্ট্রদ্রোহ মামলায় সাত দিনের রিমান্ডে বিএনপি নেতা  আসলাম চৌধুরী

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (মঙ্গলবার) ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই আদেশ দেন।

ইসরাইলের গোয়েন্দা বিভাগ মোসাদের সাথে যোগাযোগ করে সরকার ঊৎখাতের কথিত ষড়যন্ত্রের দায়ে আসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত (বৃহস্পতিবার) গুলশান থানায় আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে মামলাটি করেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০ (বি), ১২১ (৩) ও ১২৪ (এ) ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

সম্প্রতি ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়।তিনি ভারতে গিয়ে ইসরায়েলের ওই নেতার সঙ্গে ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরই গ্রেপ্তার হন আসলাম।

২৪ মে আসলামকে আদালতে হাজির করে মতিঝিল ও লালবাগ থানায় করা নাশকতার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই দুইআ মামলায় ডিবি আসলামের ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডের আবেদন করেছে। এ বিষয়ে ৬ আগামী জুন শুনানি হবে।

১৫ মে সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলামকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৩১