ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড: ট্রেন চলাচল স্বাভাবিক
https://parstoday.ir/bn/news/bangladesh-i109096-ঢাকা_থেকে_সিলেটগামী_পারাবাত_এক্সপ্রেস_ট্রেনে_অগ্নিকাণ্ড_ট্রেন_চলাচল_স্বাভাবিক
সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০২২ ১৩:৫৮ Asia/Dhaka
  • ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড: ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে।

শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন গণমধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পারবত এক্সপ্রেসের ট্রেনটি আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শমসের নগর এলাকায় পৌঁছার  পর  হঠাৎ বগিতে আগুন ধরে যায়। ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে বেলা দুইটার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

জানা যায়, ট্রেনটিতে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৌলভীবাজার কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুনের ঘটনা তদন্ত করতে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ রফিক ট্রেন চলাচলের তথ্য নিশ্চিত করে জানান, বিকেল চারটার পর সিলেটের দিকে পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে ও আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের তিনটি বগি মৌলভীবাজারের কুলাউড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।