রেলওয়ে পুলিশ ও রেলের কর্মকর্তাদের দুর্নীতি মুক্ত রাখার দাবিতে ঢাবি শিক্ষার্থীর প্রতিবাদ
রেলওয়ে পুলিশ ও রেলের কর্মকর্তাদের দুর্নীতি মুক্ত রাখার আহ্বান জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘লাল গোলাপের শুভেচ্ছা নিন দুর্নীতিকে ভেঙে দিন’।
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা দূর করা এবং অন লাইন টিকেট কেনার প্লাটফর্ম “সহজ ডট কম “ এর দ্বারা যাত্রী হয়রানির প্রতিবাদ সহ ৬ দফা দাবিতে গত ৭ জুলাই থেকে টানা ৬ দিন ধরে কমলাপুর রেলওয়ে স্টেশনে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন হাঙার প্রজেক্টের কর্মকর্তা মাইমুনা আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান ও মাহিন রুবেল।
এ বিষয়ে মহিউদ্দিন রনি সাংবাদিকদের বলেছেন, সহজ ডট কম দীর্ঘদিন ধরে রেল যাত্রীদের হয়রানি করে আসছে। আমি নিজেও একজন ভুক্তভোগী, তাই আমি প্রতিবাদে নেমেছি। আমি ভোক্তা অধিকারে অভিযোগ করেছি সেখান থেকে এখনো শুনানির তারিখ জানানো হয়নি। তাই আমি সুপ্রিম কোর্টে রিট করার প্রস্তুতি নিচ্ছি।
তিনি জানান, তাদের কর্মসুচীর মাঝে গত ৯ জুলাই তাকে কমলাপুর রেলস্টেশন থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল। একইসঙ্গে তাকে সরকার বিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়। এর পর গণস্বাক্ষর কর্মসূচি বাতিল করে একাকী অবস্থান কর্মসূচি পালন করে আসছে এ প্রতিবাদী তরুণ। এরই ধারাবাহিকতায় আজ রেলের কর্মকর্তাদের গোলাপের শুভেচ্ছা জানিয়ে দুর্নীতি ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয়। #
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।