বাংলাদেশে বিদ্যুৎ–সংকট মোকাবিলায় কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং
https://parstoday.ir/bn/news/bangladesh-i110710-বাংলাদেশে_বিদ্যুৎ_সংকট_মোকাবিলায়_কাল_থেকে_এলাকাভিত্তিক_লোডশেডিং
বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশে আগামীকাল থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে, ডিজেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করা এবং সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৮, ২০২২ ১১:২১ Asia/Dhaka
  • প্রেস ব্রিফিংয়ে নসরুল হামিদ
    প্রেস ব্রিফিংয়ে নসরুল হামিদ

বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশে আগামীকাল থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে, ডিজেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করা এবং সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত  এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

‘বিদ্যুৎ সংকট সমাধানে’ আগামীকাল (মঙ্গলবার) থেকে দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ এবং প্রতিটি মসজিদের এসি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি-বেসরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানান, বিদ্যুৎ সংকট সমাধানে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন।

নসরুল হামিদ বলেন, ‘পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

তবে লোডশেডিং কোথাও টানা দুই ঘণ্টা করা হবে না। দিনের ২৪ ঘণ্টার মধ্যে আধা ঘণ্টা করে সব মিলিয়ে দুই ঘণ্টা করা হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমানো হবে নাকি বাসা থেকে করা হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই নিতে যাচ্ছে সরকার। সংকট সমাধানে আপাতত করোনা মহামারির সময়ের মতো ‘হোম অফিস’ চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগে সুপারিশ পাঠানো হবে বলেও জানান নসরুল হামিদ।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে যাতে আমাদের খরচ কম হয়, যেটা সহনশীল হয়, সেই পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। এছাড়া ডিজেলে আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম। তাতে অনেক টাকা সশ্রয় হবে।

উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী সম্প্রতি বলেছেন, ‘জ্বালানি সংকটের কারণে এই মুহূর্তে বিদ্যুতের ঘাটতি রয়েছে দুই হাজার মেগাওয়াটের মতো। আমরা যদি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পারি তাহলে ঘাটতি ৫০০ মেগাওয়াটে নামিয়ে আনা সম্ভব হবে। ’

তিনি  বলেন, দেশে বিদ্যুতের লোড শেডিং আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। সেপ্টেম্বর পর্যন্ত গ্রিডে সাড়ে ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা হতে পারে। আমরা সাশ্রয়ী হলে হয়তো চাহিদা সাড়ে ১২ হাজার মেগাওয়াটে নামিয়ে আনতে পারব।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮