‘ক্ষমতাসীনরা দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়েছে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i11077-ক্ষমতাসীনরা_দমন_পীড়নের_মাধ্যমে_গণতন্ত্রের_সমস্ত_স্তম্ভকে_ভেঙে_দিয়েছে’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৬ ১২:৪৮ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।”

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নতুন কমিটির নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ শপথ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির নতুন কমিটির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের নিয়ে এ বৈঠক হয়। সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত চলে এ বৈঠক।

বিএনপির বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির কমিটি (আংশিক) ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের নিয়ে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া দলের সাংগঠনিক কর্মকাণ্ড ভবিষ্যতে কিভাবে আরো উন্নত ও বেগবান করা যায়, সেটা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, বৈঠকে দলকে আরো শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি যে নেতৃত্ব দেবে সংগঠনকে সেভাবে গড়ে তোলার শপথ নেয়ার কথা বলা হয়েছে।

সরকার অবিলম্বে এ ধরনের নির্বাচনের ব্যবস্থা না করলে দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য যাদের আলাদা কোনো প্রস্তুতি নিতে হয় না। ১৯৯১ সালে বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলেছিলেন যে, বিএনপি ১০-১১টি আসনে প্রার্থী দিতে পারবে। অথচ দেখা গেল, বিএনপি সরকার গঠন করেছে।

প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাই তিনি বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন। এ ব্যাপারে খুব শিগগিরই দলের আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে, সেখানে আপনারা বিস্তারিত জানতে পাবেন।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।

পার্সটুডে/এআর/৩