জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সাত তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব
https://parstoday.ir/bn/news/bangladesh-i114142-জঙ্গি_সম্পৃক্ততার_অভিযোগে_সাত_তরুণকে_গ্রেপ্তার_করেছে_র_্যাব
‘জঙ্গি সম্পৃক্ততা’র অভিযোগে সাত জন তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব । এদের মধ্যে রয়েছে কুমিল্লায় বাড়ি ছেড়ে চলে যাওয়া চারজন। র‍্যাব জানায়, বুধবার রাতে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ০৬, ২০২২ ১৩:০৭ Asia/Dhaka
  • জঙ্গি সম্পৃক্ততার  অভিযোগে  সাত তরুণ গ্রেপ্তার
    জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সাত তরুণ গ্রেপ্তার

‘জঙ্গি সম্পৃক্ততা’র অভিযোগে সাত জন তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব । এদের মধ্যে রয়েছে কুমিল্লায় বাড়ি ছেড়ে চলে যাওয়া চারজন। র‍্যাব জানায়, বুধবার রাতে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের একটি নতুন জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে র‍্যাব জানিয়েছে, গত ২৩ আগস্ট কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন কুমিল্লার কলেজ পড়ুয়া সাত শিক্ষার্থী। এরপর আরও কয়েকজন নিখোঁজ হন।

 সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে নতুন জঙ্গি সংগঠনটির কর্মপদ্ধতি, প্রচারপত্র, বিস্ফোরক তৈরির নির্দেশিকা, উগ্রবাদী বই, ভিডিওসহ ট্যাব উদ্ধার করা হয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে এসব তরুণ ঘর ছাড়েন। তাদের মধ্যে ২৩ বছর বয়সী নিলয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন। বাকি ছয়জনের মধ্যে দু’জন  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। বাকিরা হলেন কুমিল্লা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোপূর্বে  শাকির বিন ওয়ালী নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, জঙ্গি রিক্রুট কার্যক্রমের আওতায়  চিকিৎসক শাকির মাধ্যমে কুমিল্লার সাত তরুণ হিজরতে বের হন। শাকির নিজের সংগঠনে ‘গুরু’ হিসেবে পরিচিত।

তিনি জানান, শাকির মেডিকেল কলেজে পড়ার সময় থেকে উগ্র মতাদর্শে জড়িয়ে পড়েন। বছর পাঁচেক আগে একবার তিনি গ্রেপ্তার হলেও ছাড়া পান। নতুন রিক্রুট করা জঙ্গিদের উদ্বুদ্ধ করার জন্য বয়ান দিতে মাঝেমধ্যে কুমিল্লা যেতেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।