উদ্বেগজনকহারে বাড়ছে ডেঙ্গুর বিস্তার: ২৪ ঘণ্টায় নতুন চারজনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i114454-উদ্বেগজনকহারে_বাড়ছে_ডেঙ্গুর_বিস্তার_২৪_ঘণ্টায়_নতুন_চারজনের_মৃত্যু
দেশের ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন চারজনের মৃত্যু এবং ৬৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০২২ ১৫:৫৪ Asia/Dhaka
  • উদ্বেগজনকহারে বাড়ছে ডেঙ্গুর বিস্তার: ২৪ ঘণ্টায় নতুন চারজনের মৃত্যু

দেশের ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন চারজনের মৃত্যু এবং ৬৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থাপনায় এখনও ঘাটতি রয়েছে। যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের এলাকা চিহ্নিত করে ব্যাপক মশকনিধন অভিযান চালাতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা বাড়াতে হবে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির জানান,  ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অধিকাংশের বয়স ২০ বছরের বেশি। এ ছাড়া ঢাকার পরে কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তিনি বলেন, ‘ক্রমেই ডেঙ্গু রোগী বাড়ছে।  করোনা প্রতিরোধের সময় আমরা অচেনা শত্রুর সঙ্গে লড়াই করেছি। কিন্তু ডেঙ্গু আমাদের চেনা শত্রু। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক অবস্থানে থাকলেও উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। এ বছর দেখা দিয়েছে ডেঙ্গুর 'স্ট্রেইন-৪' এর প্রকোপ। এ ধরনটির কারণে হঠাৎ রোগীর শরীর নিস্তেজ হয়ে যায়, হেমোরেজিক ফিবার বা জ্বরের সঙ্গে অভ্যন্তরীণ রক্তক্ষরণ দেখা দেয়। এমনকি কারও কারও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হঠাৎ বিকল হয়ে পড়ে। শঙ্কার বিষয়, এবার ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, আক্রান্তের এক-তৃতীয়াংশই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ঘেঁটে দেখা গেছে, এ বছর রাজধানীতে বেশি ডেঙ্গু আক্রান্ত হলেও ঢাকার বাইরে বেশি মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মৃত্যুর ৭০ শতাংশই ঢাকার বাইরের। এর ৬০ শতাংশই আবার নারী। মারা যাওয়া ৩২ শতাংশই শিশু। অধিদপ্তর জানায়, দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ৪২ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২৭ জন। এর মধ্যে ২১ জনই কক্সবাজারের। এ ছাড়া বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ছয়জনের।

আজকের ব্রিফিং-এ  অধ্যাপক  কবির  বলেন, হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ৩-৬ দিনের মধ্যে ১৮ জন, ৬-৯ দিনের মধ্যে ৬ জন এবং ৯-৩০ দিনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল পর্যন্ত   ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হন। ওই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৪৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫০টি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮১২ জন এবং ঢাকার বাইরে অন্য বিভাগে ৬৬৯ জন। গত ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫১৭ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৬২ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৭৫৫ জন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।