ময়মনসিংহে বিএনপির সমাবেশ: স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী মন্তব্য এবং প্রিন্সের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i114524-ময়মনসিংহে_বিএনপির_সমাবেশ_স্বরাষ্ট্র_ও_তথ্যমন্ত্রী_মন্তব্য_এবং_প্রিন্সের_প্রতিক্রিয়া
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বলব তারা (বিএনপি) যেন তাদের ভাষা, তাদের বাক্য, সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৫, ২০২২ ১৩:৩৩ Asia/Dhaka
  • ময়মনসিংহে বিএনপির সমাবেশ
    ময়মনসিংহে বিএনপির সমাবেশ

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বলব তারা (বিএনপি) যেন তাদের ভাষা, তাদের বাক্য, সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন।’

আজ (শনিবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ময়মনসিংহের আজকের বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন রুটের গণপরিবহণ বন্ধ করে দেওয়া ও সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাদের দু’দলের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বা বাগবিতণ্ডা নিয়ে এই ঘটনাগুলো ঘটছে, আমরা যতটুকু শুনেছি। আর রাতেই সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে? সেটাও আমাদের জিজ্ঞাসা।’

আসাদুজ্জামান খান কামাল

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোটা নিয়ে আসেন। এটা কী ইঙ্গিত বহন করেছিল আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপর তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছেন। বিএনপি নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কার্যক্রম চালালে আমাদের কিছু বলার নেই। কিন্তু লাঠিসোটা বহন করা আইনসিদ্ধ নয়। সবাই আইন মেনে চলবে। সবাই সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে এটাই আমি আশা করি।’

সৈয়দ এমরান সালেহ প্রিন্স

এর আগে, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছেন, আজ বিএনপি’র পূর্বঘোষিত সমাবেশে পণ্ড করতে গতকাল (শুক্রবার) থেকেই গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। গতরাতে নগরীর নেতা-কর্মীদের বাড়ি ও নেতারা যেসব হোটেলে অবস্থান করছিলেন তার আশেপাশে ব্যাপক বোমাবাজি করে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে। আজকেও সমাবেশে আসার পথে পথে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

ড. হাছান মাহমুদ

ওদিকে, সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ (শনিবার) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চট্টগ্রামে একটি সমাবেশ করেছে, সেই সমাবেশ থেকে তারা নানা ধরনের আপত্তিকর বক্তব্য দিয়েছে। সমাবেশের নামে তারা চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়েছে। তারা চট্টগ্রামসহ সমগ্র দেশে নৈরাজ্য সৃষ্টির একটি ছক এঁকেছে। সেই প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের করণীয় ঠিক করব।’ 

তথ্যমন্ত্রী এ সময় বলেন, ‘বিএনপি গত ১৪ বছর ধরেই এই আন্দোলনের মধ্যে আছে। আমরা সরকার গঠনের দুই-এক মাস পর থেকেই তারা সরকারকে বিদায় দেওয়ার আন্দোলনের মধ্যে আছে। আন্দোলন করতে করতে দেখা গেলো তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের আন্দোলনের মধ্যেই জনগণ পরপর তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। তারা এই আন্দোলন করার প্রেক্ষিতে আমরা মনে করি আগামী নির্বাচনে ভোট আমাদের আরও বাড়বে, ইনশাআল্লাহ।’#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।