বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের শোধনাগারে অগ্নিকাণ্ড
বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) পরিচালিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের শোধনাগার পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবশ্য আগুন লাগার পর প্রায় এক থেকে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিলো। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।
তিনি আরও বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে।
শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ সময় পতেঙ্গায় অন্যান্য জ্বালানি তেলের ডিপোগুলোতেও সতর্কতা জারি করা হয়। অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ইআরএল-এর জিএম অপারেশন অ্যান্ড প্ল্যানিং রায়হান আহমেদকে। কমিটিকে আজ কিংবা আগামীকালের মধ্যে দ্রুত তদন্ত রিপোর্ট সম্ভব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।