সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক: বিএনপি
বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে বিএনপি জামায়াত জড়িত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক বলে মনে করে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর গণভবনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে গুপ্তহত্যার ঘটনায় বিএনপি ও জামায়াতের প্রতি ইঙ্গিত করে, দুটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগ আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিককালে সব গুপ্তহত্যার ঘটনাকে তিনি বিরোধী দলের ওপর চাপিয়েছেন। বলেছেন, সরকার প্রধান হিসেবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য নাকি তার কাছে আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই তথ্য যদি তার কাছে থেকে থাকে, তাহলে সাগর রুনি হত্যা, ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট, সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা ডাকাতি হওয়ার অগ্রিম তথ্যও তার কাছে ছিল- তিনি তা প্রকাশ করেননি কেন? আমাদের পরিষ্কার কথা, গণভবনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য অসত্য, উসকানিমূলক, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার এই বক্তব্যে জঙ্গিরা আরও প্রশ্রয় পাবে।
প্রধানমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো ক্ষমতাসীনদের ইঙ্গিতেই হয়েছে। হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের এখনো খুঁজে বের করতে পারেনি সরকার। অধিকাংশ হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে হয়েছে। এ ধরনের নারকীয় ঘটনার ন্যূনতম হদিস বের করতে না পেরে চরম হতাশ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর চাপাচ্ছেন। এ সময়, নিখুঁতভাবে সংঘটিত এসব হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা রাষ্ট্রের ক্ষমতাসীনদের ইঙ্গিত না থাকলে কোনোভাবে সম্ভব হতো না বলেই মনে করেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তিনি যা বলেছেন তা অনৈতিক, রাজনৈতিক প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যমূলক। হত্যাকারীদের শনাক্ত না করে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে ফায়দা হাসিল করাই ক্ষমতাসীনদের মূল উদ্দেশ্য। বিএনপিকে এসব ঘটনায় অভিযুক্ত করার উদ্দেশ্য এ দলকে যেভাবেই হোক নির্মূল করতে হবে। আন্তর্জাতিক মহলসহ সচেতন মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর দোষ চাপানোর কৌশল নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/শামস মন্ডল/মোহাম্মদ রেজওয়ান হোসেন/৯