জামিন নামঞ্জুর: মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে প্রেরণ
https://parstoday.ir/bn/news/bangladesh-i116996-জামিন_নামঞ্জুর_মির্জা_ফখরুল_ও_মির্জা_আব্বাসকে_কারাগারে_প্রেরণ
বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২২ ১৫:০০ Asia/Dhaka
  • ডিবি পুলিশের গাড়িতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস
    ডিবি পুলিশের গাড়িতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস

বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আজ (শুক্রবার) বিকেলে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

এ দিন আসামি পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারসহ বেশ কয়েকজন আইনজীবী তাদের জামিনের আবেদন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (এসআই) শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

এর আগে শুক্রবার বিকেল ৪টা ১২ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ জানান, তাদের পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গত বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।