২৫ জানুয়ারী জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ কর্মসূচির ঘোষণা
দেশের জনগণকে আরও চাপে ফেলতেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, বলে মন্তব্য করেছে বিএনপি নেতারা।
আজ বিকেলে, রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচীতে এই মন্তব্য করেন তারা। এসময় বিএনপি নেতারা বলেন, কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করেই বিদ্যুতের দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন না করেই ক্যাপাসিটি চার্জের মাধ্যমে জনগণের টাকা বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তারা। আগামী জাতীয় নির্বাচন নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতারা বলেন, দেশে আর আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। সমাবেশ থেকে আগামী ২৫ জানুয়ারি দেশের সব জেলা ও মহানগরে সমাবেশ করার ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ শেষে দলটির নেতাদের নেতৃতে একটি মিছিল বের হয়ে কাকরাইল নাইট এ্যাঙ্গেল মোড় প্রদক্ষিণ করে ফকিরাপুল হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এদিকে, সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগ অফিসের সামনে আয়োজিত সমাবেশে ওবায়দুর কাদের বলেছেন, বিএনপিকে অসুস্থ রাজনীতি পরিহার করতে হবে।তিনি বলেন, বিএনপি মিথ্যাচারের রাজনীতি করে, কারণ তাদের সত্য বলার মতো সাহস নেই। আর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে না আসলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে। এসময় অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান, দলের কেন্দ্রীয় নেতারা।#
পার্সটুডে/নিলয় রহমান/ এমবিএ /১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।